Category: সারাদেশ

  • আইআরজিসি ‘সন্ত্রাসী সংগঠন-ইইউ

    আইআরজিসি ‘সন্ত্রাসী সংগঠন-ইইউ

    ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমন-পীড়নের জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

    বিষয়টি নিয়ে ইইউ সদস্যদের মধ্যে বহুদিনের বিভাজন থাকলেও, বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সক্ষম হয় জোটটি।

    ইইউয়ের এই সিদ্ধান্ত সম্ভব হয়েছে ফ্রান্স তাদের দীর্ঘদিনের আপত্তি তুলে নেওয়ার পর। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো এক্সে লিখেছেন, ইরানি জনগণের শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে অসহনীয় দমন আর উত্তরহীন থাকতে পারে না।

    ফ্রান্সসহ কয়েকটি দেশ আশঙ্কা করেছিল, আইআরজিসিকে সন্ত্রাসী ঘোষণা করলে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে ও ইরানে থাকা তাদের নাগরিকদের স্বার্থ ঝুঁকিতে পড়তে পারে।

    তবে এ সিদ্ধান্তকে ‘বড় কৌশলগত ভুল’ বলে আখ্যা দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্স-এ লেখেন, এ মুহূর্তে বহু দেশ সর্বাত্মক যুদ্ধ এড়াতে প্রচেষ্টা চালাচ্ছে। ইউরোপ বরং আগুনে ঘি ঢালছে।

    উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রতিষ্ঠিত আইআরজিসি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুগত্যশীল একটি অভিজাত প্যারামিলিটারি বাহিনী। পৃথক নৌ ও বিমান বাহিনীসহ এর স্থলবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ১ লাখ ৫০ হাজার।

    এদিকে, রাশিয়া বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বলপ্রয়োগ শুধু বিশৃঙ্খলা তৈরি করবে ও আঞ্চলিক নিরাপত্তায় ভয়ংকর প্রভাব ফেলবে।

    তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান

  • গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    গত সোমবার (২৬ জানুয়ারি) গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের ২৮তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমরাস্ত্র কারখানার ডেপুটি কমান্ড্যান্ট ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কাজী এএসএম শাহরিয়ার পারভেজ, পিএসসি।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. মহিবুল আকবার মজুমদার, পিএসসি, এইসি, বাংলাদেশ সমরাস্ত্র কারখানার সামরিক কর্মকর্তাবৃন্দ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

    অনুষ্ঠানে রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দীন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ, বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল হাউজ এবং বিএনসিসি প্লাটুন ও বাদক দলের আকর্ষণীয় কুচকাওয়াজ এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বেগম রোকেয়া হাউজ এবং রানার-আপ বেগম সুফিয়া কামাল হাউজকে ট্রফি প্রদান করেন।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি শৃঙ্খলা, সৌহার্দ্য ও প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের মননে ক্রীড়াচেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা করেন।

  • এক হাতে ফ্যমিলি কার্ড আরেক হাতে নারীদের হেনস্তা চলতে পারে না: জামায়াত আমির

    এক হাতে ফ্যমিলি কার্ড আরেক হাতে নারীদের হেনস্তা চলতে পারে না: জামায়াত আমির

    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একই পরিবার থেকে বারবার সরকারপ্রধান চায় না জামায়াত বরং এমন ব্যবস্থা চায় যাতে ভিক্ষুকের সন্তানও প্রধানমন্ত্রী হতে পারেন।

    বৃহস্পতিবার বিকেলে নির্বাচনি প্রচারণায় তিনি বলেন, এক হাতে ফ্যমিলি কার্ড, আর আরেক হাতে নারীদের হেনস্তা চলতে পারে না। কারওয়ান বাজারে জনসভায় কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে চাঁদাবাজদের রুখে দেয়ার আহ্বান জামায়াত আমির।

    তিনি বলেন, ‘আফসোস তারাই আবার বলেন নারীদের সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে। এক হাতে ফ্যামিলি কার্ড আরেক হাতে আমার মায়ের গায়ে হাত এ দুইটা আমরা দেখতে চাই না। মায়েরা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না।’

    গতকাল (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) বিকেলে মিরপুর ওয়াক আপ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেন জামায়াত আমির। এই আসনের প্রার্থী প্রয়াত জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান।

    এ সময় বক্তব্যে আরমান ও পরিবারের ওপর নির্যাতনের কথা তুলে ধরেন ডা. শফিকুর রহমান।

    তিনি আরো বলেন, সরকার গঠন করলে সবক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার হবে।’

     

  • শেরপুরের ঘটনায় ইউএনও ও ওসিকে প্রত্যাহার !

    শেরপুরের ঘটনায় ইউএনও ও ওসিকে প্রত্যাহার !

    শেরপুর-৩ আসনে সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুর ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “শেরপুরের ঘটনাটি নিন্দনীয়। আচরণবিধি অনুযায়ী ইশতেহার পাঠ অনুষ্ঠানে এ ধরনের সহিংসতা দুর্ভাগ্যজনক।

    প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে সংশ্লিষ্ট ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। বাকি প্রক্রিয়াগত বিষয়গুলো দ্রুত সম্পন্ন করা হবে।”

    এ ঘটনায় গঠিত জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইসি সচিব।

    বুধবার শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জামায়াতে ইসলামীর শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

  • ইরানে আগের চেয়েও বড় হামলা হবে-ডোনাল্ড ট্রাম্প

    ইরানে আগের চেয়েও বড় হামলা হবে-ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আগেরবারের তুলনায় আরও বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

    ট্রাম্প বলেন, ইরান যদি সম্ভাব্য হামলা এড়াতে চায়, তাহলে দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

    উল্লেখ্য, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। সে সময় দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত চলছিল।

    ওই হামলার চেয়েও বড় অভিযানের হুমকি দিয়ে ট্রাম্প তার পোস্টে লেখেন, “বিশাল এক যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচণ্ড শক্তি ও নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বহরটি দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে।

    এর আগে ভেনেজুয়েলায় পাঠানো বাহিনীর তুলনায় এটি আরও বড়। বিশাল রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’-এর নেতৃত্বে থাকা এই বহর যেকোনো সময় অভিযানে যেতে প্রস্তুত। প্রয়োজন হলে তারা অত্যন্ত দ্রুত এবং ভয়াবহ হামলা চালাতেও পিছপা হবে না।”

    ট্রাম্প আরও লেখেন, “আমি আশা করি, ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি সঠিক চুক্তিতে সম্মত হবে। স্পষ্ট কথা—কোনো পারমাণবিক অস্ত্র রাখা যাবে না। এই চুক্তি সবার জন্যই ভালো হবে। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে।”

    তিনি আরও বলেন, “আমি ইরানকে আগেও সমাধানের পথে আসার আহ্বান জানিয়ে ছিলাম। তারা তা শোনেনি বলেই গত জুনে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালিত হয়েছিল এবং এতে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

    পরবর্তী হামলা হলে সেটি আরও মারাত্মক হবে। তাই আবারও এমন পরিস্থিতি ডেকে আনা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”

  • ‘জনগণের নির্বাচিত সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র’

    ‘জনগণের নির্বাচিত সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র’

    ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, যুক্তরাষ্ট্র নির্বাচনে কারও পক্ষ নেবে না৷ জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা সেই সরকারের সঙ্গেই কাজ করবে।

    আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের সঙ্গেআলাপকালে এ কথা বলেন।

    রাষ্ট্রদূত বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আমি খুবই আগ্রহী। আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি।

    তিনি বলেন,  নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে, আমরা সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।

    ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, প্রধান নির্বাচন কমিশনার যে তথ্যগুলো আমার সঙ্গে শেয়ার করেছেন, সেগুলো নিয়ে আমি খুবই সন্তুষ্ট। আপনাদের সবার মতো আমিও ফেব্রুয়ারির ১২ তারিখের ফলাফলের অপেক্ষায় আছি।

    এর আগে বেলা ১২টার দিকে সিইসির দপ্তরে বৈঠক শুরু হয়। এতে ইসি সচিব আখতার আহমেদও অংশ নেন। এই সময় রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

  • ‘হ্যাঁ’ভোট জিতলে জিতে যাবে বাংলাদেশ-অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন 

    ‘হ্যাঁ’ভোট জিতলে জিতে যাবে বাংলাদেশ-অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন 

    জামায়াতে ইসলামী বাংলাদেশ, ঢাকা (উঃ) অঞ্চলের সহকারী পরিচালক মানিকগঞ্জ- ৩  আসনের (কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বৃহত্তর জোটের সার্থে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়া) জননেতা অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন সাহেব বলেছেন, হ্যাঁ ভোট জিতলে বাংলাদেশ জিতে যাবে এবং আধিপত্যবাদীদের পরাজয় ঘটবে।

    উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, হ্যাঁ ভোট জিতলে বিচার ব্যবস্থা স্বাধীন হবে, ধান্দাবাজি, চান্দাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, দূর্নীতি বন্ধ হবে। ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, জুলাইযোদ্ধাদের সম্মান নিশ্চিত হবে, সর্বোপরি বাংলাদেশ মাথা উঁচু করে দাড়াঁবে।

    সোমবার রাত ৭:৩০ মিনিটে মানিকগঞ্জ জেলাধীন সাটুরিয়া উপজেলার দরগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক  আয়োজিত গণভোটে “হ্যাঁ”ভোট ক্যাম্পেইনে, বিপুল সংখ্যক জনতার উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ, দেশের সকল আলেম-উলামাদের ঐক্যবদ্ধ করেছে, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদারা জোটেবদ্ধ হয়েছেন,  ২৪‘র ছাত্র-জনতা ও জুলাই বিপ্লবীরাও আমাদের সাথেই আছেন। দেশের সর্বস্তরের জনগণ  আজ ১১ দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে।

     

    এই সময় তিনি উপস্থিত সকলকে আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, দেশ ও জাতির মুক্তির লক্ষ্যে দাড়িপাল্লা, শাপলাকলি-সহ ১১ দলীয় জোটের মনোনিত প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করতে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে মাঠে কাজ করার আহ্ববান জানান।

    তিনি আরো বলেন, যারা ‘না’ ভোটে পক্ষে প্রচারনা চালাচ্ছেন বা না ভোটের পক্ষে তারা আধিপত্যবাদীশক্তি এবং ফ্যাসিবাদের দোসর। আপনারা এদের কে চিনে রাখবেন।

       হ্যাঁ ভোট ক্যাম্পেইনে বক্তব্য রাখছেন সাটুরিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ নজরুল ইসলাম

    অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, এনসিপি মানিকগঞ্জ জেলা সিনিয়র যুগ্মক আহবায়ক ও মানিকগঞ্জ-৩ আসনের ‘এম্বাসেডর’ বাংলা্দেয়কশ সুপ্রিম কোর্টের আইন- জীবি এডভোকেট জাহিদুর রহমান তালুকদার।

    এনসিপি সাটুরিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের সাটুরিয়া উপজেলা শাখার নায়েবে আমীর মুঃ হারুনুর রশীদ, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শিকদার শামীম আলমামুন, ব্যবসায়ী নেতা মোঃ সোহরাব হোসেন, যুবনেতা প্রকৌশলী মুহাম্মদ ইসহাক আলী, অবঃ সেনা কর্মকর্তা আব্দুল্লাহ মোঃ শিবলী, শ্রমিক নেতা নাজির আহমদ ও মাসুম বিল্লাহ মোঃ মাসুদ প্রমূখ।

    অনুষ্ঠানে, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন অবঃ অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন। প্রচন্ড শীত উপেক্ষা করেই বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

     

    (more…)

  • জামায়াতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি তখন: তারেক রহমান

    জামায়াতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি তখন: তারেক রহমান

    আজ ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন, চারদলীয় জোট সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে জামায়াতের দুই শীর্ষ নেতা তখন কেন পদত্যাগ করেননি।

    তিনি বলেন, “আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন, এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যে স্বৈরাচার পালিয়ে গেছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা বিএনপিরই বিরুদ্ধে ব্যবহার করছে।

    তারেক রহমান বলেন, “আমার প্রশ্ন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরও দুইজন সদস্য বিএনপির সরকারে ছিলেন। বিএনপি যদি এতই খারাপ হয়, তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেননি?”

    বিএনপি চেয়ারম্যান বলেন, “সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যানই বলে যে খালেদা জিয়ার সময় দেশ দুর্নীতিতে নিম্নগতিতে ছিল। ২০০১ সালে যখন তিনি দায়িত্ব গ্রহণ করেন, ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করাল গ্রাস থেকে বের হতে শুরু করে।”

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনি প্রচারের অংশ হিসেবে দুপুরে সড়ক পথে ময়মনসিংহ পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।

    উল্লেখ্য, ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন জামায়াতে ইসলামের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের।

  • ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ক্যাম্প-প্রচার নিষিদ্ধ

    ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ক্যাম্প-প্রচার নিষিদ্ধ

    গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা নির্বাচনী ক্যাম্প স্থাপন ও প্রচার কার্যক্রম চালাতে পারবেন না।

    এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মোহাম্মদ মনির হোসেন একটি পরিপত্র জারি করেছেন। পরিপত্রটি ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

    পরিপত্রে বলা হয়েছে, ভোটারদের গোপনীয়তা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে নির্ধারিত কক্ষ অনুযায়ী গোপন কক্ষ বা মার্কিং প্লেস স্থাপন করতে হবে।

    কক্ষগুলো এমনভাবে নির্মাণ করতে হবে, যাতে ভোটদানের সময় ভোটারের পছন্দ সম্পূর্ণ গোপন থাকে এবং কোনো ব্যক্তি তা দেখতে না পারে। জানালা বা উন্মুক্ত স্থান থাকলে তা বন্ধ রাখতে হবে।

    এ ছাড়া বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা বিবেচনায় ভোটকেন্দ্রে বিকল্প আলোর ব্যবস্থা রাখতে হবে। ভোটকেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স ছাড়া অন্য কোনো বাক্স ব্যবহার করা যাবে না। প্রতিটি ভোটকক্ষের জন্য একটি এবং অতিরিক্ত হিসেবে একটি ব্যালট বাক্স রাখতে হবে। ভোটগ্রহণ চলাকালে কোনো ব্যালট বাক্স পূর্ণ হয়ে গেলে সেটি পঞ্চম লক দিয়ে সিল করে নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে।

    পরিপত্রে আরও বলা হয়েছে, ভোটকেন্দ্রের ৪শ গজের মধ্যে কোনো প্রার্থী বা তার সমর্থক নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন না। একইসঙ্গে পোস্টার, লিফলেট বা যেকোনো ধরনের প্রচারপত্র ভোটগ্রহণ শুরুর আগেই সরিয়ে ফেলতে হবে। ভোটের দিন ভোটারদের কেন্দ্রে আনার জন্য প্রার্থী বা তাদের পক্ষে কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে ইমাম সম্মেলনে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ

    চাঁপাইনবাবগঞ্জে ইমাম সম্মেলনে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘চাঁপাইনবাবগঞ্জ মঞ্চ’ এ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই সম্মেলন হয়। ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ।

    প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, গণভোট একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, যেখানে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সমাজে প্রভাবশালী ধর্মীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ইমাম ও খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মসজিদভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদার করে সাধারণ মানুষকে গণভোটের গুরুত্ব সম্পর্কে অবহিত করার আহ্বান জানান।

    সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে নির্বাচনের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডাঃ এ,কে,এম, শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার এ, এন, এম ওয়াসিম ফিরোজ, ঢাকা ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক মুহাম্মদ জাকির হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাঃ এমরান হোসেন, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণ, আল জামিয়াতুল ইসলামিয়া নিমগাছি দারুল উলুম জেসামিয়া ক্বাওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ মাহবুবুর রহমান সহ অন্যরা। সম্মেলনে ইমাম সম্মেলনে জেলার বিভিন্নস্থানের প্রায় ৭ শত ৫০ জন ইমাম অংশ নেন।

    এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২০০জন, শিবগঞ্জ উপজেলার ২০০জন, গোমস্তাপুর উপজেলার ১৫০জন, নাচোল ১০০জন ও ভোলাহাট উপজেলার ১০০ জনের মধ্যে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ইমাম ও খতিবরা অংশগ্রহণ করেন।

    এ সময় গণভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং জন-সচেতনতা তৈরিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। ইমাম সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে গণভোট বিষয়ে ইতিবাচক বার্তা পৌঁছে যাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার মুহাম্মদ শরিফুল ইসলাম। সম্মেলন শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মুখতার আলী।