বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ও মেটলাইফ বাংলাদেশের সহযোগিতায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় ৪ দিনব্যাপী এক জমজমাট বই মেলা অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতার এই মার্চ মাসের প্রথম দিন হতে জেলা সদরের বিজয় মেলা মাঠে ও সিংগাইর উপজেলা চত্বরে এই বই মেলা অনুষ্ঠিত হয়।
আলোকিত মানুষ গড়ার এই বই মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি আর বিক্রিও হয়েছে রেকর্ড পরিমাণ বই। বুধবার (৪ মার্চ) মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা প্রধান অতিথি হিসেবে বই মেলা উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, একটি মেধাবী ও জ্ঞানী প্রজন্ম গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের সন্তানদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই পড়ার অভ্যাস মানুষের মনের জানালা খুলে দেয় এবং জ্ঞান ও কল্পনার পরিধির বিকাশ ঘটায়। বিভিন্ন ডিভাইস আসক্তি থেকে মুক্ত রেখে আদর্শ মানুষ তৈরি করে।
তিনি বলেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং ইন্স্যুরেন্স কোম্পানি মেটলাইফ মানুষ গড়ার এই যে মহান মিশন চালিয়ে যাচ্ছে এ জন্য তাদের অবশ্যই অভিনন্দন। সমাপনী অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বই মেলার ইনচার্জ অমিত চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা। তিনি বলেন, ছোটবেলা হতেই বাচ্চাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে বড় হয়েই তারা বই পড়ে।
অপর দিকে যারা ছোটবেলা হতে বই বিমুখ হয় তারা বড় হয়েও বই পড়তে চায় না। বইয়ের জ্ঞান ও শিক্ষার সাথে কখনও কোন ডিভাইসে দেখা ঘটনার তুলনা হয় না। যারা বই পড়ে তাদের মেধা, মননশীলতা আর প্রজ্ঞাই অনন্য হয়। তিনিও বিশ্ব সাহিত্য কেন্দ্র ও মেটলাইফকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেটলাইফ শাহানুর এজেন্সি (মানিকগঞ্জ) ব্রাঞ্চ ম্যানেজার মো. শাহানুর ইসলাম।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একজন ভক্ত। তাছাড়া অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের আলোকিত মানুষ গড়ার এই মহান মিশনের মেটলাইফ সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। আমি মেটলাইফের একজন সদস্য হিসেবে সত্যিই আজ গর্বিত।
বিশ্ব সেরা বীমা কোম্পানি মেটলাইফ শুধুই অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়। সিআরপির অসহায় মানুষের জন্য কিছুদিন আগে এই মানিকগঞ্জেই মেটলাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। মেটলাইফ দেশের যে কোন প্রয়োজনে তার সহযোগিতার হাত সব সময় প্রসারিত করে আসছে।
বাংলাদেশ নয় পুরো বিশ্বেই মেটলাইফ এক আস্থা ও ভালোবাসার নাম। বন্যা, মহামারি, শিক্ষা, চিকিৎসা, সৃজনশীল কর্মকাণ্ড, খেলাধুলা সহ নানাবিধ মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে মেটলাইফ ফাউন্ডেশন সেরা।
এ সময় মেটলাইফ শাহানুর এজেন্সি ইউনিট ম্যানেজার মো. রমজান আলী ও মো. আসাদ হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন