সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তা জানায়, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ইসহাক দারের বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসার কথা রয়েছে।
অন্যদিকে, ভারতীয় হাইকমিশন অফিস থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার জানাজা উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসছেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) হবে। এদিন দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে এ জানাজা হবে।
বুধবার আনুমানিক দুপুর ৩টা ৩০ মিনিটে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
