Author: MD Nazrul Islam

  • তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান

    তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান

    তরুণদের যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়ে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।’

    রোববার (০৩ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান।

    দেশে প্রচলিত রাজনীতির পরিবর্তন দরকার জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কথা বলার রাজনীতি নয়, মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি।

    ক্যাম্পাসে নিজেদের অধিকার নিয়ে শিক্ষার্থীদের স্বোচ্চার থাকা উচিত মন্তব্য করে তারেক রহমান বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরাচার।দেশের সকল ষড়যন্ত্র মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে জানিয়ে তিনি আরও বলেন, নবীন এবং প্রবীণের সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি।

    এর আগে সমাবেশের সূচনা বক্তব্যে ছাত্রদলকে রুখে দেয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই বলে মন্তব্য করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম।

    তিনি বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতা কর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে।

  • ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করলো এনসিপি !

    ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করলো এনসিপি !

    ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।রবিবার (৩ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এই ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইশতেহারে ২৪টি দফা তুলে ধরেছে দলটি।

    এনসিপির ঘোষণাগুলোর মধ্যে অন্যতম হলো-নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক তৈরি করা, পরিবতন্ত্র ও ফ্যাসিবাদী শাসনতন্ত্র বিলোপ করে নতুন বাংলাদেশ তৈরি করা, রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি নিশ্চিতকরণ ও জুলাই অভ্যুত্থানে পরাজিত শক্তির বিচার নিশ্চিত করা।

    ইশতেহারে গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, আইনের সংস্কার ও ন্যয়ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার করার প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দেশের প্রশাসনের ক্ষেত্রে সেবামুখী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুর্নীতি দমন ও সেবামুখী প্রশাসন নিশ্চিত করার ঘোষণা দিয়েছে নাহিদ ইসলাম।

    এছাড়া জাতীয় নাগরিক পার্টির ইশতেহারে অন্যান্য বিষয়গুলো হলো গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার; স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ; সার্বজনীন স্বাস্থ্য, জাতি গঠনে শিক্ষানীতি, গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব, ধর্ম, সম্প্রদায় ও জাতিগত মর্যাদা; নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন; ইনসাফভিত্তিক অর্থনীতি; তারুণ্য ও কর্মসংস্থান; বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি; টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব; শ্রমিক-কৃষকের অধিকার; জাতীয় সম্পদ ব্যবস্থাপনা; নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা; জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা; প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার; বাংলাদেশপন্থি পররাষ্ট্রমন্ত্রী; জাতীয় প্রতিরক্ষা কৌশল প্রভৃতি বিষয় নিশ্চিত করার ঘোষণা দিয়েছে দলটি।

    এর আগে সমাবেশ উপলক্ষে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে দলীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। ‘জুলাই আন্দোলনের’ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দলটি বিচার প্রতিষ্ঠা, কাঠামোগত সংস্কার এবং একটি নবতর রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরেছে।

    হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও বিশ্লেষকের পাশাপাশি শিক্ষার্থী এবং প্রথমবারের মতো ভোটার হতে যাওয়া বিপুলসংখ্যক তরুণ সমাবেশে অংশ নেন। এতে দেশের রাজনৈতিক পরিসরে তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান সম্পৃক্ততা প্রতিফলিত হয়।

    দলীয় নেতারা বলেন, বিচার, মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে একটি ঐক্যবদ্ধ জাতীয় উদ্যোগ প্রয়োজন। তারা ‘নতুন বাংলাদেশের ইশতেহার’-কে জনগণকেন্দ্রিক একটি রোডম্যাপ হিসেবে উল্লেখ করেন, যা অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক শাসনের প্রতিশ্রুতি দেয়। অনুষ্ঠানের প্রতীকী মঞ্চে লেখা ছিল-‘বিচার। সংস্কার। ভবিষ্যৎ।’

    সমাবেশে গত বছরের দুর্নীতি, বৈষম্য ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে ছাত্র ও তরুণ-দের নেতৃত্বে গড়ে ওঠা ‘জুলাই আন্দোলনে’ নিহতদের জন্য ন্যায়বিচারের দাবি ছিল কেন্দ্রীয় বিষয়বস্তু।

