Category: রংপুর বিভাগ

  • জামায়াতকে ঈমান নষ্ট হয়ে যাবে-মির্জা ফকরুল

    জামায়াতকে ঈমান নষ্ট হয়ে যাবে-মির্জা ফকরুল

    ঠাকুরগাঁও- ১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলছে যে, “দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে, নাউজুবিল্লাহ।

    একটা নির্দিষ্ট মার্কায় ভোট দিলে কি কেউ বেহেশতে যেতে পারে? দাড়িপাল্লায় এ জামায়াতকে ভোট দিলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে।

    আজ সোমবার বিকেলে ঠাকুরগাঁও- ১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের প্রখ্যাত আলেমরাও এসব অপপ্রচারকে প্রত্যাখ্যান করেছেন।

    তিনি উল্লেখ করেন, বাবুনগরী সাহেব জামায়াতে ইসলামিকে ভোট দেওয়া নাজায়েজ বলেছেন এবং চরমোনাইয়ের পীর জামায়াতে ইসলামিকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন।

    তিনি বলেন, গত ১৫ বছরে এই দেশ ধ্বংসস্তুপে পরিনিত হয়েছে। একটা জায়গার উন্নয়ন নির্ভর করে সে জায়গার মানুষের আয়ের উপর। তাই ইনকাম সোর্স বাড়াতে হবে। আমরা সেরকম পরিকল্পনাই করেছি।

    আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান তিনি।

    নির্বাচনী এ পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

  • মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

    মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

    মাদারীপুরে পরকীয়ার অভিযোগে ইতালিফেরত যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি মাতুব্বর বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম হাবিব মাতুব্বর (৩৫)।

    পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে হাবিব মাতুব্বর ও তার স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

    শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথাকাটাকাটি হয়। স্ত্রী শিউলি বেগম ক্ষুব্ধ হয়ে ভোররাতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন। হাবিবের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

    শিউলি বেগমের দাবি, তার স্বামী পরকীয়ায় আসক্ত ছিলেন এবং একাধিক নারীর সঙ্গে মোবাইলে কথা বলতেন। এ নিয়ে প্রতিবাদ করায় তিনি তার সঙ্গে খারাপ আচরণ করতেন। ক্ষোভের বশেই তিনি এ কাজ করেছেন।

    মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেছেন, “অভিযুক্ত স্ত্রী শিউলি বেগমকে আটক করা হয়েছে। ব্লেড জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

  • রিকশায় চড়ে মনোনয়ন জমা দিলেন মির্জা ফখরুল !

    রিকশায় চড়ে মনোনয়ন জমা দিলেন মির্জা ফখরুল !

    ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়ন পত্র দাখিল করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে দলীয় কার্যালয় থেকে রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কাছে মনোনয়ন দাখিল করেন তিনি।

    মনোনয়ন দাখিলের পূর্বে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সকল ধর্মের মানুষদের নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। অনেকেই বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমরা অতিতেও কোন বিভেদ করিনি আর সামনেও করবোনা।

    এসময় তিনি আরো বলেন, দুর্ভাগ্যবশত গত ১৫ বছরে বিভাজনের রাজনীতি করা হয়েছে। বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা সেই জায়গা থেকে উঠে আসতে চাই। একটি গনতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই।

    মনোনয়ন দাখিলের পর নিজের ও ধানের শীষের জন্যে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। এবারের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচন বোধয় আমার শেষ নির্বাচন।

    নির্বাচনী আচরণ বিধিমালা পালন করে এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ ৫ জন নেতা কমী উপস্থিত ছিলেন।

  • কিছু দিন পরে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে,

    কিছু দিন পরে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে,

    জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দাবি এভাবে উপেক্ষিত হতে থাকলে একটা সময় জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দায়েরের আশঙ্কা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

    সারজিস আলম বলেন, ‘‘জুলাই সনদের ক্ষেত্রে যদি এমন হয়, তাহলে কিছু দিন পরে দেখা যাবে, অভ্যুত্থানটাই নাই। আবার কিছু দিন পরে দেখা যাবে, এই অভ্যুত্থানের যারা যোদ্ধা ছিল, রাজপথে নেমেছিল; তাদের বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় অভিযুক্ত করে একেকজনকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে, বিভিন্নভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

