Category: সারাদেশ

  • ভোটের মাঠে থাকবে ৬০ হাজার সেনাসদস্য

    ভোটের মাঠে থাকবে ৬০ হাজার সেনাসদস্য

    ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রায় ৬০ হাজার সেনাসদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমি তে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

    এদিন নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাদের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফ করেন প্রেস সচিব।

    ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রায় ৬০ হাজারের মতো ট্রুপস নির্বাচনী ডিউটিতে থাকবেন। আপনারা জানেন, ৫ আগস্টের পর থেকে তারা মাঠে ডিউটিতে রয়েছেন। তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। আমরা আশা করছি, নির্বাচনের সময় তাদের বলিষ্ঠ ভূমিকা থাকবে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য।

    প্রেস সচিব বলেন, ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথাও বলা হয়েছে। পুলিশের আইজি মহোদয় বলেছেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে দেড় লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে নির্বাচন উপলক্ষ্যে।

    শফিকুল আলম আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রচুর মিস ইনফরমেশন অলরেডি সার্কুলেট হয়েছে। সামনে এটা আরও বাড়তে পারে। এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার হবে যেখানে এই মিস-ইনফরমেশনগুলোকে আমরা ডিফাইন করতে পারব। সেটি ক্রিয়েট করার চিন্তাভাবনা করা হয়েছে। এটা নিয়ে অনেক বিশদ আলোচনা হয়েছে।

  • নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বন্দোবস্ত প্রয়োজন’

    নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বন্দোবস্ত প্রয়োজন’

    গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, শহীদের দেওয়া প্রাণকে যদি আমরা মর্যাদা দিতে চাই, নিজেদের ভবিষ্যৎকে তৈরি করতে চাই, তবে আমাদের নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বন্দোবস্ত তৈরি করতে হবে।

    তিনি বলেন, লুটপাট, দুর্নীতি আর দখলদারির অর্থনীতিকে বহাল রেখে এবং বিভাজনের সংস্কৃতি বজায় রেখে বাংলাদেশে আমরা কোনো নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারব না।

    রবিবার (২৭ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলার উদ্যোগে অনুষ্ঠিত জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    এর আগে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মাজার জেয়ারত করেন গণসংহতি আন্দোলনেরা কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা।

    গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলার সংগঠক তুষার আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন শহীদ মোহাম্মদ ইমনের ভাই মোহাম্মদ সুজন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য আলিফ দেওয়ান, জাতীয় পরিষদের সদস্য আশরাফুল আলম সোহেল, টাঙ্গাইল সদর উপজেলার সদস্যসচিব ফারজানা জেসমিন, মধুপুর উপজেলার সংগঠক গোবিন্দ বর্মণ, নাগরপুর উপজেলার সংগঠক আলিম মোল্লা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের টাঙ্গাইল জেলার দপ্তর সম্পাদক প্রেমা সরকার, টাঙ্গাইল পৌর কমিটির আহ্বায়ক আদিবা হুমায়রা, সদস্য শিশির সাহা প্রমুখ।

  • কুমিল্লায় বৈষম্যবিরোধী নেত্রীর পদত্যাগ

    কুমিল্লায় বৈষম্যবিরোধী নেত্রীর পদত্যাগ

    জুলাই মাসের আলোচিত গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র খাদিজা আক্তার কেয়া পদত্যাগ করেছেন। গতকাল শনিবার (২৬ জুলাই) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

    খাদিজা আক্তার কেয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের বাসিন্দা মৃত কবির হোসেনের মেয়ে। তিনি বর্তমানে কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

    ফেসবুক পোস্টে কেয়া লেখেন, ‘যার জন্য করলাম চুরি, সেই বলে চোর! এটা আমার ক্ষেত্রেই যে প্রযোজ্য হবে না, কে বললো?

    আপনারা সবাই জানেন আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন দায়িত্বশীল কর্মী ছিলাম। কিন্তু আজকের পর থেকে এই আন্দোলনের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

    কেয়া আরও লেখেন, ‘আমরা গণঅভ্যুত্থানের পর একটি ফ্ল্যাটফর্মে এসেছিলাম মুরাদনগর থেকে। সেই অভ্যুত্থানে আমাদের হাজারো ভাই-বোন শহীদ হয়েছেন। আমি তাদের রক্তের সাথে বেইমানি করতে পারি না। তাই আমি নিজেই এইসব কিছু থেকে সরে দাঁড়ালাম। শনিবার (২৬ জুলাই) থেকে এই ফ্ল্যাটফর্মের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা থাকবে না।’

