Author: MD Nazrul Islam

  • নিবিড় পর্যবেক্ষণে আছেন মির্জা আব্বাস

    নিবিড় পর্যবেক্ষণে আছেন মির্জা আব্বাস

    রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    শনিবার (১৪ মার্চ) সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

    ডা. রফিক জানিয়েছেন, “সকালে ওনার (মির্জা আব্বাস) সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিকভাবে তাকে পর্যবেক্ষণ করছেন। তিনি ক্লোজ মনিটরিংয়ে আছেন।”

    উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা ছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

    চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থার উন্নতি ধীরে ধীরে হচ্ছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখার মাধ্যমে তার স্বাস্থ্য সুস্থ রাখার চেষ্টা চালানো হচ্ছে।

  • ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

    ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

    মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী পহেলা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু হবে। এছাড়াও আগামী ১৮ মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থান তৈরি করা হবে।

    আজ শনিবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন,ফ্যাসিস্ট সরকার সামাজিক সুরক্ষন ব্যবস্থায় দলীয়করণ করে গেছে। ফলে যার এই তালিকায় নাম থাকার কথা ছিলো তার নাম নাই, আবার যার এই তালিকায় নাম থাকার কথা ছিলো না তার নাম দেওয়া হয়েছে। এটি হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে।

    তবে আমরা সামাজিক সুরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছি। সকল ত্রুটি এবং রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করে প্রকৃত সুবিধাভোগী বা অধিকারভোগীর কাছে তার প্রাপ্য পৌঁছে দেওয়ার। তিনি আরও বলেন, আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছি। ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু হয়েছে।

    আজ থেকে ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত ও সেবায়েতদের ভাতা চালু করা হয়েছে। আগামী ১৬ মার্চ থেকে খাল খনন ও বৃক্ষরোপন কর্মসূচি চালু হবে। আমাদের নির্বাচনের অমুচনীয়-কালি মোছার আগেই আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।

    পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী- ২ আসনের সংসদ সদস্য মো: হারুন অর রশিদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

    এসময় উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তর প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক উপস্থিত ছিলেন।

  • মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারি হাসপাতালে দায়িত্ব পালনে অবহেলা করা কোনোভাবে মেনে নেওয়া হবে না। যারা নিয়মিত অফিসে উপস্থিত থাকবেন না বা দায়িত্বে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি আজ শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ‎মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সরেজমিন পরিদর্শনকালে   এ সব কথা বলেন।‎

    এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। একইসঙ্গে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকেও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান।

    পরিদর্শনকালে হাসপাতালের কিছু স্থানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পেয়ে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের পরিচ্ছন্নতার বিষয়ে কঠোর নির্দেশনা দেন। এমনকি সবাইকে সচেতন করতে তিনি নিজেও কিছু ময়লা পরিষ্কার করেন এবং হাসপাতালের পরিবেশ সবসময় পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন।

    পরিদর্শনের সময় দেখা যায়, নির্ধারিত অফিস সময়ে হাসপাতালের কয়েকজন চিকিৎসক অনুপস্থিত ছিলেন। বিষয়টি জানতে পেরে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কথা বলেন।‎

    পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশের সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি, রোগীদের সেবায় অবহেলা এবং ওষুধ সংকটসহ নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই তিনি আকস্মিকভাবে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন। ‎

    তিনি বলেন, ‘‘গত ২৪ দিনে আমরা দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছি। অনেক জায়গায় গিয়ে দেখা গেছে, নির্ধারিত সময়ে চিকিৎসকরা হাসপাতালে উপস্থিত থাকেন না। অথচ সরকার জনগণকে সেবা দেওয়ার জন্যই তাদের নিয়োগ দিয়েছে।

    ’’‎মন্ত্রী আরো বলেন, অনেক চিকিৎসক বিভিন্ন অজুহাতে অন্যত্র সংযুক্ত (অ্যাটাচমেন্ট) হয়ে যান কিংবা ব্যক্তিগত ক্লিনিকে সময় দেন। এতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

    ‎সরকারি হাসপাতালের আশপাশে দালাল চক্র সক্রিয় থাকার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, কিছু দালাল রোগীদের ভুল বুঝিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। এ ধরনের দালালদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    ‎স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি বলেন, গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে নতুন করে প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

    তাদের প্রশিক্ষণের মাধ্যমে মাতৃস্বাস্থ্য, ক্যান্সার সচেতনতা এবং প্রাথমিকচিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

    পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান।

  • অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

    অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

    তপ্ত রোদ আর ভ্যাপসা গরমের পর অবশেষে রাজধানী ঢাকায় দেখা মিলেছে কাঙ্ক্ষিত বৃষ্টির। এতে স্বস্তি প্রকাশ করছেন সাধারণ মানুষ।

    আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশ কালো মেঘে ঢেকে যায়। এর কিছুক্ষণ‌ পর হয় ঝুম বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার খবরও পাওয়া গেছে।

    আবহাওয়াবিদরা জানিয়েছেন, বছরের প্রথম এই প্রাক-মৌসুমি বৃষ্টিবলয়ের নাম দেওয়া হয়েছে ‘গোধূলি’। এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে।

    আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

     

  • মানিকগঞ্জে বাসচাপায় স্বামী–স্ত্রী নিহত

    মানিকগঞ্জে বাসচাপায় স্বামী–স্ত্রী নিহত

    ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী–স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
    পুলিশ জানিয়েছে, দুপুরে পাটুরিয়াগামী একটি মোটরসাইকেলকে ঢাকাগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোনায়েম খান মারা যান।
    মোটরসাইকেলের অপর আরোহী ও নিহতের স্ত্রী জোসনা আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা নেওয়া হয়, কিন্তু পথে চিকিৎসার সময় মৃত্যু ঘটে। নিহত দম্পতির বাড়ি ঢাকার দক্ষিণ খানের মাটির মসজিদ এলাকায়।
    বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
  • আওয়ামী লীগ আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: রাষ্ট্রপতি

    আওয়ামী লীগ আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: রাষ্ট্রপতি

    ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে মো. সাহাবুদ্দিন বলেছেন, ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এবং পরবর্তী সময়ে বিএনপি নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।

    বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

    রাষ্ট্রপতি বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার সময় বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন অবস্থায় রেখে যায়। ওই বছরের অক্টোবরে ক্ষমতায় এসে খালেদা জিয়া-এর নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে।

    তিনি বলেন, দুর্নীতি দমনে বিএনপি নেতৃত্বাধীন সরকারের ইতিবাচক ‘ট্র্যাক রেকর্ড’ রয়েছে। ২০০৪ সালে সরকার দুর্নীতি দমন কমিশন আইন প্রণয়ন করে, যার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করা হয়।

    রাষ্ট্রপতি আরও বলেন, এসব পদক্ষেপের ফলেই বাংলাদেশ ধীরে ধীরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার অবস্থান থেকে বেরিয়ে আসে। ২০০৬ সালের অক্টোবরের আগেই আন্তর্জাতিক অঙ্গনে দেশটি ‘এশিয়ার ইমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি পেতে শুরু করে।

    ভাষণে তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা এবং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা।

    এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত পুনর্গঠনের জন্য ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে বলেও জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, বর্তমান সরকারের ক্ষেত্রেও দুর্নীতি দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

  • বিরোধী দলের ওয়াকআউট প্রতিক্রিয়া স্বরাষ্ট্রমন্ত্রী

    বিরোধী দলের ওয়াকআউট প্রতিক্রিয়া স্বরাষ্ট্রমন্ত্রী

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ চলাকালে বিরোধী দলের প্রতিবাদ ও ওয়াকআউটের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিরোধী দলের এই অবস্থানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলের নেতারা ৫ ও ৬ আগস্ট আলোচনা করেছিলেন এবং যার উপস্থিতিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছিলেন, আজ সেই রাষ্ট্রপতিকেই কেন অস্বীকার করা হচ্ছে—এই প্রশ্নের উত্তর তাদেরই দিতে হবে।

    তিনি বলেন, “যে রাষ্ট্রপতির সঙ্গে তারা ৫ আগস্ট বিকেলে এবং ৬ আগস্ট আলোচনা করেছেন, যাদের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে—সেই রাষ্ট্রপতিকে আজ কেন অস্বীকার করা হচ্ছে? তাদের দলের দু-একজন তো এই সংসদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। এই স্ববিরোধিতা কেন, সেটি তাদেরই ব্যাখ্যা করা উচিত।”

    তবে সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউটকে একটি স্বাভাবিক রাজনৈতিক সংস্কৃতি হিসেবেও উল্লেখ করেন তিনি। তার মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় এমন ঘটনা নতুন নয়।

    এর আগে বিকেলের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আহ্বান জানালে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধীদলীয় সদস্যরা প্রতিবাদ শুরু করেন। এ সময় তাদের হাতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ ও ‘গণতন্ত্র চাই, ফ্যাসিজম নয়’—এমন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। পরে হট্টগোলের একপর্যায়ে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

    ওয়াকআউটের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জুলাইয়ের হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রপতি নীরব ছিলেন এবং তিনি ‘ফ্যাসিবাদী সরকারের সহযোগী’ ছিলেন। এ কারণে সংসদে তার ভাষণ দেওয়ার নৈতিক অধিকার নেই বলে দাবি করেন তারা।

    অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সংসদ শেষ পর্যন্ত অর্থবহ ভূমিকা রাখবে। তিনি বলেন, “জাতীয় সব সমস্যা ও ইস্যুর আলোচনার কেন্দ্রবিন্দু হবে এই সংসদ। আমরা আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে যাব।”

    তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, সেটি ধরে রেখে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

     

  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবা’সহ আটক-১

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবা’সহ আটক-১

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবা’সহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। চিহ্নিত মাদক কারবারী হেলাল উদ্দিন (৪২)কে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তা পুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা কেডিসিপাড়া হতে হেরোইন ও ইয়াবা’সহ গ্রেফতার করে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মোঃ মোস্তফার ছেলে মোঃ হেলাল উদ্দিন (৪২)।

    র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বারোঘরিয়া এলাকা হতে ৫০.২৫ গ্রাম হেরোইন ও ১২৩ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারী মোঃ হেলাল উদ্দিন (৪২)কে তার নিজ বসতবাড়ী হতে আটক করা হয়। আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।

    র‌্যাব আরও জানায়, ১১ মার্চ একটি আভযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলায় নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে, গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ নুনগোলা কেডিসিপাড়ায় আসামীদের বসতবাড়ীতে অবৈধ মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে।

    প্রেক্ষিতে আভিযানিক দল অভিযান পরিচালনা করে নুনগোলা কেডিসিপাড়া আসামীর নিজ বসতবাড়ীর শয়ন ঘরের সামনে বারান্দা হতে আসামী মোঃ হেলাল উদ্দিন কে বেলা ১২.৩০ ঘটিকায় আটক করা হয় এবং হেলাল উদ্দিন এর স্ত্রী মোসাঃ আয়না বেগম (৪০) ও ছেলে মোঃ হিমেল (২০) সু-কৌশলে পালিয়ে যায়।

    অতপর ধৃত আসামীর স্বীকারোক্তি ও নিজ হাতে বের করে দেওয়া মতে তার বসত বাড়ীর শয়ন ঘরের ভিতর বিছানার তোষকের নীচে হতে অবৈধ মাদক ৫০.২৫ গ্রাম হেরোইন ও ১২৩ পিচ ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাবের নজরদারী ও অভিযান অব্যাহত আছে।

  • দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো-প্রধানমন্ত্রী

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো-প্রধানমন্ত্রী

    স্পিকারের চেয়ার শূন্য রেখেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাগত বক্তব্য দেন।

    বক্তব্যে তিনি গণঅভ্যুত্থানের জড়িতদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারেক রহমান বলেন, দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো, আলহামদুলিল্লাহ।

    এসময় তিনি পাঁচ বারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদে সভাপতিত্ব করার প্রস্তাব রাখেন।

    এসময় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রস্তাবে সমর্থন জানান। বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতা সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও এ প্রস্তাবে সমর্থন জানান।

    তবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি সংসদে বলেন, একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে সংসদে সভাপতি করার আগে সরকারি দল বিরোধী দলের সঙ্গে আলাপ করতে পারতো।

  • আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন 

    আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন 

    আগামীকাল বৃহস্পতিবার বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন  বসতে যাচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ ভবনের সংসদ কক্ষে বেলা ১১টায় অধিবেশন আহ্বান করেছেন।

    ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়ের পর ১৭ ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছেন। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসানো বাধ্যতামূলক।

    প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

    বিগত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন শুরু করার প্রসঙ্গে সংসদ বিষয়ক গবেষক অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ বলেন, “বর্তমানে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তিকে দিয়ে অধিবেশন শুরু করাতে হবে।”

    সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।

    জামায়াত এই পদটি নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। সরকারি দলীয় হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, জামায়াত এখনও ডেপুটি স্পিকার পদে কারও নাম প্রস্তাব করেনি।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী এবং বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ১০ জন উপদেষ্টা নিয়োগ পেয়েছেন। কিছু সিনিয়র নেতা মন্ত্রিসভায় স্থান পাননি; তাদেরকে স্পিকার বা ডেপুটি স্পিকার করা হতে পারে।

    সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। শোক প্রস্তাব গ্রহণের পর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হয়। অধিবেশন চলাকালে সংসদ সদস্যরা প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

    এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো সংসদের প্রথম বৈঠকে উত্থাপন করতে হয়। উত্থাপনের ৩০ দিনের মধ্যে সংসদ অনুমোদন না দিলে অধ্যাদেশের কার্যকারিতা থাকবে না।