    ’শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট এলাকায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমী আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্না-মেন্টের চতুর্থ দিনের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    আজ শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। এনসিপি এই সনদে স্বাক্ষর করেনি। এনসিপির দাবি ছিল, জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত করতে হবে। তাদের দাবি উপেক্ষিত থাকায় তারা স্বাক্ষর করেনি।

    সারজিস আরো বলেন, ‘‘স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথিদের কাতারে বা সামনের সারিতে জুলাই যোদ্ধা, শহীদ পরিবার তাদের থাকার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম, এটা রাজনৈতিক দলের একটা চুক্তির মতো, যেমন মিলনমেলা হয়; ওই রকম মিলনমেলা হয়েছে।’’

    জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিবাদ করতে যাওয়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের পুলিশি লাঠিচার্জের প্রতিবাদ জানান সারজিস আলম।

    তিনি বলেন, ‘‘তারা যেভাবে সেখানে লাঠিচার্জ করেছে, টিয়ারশেল ছুঁড়েছে, রাবার বুলেট ছুঁড়েছে; এগুলো আসলে খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনক।’’

  • লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ

    লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ

    শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী আন্তর্জাতিক উদ‍্যোক্তা, ব্যবসায়ী ও সমাজসেবক শিহাব আহমেদ।

    শৈশবে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা শিহাব ২০১৬ সালে তুরস্কে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান। কঠোর পরিশ্রমের মাধ্যমে সেখানে গড়ে তোলেন ব্যবসায়িক সাম্রাজ্য এবং বর্তমানে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, আফ্রিকা চাঁদ ও বাংলাদেশে তার মালিকানায় একাধিক প্রতিষ্ঠান রয়েছে।

    গত ৮ বছর ধরে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে হাতীবান্ধা ও পাটগ্রামে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। এ সময় তিনি ২৫ হাজার পরিবারে নলকূপ স্থাপন, এক হাজারের বেশি মসজিদ-মাদ্রাসায় এতিম খানায় ওযুখানা নির্মাণ, শারীরিক প্রতি-বন্ধিদের হুইল চেয়ার প্রদান, মেধাবীদের শিক্ষা বৃত্তি প্রদান, শিশু বিকাশ একাডেমী ও টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন। এছাড়া দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে থেকেছেন সর্বাগ্রে।

    নির্বাচনী অঙ্গীকারে শিহাব আহমেদ জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে ৫ হাজার তরুণের কর্মসংস্থান এবং ২ হাজার তরুণকে বিদেশে চাকরির সুযোগ করে দিতে চান তিনি। পাশাপাশি দুই উপজেলাকে বেকারত্বমুক্ত ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

    শিহাব আহমেদ বলেন, আমি প্রতিহিংসার রাজনীতি করতে আসিনি, এসেছি মানুষের সেবা করতে। নির্বাচিত হলে হাতীবান্ধা-পাটগ্রামের প্রতিটি ঘরে কর্মসংস্থানের আলো জ্বলবে ইনশাআল্লাহ।

  • ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা

    ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা

    জুলাই পদযাত্রায় অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বহনকারী গাড়ি হামলার শিকার হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় এনসিপির নেতাকর্মীরা কর্মসূচি শেষ করে পীরগঞ্জে যাওয়ার পথে টাঙ্গন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

    এনসিপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও আর্ট গ্যালারি মসজিদে নামাজ শেষে পীরগঞ্জের উদ্দেশে রওনা হয় এনসিপির গাড়ি বহর। টাঙ্গন ব্রিজ অতিক্রম করার সময় আন্তঃজেলায় চলাচলকারী একটি বাস এনসিপির বহরের গাড়িকে চাপা দেয়।

    এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলে এনসিপির নেতাকর্মীরা গাড়ি থামিয়ে কৈফিয়ত চান। তখন এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করে ৫ থেকে ৬ জন। এতে গাড়িচালকসহ একজন এনসিপি কর্মী আহত হন।

    এনসিপি অভিযোগ করেছে, এ হামলা পূর্বপরিকল্পিত। বাস চাপা দিয়ে দলের শীর্ষ নেতাদের হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য। তবে, তারা সঠিক গাড়ি চিহ্নিত করতে পারেনি। পরে গাড়িতে থাকা কেন্দ্রীয় নেতাদের ওপরেও হামলা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন।  

