মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকাশী গ্রামের সবুর উদ্দিন (৬৫) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ট্রাকে করে চুরি হওয়া গরু নিয়ে যাওয়ার সময় পথরোধ করতে গিয়ে ট্রাকচাপায় তিনি নিহত হন।
জানা যায়, সোমবার (৩ মার্চ) রাত ২টার দিকে সাটুরিয়া উপজেলার পার্শ্ববর্তী ধামশ্বর ইউনিয়নের ঘড়িয়ালা গ্রামে নার্গিসের (৩৫) বাড়ি থেকে ৩টি গরু চুরি করে ট্রাকে নিয়ে সাটুরিয়ার উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিল একদল চোর। পরে তিনি তার বাবা সবুরকে কল করে গরু চুরি হওয়ার কথা জানান।
সবুর তার আপন ছোট ভাই শওকত আলী, ভাতিজা নাজমুল বাবুলকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে রাস্তায় বাঁশ ফেলে ব্যারিকেড দেন। তবে বাঁশের ব্যারিকেড ভেঙে সবুর আলীকে পিষে চলে যায় ঘাতক ট্রাক। সবুর আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা বেগতিক দেখে সাভার এনাম মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ভাতিজা নাজমুল হাসান বাবুল জানান, দৌলতপুর উপজেলার ঘড়িয়ালা গ্রামের জিয়াউর রহমান জিয়ার কাছে চাচাত বোন নার্গিসের বিয়ে হয়। ওই বাড়ি থেকে ফোন আসে ট্রাকে করে সাটুরিয়ার উদ্দেশ্যে গরু নিয়ে পালাচ্ছে চোরের দল। আমরা খবর পেয়ে চাচাসহ রাস্তায় বাঁশ দিয়ে গাড়ি আটকানোর চেষ্টা করি।
কিন্তু বাধা ভেঙে চাচাকে ধাক্কা দিয়ে গরু ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায় চোরেরা। আশপাশের আরো লোকজনে সহায়তায় চাচাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চাচার মৃত্যু হয়।
সাটুরিয়া থানার ওসি শাহীনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ মর্গে প্রেরণের পাঠানো ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply