Author: MD Nazrul Islam

  • সারাদেশে হামে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু !

    সারাদেশে হামে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু !

    সারাদেশে হামে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে করে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে।

    শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সারাদেশে হামে আক্রান্ত হয়েছে মোট ১৮ হাজার ৮৭৪ শিশু। এর মধ্যে নিশ্চিত আক্রান্ত ২ হাজার ৪৮৯ জন এবং সন্দেহজনক আক্রান্ত ১৪ হাজার ৩৮৫ জন।

    তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছে ২৪ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে সন্দেহজনকভাবে মৃত্যু হয়েছে আরও ১৪৫ শিশুর।

    আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এখানে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪৭৮ শিশু। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৪৯।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রার্থীর সংখ্যা ছয় শতাধিক

    সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রার্থীর সংখ্যা ছয় শতাধিক

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীর সংখ্যা ছয় শতাধিক ছাড়িয়েছে।  গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    তিনি বলেন, মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রথম দিনেই পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে এবং শুক্রবার দুপুর পর্যন্ত তা ছয় শতাধিক ছাড়িয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭৮ থেকে ৭৯টি মনোনয়নপত্র জমা পড়েছে বলেও জানান তিনি।

    রিজভী বলেন, আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিল পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।

    তিনি আরও জানান, প্রার্থীদের আবেদন দলের উচ্চপর্যায়ের মনোনয়ন বোর্ডে যাচাই-বাছাই করা হবে। আন্দোলন-সংগ্রামে যাদের অবদান রয়েছে, সংসদে কথা বলার দক্ষতা এবং সমাজে গ্রহণযোগ্যতা আছে—এমন প্রার্থীদেরই অগ্রাধিকার দেওয়া হবে।

    উল্লেখ্য, নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

  • আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন !

    আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন !

    আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে।

    শনিবার (১১ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক চিঠিতে জানায়, এই কর্মসূচির অংশ হিসেবে দেশের ১০টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু হবে।

    উপজেলাগুলো হলো:

    টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজাবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজার জুড়ী।

    খবর বাসসের।

  • সাটুরিয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন

    সাটুরিয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন

    মানিকগঞ্জের সাটুরিয়া থানায় নবাগত (নতুন) অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ মোশারফ হোসেন। তিনি আজ ১০ এপ্রিল শুক্রবার কর্মস্থলে যোগদান করেন।

    জনাব মোঃ মোশারফ হোসেন ইতোপূর্বে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) এর (ওসি) হিসেবে দীর্ঘ দিন কর্মরত ছিলেন। অত্যন্ত দক্ষদার, দায়িত্বশীল ও চৌকস এই পুলিশ কর্মকর্তা দীর্ঘ সময় থেকেই  সুনাম ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব ও কর্তব‍্য পালন করে আসছেন।

    সাটুরিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের ফলে তিনি সদ‍্য বিদায়ই অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নজরুল ইসলামের স্থলা ভিষিক্ত হলেন। তার শুভ আগমনকে অভিন্দন জানিয়েছেন প্রেসক্লাব-সাটুরিয়াসহ সমগ্র উপজেলাবাসী ।

  • সরকারের দায়িত্বের ৪২ দিন ‘গুম’ কিংবা ‘ক্রসফায়ার’ শূণ্য-আইনমন্ত্রী

    সরকারের দায়িত্বের ৪২ দিন ‘গুম’ কিংবা ‘ক্রসফায়ার’ শূণ্য-আইনমন্ত্রী

    বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার ৪২ দিনে দেশে কেউ গুম কিংবা ক্রসফায়ারের শিকার হয়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

    তিনি বলেন, সরকারের বয়স ৪২ দিন, চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারতো। কিন্তু গত ৪২ দিনে দেশে একটি মানুষও ক্রসফায়ারের শিকার হয়নি, একটি মানুষও গুমের শিকার হয়নি। চাইল্ডহুড সোজ দ্য ম্যান, মর্নিং সোজ দ্য ডে। আমরা মানবাধিকারের পথ ধরে হেঁটে যাচ্ছি।

    বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে মানবাধিকার বিল ২০২৬ উত্থাপনের সময় মন্ত্রী এসব কথা বলেন। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

  • যুদ্ধবিরতির মধ্যেই হরমুজে টোল বসাল ইরান

    যুদ্ধবিরতির মধ্যেই হরমুজে টোল বসাল ইরান

    টানা ৩৮ দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নতুন শর্ত আরোপ করেছে ইরান।

    তেহরান ঘোষণা দিয়েছে, এই সময়ের মধ্যে প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোকে নির্ধারিত টোল পরিশোধ করতে হবে, যা শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা ইউয়ানে গ্রহণ করা হবে।

    বৃহস্পতিবার (৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) জাহাজগুলো কে আগাম টোল পরিশোধের নির্দেশ দিয়েছে এবং প্রণালিতে প্রবেশের আগে অনুমোদন নিতে হবে। এ জন্য ইমেইলের মাধ্যমে জাহাজের বিস্তারিত তথ্য জমা দিতে হবে।

    মার্কিন আরেক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে ইরানের এক বাণিজ্য প্রতিনিধি জানিয়েছেন, প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে বড় তেলবাহী সুপার ট্যাংকারগুলোর জন্য এই টোল কয়েক মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে যেসব জাহাজে পণ্য থাকবে না, তাদের জন্য কোনো ফি প্রযোজ্য হবে না।

    ইরান আরও জানিয়েছে, জাহাজগুলোকে নির্দিষ্ট রুট—কাশেম ও লারেক দ্বীপপুঞ্জের মধ্যবর্তী এলাকা দিয়ে চলাচল করতে হবে। পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজ সহজে চলাচলের সুযোগ পেলেও ‘শত্রুভাবাপন্ন’ দেশের জাহাজের ক্ষেত্রে বিলম্ব বা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

     

  • মানিকগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ৩

    মানিকগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ৩

    মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে উপজেলার টেপড়া চেয়ারম্যান বাড়ি এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত মিলন মিয়া (২২) শিবালয় উপজেলার ফলসাটিয়া গ্রামের রাহাত আলীর ছেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এপাচি (মানিকগঞ্জ ল-১১-৮৭৩৪) ও হিরো স্প্লেন্ডার (ঢাকা মেট্রো হ-৪১-৯৭৫৪) মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন উজ্জল হোসেন (৩০), আকিদুল (২২) ও মোহাম্মদ আলী (২৫)গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

    পরে উন্নত চিকিৎসার জন্য তাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুটি মোটরসাইকেলই দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে বরংগাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

    বরঙ্গাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুন আর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি তাদের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • বেলা ২.২০ মিনিটে সাটুরিয়া কৃষি কর্মকর্তার চেয়ার শূন্য !

    বেলা ২.২০ মিনিটে সাটুরিয়া কৃষি কর্মকর্তার চেয়ার শূন্য !

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা কৃষি অফিসে সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছেন একাধিক সেবাপ্রার্থী। আজ রোজ বৃহস্পতিবার বেলা ২ঃ২০ মিনিটে বিষয়টি প্রত্যক্ষ ভাবে অবলোকন করেন ‘প্রেসক্লাব সাটুরিয়ার সাংবাদিবৃন্দ।

    জানা যায় কথিত অভিযোগের ভিত্তিতে আজ প্রেস-ক্লাব সাটুরিয়ার একটি সদস্যদল কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম এর কার্যালয়ে গেলে তার বসার চেয়ার শূন‍্য দেখতে পান।

    এ বিষয়ে অফিস স্টাফদের জিজ্ঞেসা করলে তারা বলেন যে, তিনি লান্সে গেছেন। তার একটু পরেই কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারেক মাহমুদ জানান, তিনি লান্সে গিয়েছেন। আজ ডিডি আসার কথা রয়েছে। ডিডি আসার আগেই তিনি চলে আসবেন। পরক্ষণেই তিনি জিজ্ঞাসা করেন, আপনারা কারা! পরিচয় নিশ্চিত করা সত্যেও তিনি সাংবাদিকদের না চেনার বান করে বলেন, আগে তো কখনো আপনাদের দেখি নাই!

                                                    কৃষি কর্মকর্তার চেয়ার শূন্য

    তাৎক্ষনিক পরিচয় গোপন করে জনৈক সাংবাদিক ওই কর্মকর্তাকে তার মুঠো ফোনে দিলে তিনি বলেন, আমি অফিস শেষ করে বাসায় এসেছি। এখন বিশেষ কাজে গ্রামের বাড়ী ধামরাই যাচ্ছি। তাঁর এ বক্তব্যে অপেক্ষমাণ সেবাপ্রার্থী ও আগত অনেকের মধ্যে হতাশা ব্যক্ত করেন।

    উল্লেখ্য, সরকারি দপ্তরে প্রয়োজনীয় সেবা নিতে এসে কর্মকর্তার অনুপস্থিতি অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে অফিস সময় থাকা সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে না পাওয়া সরকারী নিয়মের ‘বরখেলাপ’।

    বিশ্বস্তসূত্রে আরো জানা গেছে যে, সাটুরিয়া প্রশাসনের সিংহ ভাগ কর্মকর্তাই সরকারী নিয়ম মাফিক অফিস করছে না। এ ব্যপারে, সুশীল সমাজের অনেক ব‍্যক্তিবর্গ জানান, এটা এখানে নিত্তনৈমিক্তিক ব‍্যাপার। এগুলো দেখার মত কেউ নেই।

     

  • সাটুরিয়ায় আন্তঃ ইউনিয়ন ‘সপ্রাবি গোল্ডকাপ চ্যাম্পিয়ন’ যথাক্রমে দেলুয়া ও বেংরোয়া !

    সাটুরিয়ায় আন্তঃ ইউনিয়ন ‘সপ্রাবি গোল্ডকাপ চ্যাম্পিয়ন’ যথাক্রমে দেলুয়া ও বেংরোয়া !

