Category: সারাদেশ

  • মানিকগঞ্জে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র উন্নয়নে মতবিনিময় সভা

    মানিকগঞ্জে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র উন্নয়নে মতবিনিময় সভা

    বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের উদ্যোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দোতরাস্থ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন, সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন বিষয়ে এক মতবিনিময় সভা আজ সকাল ১১:৩০টায় অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের বীর, মুক্তিযোদ্ধা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

    সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। সভায় বক্তারা স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও সৌন্দর্য বর্ধনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া স্কাউট কার্যক্রমকে আরও গতিশীল ও যুগো-পযোগী করে তুলতে বিভিন্ন পরামর্শ ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

    প্রধান অতিথি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তাঁর বক্তব্যে বলেন, “স্কাউটিং শুধু একটি আন্দোলন নয়, এটি একটি জীবন গঠনের চর্চা। উন্নত প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠলে এখান থেকে আদর্শ নাগরিক তৈরি হবে।” সভাপতি ড. মানোয়ার হোসেন মোল্লা আশ্বাস দেন, স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজনীয় উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের জন্য জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।

    এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন), নির্বাহী প্রকৌশলী (সড়ক ও জনপথ বিভাগ), জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সহ জেলা ও আঞ্চলিক স্কাউট কর্মকর্তাবৃন্দ।

    মতবিনিময় সভায় প্রধান আলোচনা ছিল, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রশিক্ষণ কেন্দ্র পর্যন্ত সিসি ঢালাই রাস্তা ও কালভার্ট নির্মাণ ও মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের অব্যবহৃত জায়গায় জলাধার নির্মাণের অনুমতি এবং প্রশিক্ষণ কেন্দ্রের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি বসতবাড়ি উচ্ছেদ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।

    সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্কাউট নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন।

  • আগামী ৬ মে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

    আগামী ৬ মে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

    বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়েছে। পূর্বনির্ধারিত তারিখ ৫ মে’র পরিবর্তে তিনি আগামী ৬ মে (মঙ্গলবার) লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে তার দেশে ফেরার তারিখ পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন।

    শায়রুল কবির খান আরও জানান, কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন থেকে ঢাকায় আসবেন। এ যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূও দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।

    প্রায় পাঁচ মাস আগে, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার শারীরিক অসুস্থতার খোঁজখবর নিয়ে রাজকীয় বহরের একটি বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) বরাদ্দ দেন, যার মাধ্যমে তিনি লন্ডনে যান। সেখানে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৫ জানুয়ারি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসভবনে স্থানান্তরিত হন এবং সেখানেই তার চিকিৎসা চলছিল।

    খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন।

     

  • গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

    গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।রোববার (৪ মে) সন্ধ্যায় এ হামলা হয় জানিয়ে এনসিপির একাধিক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।

    দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে লিখেছেন, হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।

    এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ লিখেছেন, ‘গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে।’তবে ঠিক কী কারণে তিনি গাজীপুরে গিয়েছিলেন, কারাই বা হামলা করেছে তাৎক্ষণিক তা জানা যায়নি।

  • সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাসা হতে ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

    সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাসা হতে ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

    মানিকগঞ্জ সদর থানা পুলিশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার বনানীর বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত ও শনিবার দিনে অভিযান শেষে তাদের রাত পৌনে ৮টায় থানায় হাজির করা হয়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ শনিবার (৩ মে) রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন ।

    গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ রানা ও সাফি মীর, ছাত্রলীগের সক্রিয় কর্মী আবিদ হোসেন ও হৃদয় হোসেন। তাদের সকলের বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

    জানা যায়, ১৫ এপ্রিল দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।  ৭ দিনের রিমাণ্ড চেয়ে রোববার দুপুরে তাদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

    এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, দুদিনের টানা অভিযানের পর আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এই ৫ জনকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হবে।

     

  • চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার (সাংগঠনিক) বীর মুক্তিযোদ্ধা মোঃ তরিকুল আলম।

    সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৬ এপ্রিল শনিবার শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে জেলা পুলিশ আয়োজিত ‘চাঁপাইনবাবগঞ্জ জেলায় সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে সুধী সমাবেশে’ বীর মুক্তিযোদ্ধা মোঃ তরিকুল আলম বক্তব্য দেয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সাংসদ অধ্যাপক লতিফুর রহমান বক্তব্য প্রদানে বাধা এবং অসৌজন্যমূলক আচরন করেন।

    শেষ পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা মোঃ তরিকুল আলম ওই সমাবেশে বক্তব্য রাখতে পারেন নি। সমাবেশে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি, ছাত্র-জনতা উপস্থিত থাকলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।

    সংবাদ সম্মেলনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার প্রতি এমন বিরুপ আচরন ও কটাক্ষের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং স্বরাষ্ট্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

    সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন। প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন স্থানের বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। সংবাদে সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

    লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৬ এপ্রিল/২৫ তারিখ শনিবার বিকেল ৪ টার সময় শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মোঃ তরিকুল আলম, সহকারী কমান্ডার (সাংগঠনিক), জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, চাঁপাইনবাবগঞ্জ-কে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়ে থামিয়ে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান।

    এই ঘটনার প্রতিবাদে এই প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন। ‘আমরা ৭১ এর মুক্তিযুদ্ধে আত্মদানকারী ও সকল মৃত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি জুলাই অভুত্থানে শহীদদের মাগফেরাত কামনা করছি’।

    সম্মেলনে আরও বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সার্বিক আইনশৃঙ্খলার বিষয়ে সুধী সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।

    এই সুধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামায়াতের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্র-জনতা ও অন্যান্য দলের নেতা সহ সুধীবৃন্দ। তাছাড়াও অতিরিক্ত পুলিশ সুপারের আমন্ত্রণে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাংগঠনিক কমান্ডের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম।

    বিভিন্ন প্রচার মাধ্যম, টেলিভিশন, ফেসবুক হতে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সহকারী কমান্ডার (সাংগঠনিক) মোঃ তরিকুল আলম বক্তব্য দিতে গিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টকে না মেলানোর আহ্বান জানান।

    এসময় সামনের সারিতে বসা জামায়াত নেতা লতিফুর রহমান উত্তেজিত হয়ে আঙুল উচিয়ে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেড়ে আসেন।

    চিৎকার করে এর প্রতিবাদ জানিয়ে জোরপূর্বক বক্তব্য বন্ধ করতে বাধ্য করেন। তরিকুল আলম তার বক্তব্য শেষ করার জন্য অনুরোধ জানালেও শেষ পর্যন্ত কোন বক্তব্য রাখতে পারেন নাই এবং জেলা পুলিশ তখন নীরব ভূমিকা পালন করেন।

    বিষয়টি আমাদের জন্য লজ্জাজনক এবং হতাশাব্যঞ্জক। এই ঘটনার পরপরই ডিআইজি সাহেবকে বিষয়টি জানিয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। আপনাদের জানাতে চাই-মুক্তিযুদ্ধ ও অভুত্থান এক নয়।

    এই প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে মুক্তিযোদ্ধাদের প্রতি এরূপ বিরূপ আচরণ ও কটাক্ষের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে যেন বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এরূপ বিরূপ আচরণ ও কটাক্ষ করা না হয়, সে ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য জোর দাবী জানাচ্ছি।

    এছাড়া, অমুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম কর্তৃক ফেসবুক স্ট্যাটাসে মিথ্যা ও অসত্য তথ্য প্রকাশ ও ২৮/৪/২০২৫ তারিখ নয়াদিগন্ত পত্রিকায় এবং দিগন্ত টেলিভিশনে মিথ্যা ও অপ্রাসংগিক সাক্ষাতকার প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে।

    এছাড়াও খাইরুল ইসলাম ২৮/০৪/২০২৫ ইং তারিখ নয়াদিগন্ত পত্রিকা ও দিগন্ত টেলিভিশনে ১৯জন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অত্যন্ত অশালীন, আপত্তিকর, মিথ্যা ও বানোয়াট ভাষা ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ ও সাক্ষাৎকার দিয়েছেন। এই সংবাদ সম্মেলন থেকে তারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

  • সাটুরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গে সভাপতিসহ বিএনপির ৩ জনকে শোকজ

    সাটুরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গে সভাপতিসহ বিএনপির ৩ জনকে শোকজ

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দরগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদককে শোকজ করেছে দলটি। শুক্রবার (২ মে) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।

    উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ ও সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারের যৌথ স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    শোকজ পাওয়া নেতারা হলেন- দরগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, দরগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির সহছাত্রবিষয়ক সম্পাদক ফয়জুল করিম শামীম।

    বিজ্ঞপ্তিতে তিন নেতাকে ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর লিখিত জবাব চাওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।

     

  • স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

    স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

    ৪৫০ কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া অ্যাফেয়ার্স উইং শনিবার এ তথ্য জানিয়েছে।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম ও উন্নত  কৌশলের বৈশিষ্ট্যসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরামিতি যাচাই করা।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছ, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং অন্যান্য সামরিক প্রধানরা দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় বাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং প্রযুক্তিগত দক্ষতার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।

    আইএসপিআর সফল উৎক্ষেপণের একটি ভিডিওও প্রকাশ করেছে। পাকিস্তানের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন সময় হলো যখন, ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়।

    এ ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল, পাকিস্তানের ওপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ভারত।

     

  • বিস্তারিত ফজলুর রহমানের মন্তব্য একান্ত ব্যক্তিগত

    বিস্তারিত ফজলুর রহমানের মন্তব্য একান্ত ব্যক্তিগত

    সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আ. ল. ম. ফজলুর রহমানের মন্তব্য তার একান্ত ব্যক্তিগত। এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    এতে বলা হয়, বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলতে চায় যে ফজলুর রহমানের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে করা সাম্প্রতিক মন্তব্যগুলো কেবল ব্যক্তিগতভাবে প্রকাশ করা হয়েছে। এই মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন ঘটায় না এবং তাই সরকার কোনোভাবেই এই ধরনের বক্তব্যকে সমর্থন করে না।

    একইসঙ্গে বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট সকলকে ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারকে যুক্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ সকল জাতির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

    উল্লেখ্য, পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আ. ল. ম. ফজলুর রহমান।

  • ‘যদি কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে

    ‘যদি কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে

    ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে আজ শুক্রবার (২ মে) মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে সমাবেশটি আয়োজিত হবে।

    সমাবেশের আগে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শুক্রবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠেয় বিক্ষোভ সমাবেশে যোগ দিন। ’

    সমাবেশে উপস্থিত হয়ে প্রতিবাদ জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ।

    এর আগে গত বৃহস্পতিবার (১ মে) হাসনাত আবদুল্লাহ নিজের ভেরি-ফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এ দেশের ওপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। ’

     

  • মানিকগঞ্জে ‘ডাক্তার’ সেজে প্রজন্ম লীগ নেতার প্রতারণা

    মানিকগঞ্জে ‘ডাক্তার’ সেজে প্রজন্ম লীগ নেতার প্রতারণা

    মানিকগঞ্জ সদর হাসপাতালের পাশেই গড়ে উঠেছে গ্রীন লাইফ হাসপাতাল। সেখানেই চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন মানিকগঞ্জ জেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রদীপ বসু।

    ডিগ্রী না থাকলেও নিজের নামের সাথে ডাক্তার লিখে প্রতিদিনই রোগী দেখছিলেন তিনি। মোটা অংকের ফি নিয়ে দিচ্ছিলেন ব্যবস্থাপত্র।  বুধবার (৩০ এপ্রিল) দুপুরে গ্রীন লাইফ হাসপাতালে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক।

    ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসাবাদে প্রদীপ বসু জানান, তার ডিএমএফ ডিগ্রি রয়েছে এবং বিএমডিসির ‘ডি ক্যাটাগরি’ রেজিস্ট্রেশন নিয়েই রোগী দেখছেন। তবে তিনি স্বীকার করেন, তার এমবিবিএস বা বিডিএস ডিগ্রি নেই।

    তিনি দাবি করেন, হাইকোর্টে একটি রিট করেছেন। সেই রিট বিচারাধীন অবস্থায় চিকিৎসা চালিয়ে যাওয়া তার অধিকার। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক বলেন, রোগীদের সঙ্গে প্রতারণা করে নিজেকে ‘ডাক্তার’ হিসেবে পরিচয় দেওয়া এবং ভুয়া ডিগ্রি প্রদর্শন করা গুরুতর অপরাধ।

    তাই বিএমডিসি আইন অনুযায়ী প্রদীপ বসুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে তাকে সতর্ক করা হয়েছে। এসময় মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এম আর পারভেজসহ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।