    কেয়া তার বক্তব্যে স্পষ্ট করেন, তিনি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি কেন্দ্রিক রাজনীতির সাথে জড়িত ছিলেন না এবং ভবিষ্যতেও থাকবেন না। তবে দেশের স্বার্থে ও সংস্কারের পক্ষে তিনি সবসময় সংগ্রামে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

    তিনি লেখেন, ‘দেশের স্বার্থে আমি সবসময় লড়াই করে যাবো। আমাকে সবসময় দেশের পক্ষে পাওয়া যাবে ইনশাআল্লাহ।’

     

  • এক ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্বে সর্বোচ্চ ১০ বছর

    এক ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্বে সর্বোচ্চ ১০ বছর

    রাজনৈতিক ক্ষমতা যেন আজীবনের পুঁজি না হয় এই অভিন্ন উপলব্ধিকে সামনে রেখে দেশের ৩০টি রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারবেন। একইসঙ্গে স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবেও একমত রাজনৈতিক দলগুলো।

    রবিবার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে এই ঐতিহাসিক মতৈক্যে পৌঁছে দলগুলো।

    বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলনসহ ৩০টি দল অংশ নেয়।এদিনের বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটে স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব নিয়ে। কমিশনের পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ কাঠামো উপস্থাপন করা হয়, যাতে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়।

    প্রস্তাব অনুযায়ী পুলিশ কমিশনের প্রধান হবেন অবসরপ্রাপ্ত একজন আপিল বিভাগের বিচারপতি (৭২ বছরের নিচে)। সদস্য সচিব হবেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি (৬২ বছরের নিচে)।

    কমিশনে সরকার ও বিরোধী দল উভয়ের প্রতিনিধি থাকবেন, যার মধ্যে থাকবেন স্পিকার, বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, মানবাধিকারকর্মী ও সিনিয়র আইনজীবী। অন্তত ২ জন নারী সদস্য বাধ্যতামূলক।

    কমিশনের চেয়ারম্যান ও সদস্য সচিব পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। কমিশনের কার্যকারিতা, জবাবদিহিতা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নির্ধারিত হবে একটি স্বতন্ত্র আইনের মাধ্যমে। কমিশনের লক্ষ্য হবে পুলিশ বাহিনীর পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং জনগণের আস্থা নিশ্চিত করা।

    ড. আলী রীয়াজ জানান, সোমবারের মধ্যেই সব দলের কাছে জাতীয় সনদের খসড়া পাঠানো হবে। সেখানে এই দুই প্রস্তাবসহ সংলাপের আলোচ্য বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। আগস্টের মধ্যেই একটি ঐকমত্যভিত্তিক গণতান্ত্রিক রোডম্যাপ প্রকাশের প্রস্তুতি চলছে।

    কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, আমরা একটি বিষয়ে এক মত হয়েছিলাম, কিন্তু সেটা ঘোষণা করা হয়নি। তা হলো এক ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন। এখন সেটা লিখিতভাবে জাতীয় সনদে অন্তর্ভুক্ত করা হবে।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ সময় বলেন আমরা আগেই বলেছি—১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবেন না। এটা আমাদের প্রস্তাব। তবে সংবিধান সংশোধনের পাশাপাশি নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে যুক্তিসঙ্গত কাঠামো না হলে আগের শর্ত আমরা পুনর্বিবেচনা করব।

  • চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই পূণর্জাগরণ’ কর্মসূচী পালন 

    চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই পূণর্জাগরণ’ কর্মসূচী পালন 

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচীর অংশ হিসেবে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভা হয়। সারাদেশের সকল জেলায় এক যোগে আয়োজিত অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

    বৈষম্যমুক্ত দেশ গঠনে শপথ নেন অংশ গ্রহণকারীরা। দেশ গড়তে এই শপথ করা হয়, ‘দেশের সকলকে এক সাথে নিয়ে দারিদ্র্যমুক্ত, সহিংসতা মুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়ব। কারণ সরকার মানে আমি, আর রাষ্ট্র মানে আমরা। দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষার চাদরে ঢেকে দিতে আমরা বদ্ধ পরিকর।

    সেবার অভিগম্যতা নিশ্চিত করা সবার দায়িত্ব। অঙ্গীকার করছি নারী ও শিশু নির্যাতন দুর করে শহরে, গ্রামে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। ঘরে, রাস্তায়, কর্মস্থলে, বিদ্যাপিঠে, সাইবার স্পেইসে গড়ে তুলব নারী ও শিশুর নিরাপদ বিচরণ। পিছিয়ে পড়া তরুণ সমাজকে চালিকা শক্তি করে সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করব।’

    অন্যদিকে, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ সমাজ সেবা কার্যালয় ও
    মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ মুক্ত মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম।

    আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, সিভিল সার্জন এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলোন চাঁপাইনবাবগঞ্জের আহবায়ক মোঃ আব্দুর রাহিম।

    সভায় জেলা প্রশাসক বলেন, দেশ গঠনে সবাইমিলে আমাদের দায়িত্ব পালন করতে হবে, জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। জুলাই আন্দোলনে আমাদের তরুণ ছাত্র সমাজ আমাদের পথ দেখিয়েছে, তাদের সাথে ছিল আমাদের মেয়েরাও। সেই কন্যাযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে আজকের এই অনুষ্ঠান মালা।

    আমরা দেখেছি, ১৬ জুলাই যেদিন আবু সাঈদ শহিদ হলেন, সেদিন আন্দোলনে একটি নতুন মাত্রা যোগ হয়। ঢাকা বিশ^বিদ্যালয়ে যখন ছাত্রীদের ওপর পেটুয়াবাহিনী ও টোকাইরা এবং নামধারী ছাত্র সংগঠন (নিষিদ্ধ ছাত্রলীগ) যখন ন্যাক্কারজনক হামলা চালায়, তখন জুলাই আন্দোলন আরো বেগবান হয়।

    জুলাই আন্দোলনে জুলাই কন্যাদের অনেক ভূমিকা রয়েছে। সেই কন্যাদের আমরা শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে জুলাই আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

  • কেন্দ্রীয় ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত

    কেন্দ্রীয় ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত

    কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত (রিফাত রশিদ)। চাঁদাবাজির দায়ে নেতাকর্মীদের গ্রেপ্তার ইস্যুতে এই ঘোষণা দিলেন তিনি।

    রিফাত বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান করছি, আজকের সংবাদ সম্মেলনের পর থেকে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে, আপনারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের হেল্প লাগলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব।

    তিনি আরও বলেন, বৈষ্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া এই মুহূর্ত কোনো লিগ্যাল বডি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ফাংশন করতেছে না। এর পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

  • রাষ্ট্রীয় অবদান কোটায় প্লট বরাদ্দ পেয়েছেন শেখ হাসিনার ১৫ ড্রাইভার

    রাষ্ট্রীয় অবদান কোটায় প্লট বরাদ্দ পেয়েছেন শেখ হাসিনার ১৫ ড্রাইভার

    ক্ষমতাচ্যুত শেখ হাসিনা শুধু নিজের পরিবারের সদস্যদের জন্যই রাজউক থেকে প্লট বরাদ্দ নেননি বরং তার দপ্তরের ১৫ জন ব্যক্তিগত গাড়িচালকের নামেও তিন ও পাঁচ কাঠা আকারে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এমন অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানায়।

    দুদকের একটি দল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযান চালিয়ে বিশেষ বিবেচনায় দেওয়া কিছু প্লট বরাদ্দের নথিপত্র জব্দ করেছে।

    প্লট পাওয়া ১৫ ড্রাইভার হলেন—সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম লিটন, রাজন মাতবর, মাহবুব হোসেন, শাহীন, মতিউর রহমান, নুর হোসেন ব্যাপারী, বোরহান উদ্দিন, বিললা হোসেন, মিজানুর রহমান, বাচ্চু হাওলাদার, নুরুল আলম এবং নুরুন্নবী।

    ওইসব নথিতে দেখা যায়, ‘অসামান্য অবদানের স্বীকৃতি’র কোটায় সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত একাধিক সচিব ও ভিআইপিদের মোট ১৫ জন চালককে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

    দুদকের সূত্রে মতে, বরাদ্দ অনুযায়ী দুই জন চালককে তিন কাঠা করে এবং তিন জনকে পাঁচ কাঠা করে জমি দেওয়া হয়। ঝিলমিল প্রকল্পে এই বিশেষ বরাদ্দের তালিকায় আরও রয়েছেন ৪৫ জন ব্যবসায়ী, ২ জন বাংলাদেশি ব্রিটিশ নাগরিক, সাংবাদিক, বিচারপতি ও অন্যান্য পেশার লোকজনও রয়েছে।

     

  • রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন মাইলস্টোন স্কুলের নিহত দুই শিক্ষক

    রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন মাইলস্টোন স্কুলের নিহত দুই শিক্ষক

