Author: MD Nazrul Islam

  • শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর

    শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর

    জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ নভেম্বর (সোমবার) তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল রায়ের এ দিন ঠিক করবেন।

    ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

    এ মামলার আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক আছেন।

    আজ রায়ের তারিখ ঘোষণার সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী বনে যাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

    এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের পক্ষে পাঁচদিন ও আসামিপক্ষে তিনদিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত ২৩ অক্টোবর। ওইদিনই এ মামলায় সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। পরে রায়ের তারিখ ঘোষণার জন্য ১৩ নভেম্বর দিন ঠিক করে আদেশ দেন ট্রাইব্যুনাল।

    মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়ে সাবেক আইজিপি মামুনের শাস্তির বিষয়টি ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়েছেন প্রসিকিউশন।

  • জাতীয় নির্বাচনের দিনই গণভোট

    জাতীয় নির্বাচনের দিনই গণভোট

    আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

    ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে‌র ভোটগ্রহণের দিন একই সাথে গণভোট গ্রহণ করা হবে। গণভোটের ব্যালটে চারটি প্রশ্ন থাকবে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা।

    প্রধান উপদেষ্টা বলেন, এখানে প্রশ্নটি যেভাবে থাকবে তা হলো ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?’

    ক) নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।

    খ) আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

    গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।

    ঘ) জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

    প্রধান উপদেষ্টা জানান, গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে আপনি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে আপনার মতামত জানাবেন।

    তিনি জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হবার পর ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।

    জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সাটুরিয়ায় আ. লীগ ও অঙ্গসংগঠনে ৫ নেতা গ্রেপ্তার

    সাটুরিয়ায় আ. লীগ ও অঙ্গসংগঠনে ৫ নেতা গ্রেপ্তার

    মানিকগঞ্জের সাটুরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও দলটির অঙ্গসংগঠনে পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বিভিন্ন জায়গা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তাররা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান তালুকদার দাউদ (৪২), ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আলিয়ার, উপজেলা আওয়ামী লীগের সদস্য চান্দিরচর গ্রামের ইসরাফিল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমূল্য বিশ্বাস। তিল্লী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম।

    থানা সূত্র জানায়, গ্রামীণ ব্যাংকের উপজেলার দরগ্রাম ব্রাঞ্চে আগুন দেওয়ার ঘটনায় গত সোমবার ব্রাঞ্চ ম্যানেজার মনিরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনের নামে একটি মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

    সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আর এ এম আল মামুন বলেন,‘অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  • গাছ ফেলে ডাকাতির চেষ্টা, ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

    গাছ ফেলে ডাকাতির চেষ্টা, ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

    চাঁপাইনবাবগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার খবর পেয়ে ডাকাত ধরতে ঘটনাস্থলে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন সদর উপজেলার আমনুরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই নুর ইসলাম (৪৭)।

    মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    এস.আই নুরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    আহত পুলিশ কর্মকর্তা এসআই নুর ইসলাম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ।

    পুলিশ সূত্রে জানা গেছে, সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে, স্থানীয়দের থেকে এমন একটি কল পায় জরুরি সেবা ৯৯৯। খবর পেয়ে আমনুরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই নুরুল ইসলাম ও এস.আই সম্ভু মোটর সাইকেলযোগে ঘটনাস্থলের দিকে রওনা দেন।

    পথে পুলিশের চেকপোস্টে দায়িত্বে থাকা সদস্যদের ঘটনাটি অবহিত করে তিনি একাই ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ঘটনাস্থলে পৌঁছানোর পরেই কিছু বুঝে ওঠার আগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে হাতে ও পায়ে কোপ দেয় ডাকাতদল।

    অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘এসআই নুর ইসলামকে ডাকাত দলের সদস্যরা এলোপাতাড়ি কোপ দেয়। পরে অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। আহত এসআই নুর ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তিনি আরও জানান, এ ঘটনায় ১০ থেকে ১২জন ডাকাতদলের সদস্য অংশ নিয়েছিল। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

  • ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

    ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

    রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

    তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তায় বিজিবির সদস্যরা কাজ করবেন। এদিকে গত কয়েকদিনে রাজধানীতে প্রায় ১০টি বাসে অগ্নিসংযোগ ও একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গ্রেফতারও হয়েছে।

    জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ১৩ নভেম্বর। দিনটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে উত্তেজনা বিরাজ করছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও অপপ্রচার—যার মধ্যে রয়েছে গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, লকডাউন ঘোষণার গুজব, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো প্রচারণা।

    কথিত দুর্বৃত্তরা টানা কয়েকদিন ধরে বেশ কিছু স্থানে বিচ্ছিন্নভাবে চোরাগোপ্তা হামলা চালিয়েছে।

  • জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে

    জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে

    আগামী দুই-তিন দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ সংশোধন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিক-দের এ কথা বলেন আইন উপদেষ্টা।

    আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন, এ ধরনের প্রত্যাশা আমরা করেছিলাম। কিন্তু প্রত্যাশা করেই আমরা বসে থাকিনি। নিজেদের মতো কাজ করেছি। সনদ বাস্তবায়নের ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করেছি, তা আগামী দুই-তিন দিনের মধ্যে পরিষ্কারভাবে জানতে পারবেন।”

    তিনি আরও বলেন, “উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। সব দলের প্রত্যাশার প্রতি সমন্বয় ঘটিয়ে দেশের এবং জনগণের স্বার্থে যা করা দরকার, সেটাই আমরা করতে যাচ্ছি।”

    আজকের সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ খসড়া উপস্থাপন করা হয়। এতে সংস্থার কার্যপরিধি সম্প্রসারণ, আইনগত সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করা, অধিদফতর রূপান্তর, আইনগত সহায়তা উপদেষ্টা পরিষদ গঠন, মহানগর কমিটি গঠন, বেসরকারি সংস্থার কর্মক্ষেত্র নির্ধারণ এবং মধ্যস্থতাকারীদের জন্য অ্যাক্রে-ডিটেশন সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

    সভায় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সাবেক জেলা জজ মোতাহার হোসেন, ব্লাস্ট-এর নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্পেশাল কনসালটেন্ট ব্যারিস্টার তানিম হোসেইন শাওনসহ অন্যান্যরা।

  • মানিকগঞ্জে অগ্নিকাণ্ডের চেষ্টা ও নাশকতার মামলায় গ্রেপ্তার ৫

    মানিকগঞ্জে অগ্নিকাণ্ডের চেষ্টা ও নাশকতার মামলায় গ্রেপ্তার ৫

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার (১০/১১/২৫) রাত ১১টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

    আটকৃতরা হলেন উপজেলামুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক চেয়ারম্যান আ খ ম নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল খালেক জামান মাষ্টার, উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, ফুকুরহাটি ইউনিয়ন ৬ নম্বর ওযার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, উপজেলা ছাত্র লীগের শ্রম বিষয়ক সম্পাদক মফিজুল রহমান।

    থানা সূত্রে জানা যায়, আনিসুর রহমান ও মফিজুল রহমানকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়। হাবিবুর রহমান হাবিব এবং বাকি দু’জনকে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট ২৪ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলে চলাকালে দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও আগুনের মামলায় অন্যান্য মামলায় আদালতে পাঠানো হয়েছে।

    সাটুরিয়া থানা অফিসার ইন চার্জ এ আর এম আল মামুন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতার কর্মসূচি পালন, সাধারণ জনমনে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

  • ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগিজ রাজ পরিবারের প্রধান ডিউক

    ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগিজ রাজ পরিবারের প্রধান ডিউক

    সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিণত হয়েছিল গৌরবের মঞ্চে। ঝলমলে পরিবেশে পর্তুগাল রাজপরিবারের প্রধান মহামান্য ব্রাগঁজা ডিউক রাজকীয় বহর নিয়ে এ ক্যাম্পাসে পৌঁছে যান।

    মঙ্গলবার পর্তুগালের রাজ পরিবারের প্রধানের সফরের মূল আকর্ষণ ছিল লন্ডন টি এক্সচেঞ্জের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর।

    এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা নিয়ে অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে ।

    অনুষ্ঠানে ফেয়ার পে চার্টার-এর বাংলাদেশ দূত হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. সবুর খানকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

    ডিউককে প্রদান করা হয় গার্ড অব অনার। পরে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

    এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সবুর খান। এ

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাচেস ইসাবেল ইনেস দে হেরেদিয়া, প্রিন্স আফনসো দে সান্তা মারিয়া, লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান স্যার শেখ আলিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির, উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাসুম ইকবাল, ট্রেজারার ড. হামিদুল হক খান প্রমুখ।

  • মানিকগঞ্জে ব্যাগ চুরির অপরাধে ৫ ভুয়া সাংবাদিক আটক

    মানিকগঞ্জে ব্যাগ চুরির অপরাধে ৫ ভুয়া সাংবাদিক আটক

    মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিনের অফিসকক্ষ থেকে ব্যাগ চুরির অভিযোগে ৫ ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার (১১ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

    গ্রেপ্তাররা হলেন দৈনিক ঢাকা পত্রিকার স্টাফ কোরেসপন্ডেন্ট পরিচয়দাতা খন্দকার জিন্নাতুন নেছা মৌসুমী, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার পরিচয়দাতা হারুন অর রশিদ, দৈনিক বিজনেস ফাইলের প্রতিনিধি পরিচয়দাতা বজলুর রহমান, গ্লোবাল ন্যাশনের প্রতিনিধি পরিচয়দাতা শামীম হোসেন এবং সাইফুল ইসলাম।

    পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে এই পাঁচজনসহ মোট নয়জন তত্ত্বাবধায়কের কক্ষে প্রবেশ করেন। আলাপচারিতার এক পর্যায়ে তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেন এবং ভিজিটিং কার্ডও প্রদান করেন। কিছুক্ষণ পর বের হয়ে যাওয়ার সময় তাদের একজন তত্ত্বাবধায়কের ব্যবহৃত ব্যাগটি নিয়ে যায়। ব্যাগে প্রায় ৪০ হাজার টাকা, অফিস ও বাসার চাবি, এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

    পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা শার্ট পরা শামীম হোসেন ব্যাগটি কাঁধে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। পর যোগাযোগ করলে তারা বলেন, ব্যাগটি মুক্তিযোদ্ধা সংসদে রাখা আছে, চাইলে লোক পাঠিয়ে নিতে পারেন।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ব্যাগ চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • মানিকগঞ্জে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাসে অগ্নিসংযোগ

    মানিকগঞ্জে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাসে অগ্নিসংযোগ

    মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার উথলী মোড়ে সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিং করে রাখা অবস্থায় বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

    স্থানীয় সূত্রে জানা যায়, জেলা সদরে গিলন্ড এলাকায় মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের পরিবহনের জন্য বেশ কয়েকটি বাস আছে। প্রতিদিন সকালে বাসগুলো দিয়ে শিবালয়ের উথলী ও আশপাশ থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা-নেওয়া করা হয়।

    গতকাল বিকেলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায় নামিয়ে দিয়ে বাসটি উথলী এলাকায় সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিং করে রাখা হয়। রাত আটটার দিকে একটি বাসে কয়েকজন দুর্বৃত্ত আগুন দেয়। বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

    এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে আগুনে বাসের অধিকাংশ পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) জহিরুল ইসলাম বলেন, বাসটি তাদের প্রতিষ্ঠানের নিজস্ব নয়। ভাড়া নেওয়া বাসটিতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা-নেওয়া করা হতো।

    মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা অভিযোগ করে বলেন, ‘বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই নাশকতা করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে।’ তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।