Category: সারাদেশ

  • ইরানের ড্রোন হামলায় কাতারে গ্যাস উৎপাদন বন্ধ

    ইরানের ড্রোন হামলায় কাতারে গ্যাস উৎপাদন বন্ধ

    মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানির দুটি স্থাপনায় ইরানের ড্রোন হামলার কারণে প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করেছে কাতারএনার্জি।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তীব্র প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ও কাতারের স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে।

    সোমবার (২ মার্চ) কাতারএনার্জি এক বিবৃতিতে জানায়, হামলায় রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ও মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটির তাদের পরিচালন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মেসাইদ এলাকার একটি বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাংক এবং রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার কারণে কোম্পানি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের উৎপাদন বন্ধ ঘোষণা করেছে।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, সমস্ত ক্ষয়ক্ষতি ও লোকসান নিরূপণ করা হবে এবং পরে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

    বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ কাতার এবং বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস কোম্পানি কাতারএনার্জি। ইরানের হামলায় উৎপাদন বন্ধ হওয়ায় এটি বিশ্ব বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

     

  • ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে পাশে থাকার আশ্বাস চীনের

    ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে পাশে থাকার আশ্বাস চীনের

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে আত্মরক্ষার ক্ষেত্রে ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন; যাকে এই যুদ্ধে একটি বড় মোড় বদল বলা যায়।

    মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেন। ফোনালাপে আরাগচিকে ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষার ক্ষেত্রে বেইজিং তেহরানকে সমর্থন করে।

    চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) প্রতিবেদনে বলা হয়, ওয়াং ই আরাগচিকে বলেন, “চীন-ইরানের ঐতিহ্যগত বন্ধুত্বকে আমরা মূল্য দিই। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীন সমর্থন জানায়। একই সঙ্গে নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় ইরানকে সমর্থন করে।”

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। তিন দিনের টানা যুদ্ধে বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশে দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌবহরে যেমন হামলা চালাচ্ছে, তেমনি ইসরায়েলকেও মোকাবিলা করে হামলাও চালাচ্ছে।

    সমর শক্তিতে বিশ্বের প্রধান শক্তি যুক্তরাষ্ট্র এবং উন্নততর প্রযুক্তির অস্ত্রধারী ইসরায়েল কে বহু ফ্রন্টে মোকবিলা করে পাল্টা হামলা অব্যাহত রাখা ইরানের পাশে চীনের থাকার বার্তা নিঃসন্দেহে এই যুদ্ধে নতুন জ্বালানি যোগাবে।

    অন্যদিকে, ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক এক ফোনালাপে ওয়াং ই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি বলেন, তারা ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দিয়েছে।

    ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদিকে ওয়াং ই বলেন, চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।

     

     

  • হুরুন নাহার রশিদের মৃত্যুতে ‘প্রেসক্লাব সাটুরিয়ার’ শোক প্রকাশ

    হুরুন নাহার রশিদের মৃত্যুতে ‘প্রেসক্লাব সাটুরিয়ার’ শোক প্রকাশ

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা’র মাতা ও সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি মরহুম হারুন আর রশিদ খান মুন্নু মিয়ার সহধর্মিনী হুরুন নাহার রশিদের মৃত্যুতে শোক গভীর প্রকাশ করেছে প্রেসক্লাব সাটুরিয়ার সকল সদস্যবৃন্দ।

    এ ব্যাপারে, বয়োজ্যেষ্ঠ সাংবাদিক ও প্রেসক্লাব সাটুরিয়ার আহবায়ক জনাব ইউনুস আলী বলেন,  হুরন নাহার রশিদের মৃত‍্যুতে আমার গভীর ভাবে শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি  সহমর্মিতা জ্ঞাপন করছি।

    তিনি আরো বলেন, জনাবা  হুরন নাহার রশিদ একজন আদর্শবান ও মহীয়সী নারী ছিলেন। তিনি একজন আদর্শবান স্ত্রী হিসেবে রাজনীতিবিদ স্বামী ও সন্তানদের সব সময়ে ভাল কাজে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন।

    সর্বপোরি তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ-সত্যভাষী মহিলা। মহান রাব্বুল আলামিন  তাঁকে বেহেস্তের সর্বচ্চ মোকাম জান্নাতুল ফেরদাউস দান করেন।

    উল্লেখ্য, গত পহেলা মার্চ রোজ বুধবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুরন নাহার রশিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন যাবৎ বার্ধক্যজনিত নানান রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

     

  • সংলাপে পাঁচ প্রধান দলের শীর্ষ নেতারা: রাজনৈতিক সম্প্রীতির নতুন অঙ্গীকার

    সংলাপে পাঁচ প্রধান দলের শীর্ষ নেতারা: রাজনৈতিক সম্প্রীতির নতুন অঙ্গীকার

    রাজধানীর একটি অভিজাত হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) উদ্যোগে আয়োজিত এক সংলাপ ও ইফতার অনুষ্ঠানে দেশের প্রধান পাঁচটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের নেতারা ভবিষ্যতে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখা এবং সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের জোরালো প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

    যুক্তরাজ্যের ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) আর্থিক সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) এই ‘রাজনৈতিক সৌহার্দ্য সংলাপ ও ইফতার’ অনুষ্ঠানের আয়োজন করে। এমএএফ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যা নাগরিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যোগসূত্র স্থাপনের মাধ্যমে জনস্বার্থ রক্ষায় কাজ করে।

    উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সংসদ সদস্য মীর আহমাদ বিন কাশেম, গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ শতাধিক সিনিয়র ও তরুণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সংলাপের মূল আলোচনা ও সুপারিশ

    ডিআই-এর ডেপুটি চিফ অব পার্টি আমিনুল এহসানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন চিফ অব পার্টি ক্যাথেরিন সেসিল। ‘নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক সম্প্রীতির গুরুত্ব ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক মূল আলোচনা উপস্থাপন করেন ডিআই-এর মুখ্য পরিচালক ড. আব্দুল আলীম।

    স্বাগত বক্তব্য দেন ঢাকা এমএএফ-এর সহসভাপতি ও বিএনপি নেতা সাইদুর রহমান মিন্টু অনুষ্ঠানে রাজনৈতিক সম্প্রীতি জোরদার করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন এমএএফের সদস্য এবং মহিলা দলের দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি রোকেয়া জাবেদ মায়া ও যুব ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা:
    •  ক্ষমতাসীন দলের প্রতি: নিয়মিত বহুদলীয় সংলাপের আয়োজন এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ভিন্নমতের প্রতি সহনশীলতা নিশ্চিত করা।
    • বিরোধী দলের প্রতি: রাজনৈতিক প্রতিদ্বন্দিতা ও গঠনমূলক বিরোধিতার পাশাপাশি নাগরিক সমস্যা সমাধানে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার মানসিকতা গড়ে তোলা।
    অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন এমএএফের সদস্য ও এনসিপি নেতা এনজামুল হক রামীম এবং ছাত্রদলের প্রাক্তন নেতা সুলতানা জেসমিন জুঁই।

    ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সম্পর্কে গত এক যুগেরও বেশি সময় ধরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে নারী ও তরুণ নেতৃত্বের বিকাশ এবং দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত

    ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত

    ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন—এমন দাবি করেছে ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম।

    প্রতিবেদন অনুযায়ী, রোববার ইরানে পরিচালিত বিমান হামলার সময় নিজ বাসভবনে হামলার শিকার হন আহমেদিনেজাদ। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এই ঘটনাকে ইরানের শীর্ষস্থানীয় ব্যক্তিদের লক্ষ্য করে পরিচালিত চলমান হামলার অংশ হিসেবে উল্লেখ করেছে।

    এর আগে একই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলেও দাবি ওঠে। তবে এসব বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

    আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। কট্টরপন্থী বক্তব্য ও পশ্চিমাদের প্রতি কঠোর অবস্থানের জন্য তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত ছিলেন।

    বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার সময়েই আন্তর্জাতিক মহলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

    সূত্র: তুর্কি টুডে

  • খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

    খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন—এমন তথ্য ইরানের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। বার্তাসংস্থা তাসনিম ও ফার্স নিউজসহ বিভিন্ন গণমাধ্যম রোববার (১ মার্চ) এ খবর নিশ্চিতের কথা জানায়।

    রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন এবং রাষ্ট্রের মর্যাদা রক্ষায় তিনি জীবন উৎসর্গ করেছেন। খামেনির মৃত্যুর ঘটনায় ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে।

    গত শনিবার সকালে তার প্রাসাদ লক্ষ্য করে হামলা চালানো হয় বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনির নিহত হওয়ার কথা জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই দাবি করেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ পায়।

    প্রথমে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে মৃত্যুর খবর স্বীকার না করলেও পরে রোববার সকালে তেহরান থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম জানায়।

    ইরানের শিয়াপন্থি ইসলামি প্রজাতন্ত্র ব্যবস্থায় সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির প্রভাব সামরিক বাহিনী, বিচার বিভাগ ও গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিস্তৃত ছিল। নীতিনির্ধারণ ও রাষ্ট্র পরিচালনায় তার নির্দেশনা ছিল কেন্দ্রীয় ভূমিকা।

    ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতাচ্যুত করা হয়। ওই বিপ্লবের নেতৃত্ব দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি পরে ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা হন। ১৯৮৯ সালে তার মৃত্যুর পর দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি।

    খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হলে তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

  • সাটুরিয়ায়, ডাকাতির রড যুবদল নেতার গুদামে !