    যুদ্ধবিমান দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের রক্ষায় সাহসী ও বীরত্বপূর্ণ অবদানের জন্য মাইলস্টোন স্কুলের নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপ-দেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক হয়েছে। বৈঠকের শুরুতে মাইল-স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।

    এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।উপদেষ্টা পরিষদের বৈঠকে ওই স্কুলের নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

    এ সম্মাননার বিস্তারিত অতিদ্রুত নির্ধারণ করা হবে।নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে সমন্বয় করবে।

  • চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৯

    চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৯

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের চালানো বিশেষ অভিযানে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় পর্যায়ের নেতাসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

    জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শিবগঞ্জ থানার একটি দল অভিযান চালিয়ে উপজেলার বাগান টুলি এলাকা থেকে গ্রেফতার করে মোঃ সফিউল ইসলাম ওরফে ‘কানা নিরব’ (২৭) নামের এক ব্যক্তিকে, যিনি শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

    এদিকে, নাচোল থানা পুলিশ পৃথক অভিযানে ইসলামপুর গ্রামের মৃত বেলাল আনসারীর ছেলে মোঃ মঞ্জুর আনসারী (৪২), যিনি নাচোল পৌর ছাত্রলীগের সদস্য এবং ঘিওন ডাউনপাড়া গ্রামের মোঃ অমিত হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের একজন সদস্যকে গ্রেফতার করেছে।

    অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে হুজরাপুর এলাকার মৃত আঃ মালেকের ছেলে শহিদুল ইসলাম ও মহারাজপুর ইউনিয়নের দুরুল হুদা নামের আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

    তবে কী কারণে তাদের গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়ে পুলিশ বিস্তারিত কোনো তথ্য জানায় নি। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। অভিযান পরিচালনা করে সদর, শিবগঞ্জ ও নাচোল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ছাত্র ও যুব সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন।

    পুলিশ বলছে, জেলা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন, জেলা আওয়ামীলী গের সহ-সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন রেজা এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও স্বাচিপ এর জেলা সভাপতি ডাঃ গোলাম রাব্বানী কে আটকের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন ও ডাঃ গোলাম রাব্বানী কে সদর মডেল থানার মালখানা লুটের মামলায় এবং গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন রেজা কে বিস্ফোরক মামলায় তদন্ত প্রাপ্ত অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের এক কর্মকর্তা।

    অন্যদিকে, গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জামান উদ্দীন ভেন্ডার কে বুধবার বিকেলে নিমতলা কাঠাল মাদ্রাসা মোড়ে আটক করে পুলিশ।

  • সাটুরিয়ায় ভিক্ষুকের শেষ ইচ্ছা পূরণ করলো গ্রামবাসী

    সাটুরিয়ায় ভিক্ষুকের শেষ ইচ্ছা পূরণ করলো গ্রামবাসী

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চামারখাই গ্রামের মৃত ভিক্ষুক আমিলা বেগমের শেষ ইচ্ছা পূরণ করেছেন স্থানীয় গ্রামবাসী ও আত্মীয়স্বজন। তার মৃত্যুর পর তার নামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যা ছিল আমিলা বেগমের শেষ আকাঙ্ক্ষা।

    গতকাল সোমবার (২২ জুলাই) সাটুরিয়া উপজেলার আইরমারা গ্রামে আমিলা বেগমের নাতি মোঃ জসিম উদ্দিনের বাড়িতে জোহরের নামাজের পর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করে আমিলা বেগমের আত্মার মাগফিরাত কামনা করেন।

    উল্লেখ্য, আমিলা বেগম তার জীবদ্দশায় গ্রামবাসীর কাছে অনুরোধ করে যান যেন তার মৃত্যুর পর তার নামে দোয়ার আয়োজন করা হয়। তার এই শেষ ইচ্ছাকে শ্রদ্ধা জানিয়ে গ্রামবাসী এ উদ্যোগ নেয়।

    এদিকে, আমিলা বেগমের রেখে যাওয়া ৮০ হাজার টাকার একটি অংশ আত্মসাৎ হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে প্রশাসনের সহযোগিতায় ৬০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়। স্থানীয় চামারখাই কৃষি সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের মধ্যস্থতায় এই টাকা ফেরত দিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

    আমিলা বেগমের নাতি মোঃ জসিম উদ্দিন বলেন,”আমার দাদীর শেষ ইচ্ছা পূরণ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

    এই ঘটনায় গ্রাম্য সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, যা সামাজিক সম্প্রীতি ও মানবিকতার উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে