Category: সারাদেশ

  • জাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোট বর্জন

    জাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোট বর্জন

    নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। এ সময় ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসান উপস্থিত ছিলেন।

    তানজিলা হোসাইন বৈশাখী অভিযোগ করে বলেন, তাজউদ্দীন হলে আমাদের ঢুকতে দেয়নি। তালিকায় ভোটারদের ছবি নেই, ২১ নং হলে মব সৃষ্টি করা হয়েছে। জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে।

    এই নির্বাচন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ করে তিনি বলেন, জামায়াত নেতার সরবরাহকৃত ও এমআর মেশিন আমরা চাইনি। কিন্তু ওই প্রতিষ্ঠানের সরবরাহকৃত ব্যালটেই ভোট হচ্ছে।

    বৈশাখী বলেন, মেয়েদের হলে একই মেয়ে বারবার ভোট দিতে গেছেন। শিবিরপন্থী সাংবাদিকরা মিস বিহ্যাভ করেছেন ছাত্রদলের প্রার্থীদের সঙ্গে, সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। এটি কারচুপি ও প্রহসনের নির্বাচন। তাই নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। নির্বাচনে শিক্ষার্থীদের রায়ের প্রতিফলন হচ্ছে না।

    এর আগে সকাল ৯টায় শুরু হয়েছে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে ২২৪ টি বুথে চলছে ভোটগ্রহণ। কয়েকটি কেন্দ্র ব্যাতিত বেশিরভাগ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠান হচ্ছে বলে জানা গেছে।

    এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। এ নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • মানিকগঞ্জে মাকে গলা কেটে হত্যার অভিযোগ

    মানিকগঞ্জে মাকে গলা কেটে হত্যার অভিযোগ

    মানিকগঞ্জে মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত রবি চন্দ্র পলাতক। জমি ও টাকা পয়সার ভাগাভাগি নিয়ে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

    বুধবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম করুণা রানী (৬২)। তিনি মান্দারতা গ্রামের মৃত ফটিক চন্দ্র ভদ্রর স্ত্রী। অভিযুক্ত রবি চন্দ্র তার ছেলে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত করুণা রানী ভদ্র দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামের মৃত ফটিক ভদ্রের সহধর্মিণী ও তার ছেলে রবিদ্র নাথ ভদ্র ওরফে রবির সঙ্গে কয়েকদিন ধরে জমি জমার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব চলছিল।  পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে রাতে মা করুণা রানী ভদ্রকে খুন করে দরজায় তালা দিয়ে পালিয়েছেন।

    রবি নাথ ভদ্র ওরফে রবির স্ত্রী লক্ষ্মী বলেন, ‘রবি দীর্ঘদিন ধরে লিভার জনিত রোগে ভুগছেন। রাতের বেলায় সে চৌকির ওপর ঘুমাতো, আমি নিচে ঘুমাতাম। গত রাতে হঠাৎ করেই দেখি সে বিছানায় নেই, খুঁজে পাচ্ছি না।’

    এ বিষয়ে মানিকগঞ্জ শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘ঘটনা সত্যি আমরা খবর পেয়েছি সকাল ৬টার দিকে । খবর পেয়ে দৌলতপুর থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।’

  • ডাকসুর ভিপি সাদিক, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দিন

    ডাকসুর ভিপি সাদিক, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দিন

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) এবং জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয়ের পথে রয়েছেন।

    বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত আট ভোটকেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্রের ১৬টি হলের ফল ঘোষণা করা হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

    ভিপি পদে ২২ নম্বর ব্যালটে সাদিক কায়েম ভোট পেয়েছেন ১৪ হাজার ৪২। ছাত্রদলের আবিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৭০৮। জিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ৩৮৩ ভোট।

    সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ হোসেন ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মুহা. মহিউদ্দিন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট।

    শীর্ষ তিন পদে জয়ের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ঐতিহাসে এই প্রথমবার ডাকসুর নেতৃত্ব দেওয়ার সুযোগ পেল ইসলামী ছাত্রশিবির। এর আগে কয়েকবার নির্বাচনে অংশ নিলেও কখনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে পরেননি এই সংগঠনটির নেতাকর্মীরা।

    ৫ আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শক্তির প্রকাশ ঘটিয়ে আত্মপ্রকাশ করে ইসলামী ছাত্রশিবির। ব্যাপক সাংগঠনিক কার্যক্রম চালানোর মধ্যেই ডাকুস নির্বাচনের দাবিতে সোচ্চার হয় সংগঠনটি।

    নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনও আন্তরিক হওয়ায় ভোটমুখী হয় ডাকসু। শেষপর্যন্ত উৎসবমুখর পরিবেশে ব্যাপক নিরাপত্তা বয়ল তৈরি করে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটা ভোটগ্রহণ হয়।

    আটটি কেন্দ্রে আট শতাধিক ‍বুথে ভোট গ্রহণ ও গণনা শেষে রাত দেড়টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী মিলে মোট ১৮টি হল। একে একে ফলাফল ঘোষণা করা হয়, যা শেষ করতে সকাল হয়ে যায়।

    তাতে ভিপি, জিএস ও এজিএসের সঙ্গে ডাকসুর ২৮টি পদে চূড়ান্ত ফলাফল জানানো হয়। অধিকাংশ পদে জয় পেয়েছে শিবির-সমর্থিত প্রার্থীরা। বেশিরভাগ হল সংসদেও জয় পেয়েছে শিবির-সমর্থিত প্যানেল।

    এবার ৩৭তম ডাকসু নির্বাচন হলো। এতে ছাত্র-ছাত্রী মিলে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন। মঙ্গলবার ভোটগ্রহণ শেষে ডাকসু নির্বাচন কমিশন জানায়, এবার ভোট পড়েছে ৭৮ দশমিক ৩৩ শতাংশ।

    ভোটের ফল ঘোষণা শুরু হওয়ার পর থেকে আলোচিত ভিপি প্রার্থীরা তাদের প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট দিতে থাকেন।

    ভিপি পদে প্রার্থিতা করা ছাত্রদলের আবিদ ডাকসু নির্বাচন ‘প্রহসন’ ও ‘কারচুপির নির্বাচন’ আখ্যা দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেন। অবশ্য জিএস পদে লড়াই করা ছাত্রদলের হামিম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর আহ্বান রাখেন।

    ভিপি পদে আলোচিত উমামা ফাতেমাও ভোটের ফল বর্জন করে ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিবিরকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছেন। শিবিরকে ‘বেঈমান’ আখ্যা দিয়ে পোস্ট করেন তিনি।

    জিএস পদে আলোচিত মুখ মেঘমল্লার বসু একাধিক পোস্ট করে নির্বাচনের সমালোচনা করেন। তিনি লেখেন, “ভোটের নামে প্ল্যানড ইঞ্জিনিয়ারিং চলতেসে। সবই খবর পাইতেসি। যে ধারা অব্যাহত আছে তাতে ডিটেইল রেজাল্ট দেখলে আপনারা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেরাই বুঝবেন।”

    ভিপি পদে বেশ আলোচনায় ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেতা আবদুল কাদের। তিনি ফেসবুকে লেখেন, “ভিসি এবং প্রক্টরকে অভিনন্দন জানিয়ে ডাকসু নির্বাচন নিয়ে আলাপ এখানেই শেষ করলাম।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শুভকামনা, শিক্ষার্থীদের জন্য শুভকামনা। ঢাবি এবং দেশের মানুষের যেকোনো সংকটকালে আমি আছি, যেমনটা বিগত দিনে ছিলাম।”

    কারচুপি ও বেঈমানির অভিযোগ সামনে এলেও ডাকসু নির্বাচনে কিছু অব‍্যবস্থাপনা থাকলেও বড় কোনো অসঙ্গতি ছিল না বলে মনে করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সংগঠনটি সংবাদ সম্মেলন করে জানায়, নির্বাচনকে অগ্রহণযোগ্য বলা যায় না।

     

  • সায়ন্তনী মল্লিক ব্রেন স্ট্রোকে আক্রান্ত !

    সায়ন্তনী মল্লিক ব্রেন স্ট্রোকে আক্রান্ত !

    ভারতীয় টেলিভিশন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বুধবার (৪ সেপ্টেম্বর) বাড়িতে টেলিভিশন দেখার সময় হঠাৎ শরীরে অস্বস্তি শুরু হলে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন

    তার স্বামী ইন্দ্রনীল মল্লিক জানিয়েছেন, সায়ন্তনীর কোনো শারীরিক সমস্যা ছিল না, তিনি একেবারেই সুস্থ ছিলেন। হঠাৎ এভাবে ব্রেন স্ট্রোক হওয়ায় পরিবার এখনও দুশ্চিন্তায় রয়েছে।

    তবে চিকিৎসার পর রোববারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এই অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী কমপক্ষে ১৫ দিন তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।

     

  • বিক্ষোভের মুখে নেপালে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ

    বিক্ষোভের মুখে নেপালে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ

    নেপালে তরুণ প্রজন্মের ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

    ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদে গতকাল সোমবার বিক্ষোভ চলাকালীন ১৯ জন নিহত হওয়ার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী পদত্যাগের সিদ্ধান্ত নেন।

    ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদে গতকাল সোমবার বিক্ষোভ চলাকালীন ১৯ জন নিহত হওয়ার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী পদত্যাগের সিদ্ধান্ত নেন।

    কেপি শর্মা ওলি এক বিবৃতিতে জানিয়েছেন, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করার জন্য তিনি পদত্যাগ করেছেন।

    গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) নেপালে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণ প্রজন্মের ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানী কাঠমান্ডু সহ অনেক শহরে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানায়। আন্দোলন ধীরে ধীরে সহিংস হয়ে ওঠে, যার ফলে কমপক্ষে ১৯ জন প্রাণ হারান এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হন।

    ইন্ডিয়া টুডে জানিয়েছে, মঙ্গলবার নেপালের রাজনৈতিক সংকট আরো তীব্র হয়ে ওঠে যখন তরুণ প্রজন্মের নেতৃত্বে দেশজুড়ে সহিংস বিক্ষোভের মধ্যে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে বলেন।

    সেনাপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের সাথে পরিচিত কর্মকর্তাদের মতে, ওলি সেনাপ্রধানকে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ করেন। তবে জেনারেল সিগডেল প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ওলি ক্ষমতা ছেড়ে দিলেই কেবল সেনাবাহিনী দেশকে স্থিতিশীল করতে পারবে।

    সামরিক সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে আরো জানিয়েছে, প্রধানমন্ত্রী ওলি বালুওয়াতারে তার সরকারি বাসভবন থেকে নিরাপদে বেরিয়ে আসার জন্য সেনাবাহিনীর সহায়তাও চেয়েছেন এবং দেশ ত্যাগের জন্য সাহায্য চেয়েছেন।

    সূত্র জানিয়েছে, ওলি চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন, বেসরকারি বিমান সংস্থা হিমালয় এয়ারলাইন্সকে প্রস্তুত রাখা হয়েছে।

    কেপি শর্মা ওলি এক বিবৃতিতে জানিয়েছেন, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করার জন্য তিনি পদত্যাগ করেছেন।

  • নষ্টামী

    নষ্টামী

    রাস্তার ধারে, নিষিদ্ধ আব্ছায়,
    মধুমাক্ষীর কামনার লোলুপ দৃষ্টি;
    অ-বোধ,  মন-রসনায়-
    নষ্টামীর আহব্বান জাগায়।।

    স্পর্শকাত স্থানগুলোর দর্শন
    এক মধুময় আরতির-
    অনন্য অনুভূতি জাগায়;
    সৃষ্টির যৌবিক মাদকতায়।।

    সোডিয়াম লাইটের বর্নীল আলোক ছ‘টায়
    এক নগ্নতার ছায়া পথ ফোটে মনে;
    লালসার ললিতে-
    এ যেন, এক- দূরন্ত যান্ত্রিকতা।।

    অ-বয়, অ-সমতা-
    অর্থের মাপকাটিতে তনুয়াবিষ্ট হয়;
    মদ-মত্ত উন্মাদনায়-
    মাতালের নেশার ঘোরে।।

    হঠাৎ কোমলাঙ্গীর জীর্ণ দৃষ্টতায়
    মনে পড়ে, মা বোন-ভাগ্নির অবয়ব;
    ভাবনার আবেগ প্রশ্ন রাখে-
    ওরাও তো মানুষ !!

    তারপর, যার পণে ছুটে চলা-
    শেষ রাতের মিটিমিটি তারা গুলো;
    মায়ের স্বরে প্রশ্ন করে –
    কেমন আছিস খোকা? ভুলে যাসনি তো—-।।

    https://forum.daffodilvarsity.edu.bd/index.php/topic,56781.0.html

  • ডাকসু নির্বাচনে ভোট গ্রহন, বিরতি ছাড়াই চলবে ৪ পর্যন্ত

    ডাকসু নির্বাচনে ভোট গ্রহন, বিরতি ছাড়াই চলবে ৪ পর্যন্ত

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৮টায় ভোট কার্যক্রম শুরু হয়। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

    বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে চলবে এই ভোটগ্রহণ। সকাল সাড়ে সাতটার দিকে নবাব নওয়াব আলী সিনেট ভবনে তেমন ভিড় দেখা না গেলেও এখন কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কার্জন হল কেন্দ্রীয় শিক্ষার্থীদের ভিড় এখন লক্ষণীয়।

    ঝামেলা এড়াতে অনেকেই সকাল সকাল কেন্দ্রে চলে এসেছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিক্ষার্থীরা শৃঙ্খলা মেনে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

    ছাত্র ভোটারদের মধ্যে অমর একুশে হলে ১২৯৫ জন, কবি জসীমউদ্দিন হলে ১৩০৩ জন, জগন্নাথ হলে ২২২২ জন, শেখ মুজিবুর রহমান হলে ১৬০৬ জন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ১৯৯৮ জন, ফজলুল হক মুসলিম হলে ১৭৬২ জন, বিজয় একাত্তর হলে ২০২৭ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১৭৫১ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১৯৫৭ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৬৬৪ জন, মাস্টারদা সূর্যসেন হলে ১৪৯৯ জন, স্যার এ এফ রহমান হলে ১৩৭৭ জন এবং হাজী মুহাম্মদ মুহসীন হলে ১৪০২ জন রয়েছেন।

    ছাত্রী ভোটারদের মধ্যে রোকেয়া হলে ৫৬৪১ জন, শামসুন নাহার হলে ৪০৮৪ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ২১০৩ জন, কবি সুফিয়া কামাল হলে ৪৪৩৪ জন এবং ফজিলাতুন্নেছা মুজিব হলে ২৬৪০ জন আছেন।

    গত জানুয়ারিতে ডাকসু নির্বাচন আয়োজনের বিষয়ে পরামর্শদান, নির্বাচনের আচরণবিধি প্রণয়ন-সংশোধন এবং ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন-পরিমার্জন করার বিষয়ে পৃথক ৩টি কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব কমিটি সংশোধন-পরিমার্জনের কাজ করে তা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে জমা দেয়।

    গঠনতন্ত্র সংশোধন-পরিমার্জন কমিটির সুপারিশে দেখা গেছে, এবার ২৮টি পদ রাখা হয়েছে। এরমধ্যে নতুন ৪টি পদ তৈরি করা হয়েছে। আর পরিমার্জন করা হয়েছে তিনটির; এরমধ্যে দুটি আলাদা পদ থেকে একটি পদে নিয়ে আসা হয়েছে।

  • কুমিল্লায় মা ও মেয়ের লাশ উদ্ধারের ঘটনায়, কবিরাজ আটক

    কুমিল্লায় মা ও মেয়ের লাশ উদ্ধারের ঘটনায়, কবিরাজ আটক

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে র‍্যাব। র‍্যাবের ভাষ্য, সন্দেহভাজন হিসেবে আটক হওয়া ওই ব্যক্তি একজন কবিরাজ। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

    সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। আটক আবদুর রব (৭৩) নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা।

    মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা এলাকা থেকে আবদুর রব নামের ওই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে আবদুর রবের সঙ্গেই সর্বশেষ কথা হয়েছে নিহত ব্যক্তিদের। ওই বাসায় তার যাওয়া-আসা ছিল। আবদুর রব ঝাড়ফুঁক (কবিরাজ) করতেন।’

    ক্যাম্পাস সূত্রে জানা যায়, ঘটনার পর ভবনের নিচতলায় থাকা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে মাথায় টুপি, পাঞ্জাবি-পায়জামা পরা এক অজ্ঞাত ব্যক্তিকে সন্দেহ-জনকভাবে সুমাইয়াদের বাসায় যাতায়াত করতে দেখা গেছে। তাকে একাধিকবার আসা-যাওয়া করতে দেখা যায়। আটক আবদুর রবই সেই ব্যক্তি কিনা জানতে চাইলে মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘আমাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। পুরো কার্যক্রম শেষে আমরাই সবকিছু জানাবো।’

    সোমবার সকাল ৭টার দিকে নগরের ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী এলাকার পিটিআই মাঠসংলগ্ন নেলী কটেজ নামের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন, কুমিল্লা নগরের ১৭ নম্বর ওয়ার্ডের সুজানগর এলাকার প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৫২) ও তার মেয়ে সুমাইয়া আফরিন (২৩)।

  • দুদকের পরিচালক খান মো. মীজানুল বরখাস্ত

    দুদকের পরিচালক খান মো. মীজানুল বরখাস্ত

    এভারকেয়ার হাসপাতালের পরিচালক মাহাবুবুল আনামের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অ‌ভি‌যোগের সত‌্যতা মিলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের পরিচালক খান মো. মীজানুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    সোমবার (৮ সেপ্টেম্বর) দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষ‌রিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়ে‌ছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু খান মো. মীজানুল ইসলামের বিরুদ্ধে কমিশনের অনুসন্ধান-সংশ্লিষ্ট ব্যক্তি এভারকেয়ার হাসপাতালের পরিচালক মাহাবুবুল আনামের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণের একটি বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিলক্ষিত হয়।

    এরপর কমিশনের নির্দেশে গোপন অনুসন্ধানে দেখা যায়, খান মো. মীজানুল ইসলাম ১৭ আগস্ট এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ২০ আগস্ট চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নেন।

    চিকিৎসা বাবদ বকেয়া ২ লাখ ৪ হাজার ১৩২ টাকা তিনি নিজে পরিশোধ না করে, কমিশনের অনুসন্ধান-সংশ্লিষ্ট ব্যক্তি মাহাবুবুল আনামের গ্যারান্টির ভিত্তিতে হাসপাতাল থেকে ছাড়পত্র নেন।

    অভিযোগের গুরুত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় গত ৪ সেপ্টেম্বর কমিশনের অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটির ০৩/২০২৫ নং সভায় বিষয়টি উপস্থাপন করা হয়। সভায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে। বরখাস্তকালীন তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

     

     

  • চাঁপাইনবাবগঞ্জে গোলাম রশিদ স্মরণসভা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে গোলাম রশিদ স্মরণসভা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটস’র সম্পাদক গোলাম রশিদ এর স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে টাউন ক্লাবে এই স্মরণসভা ও দোয়া মাহফিল হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের উদ্যোগে স্মরণসভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

    বক্তারা চাঁপাইনবাবগঞ্জের স্কাউটস’র জেলা সম্পাদক গোলাম রশিদ এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, জেলার স্কাউটসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্কাউটার গোলাম রশিদ এর অবদান অপরীসিম। তাঁর নিরলস চেষ্টায় জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কাউটস দল প্রতিষ্ঠা ও দলের প্রশিক্ষন এবং স্কাউটসদের চর্চা অব্যাহত ছিলো। এছাড়া, সমাজ সেবায়ও তিনি আজীবন সময় দিয়ে গেছেন।

    স্কাউটস কে গুরুত্ব দিতে গিয়েই গোলাম রশিদ দিন রাত কাজ করেছেন। বক্তারা বলেন, তাঁর এই অকাল মৃত্যুতে স্কাউটের অপুরনীয় ক্ষতি হয়েছে, যা পুরণীয় নয়। জেলা স্কাউটস এ তাঁর অবদান জেলার সকল স্কাউটার ও সংশ্লিষ্টরা শ্রদ্ধাভরে স্মরণে রাখবে।

    গোলাম রশিদের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট পরিবার গভীরভাবে শোকাহত। জেলা স্কাউট পরিবার চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটের সম্পাদক গোলাম রশিদ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

    স্মরণসভায় জেলা স্কাউটের সম্পাদক গোলাম রশিদ এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মোজাহারুল ইসলাম তরু, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, গোলাম রশীদের বোন পারভিন কবীর, সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সভাপতি আইনজীবী সাইফুল ইসলাম রেজা, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া, কোষাধ্যক্ষ মোঃ আসলাম কবির, শংকরবাটী-পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুনসহ অন্যরা।

    শেষে চাঁপাই নবাবগঞ্জের জেলা স্কাউটসের প্রয়াত সম্পাদক গোলাম রশিদ এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন। জেলা স্কাউটসের সহ-সভাপতি মোঃ মারুফুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা স্কাউটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলা স্কাউট নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট লিডার ও সদস্যরা।

    উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটের সম্পাদক গোলাম রশিদ এবছরের ৬ আগষ্ট অসুস্থতাজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে চাঁপাই-নবাবগঞ্জে শোকের ছায়া নেমে আসে।