    ‘নতুন বাংলাদেশ ঘোষণা’ শিরোনামে ৪৮ পৃষ্ঠার একটি নীতিপত্র ডিজিটাল ও মুদ্রিত-উভয় মাধ্যমেই প্রকাশ করা হয়েছে। এতে ছয়টি মূল স্তম্ভের ভিত্তিতে এনসিপির নীতিগত অঙ্গীকার ও দিক-নির্দেশনা তুলে ধরা হয়েছে।

  • বন্ধু দিবসে টফিতে মুক্তি পেল মেঘের কপাট

    বন্ধু দিবসে টফিতে মুক্তি পেল মেঘের কপাট

    আগস্টের প্রথম রবিবার ৩ আগস্ট বন্ধু দিবসে বাংলালিংকের ওটিটি প্লাটফর্ম টফিতে মুক্তি পেল ‘মেঘের কপাট’। এর আগে সিনেমা হলে মুক্তি পেলেও ওটিটি প্লাটফর্মে প্রথম মুক্তি পেল চলচ্চিত্রটি।

    ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসান সহ আরো অনেকে।

    সম্পূর্ণ শ্রীমঙ্গলে দৃশ্যায়িত এই চলচ্চিত্রটির গল্প লিখেছেন আফরোজা মোমেন। আর সিনেমার ৫টি গানের সবগুলোই লিখেছেন পরিচালক ওয়ালিদ আহমেদ। মেলোডিয়াস ঘরানার এই গানগুলোতে কন্ঠ দিয়েছেন জাভেদ আলী, অর্ঘ্য, রূপঙ্কর, আফরোজা মোমেন, দিলরুবা কামাল ও অনিন্দ্য চ্যাটার্জী।

    সঙ্গীত পরিচালনা করেছেন নাসিফ অনী, রূপঙ্কর, ওয়ালিদ আহমেদ ও অভিষেক সাহা। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।

    ইতিমধ্যে মেঘের কপাট চলচ্চিত্রটি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নিউইয়র্কে অনুষ্ঠিত ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ ‘সেরা চলচ্চিত্র’, ভারতের গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩’ এ শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র’, শ্রেষ্ঠ পরিচালক (বিদেশি চলচ্চিত্র)’ ও ‘রাজকাপুর পুরস্কার প্রভৃতি।

    প্রসঙ্গত, ২০২৩ সালের ৩ নভেম্বর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় মেঘের কপাট চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি একটানা ৪ সপ্তাহ ঢাকার ব্লকবাস্টার সিনেমা হলে প্রদর্শিত হয়। এছাড়া ঢাকার বাইরের সিনেমা হলেও এটি প্রদর্শিত হয়। পরবর্তীতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) এর আওতায় প্রদর্শনের জন্য ‘মেঘের কপাট কে ভারতে প্রেরণ করা হয়।

    উল্লেখ্য, টফির অ্যাপ ও ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিনামূল্যে মেঘের কপাট চলচ্চিত্রটি উপভোগ করা যাবে। ‘মেঘের কপাট চলচ্চিত্রটির লিংক:

  • চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদী থেকে শফিকুল ইসলাম ও সেলিম রেজা নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার দুপুর ও বিকালে জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর এলাকা থেকে বিজিবি সদস্যদের উপস্থিতিতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে তারা কীভাবে মারা গেছেন তা নিশ্চিত করে বলতে পারেন নি বিজিবি ও পুলিশ কর্মকর্তারা।

    স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্ত-রক্ষী বাহিনীর নির্যাতনে মারা গেছেন তিনি। দুই বাংলাদেশির মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু ও শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।

    নিহত শফিকুল ইসলাম ও সেলিম রেজার বাড়ি শিবগঞ্জ উপজেলার তারাপুর-হঠাৎপাড়া
    গ্রামে। বিজিবি অধিনায়ক ও ওসি জানান, দুপুরের সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে ভাসমান অবস্থায় শফিকুলের মরদেহ দেখতে পায় বিজিবি সদস্যরা।

    পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে বিকালে একই এলাকা থেকে সেলিমের মরদেহ উদ্ধার করা হয়। তবে তারা কীভাবে মারা গেছে তা নিশ্চিত করে বলতে পারেন নি ওসি ও বিজিবি অধিনায়ক।

    স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম ও সোহেল রানা পদ্মা নদীতে মাছ ধরার পাশাপাশি সীমান্তে চোরাচালানের সঙ্গেও জড়িত ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তিনি ও সেলিম রেজা নামে আরেক বাংলাদেশি নদীপথে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা।

    নিহত শফিকুলের বোনের স্বামী ও স্থানীয় মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য মোহা. সমির উদ্দীন বলেন, নির্যাতনেই মৃত্যু হয়েছে শফিকুল ইসলামের। তার পুরো শরীরের অনেকগুলো ফোসকা রয়েছে। এগুলো অ্যাসিডে দগ্ধ হয়ে পড়া ফোসকার মতো। এছাড়াও তার অনেকগুলো দাঁত ভাঙা ছিলো।

     

  • দিলরুবা কামালের “পরদেশী মেঘ”

    দিলরুবা কামালের “পরদেশী মেঘ”

    ১ আগস্ট মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী দিলরুবা কামালের নজরুলগীতির অ্যালবাম “পরদেশী মেঘ”। তিনটি গানের এই বিশেষ অ্যালবামটি প্রকাশিত হয়েছে সাদামাটা এন্টারটেইন-মেন্টের ইউটিউব চ্যানেলসহ সকল আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো হলো—পরদেশী মেঘ, কেউ ভোলে না এবং রিমিঝিম। গানগুলোর সংগীতা-য়োজন করেছেন সংগীত পরিচালক সজীব দাশ।

    ইতিমধ্যেই গানগুলো প্রকাশ পেয়েছে Spotify, Amazon Music, YouTube Music, Deezer সহ বিশ্বের শীর্ষ মিউজিক প্ল্যাটফর্মগুলোতে এবং শ্রোতাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

    দিলরুবা কামাল এর আগেও লেজার ভিশন থেকে প্রকাশিত “বকুলচাঁপা” ও “জিততে চাইনি” অ্যালবামে কণ্ঠ দিয়ে প্রশংসিত হয়েছেন। তাঁর প্লেব্যাক ক্যারিয়ার শুরু হয় ওয়ালিদ আহমেদ পরিচালিত “মেঘের কপাট” চলচ্চিত্রে, যেখানে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রূপঙ্কর বাগচির সঙ্গে “খোলা ফ্রেমে” শিরোনামের দ্বৈতগানে কণ্ঠ দেন।

    প্রসঙ্গত, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী দিলরুবা কামাল নিয়মিত বিভিন্ন টিভি চ্যানেল ও বেতার অনুষ্ঠানে পরিবেশন করেন। ক্ল্যাসিক্যাল মিউজিকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী ছোটবেলা থেকেই সংগীতচর্চায় নিমগ্ন।

    তিনি গানের হাতেখড়ি নিয়েছেন তাঁর বাবা ওস্তাদ মোঃ কামাল উদ্দিন-এর কাছে। ক্ল্যাসিক্যাল, নজরুল গীতি ও আধুনিক গানে তাঁর দক্ষতার জন্য তিনি শ্রোতা মহলে প্রশংসিত।

  • অচিন পাখী

    অচিন পাখী

    দূর আকাশে উঁড়িয়ে দিলাম
    আমার সুপ্ত ভালবাসা,
    শব্দহীন চোখের জলে
    খোজঁতে তারে ভাষা।।

    উঁড়ছে মায়া অন্তগিরি
    ছুটছে জুড়ে গতি,
    গগণভেদী আকাশ ছেদী
    ধ্রুব-তারা, জ্যোতি।।

    সপ্ত রেখার দূর-নীলিমায়
    দূরন্ত তার ছায়া,
    দিগ-ছড়িয়ে, মাঠ পেরিয়ে
    দৃষ্টি করা কায়া।।

    শূণ্যে উঁড়ে শূণ্যে ঘুরে
    শূণ্যে তাহা বাস,
    নীল পরীদের মন মাতিয়ে
    মিটছে তাহার আশ।।

    হৃদ-আকাশের বাধঁনছেদী
    বিশাল ভুবন পেয়ে-
    নাচছে পাখি, ফিরছে ঘুরে
    সপ্ত-রংঙ্গ গেয়ে।।

    আধার কালো আমার আকাশ
    নিত্য ঝড়ে বারি,
    পুরনো সেই স্মৃতকথা-
    প্রেম বিরহে তারই।।

    ফিরছে গেয়ে জগৎ ধেয়ে
    -দ্রেপদী‘তে প্রান,
    অচিন পাখীর অচিন ভাষা
    -অচিন তাহার গান।।

  • টাঙ্গাইলে চাঁদা দাবির অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

    টাঙ্গাইলে চাঁদা দাবির অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

    টাঙ্গাইলে এক মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির ঘটনায় শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

    বহিষ্কৃত নেতারা হলেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জুবায়ের, ধর্ম বিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া।

    এর আগে, চাঁদা দাবির ঘটনায় পুলিশ বিএনপির এই তিন নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। অভিযোগে বলা হয়, তারা কিলার গ্যাংয়ের নামে চিঠি দিয়ে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষের মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

    ব্যবসায়ীর দাবি, বৃহস্পতিবার রাতে তার এক কর্মচারীর হাতে চিঠিটি তুলে দেন এক অজ্ঞাত ব্যক্তি। পরদিন সকালে সেই চিঠি তার হাতে পৌঁছায়। এতে বলা হয়, চিঠির কথা যদি কাউকে বলিস বা আইনি প্রক্রিয়ায় যাস, তাহলে তোকে এমনভাবে মেরে ফেলা হবে যে, তোর লাশ খুঁজে পাবে না।

    চিঠিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা করছিস। তোর কোনও প্রতিদ্বন্দ্বী নাই। তাই ৫ লাখ টাকা তোর কাছে কিছু না। আগামী ৩ আগস্ট, রবিবার সন্ধ্যা ৭টার মধ্যে কাগমারী এলাকায় মাহমুদুল হাসানের বাসার সামনে ‘ফরহাদের ছবি লাগানো’ একটি গাছের নিচে টাকা রেখে যাবি।

    ঘটনার পর চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের দলে স্থান নেই। যারা দলের ভাবমূর্তি নষ্ট করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • রাজধানীতে তিন সমাবেশ ও পরীক্ষা ঘিরে প্রস্তুত ডিএমপি

    রাজধানীতে তিন সমাবেশ ও পরীক্ষা ঘিরে প্রস্তুত ডিএমপি

    রাজধানীতে একইদিনে বড় সমাবেশ ডেকেছে ছাত্রদল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্র শিবির। এই তিন সমাবেশ ঘিরে নগরীর শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রচুর জনসমাগম ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    পাশাপাশি একইদিনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও বিসিএস পরীক্ষাও রয়েছে। ফলে তিনটি বড় ছাত্র সংগঠনের সমাবেশ ও পরীক্ষা ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্র সমাবেশ করবে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল।

    এদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করবে এনসিপি।

    বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান-২০২৪’ শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার দেওয়া অনুষ্ঠানের আয়োজন করেছে ছাত্রশিবির। এ ছাড়া সাইমুম শিল্পগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ১-৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘৩৬ জুলাই কালচারাল ফেস্ট-জুলাই জাগরণ’ অনুষ্ঠিত হচ্ছে।

    সংশ্লিষ্টরা ধারণা করছেন, বড় এই তিন সংগঠনের সমাবেশ ঘিরে রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ব্যাপক লোক সমাগম ঘটবে। ফলে এসব এলাকায় স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটবে।

    এসব সমাবেশের পাশাপাশি ওইদিন এইচএসসি ও বিসিএস পরীক্ষাও রয়েছে। ফলে সকাল থেকেই রাজধানীজুড়ে ব্যাপক যানজটেরও সৃষ্টি হতে পারে।

    তবে এসব সমাবেশ ও পরীক্ষা ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ডিএমপি। নিয়মিত পুলিশের পাশাপাশি এসব অঞ্চলে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ সদস্য। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করবেন পুলিশ সদস্যরা। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন তারা। পাশাপাশি শাহবাগ, সোহরাওয়ার্দী ও শহীদ মিনার এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রিত থাকবে।

    শনিবার (২ আগস্ট) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নিয়মিত যেসব পুলিশ সদস্য ওইসব এলাকায় দায়িত্ব পালন করেন তারা তো থাকবেনই। সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ডাইভারশনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে: নাহিদ

    জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে: নাহিদ

    জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানের প্রস্তাবনা ও তফশিলে উল্লেখ করে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে।

    জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে, গণপরিষদ গঠিত হবে। এবং অর্ন্তর্বতী সরকারের আমলেই এই সনদ কার্যকর করতে হবে।

    শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, ‘‘জুলাই পদযাত্রায় আমরা গণহত্যার বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবি জানিয়েছিলাম। পাশাপাশি আমরা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের কথা বলেছিলাম। পাশাপাশি আমাদের দাবি ছিল, ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়টিও যেন সুরাহা হয়।

    ’’আগামী ৫ আগস্ট সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম আরো বলেন, ‘‘সরকারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি, জুলাই ঘোষণাপত্রটি সরকার আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সব পক্ষ এবং রাজনৈতিক দলের সমন্বয়ে ঘোষণা করতে যাচ্ছে।

    যদিও ঐক্যমত্য কমিশন এখনো জানায়নি ‘নোট অব ডিসেন্টে’র বিষয়গুলোর সমাধান কী হবে।’’গত বছর ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সরকার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের দাবিতে এক দফা ঘোষণা করা হয়েছিল।

    আগামীকাল রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হবে। এই সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে। সেখানে এনসিপির পক্ষ থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

    উল্লেখ্য আগামীকাল বিকেল ৪টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে আজ শনিবার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়। পোস্টে এনসিপির নেতাকর্মীসহ সারাদেশের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

    সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, ‘‘জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, এই এক বছরে তার পূর্ণতা আমরা লক্ষ্য করিনি। জুলাই সনদের মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষাটা আংশিক পূরণ হবে। দেশের একটা গণতান্ত্রিক সংস্কার হচ্ছে।

    কিন্তু অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান এবং মানুষের জীবনমানের পরিবর্তনের বিষয় গুলো নিয়ে এত অল্প সময়ের মধ্যে কাজ করা সম্ভব হয়নি। কিন্তু এই সম্ভাবনাকে এগিয়ে নিতে এনসিপির জন্ম।’’

  • সাটুরিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা !

    সাটুরিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা !

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২ আগস্ট) সন্ধ্যার দিকে সাটুরিয়া উপজেলার হান্দুলিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক হলেন এশিয়ান টেলিভিশনের আবু বক্কর সিদ্দিক।

    এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সাটুরিয়া উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আহত সাংবাদিকের মাথায়, বুকে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। আজকের পত্রিকার প্রতিনিধি বলেন, সন্ধ্যর দিকে হঠাৎ করে ধামরাইয়ের কথিত পশু চিকিৎসক কাশেম ও তার সন্ত্রাসী বাহিনী সাংবাদিক আবু বক্করকে ঘিরে ধরে রাস্তায় ফেলে মারধর করতে থাকে।

    আহত সাংবাদিকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসী কাশেম ও তার দলবল পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করে।

    খবর পেয়ে সাটুরিয়ায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা তাকে হাসপাতালে দেখতে যান। সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার দাবি করেন।

    আহত সাংবাদিক বলেন, সাটুরিয়ার পাশের ধামরাই উপজেলার কথিত পশু চিকিৎসক কাশেমের ভুল চিকিৎসায় সাটুরিয়ার চামুটিয়া, হান্দুলিয়াসহ আশপাশের কয়েক গ্রামের খামারী ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং সম্প্রতি বেশ কয়েকটি গরু মারা গেলে এ বিষয়ে এশিয়ান টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচারিত হলে ভুয়া চিকিৎসক হিসেবে আলো-চনায় আসেন কাশেম।

    আহত সাংবাদিক আরও বলেন, সংবাদ প্রকাশের কারণে কাশেম ও তার দলবল এ হামলা করে।