ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীর সংখ্যা ছয় শতাধিক ছাড়িয়েছে। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রথম দিনেই পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে এবং শুক্রবার দুপুর পর্যন্ত তা ছয় শতাধিক ছাড়িয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭৮ থেকে ৭৯টি মনোনয়নপত্র জমা পড়েছে বলেও জানান তিনি।
রিজভী বলেন, আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিল পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।
তিনি আরও জানান, প্রার্থীদের আবেদন দলের উচ্চপর্যায়ের মনোনয়ন বোর্ডে যাচাই-বাছাই করা হবে। আন্দোলন-সংগ্রামে যাদের অবদান রয়েছে, সংসদে কথা বলার দক্ষতা এবং সমাজে গ্রহণযোগ্যতা আছে—এমন প্রার্থীদেরই অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।