    শিক্ষা বিকাশে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মন প্রসন্ন হয়। আর প্রসন্ন মন, অধিক লেখাপড়া ও দেশ সেবায় আত্ম-নিয়োগে প্রত্যয়ী হয়। আর এই প্রত্যয়কে দেশ ব্যাপী ছড়িয়ে দিতে সারাদেশের ‘সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে ‘গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ শিশু-কিশোর আয়োজন।

    এর ধারাবাহিকতায় আজ ৯ই এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলাধীন সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়নের আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ে ‘গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    জানাগেছে, অত্র গোল্ডকাপ টুর্নামেন্ট মোট ১৩টি বিদ্যালয় ‘বালক’ ও ‘বালিকা’ পর্বে দুইটি পৃথক শাখায় খেলায় অংশ গ্রহণ করে। বাছাই পর্ব শেষে, আজকের ফাইনাল খেলায় প্রথম পর্বে- ‘বালিকা’ শাখায় দেলুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়-পুলশুড়া  সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে।

    মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় পর্বে ‘বালক শাখায়- বেংরোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়-দিঘলীয়া সরকারী প্রাথমিক বিদ্যায়লকে ২-০ গোলে পরজিত করে আন্তঃ ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।

                                                     খেলায় আগত অতিথিবৃন্দ

    খেলাশেষে, বালিকা শাখায় চ্যাম্পিয়ন হওয়া দেলুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিয়া আক্তার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, খেলা অত্যন্ত সুন্দর হয়েছে। বালিকা শাখায় আমার বিদ্যালয় আন্তঃ ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ায় আমরা অত্যন্ত খুশী হয়েছি। আশা রাখছি, সামনে আন্তঃ উপজেলায়ও আমরা ভাল করব।

    অপর দিকে, বালক শাখায় চ্যাম্পিয়ন হওয়া বেংরোয়া সরকারী প্রাথমিক বিদ্যায়লয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুয়েল শিকদার বলেন, আমরা দৃঢ় ভাবে বিশ্বাসী ছিলাম, খেলায় আমরা বিজয়ী হবো। আমাদের ছেলেরা সেই আশা পুরণ করেছে। সামনের খেলাগুলো- তে যাতে আমরা আরো ভালো করতে পারি সেই চেষ্টায় ‘কঠিন অনুশীলনী’ অব্যাহত রাখবো- ইন্শাল্লাহ।

    উল্লেখ্য, চাচিতারা খেলার মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে রেফারীর দায়িত্ব পালন করেন জালশুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আবুল কাশেম বিদ্যুৎ।

    খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিঘলীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক অধ্যক্ষ জনাব মশিউর রহমান হেলালী, প্রদর্শক শরিফুল ইসলাম (রাজা মিয়া) দিঘলীয়া সপ্রাবির প্রধান শিক্ষক রুহুল আমীন বাবুল ও বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং আন্তঃ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।

  • চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব নির্মূলে টিকা কার্যক্রমের উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব নির্মূলে টিকা কার্যক্রমের উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব নির্মূলে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার (০৫ এপ্রিল) সকাল ৯টায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গী।এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. মো: একে এম শাহাব উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক শুকলাল বৈদ্য, ২৫০ শষ্যা বিশিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা: মো: মশিউর রহমান, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: আব্দুস সামাদসহ অন্যরা।

    জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় হাম প্রতিরোধে লক্ষ্য মাত্রাভুক্ত শিশুর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৮১৪ জন। এ বিপুল সংখ্যক শিশুকে টিকার আওতায় আনতে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ কে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

    লক্ষ্যমাত্রা অনুযায়ী, সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার মোট ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রত্যন্ত এলাকাতেও টিকা পৌঁছে দিতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ভ্যাকসিন সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    এর আগে হাম (গবধংষবং) রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে এন্টিবায়োটিক ইনজেকশন ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং টিকা ক্রয়ের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকার একটি চেক জেলা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

    উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের ২০ জেলার ৩০ স্থানকে হামের ‘হটস্পট’ ঘোষণা করা হয়েছে সরকারীভাবে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, শিবগঞ্জ উপজেলা ও ভোলাহাট উপজেলা কে হামের ‘হটস্পট’ ঘোষণা করা হয়েছে।

    আসন্ন পবিত্র ঈদুল আজহার আগেই, অর্থাৎ ২১ মে ২০২৬-এর মধ্যে এই কর্মসূচি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিশুদের প্রাণঘাতি রোগ ‘হাম’ রোগের বর্তমান অবস্থা ও করনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা হয় চাঁপাইনবাবগঞ্জে।

    গত বৃহস্পতিবার (০২ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ।

    হামের প্রাদুর্ভাব নির্মূলে ব্যাপক টিকাদান কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ হাবিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি মোঃ হারুনুর রশীদ এবং পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাবুদ্দীন।

    সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভায় দ্রুত সময়ের মধ্যে শতভাগ শিশুকে টিকার আওতায় এনে চাঁপাইনবাবগঞ্জকে হামমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।