Category: সারাদেশ

  • মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষনা

    মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষনা

    মানিকগঞ্জে ওমর ফারুককে আহ্বায়ক ও নাহিদ মনির কে সদস্য সচিব করে ৪২১ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ হোসেন স্বাক্ষরিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যডে ৬ মাস মেয়াদী এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

    অনুমোদিত কমিটিকে স্বাগত জানালেও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দো-লনের একাংশের দাবি,  ত্যাগীদের এই কমিটিতে যোগ্য স্থানে রাখা হয়নি। অনেকটা ধার-আতাতে কমিটি হয়েছে। এই নিয়ে তাদের সোশাল মিডিয়ায় নানান ট্রল করতে দেখা গিয়েছে। আবার কেউ কেউ পদত্যাগ করেছেন এমনও  গুঞ্জন শুনা যাচ্ছে।

    এই ব্যাপারে, নব্য কমিটির আহবায়ক ওমর ফারুক সংবাদ মাধ্যমকে জানান, ‘ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র মোকাবেলায় মানিকগঞ্জ থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

    পদত্যাগ ও সমালোচনা প্রশ্নে তিনি  উল্লেখ্য করেন, যারা পদত্যাগ করতে চাচ্ছেন বা সমালোচনা করছেন তারা অন্য কোন রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্রছায়ায় বেড়ে ওঠা। এরা সংগঠনকে টেনে ধরতেই চক্রান্ত করছেন।

    তিনি আরো বলেন, আমাদের আশা ও বিশ্বাস, সকল বাধাঁ-বিপত্তি মোকাবেলা করে এবং জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের চেতনা ধারণ করে মানিকগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র সমাজ সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ।’

  • সাটুরিয়ায় নাতির আঘাতে দাদির মৃত্যু !

    সাটুরিয়ায় নাতির আঘাতে দাদির মৃত্যু !

    মানিকগঞ্জের সাটুরিয়ায় নাতি ও নাতি বউয়ের ঝগড়া থামাতে গিয়ে নাতির লোহার হ্যান্ডেলের আঘাতে জাহানারা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জসীম উদ্দিন (২৭) নামের ওই যুবককে আটক করেছে পুলিশ।

    জানা যায়, আজ বৃহস্পতিবার (২০ ফ্রেরুয়ারি) বেলা ১১টায় সাটুরিয়া উপজেলার ভাসিয়ালী কৃষ্টপুর গ্রামে মৃত আলমগীরের ছেলে জসীম উদ্দিন ও তার স্ত্রী মুন্নী বেগম (১৯)-এর ঝগড়া হয়।

    ঝগড়ার এক পর্যায়ে ট্রাক্টর মেশিনের লোহার হ্যান্ডেল দিয়ে স্ত্রীকে মারতে গেলে দাদি জাহানারা বেগম ফেরাতে আসেন।এ সময় তার দাদির মাথায় লাগলে তিনি তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন।

    পরে চিৎকার-চেঁচামেচি শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    পুলিশ খবর পেয়ে জসীমউদ্দিনকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।সাটুরিয়া থানা ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, ‘মৃত্যুর সংবাদ পেয়ে‌ সঙ্গে সঙ্গে জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

  • পার্নোর জীবনে নতুন প্রেম!

    পার্নোর জীবনে নতুন প্রেম!

    টলিপাড়ায় পরিচিত মুখ পার্নো মিত্র। টিভি সিরিয়াল দিয়ে পার্নো তার অভিনয় ক্যারিয়ার শুরু করলেও খুব শিগগিরই অভিনেত্রী বড় পর্দায় অভিষেক করে নিজের অভিনয়ের মাধ্যমে মন জয় করে নেন ভক্ত- দের।

    সিঙ্গেল অভিনেত্রীদের মধ্যে পার্নোর নাম সবার আগেই রয়েছে সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে খোলাসা না করলেও সম্প্রতি একটি ছবিকে ঘিরে পার্নোর সম্পর্কে জড়ানো নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে।

    অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। যেখানে পোষ্য সারমেয়কে আদর থেকে শুরু করে রয়েছে খাওয়া-দাওয়ার ছবি।

    আর এসব ছবির মধ্যেই একটি ছবিতে চোখ আটকে গেছে সকলের।এক রেস্তোরাঁতে রহস্যময় পুরুষের বাহুলগ্না পার্নো। সেই পুরুষই সেলফিটা নিয়েছেন। সুদর্শন সেই পুরুষের পরিচয় কী তা এখনও জানা যায়নি।

    তবে ছবি দেখে মনে হচ্ছে পার্নোর সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। তবে কি এবার প্রেমে পড়লেন জনপ্রিয় এই অভিনেত্রী? এর আগেও পার্নো একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন আর তা নিয়ে চর্চা কম হয়নি। রাইমা সেনের মাধ্যমেই পার্ণোর জীবনে একসময় প্রেম এসেছিল।

    ইন্ডাস্ট্রি সূত্রের খবর, পার্ণোর প্রেমিকের নাম ছিল রনি দেব। তিনি এক রাজনৈতিক পরিবারের সন্তান। রাইমা ও রনি দীর্ঘদিনের বন্ধুত্ব বলে জানা যায়। সেই সূত্র ধরেই পার্ণোর সঙ্গে রনির পরিচয় হয়।

    রনি পেশায় হোটেল ব্যবসায়ী। ২০১৮ সালের দুর্গাপুজা থেকে রনি ও পার্ণোর ঘনিষ্ঠতা বাড়ে। শহরের একাধিক জায়গায় সেই সময় দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছিল। তবে হঠাৎই সেই সম্পর্ক ভেঙে যায়।

    এর আগে পার্ণোর সঙ্গে নাম জড়ায় পরিচালক মৈনাক ভৌমিকেরও। কিন্তু তারা বরাবরই নিজেদের ভালো বন্ধু বলেই দাবি করে এসেছেন। এরপর অবশ্য পার্নোর নাম আর কারোর সঙ্গে জড়ায়নি।

  • রাজশাহীতে নারীর ঘর থেকে আটকপুলিশ কর্মকর্তা ক্লোজড

    রাজশাহীতে নারীর ঘর থেকে আটকপুলিশ কর্মকর্তা ক্লোজড

    রাজশাহীতে এক নারীর ঘর থেকে আটক হওয়া পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

    এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে নগরীর সাতবাড়িয়া মহল্লায় এক মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএস আই) সোহেল রানাকে পেয়ে আটকে রাখেন স্থানীয়রা। এ সময় তাকে লাঠিপেটা করা হয়। খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

    এএসআই সোহেল রানা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানায় কর্মরত ছিলেন।

    রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘‘এএসআই সোহেলকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। এখন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত হবে। তারপর সে অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এএসআই সোহেল রানাকে যে নারীর ঘরে পাওয়া গেছে সেই নারী তার বাবার বাড়িতে থাকেন। তার স্বামী একজন মাদক কারবারি। বছর দেড়েক জেল খেটে তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।

    স্থানীয়দের অভিযোগ, ওই নারীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন এএসআই সোহেল রানা। যদিও ওই রাতে এএসআই সোহেল দাবি করেন, তিনি ‘কলমা করে’ ওই নারীকে বিয়ে করেছেন। আর ওই নারী দাবি করেন, তিনি তার আগের স্বামীকে তালাক দিয়েছেন। তবে, ওই নারীর স্বামী বিষয়টি নাকচ করে বলেছেন, তাদের বিচ্ছেদ হয়নি।

    এদিকে, থানায় আসার পরে বিয়ের প্রসঙ্গ এড়িয়ে অন্য কথা বলেন সোহেল রানা। তিনি পুলিশকে জানান, তার তিনটি অটোরিকশা আছে। সেগুলো ওই নারীর তত্ত্বাবধানেই থাকে।

    মাঝে মাঝে গিয়ে তিনি ভাড়ার টাকা আনেন। ওই রাতে ভাড়ার টাকা আনতে গিয়েছিলেন। তখন ওই নারীর স্বামীসহ স্থানীয়রা তাকে আটকে রেখে মারধর করেন।

  • শিবগঞ্জে চিকিৎসা সেবায়  ইউএনও পত্নী !

    শিবগঞ্জে চিকিৎসা সেবায়  ইউএনও পত্নী !