    সাটুরিয়ায়, ডাকাতির রড যুবদল নেতার গুদামে !

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ডিবি পুলিশের অভিযানে বরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডাকাতি হওয়া প্রায় ১৪টন লোহার রড উদ্ধার করেছে পুলিশ।

    অভিযান চলাকালীন সময়ে অভিযুক্ত জয়নাল আবেদীন কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।  জয়নাল আবেদীন উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা গ্রামের ইউনুস আলীর ছেলে ও বরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। যেখানে বিপুল পরিমাণ লোহার রড লুটে নেয় ডাকাত দল। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয় যে, লুণ্ঠিত মালামাল সাটুরিয়া উপজেলার ছনকা বাজারে জয়নাল আবেদীনের ব্যবসা প্রতিষ্ঠানে মজুত রয়েছে।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিবি পুলিশ উপজেলার ছনকা বাজারে জান্নাত এন্ড খাদিজা এন্টারপ্রাইজ নামের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই রড জব্দ করে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    এদিকে ঘটনার পর থেকে অপরাধী জয়নাল আবেদীন পলাতক রয়েছে। তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ রয়েছে।

    এই ব্যাপারে বরাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি মান্নান উদ্দিন মল্লিক বলেন, কারও ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না।

    সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খাঁন মজলিশ মাখন বলেন, আমাদের নেতা প্রধান মন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশ দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স। সত্যতা পাওয়ামাত্রই অভিযুক্ত নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, কালিয়াকৈর থানায় করা ডাকাতি মামলার সূত্র ধরে এই অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত রড কালিয়াকৈর থানার পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে।

  • ‘বুকে কষ্ট রেখে আমরা ফলাফল মেনে নিয়েছি’

    ‘বুকে কষ্ট রেখে আমরা ফলাফল মেনে নিয়েছি’

    জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নানা ত্রুটি থাকা সত্ত্বেও বুকে কষ্ট রেখে আমরা ফলাফল মেনে নিয়েছি। কারণ আমরা না মানার পুরোনো রাজনৈতিক সিস্টেম থেকে বেরিয়ে আসতে চাই।

    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, আমরা সরকারের অনুগত বিরোধী দল হবো না। আমরা দায়িত্বশীল ও শক্তিশালী বিরোধী দল হবো। সরকারের সকল অন্যায় অপকর্ম তুলে ধরবো, তীব্র প্রতিবাদ জানাবো। এক্ষেত্রে দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবো। দেশটা আমাদের, তাই দেশের স্থিতিশীলতাকে সর্বাগ্রে অগ্রাধিকার দিতে হবে।

    জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর যৌথ পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

    মাহফিলে বিশিষ্ট আইনজীবী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, সিলেটে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, কবি, সাহিত্যিক, চিকিৎসকের পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি)। এনসিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিশেষ এই দিনটি ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগান সামনে রেখে উদ্‌যাপন করবে।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপ্লব, বিকল্প, বিনির্মাণ— এই আদর্শ ধারণ করে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে এনসিপি। এ ছাড়া ১০ দিনের নানা কর্মসূচি গ্রহণ করেছে দলটি।

    ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি। গত বছর ২৮ ফেব্রুয়ারি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি দিয়ে দলটি আত্মপ্রকাশ করে। ওই দিন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটির নাম ঘোষণা করেন শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার।

    প্রতিষ্ঠার পর থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্র সংস্কারসহ নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবিতে সরব ছিল এনসিপি। নতুন এই দলটি প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই ছয়টি আসনে জয় পেয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ।

    এনসিপি সামনের দিনগুলোতেও ফ্যাসিবাদবিরোধী লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড কমান্ডার নিহত

    ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড কমান্ডার নিহত

    ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

    বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার সকালে তেহরানের বেশ কয়েকটি স্থানে হামলা চালানোর কথা জানানোর পর এই ঘটনা ঘটল।

    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তাদের আক্রমণের অংশ হিসেবে তেহরানের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে, যেখানে ইরানের রাজনৈতিক-নিরাপত্তা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়ো হয়েছিলেন।

    এক্স-এ পোস্ট করা সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “আজ সকালে তেহরানের বেশ কয়েকটি স্থানে একই সাথে হামলা চালানো হয়েছিল, যেখানে ইরানের রাজনৈতিক-নিরাপত্তা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়ো হয়েছিলেন।”