Category: সারাদেশ

  • হকার হত্যা মামলায় ছয় দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী এনামুর

    হকার হত্যা মামলায় ছয় দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী এনামুর

    রাজধানীর মিরপুরে হকার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই রিমান্ডের আদেশ দেন।

    এদিন দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।

    আসামিপক্ষে আইনজীবী প্রাণনাথ রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রবিবার (২৬ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    মামলার সূত্রে জানা যায়, ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন হকার সাগর। তখন এলোপাতাড়ি গুলিতে মারা যান তিনি।

    এ ঘটনায় ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করা হয়েছে।

  • কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনে যাবে না- হাসনাত আব্দুল্লাহ

    কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনে যাবে না- হাসনাত আব্দুল্লাহ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাসিনা ও আওয়ামী লীগ সরকার গণঅভ্যুত্থানের সময় আমাদের কিনতে পারেনি। এখন যারা ভাবছেন সংসদের কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনে ক্ষমতা দখল করবেন, তারা ভুল ভাবছেন। ক্ষমতার দিকে যারা যেতে চাচ্ছেন, তাদের বলি, আপনারা ক্ষমতার দিকে না গিয়ে জনতার দিকে আসুন। আমরাও আপনাদের পাশে থাকবো।

    সোমবার (২৭ জানুয়ারি) চুয়াডাঙ্গা সরকারি কলেজ সড়কের পৌর মুক্তমঞ্চ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘রাইজিং চুয়াডাঙ্গা’ শীর্ষক ছাত্র-জনতার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেনের সভাপতিত্বে এবং জেলা কমিটির সদস্যসচিব সাফফাতুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ সভায় ফ্যাসিবাদ, গণতন্ত্র, আন্দোলন এবং সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুম, কেন্দ্রীয় সমন্বয়ক মোল্লা এহসান এবং জাতীয় নাগরিক কমিটির ঢাকা মিরপুরের সদস্যসচিব গোলাম রাব্বানী।

     

  • সবাই দাদুর জন্য দোয়া করবেন-জাইমা রহমান

    সবাই দাদুর জন্য দোয়া করবেন-জাইমা রহমান

    দাদিকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা ব্যারিস্টার জাইমা রহমান। প্রায় সাড়ে সাত বছর পর তিনি তার দাদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একান্ত সান্নিধ্যে পেয়েছেন।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান দাদীর পাশাপাশি তার চাচী শর্মিলা রহমান সিঁথি, দুই চাচাতো বোন জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে কাছে পেয়ে আনন্দে সময় উপভোগ করছেন। বলা যেতে পারে তিনি একটি পরিপূর্ণ পারিবারিক জীবনে রয়েছেন। এ ব্যাপারে তিনি জনপ্রিয় সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

    তিনি আবেগাপ্লুত হয়ে তার স্ট্যাটাসে উল্লেখ করেন, চিকিৎসা শেষ করে দাদুকে নিয়ে আমরা এখন বাসায় আছি। সবাই দাদুর জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। আপনাদের দোয়া আমাদের জন্য খুবই মূল্যবান।

    এর আগে জাইমা রহমান তার দাদীর সাথে সর্বশেষ পারিবারিক পরিবেশের আমেজ উপভোগ করেন ২০১৭ সালে।

  • সাবেক  ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার

    সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার

    সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানান, রবিবার (২৬ জনুয়ারি) মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক এ প্রতিমন্ত্রীর । তার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দো-লনের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

    এই মামলায় তাকে সোমবার (২৭ জনুয়ারি) আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও।

    দ্বাদশ সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এনামুর। তবে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে হেরে যান তিনি।

  • গ্রেফতারকৃত ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা !

    গ্রেফতারকৃত ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা !

    রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন (৩৫) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ।

    গ্রেফতার মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে বাঁধা দেয় তার সমর্থকেরা। মিথুনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা করে ছাত্রদল-যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী।

    হামলায় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ চার থেকে পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর রাতে এই ঘটনা ঘটে।

    পরবর্তীতে হামলায় জড়িত থাকার অপরাধে আরো ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বশির ইসলাম (২৮), মোহাম্মদ হাসান (২১), মোহাম্মদ ইমন (২৫), মাসুম মাহমুদ (৩২), মোহাম্মদ আলামিন (৩০) এবং আকবর আলী।

    এই ঘটনায় নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

  • ৫৩ বিজিবি’র হাতে ফেন্সিডিল উদ্ধার

    ৫৩ বিজিবি’র হাতে ফেন্সিডিল উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ওয়াহেদপুর সীমান্ত হতে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়েছে।

    চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে বলেন, ওয়াহেদপুর বিওপির একটি টহল দল ২২ জানুয়ারি রাত পৌনে ৪টার দিকে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চরপাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে বিশেষ টহল পরিচালনা করে।

    এসময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে শ্যামপুর গ্রামের একটি আম বাগানে চোরাচালানের উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকায়িত আছে।

    টহলদল উক্ত স্থানে তল্লাশি শুরু করে এবং মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ২টি বস্তা উদ্ধার করে। পরবর্তীতে টহলদল বস্তাগুলি তল্লাশী করে ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। জব্দকৃত ফেন্সিডিল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ঢাবির ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে চার্জশিট

    ঢাবির ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে চার্জশিট

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মো. জিন্নাহ এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, গত ১ জানুয়ারি এই প্রতিবেদন জমা পড়ে। প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান।

    জানা গেছে, অভিযুক্ত ২১ শিক্ষার্থীর মধ্যে ৬ জন কারাগারে এবং ১৫ জন বর্তমানে পলাতক রয়েছেন। তবে চার্জশিটে কোনো অভিযুক্তের রাজনৈতিক সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়নি।

  • মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন আতপ চাল

    মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন আতপ চাল

    জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

    আজ শুক্রবার খাদ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    এরআগে পাকিস্তান থেকে চাল আমদানি করার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ১৪ জানুয়ারি খাদ্য অধিদপ্তর ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

  • সাটুরিয়ায় ক্লাস বর্জন করে ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন !

    সাটুরিয়ায় ক্লাস বর্জন করে ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন !

    সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ সাটুরিয়ায় ৪ দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে মানব বন্ধন করেছে। মঙ্গলবার সকালে সাটুরিয়া ডিপ্লোমা অব মেডিকেল ফ্যাকাল্টি ইন মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং কোর্স (ম্যাটস্) এর ছাত্র- ছাত্রীরা দেশব্যাপী অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘটের কর্মসূচি র অংশ হিসেবে সাটুরিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে।

    মানববন্ধনে প্রধান সমন্বয়ক নাজমুল হাসান বলেন, ১০ম গ্রেডে শূন্য পদে নিয়োগ ও সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পথ সৃজনের দাবি তুলেন। ৪ বছরের একাডেমি কোর্স বহাল রেখে অসংগতি কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতা সহ ইন্টার শিপের দাবী তুলেন। স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশের দাবী তুলেন।

    আন্তর্জাতিক মানদন্ড ও বিএম এনডিসি স্বীকৃতি ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ চান। এসময় আরও বক্তব্য রাখেন সমন্বয়ক মাহফুজুর রহমান, মুক্তা আক্তার, সেতু মনি প্রমুখ।

  • যাত্রা শুরু করলো ‘স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া’

    যাত্রা শুরু করলো ‘স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া’

    বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের উদ্যোগে যাত্রা শুরু করল ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া (ইউস্যাব)। সোমবার (১৩ জানুয়ারি) Achieve Your Dreams: The Way to Higher Education” শীর্ষক বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিকনির্দেশনামূলক প্রোগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি পথচলা শুরু করে। দুপুর আড়াইটায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

    এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম ও ৪০ তম বিসিএসে শিক্ষা ক্যাডার ইউনুস সরকার।

    এছাড়া ইউস্যাবের কোঅর্ডিনেটর কামরুল হক, ফজলে রাব্বী, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ২০২০-২১ সেশন ১ম স্থান অধিকারী সাখাওয়াত জাকারিয়া, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ২য় স্থান অধিকারী আব্দুল্লাহ ও বুয়েট শিক্ষার্থী কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

    অতিথিদের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম বলেন, এটি অত্যন্ত সৃজনশীল ও চমকপ্রদ অনুষ্ঠান। ইউস্যাবের সকল সদস্যবৃন্দ আপনাদের ব্রাহ্মণপাড়াকে নিয়ে ভাবে।

    এছাড়া অনুষ্ঠানে সাখাওয়াত জাকারিয়া, আব্দুল্লাহ ও কামাল উদ্দিন উপস্থিত শিক্ষার্থী দের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কেন্দ্রিক বিভিন্ন পরামর্শ দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

    উল্লেখ্য, উপজেলা ও উপজেলার বাইরের ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্পর্ক স্থাপন করা, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিতকরণ, এলাকার বাইরে পড়ালেখা করতে যাওয়া ছাত্র-ছাত্রীদের ভর্তি সংক্রান্ত কাজে সহযোগিতা করা এবং দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করার লক্ষ্য নিয়ে এই স্টুডেন্টস এসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছে।