মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী আটক !

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বিশেষ দুই মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলীকে আটক করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের মে মাসে তৎকালীন জেলা দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ পৌরসভার প্রায় ৩ লাখ ২৫ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র রমজান আলী ও মেসার্স মহুয়া কনস্ট্রাকশনের আমিরুল ইসলাম মট্টুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ২০০৯ সালে মামলাগুলো বিশেষ মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

মামলার কার্যক্রম চলাকালে তিনি দীর্ঘদিন উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আত্মগোপনে চলে যান। পরবর্তীতে দীর্ঘদিন আদালতে হাজিরা না দেওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর মধ্যে  তিনি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর দেওয়ান মো. মিজানুর রহমান জানান, তার জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তিনি আত্মগোপনে ছিলেন। এ অবস্থায় চলতি বছরের ১ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল আদালতে আত্মসমর্পণ করলেও আইনের বিধান অনুযায়ী তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী এটিএম শাহজাহান বলেন, তার বিরুদ্ধে অভিযোগ ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিপক্ষতাকে ঘায়েল করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে। আজকে জামিন নামঞ্জুর হলেও বিশেষ বিবেচনায় এই আদালত থেকে জামিন মঞ্জুর করবে আমরা এই আশাবাদ রাখছি।