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ একটি বেসরকারি হাসপাতালের চাকুরি ছেড়ে এসে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের পত্নী ডা. আরাফাত জান্নাত আরবি।

    এনিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও ও তাঁর পত্নী। চাঁপাইনবাব গঞ্জের শিবগঞ্জ ডায়াবেটিক সমিতিতে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পত্নী মেডিকেল অফিসার ডা. আরাফাত জান্নাত আরবি।

    তিনি প্রতি সপ্তাহে শনিবার ও রোববার গাইনী ও ডায়াবেটিসসহমেডিসিন সংক্রান্ত রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা দিবেন। মেডিকেল অফিসার ডা. আরাফাত জান্নাত আরবি উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর পত্নী।

    তিনি ঢাকার একটি বেসরকারী হাসপাতালের চিকিৎসক এবং লেকচারার থাকলেও বর্তমানে তিনি চাকুরি ছেলে শিবগঞ্জে অবস্থান করছেন। এদিকে, আকশ্মিক কোন ঘোষণা বা আনুষ্ঠানিকতা ছাড়া এ ধরনের উদ্যোগ কে স্বাগত জানিয়েছে সচেতন মহল।

    শিবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আজহার আলী বলেন, এ ডায়াবেটিক সেন্টারটিতে ডাক্তার স্বল্পতা অনুভব করেই তার কাছ থেকে শুনে নিজ আগ্রহেই এ ধরনের উদ্দ্যোগ নিয়েছেন তার স্ত্রী।

    এখন থেকে শিবগঞ্জ ডায়াবেটিস সমিতির একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। অনেক দূর-দূরান্ত থেকে আসা রোগীরা ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের সেবা ও চিকিৎসা পাবেন। মানবতার জন্য মানুষ এবং আমি মনে করি এটি একটি মহৎ উদ্যোগ।

    এদিকে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় খুশি সাধারণ রোগীরা। তারা জানান, এখানে চিকিৎসাসেবাসহ পরামর্শও মিলেছে। এই পরামর্শগুলো নিলে অনেক টাকা খরচ হতো, বিনামূল্যে সেবা পেয়েছি, এটাই আমাদের জন্য অনেক পাওয়া।

    অন্যদিকে, এমন উদ্যোগে তিনি প্রশংসা কুড়িয়েছেন সুধীমহলের। ডা. আরাফাতে জান্নাত আরবি বলেন, মানবসেবা করতে আসলে তেমন কোন আনুষ্ঠানিকতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মানুষ জন কতটুকু সেবা পেলেন, সেটাই মূল বিষয়। মানবসেবার এ ধারা সবসময় অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেবো না – বিএনপি

    জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেবো না – বিএনপি

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,জাতীয় নির্বাচনের আগে দেশবাসী স্থানীয় সরকারের নির্বাচন মেনে নেবে না। বিএনপিও তা কখনো হতে দেবে না।

    মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোরে টাউন হল মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদেশ্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনাকে বিএনপি শ্রদ্ধা করে। দেশবাসী আপনাকে ভালোবাসে। আপনি আমাদের গর্ব। কিন্তু সেই সম্মানটুকু রক্ষার দায়িত্ব আপনারই।

    তিনি আরও বলেন, আপনি যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে পতিত স্বৈরাচারের দোসরদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে দেশবাসী তা কোনোভাবেই মেনে নেবে না। তিনি আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া।

    বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়া রাষ্ট্র সংস্কারে ভিশন-৩২ ঘোষণা করেছিলেন। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখা ঘোষণা করেছেন। এসবই চলমান বিষয়। আর এসব সংস্কার তখনই কার্যকর হবে যখন দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

    যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমেরসভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু, মফিকুল হাসান তৃপ্তি, টিএস আইয়ুব, জেলা বিএনপি নেতা অ্যাড-ভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ।

  • মানিকগঞ্জে এটিএম আজহারের মুক্তির দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল  ও সমাবেশ অনুষ্ঠিত

    মানিকগঞ্জে এটিএম আজহারের মুক্তির দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    মঙ্গলবার বিকেল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখা দীর্ঘদিন যাবত কারাগারে থাকা কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও দলীয় নিবন্ধন ফেরতের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে। এতে বিপুল সংখ্যক জামায়াত শিবিরের নেতা কর্মীসহ সাধারণ জানতার অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো।

    এসময় জনতা মুক্তি চাই মুক্তি চাই -আজহার ভাইয়ের মুক্তি চাই এবং নিবন্ধন সহ দাড়ি পাল্লা প্রতিক ফেরতের দাবিতে বিভিন্ন শ্লোগানসহ বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

    এর আগে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা ও ঢাকাা উত্তর অঞ্চল টীম সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন।

    সদর উপজেলা সেক্রেটারি এডভোকেট মোঃ সালাহউদ্দিনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট আনোয়ার হোসেন, মোঃ আবু তাহের,, মাওলানা জাকিরুল ইসলাম খান,,মাও উমর ফারুক, এডভোকেট মনোয়ারুল হক প্রমূখ।

    প্রধান অতিথি মাওলানা দেলওয়ার হোসাইন তার বক্তব্যে বলেন দেশী বিদেশি নানারকম ষড়যন্ত্রের শিকার এটিএম আজহারুল৷ ইসলাম কে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, যেটা ফ্যাসীবাদ মুক্ত বাংলাদেশের অগনিত মানুষের চাওয়া।

    আগস্ট বিপ্লবের পরে অনেক৷ বৈষম্য দূর হলেও জামায়াতের বেলায় অদৃশ্য কারণে তা এখনো রয়ে গেছে, তিনি জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়ে দাড়ি পাল্লা প্রতিক বহালে টালবাহানা করলে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান।

  • স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত: আসিফ মাহমুদ

    স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত: আসিফ মাহমুদ

    স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সারা দেশে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের ওপর জেলা পরিষদের দায়িত্বও অর্পিত হয়েছে। এ কারণে একজন ডিসির পক্ষে একাধিক দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়ছে।

    তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আগে স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিদের নিয়ে আসা উচিত। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনের শেষদিনের কার্যক্রমে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    তিনি আরো বলেন, জাতীয় নাকি স্থানীয় পর্যায়ের নির্বাচন কোনটি আগে হবে তা নিয়ে ঐকমত্য কমিশনের সভায়ও আলোচনা হয়েছে। তবে এখনও সরকারের দিক থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। “তবে খুব দ্রুতই একটা সিদ্ধান্ত আসবে,” যোগ করেন স্থানীয় সরকার উপদেষ্টা।

    কোন পর্যায়ে নির্বাচন আগে হওয়া উচিত তা নিয়ে বিএনপি’র সঙ্গে মতবিরোধ রয়েছে জামায়াত এবং বৈষম্যবিরোধীদের। গত ৮ই জানুয়ারি ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে সরকার।

     

  • পরিবর্তন হচ্ছে র‌্যাবের (র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) নাম

    পরিবর্তন হচ্ছে র‌্যাবের (র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) নাম

    স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনসহ পুনর্গঠন হচ্ছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিশোধ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘র‍্যাবের নাম পরিবর্তনসহ বাহিনীটি পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সভায় নাম চূড়ান্ত হতে পারে। কী নাম হতে পারে সে বিষয়টি এখনো আলোচনায় রয়েছে।

    উল্লেখ্য, ২০০৪ সালে পুলিশের বিশেষায়িত বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গড়ে তোলা হয়েছিল শীর্ষ সন্ত্রাসী, দাগী ও দুর্ধর্ষ জঙ্গি দমনের এলিট ফোর্স হিসেবে।

    তবে পরবর্তীতে নারায়ণগঞ্জের সাত খুন, গুমঘরে বছরের পর বছর আটকে রাখা এবং বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে এই সংস্থার জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

     

  • মানিকগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে ফসলি জমিতে মাটি কাটার অভিযোগ !

    মানিকগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে ফসলি জমিতে মাটি কাটার অভিযোগ !

    মানিকগঞ্জ সদর উপজেলাধীন হাটিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নজরুল ইসলামের বিরুদ্ধে ফসলি জমি থেকে মাটি কাটার অভি-যোগ উঠেছে।

    সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের হাটিপাড়া মোড়ের পাশে ফসলি জমির উপর ডাইব্রেশন করে, ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। ইউনিয়ন যুবদলের সভাপতি হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে প্রশাসনের অনুমতি ব্যতীত তিনি এ কাজ  করছেন এমন অভিযোগ।

    নাম প্রকাশে অনিচ্ছুক পাশের জমির এক মালিক বলেন, নজরুল ইসলাম বিএনপির নেতা হওয়ায় তার সঙ্গে কথা বলতেই ভয় লাগে। সে যেভাবে মাটি কাটা শুরু করেছে তাতে আমার ফসলি জমিতে ধ্বস নামবে । কিন্তু তাকে মাটি কাটতে নিষেধ করলেও কিছুতে শোনছে না।

    এ ব্যাপারে নজরুল ইসলাম বলেন, বিগত সময় আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমার মাটি কাটার অনুমতি ছিলো কিন্তু কাটতে পারিনি। এখন সুযোগ এসেছে। এখন তো কাটবোই।

    মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক সংবাদ মাধ্যমকে বলেন, দলীয় প্রভাব খাটিয়ে কেউ অবৈধ কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

    এবিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন বলেন, হাটিপাড়া ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে তা বন্ধ করতে বলেছি। এরপরও যদি মাটি কাটে তাহলে ব্যবস্থা নেব।