    ঠাকুরগাঁও এনসিপির মুখপাত্র অপু বলেন, ‘‘হামলাকারীরা মূলত নাহিদ বা সারজিসদের টার্গেট করেছিল। প্রথমে যেহেতু বাসচাপা দেওয়া হয়েছে, ধারণা করা যায়, তাদের উদ্দেশ্য ছিল সরাসরি হত্যা। এর সঠিক তদন্ত দাবি করছি।’’

    ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার হোসেন বলেন, “বিষয়টি জানামাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছি। এনসিপি অভিযোগ করছে, এটি হামলা। প্রাথমিকভাবে একজন হামলাকারীর ভিডিও তারা দেখিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

  • রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর

    রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর

    রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ মে) রাতে নগরীর সেনপাড়ায় ‘স্কাই ভিউ’ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। এসময় বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

    তখন জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রতিহতের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে খবরটি ছড়িয়ে পড়লে জাতীয় পার্টির নেতাকর্মীরা ওই বাড়ির সামনে জড়ো হতে থাকেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এর আগে বিকেলে রংপুরে গিয়ে জিএম কাদের গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন।এরপর জিএম কাদের রংপুরে অবস্থান করার প্রতিবাদে রাত ৮টার দিকে প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একপর্যায়ে মিছিলটি প্রেস ক্লাব চত্বর থেকে সেনপাড়ার স্কাই ভিউ বাড়ির দিকে রওনা হয়।এরপরই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

    মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর বলেন, আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই। কোনো কারণ ছাড়াই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা আজকে ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

  • পাটগ্রামে জামায়াতের মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

    পাটগ্রামে জামায়াতের মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাটগ্রাম পৌর শাখার উদ্যোগে মাদক বিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আজ শুক্রবার (২মে) সকালে পাটগ্রাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ও হাট-বাজারে মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।

    এই উদ্যোগের মাধ্যমে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রচার চালানো হয়। লিফলেট বিতরণ করেন হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, পাটগ্রাম পৌর জামায়াতের আমীর সোহেল রানা, সেক্রেটারী মেরু হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    আনোয়ারুল ইসলাম রাজু বলেন, “মাদক একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে এখনই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এই যুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

    তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে চলমান সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • কৃষক আজিজুল ইসলামকে ‘ডোনেট ফর গুড’ পক্ষ থেকে বাসস্থান উপহার

    কৃষক আজিজুল ইসলামকে ‘ডোনেট ফর গুড’ পক্ষ থেকে বাসস্থান উপহার

    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কৃষক আজিজুল ইসলামকে ‘ডোনেট ফর গুড’ এর পক্ষ থেকে একটি বাসস্থান উপহার দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার বিকেলে এই উপহারটি হস্তান্তর করেন হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু। তাঁর তত্ত্বাবধানে এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হয়।

    এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতীবান্ধা উপজেলা আমির প্রভাষক হাসেন আলী, সেক্রেটারি রফিকুল ইসলাম রফিক, কর্মপরিষদ সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতা, সহ-সেক্রেটারি ডা. সাহিদুল আলম নিরো সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার শ্রেষ্ঠ দৃষ্টান্ত।

  • বিএসএফের গুলিতে নিহত হাসিবুলের পরিবারের পাশে জামায়াত নেতা

    বিএসএফের গুলিতে নিহত হাসিবুলের পরিবারের পাশে জামায়াত নেতা

    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগিমারী ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নির্মমভাবে হত্যা করেছে হাসিবুল আলম (২১) নামে এক বাংলাদেশি যুবককে।
    স্থানীয়রা জানান, বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে হাসিবুলকে ধরে নিয়ে যায় এবং চোখে গুলি করে হত্যা করে।
    নিহত হাসিবুল ওই ইউনিয়নের জাহিদুল ইসলামের ছেলে। তার এমন নির্মম মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে আহাজারি ও শোকের মাতম।
    আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে নিহত হাসিবুলের বাড়িতে ছুটে যান হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট-১ আসনের মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।
    তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এসময় তিনি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।
    আনোয়ারুল ইসলাম রাজু বলেন, “এই ঘটনার ন্যায্য বিচার এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে জবাবদিহিতা ও যথাযথ পদক্ষেপ দাবি করছি।”