Category: সারাদেশ

  • বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প!

    বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প!

    বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে নিজের একটি বক্তব্য ‘ভুলভাবে সম্পাদনা’ করার অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মামলা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ, বিষয়টি নিয়ে ক্ষমা প্রার্থনা করেছিল বিবিসি।

    সংবাদমাধ্যমটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্টের একটি বক্তব্য ‘ভুলভাবে সম্পাদনা’ হয়ে গিয়েছিল। বিষয়টি নিয়ে বিবিসি তার কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী সপ্তাহে বিবিসির বিরুদ্ধে ১ থেকে ৫ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দাবিতে মামলা করবেন।

    শুক্রবার সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বিবিসি আমার বক্তব্য বিকৃত করেছে। আমরা এর বিরুদ্ধে বড় ধরনের আইনি পদক্ষেপ নেব। আগামী সপ্তাহে তারা মামলা পাবে।

    তিনি আরও জানান, এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও কথা বলবেন তিনি। বিবিসির প্যানোরামায় নির্মিত একটি প্রামাণ্যচিত্রে ট্রাম্পের বক্তৃতা এমনভাবে সম্পাদনা করা হয়েছিল, যাতে মনে হচ্ছিল তিনি সহিংসতার আহ্বান জানিয়েছেন।

    বিষয়টি প্রকাশ্যে আসার পর তীব্র সমালোচনার মুখে পড়ে বিবিসি এবং শেষ পর্যন্ত সংস্থাটি আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে।

  • `আয়নাঘর’ সম্পর্কে জানতাম না’-হাসিনা

    `আয়নাঘর’ সম্পর্কে জানতাম না’-হাসিনা

    পতিত ফ্যাসিবাদী সরকারের সময় ‘আয়নাঘর’ কুখ্যাতি পাওয়া বেশ কিছু গোপন কারাগারে অনেক দল-মতের বন্দিদের বিনা বিচারে আটকে রাখার ঘটনা ঘটলেও ক্ষমতাচ্যুত শাসক শেখ হাসিনার দাবি, তিনি এসব সম্পর্কে ‘জানতেন না’।

    জুলাই গণঅভ্যুত্থানকালে ১৪শ’ ছাত্র-জনতা হত্যাকাণ্ডসহ দমন-পীড়নের পেছনে খোদ হাসিনাই সমন্বয়কের ভূমিকায় ছিলেন বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে এলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দাবি, ‘মানবতাবিরোধী অপরাধে তার দায় নেই’। ইমেইল মারফত বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা এই দাবি করেন।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বাংলাদেশে বেশ কয়েকটি গোপন কারাগারের খোঁজ পাওয়া যায়, যেখানে বহু বছর ধরে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বন্দিদের আটকে রাখা হয়েছিল। অপহৃত বা এসব কারাগারে আটক থাকা হাসিনার আরও বহু সমালোচক ও রাজনৈতিক প্রতিপক্ষকে অবৈধভাবে হত্যা করারও অভিযোগ রয়েছে।

    হাসিনার পতনের পর গোপন কারাগার থেকে মুক্ত হয়ে এসেছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী, সুপ্রিম কোর্টের আইনজীবী আহমাদ বিন কাসেম (আরমান), রাজনীতিক মাইকেল চাকমা প্রমুখ। তবে গুম দশা থেকে ফেরা হয়নি বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজেদুল ইসলাম ‍সুমনের মতো নেতাদের।

    এসব ঘটনার দায় কার ওপর বর্তায় জিজ্ঞেস করা হলে হাসিনা বিবিসির কাছে দাবি করেন, তিনি এসব সম্পর্কে ‘জানতেন না’।

  • বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিয়ে অসহায় মানুষের পাশে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন

    বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিয়ে অসহায় মানুষের পাশে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন

    প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শনিবার (১৫ নভেম্বর) মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

    দিনব্যাপী এই স্বাস্থ্য সেবায় এলাকার দুই সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীরা বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপত্র পান।

    এ সময় মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস্, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক, কান ও গলা (ইএনটি), ডেন্টাল, স্ক্রিন অ্যান্ড ভিডি (চর্ম ও যৌন), চক্ষু এবং শিশু ও অনবজাতক মোট দশটি বিভাগে দুজন করে ২০ জন কনসালটেন্স এই স্বাস্থ্যসেবা প্রদান করেন। প্রতি বিভাগে কনসালটেন্সদের সাথে দুই থেকে তিন জন করে সেবিকা সহায়তা করেন।

    স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন এবং মার্কেটিং টিমের অর্ধ শতাধিক সদস্য। পাশাপাশি কাজ করেছে জেলা ছাত্রদলের স্বেচ্ছাসেবক টিম।

    ফাউন্ডেশন-এর পক্ষ থেকে জানানো হয়– সেবা নিতে আসা রোগীদের পরবর্তীতে হাসপাতালের যে কোন সেবা স্বল্পমূল্যে দেওয়া হবে। পরীক্ষা-নিরীক্ষায় ৩০ শতাংশ, অপারেশনে ৩০ শতাংশ ছাড় পাশাপাশি ছাড় পাবে বেড ভাড়ায়। গরিব রোগীদের জন্য বিনামূল্যে হাসপাতালে সকল ধরনের সেবা প্রদান করা হবে।

    সকালে মুন্নু মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল করিম এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় মুন্নু হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. জুলফিকার আহমেদ আমিন, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. বোরহান উদ্দিন আহমেদ, অর্থপেডিক বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক, ডেন্টাল সার্জন ডা. কুদরত-ই হাসান, সার্জারি বিশেষজ্ঞ এসিস্টেন্ট প্রফেসর ডা. জেসমিন আরেফিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

    মুন্নু মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল করিম বলেন, মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতাল একটি অলাভজনক প্রতিষ্ঠান। সেবার ব্রত নিয়েই হাসপাতালটি প্রতিষ্ঠা হয়েছে। এই হাসপাতালে মানিকগঞ্জবাসীর জন্য সারা জীবন স্বল্প মূল্যে সেবা দেওয়া হবে।

    স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই এই মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম। পর্যায়ক্রমে এ কার্যক্রমের সুফল পাবে পুরো জেলাবাসী। জেলার প্রতিটা এলাকায় চলবে এই বিনামূল্যে স্বাস্থ্য সেবা।

     

  • গাজীপুরে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

    গাজীপুরে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

    গাজীপুরে ঢাকাগামী একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই সেটির প্রায় ৮০ শতাংশ অংশ পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় বাসের ভেতরে থাকা ৮–১০ জন যাত্রী দ্রুত নেমে নিরাপদে চলে যেতে সক্ষম হন। আগুন নিয়ন্ত্রণে আসলেও চালক ও হেলপারকে পাওয়া যায়নি বলে জানান তারা।

    গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগে। বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল এবং হারিকেন এলাকায় পৌঁছানোর পর আগুন ধরে যায়।

     

  • এবার নতুন পোশাকে পুলিশ

    এবার নতুন পোশাকে পুলিশ

    জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবর্ষণ ও দমন-পীড়নের অভিযোগ ওঠার পর ব্যাপক সমালোচনা মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। দাবি ওঠে বাহিনীটির ব্যাপক সংস্কারের ও পোশাক পরিবর্তনের।

    একপর্যায়ে অন্তর্বর্তী সরকার পুলিশের নতুন পোশাক অনুমোদন করে। শনিবার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ পুলিশের পরিবর্তিত নতুন পোশাক চালু হয়েছে। তবে এখনই সর্বস্তরে বা সবার কাছে নয়, সদস্যদের মধ্যে সীমিত পরিসরে এ পোশাক সরবরাহ করা হচ্ছে।

    নীল ও সবুজ রঙের পরিবর্তে নতুন একটি রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মহানগর পুলিশ সদস্যরা। জানা গেছে, জেলা ও রেঞ্জ পুলিশ পর্যায়ক্রমে নতুন এই পোশাক পরবেন। তবে পুলিশের বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) আগের পোশাক থাকবে।

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, “আজ থেকে চালু হচ্ছে পুলিশের নতুন পোশাক। এটা ধাপে ধাপে সব সদস্যকে দেওয়া হবে।”

    গত মঙ্গলবার (১১ নভেম্বর) পোশাকের সঙ্গে সঙ্গে সবারই মন-মানসিকতা পরিবর্তন করতে হবে মন্তব্য করে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, “পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশের জন্য, র‌্যাবের জন্য এবং আনসারের জন্য। তিনটা সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে।”

  • ‘প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন’

    ‘প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন’

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা। ঐকমত্য কমিশনে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি।

    এদিকে দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আদেশে গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবণার ওপর গণভোট ও পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত।

    গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে নির্বাচিত প্রতিনিধি নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে। এই প্রতিনিধিরা একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

    এই প্রসঙ্গে তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। এরপর ৩০ কার্যদিবসের মধ্যে নির্বাচনে পাওয়া ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত হবে।

    এছাড়াও ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    বিএনপিও নির্বাচনের দিন গণভোট আয়োজনের দাবি জানিয়ে আসছিল। তবে জামায়াতসহ ৮টি দল নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছিল।

  • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন অধ্যাপক আলী রীয়াজ

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন অধ্যাপক আলী রীয়াজ

    জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।মন্ত্রি-পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস অধ্যাপক আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন।

    বিশেষ সহকারী পদে থাকাকালীন আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

     

  • শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর

    শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর

    জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ নভেম্বর (সোমবার) তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল রায়ের এ দিন ঠিক করবেন।

    ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

    এ মামলার আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক আছেন।

    আজ রায়ের তারিখ ঘোষণার সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী বনে যাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

    এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের পক্ষে পাঁচদিন ও আসামিপক্ষে তিনদিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত ২৩ অক্টোবর। ওইদিনই এ মামলায় সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। পরে রায়ের তারিখ ঘোষণার জন্য ১৩ নভেম্বর দিন ঠিক করে আদেশ দেন ট্রাইব্যুনাল।

    মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়ে সাবেক আইজিপি মামুনের শাস্তির বিষয়টি ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়েছেন প্রসিকিউশন।

  • জাতীয় নির্বাচনের দিনই গণভোট

    জাতীয় নির্বাচনের দিনই গণভোট

    আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

    ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে‌র ভোটগ্রহণের দিন একই সাথে গণভোট গ্রহণ করা হবে। গণভোটের ব্যালটে চারটি প্রশ্ন থাকবে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা।

    প্রধান উপদেষ্টা বলেন, এখানে প্রশ্নটি যেভাবে থাকবে তা হলো ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?’

    ক) নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।

    খ) আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

    গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।

    ঘ) জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

    প্রধান উপদেষ্টা জানান, গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে আপনি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে আপনার মতামত জানাবেন।

    তিনি জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হবার পর ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।

    জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সাটুরিয়ায় আ. লীগ ও অঙ্গসংগঠনে ৫ নেতা গ্রেপ্তার

    সাটুরিয়ায় আ. লীগ ও অঙ্গসংগঠনে ৫ নেতা গ্রেপ্তার

    মানিকগঞ্জের সাটুরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও দলটির অঙ্গসংগঠনে পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বিভিন্ন জায়গা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তাররা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান তালুকদার দাউদ (৪২), ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আলিয়ার, উপজেলা আওয়ামী লীগের সদস্য চান্দিরচর গ্রামের ইসরাফিল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমূল্য বিশ্বাস। তিল্লী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম।

    থানা সূত্র জানায়, গ্রামীণ ব্যাংকের উপজেলার দরগ্রাম ব্রাঞ্চে আগুন দেওয়ার ঘটনায় গত সোমবার ব্রাঞ্চ ম্যানেজার মনিরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনের নামে একটি মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

    সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আর এ এম আল মামুন বলেন,‘অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।