Category: সারাদেশ

  • মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে সার্জিক্যাল যন্ত্রপাতি ক্রয়ে পুকুরচুরি !

    মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে সার্জিক্যাল যন্ত্রপাতি ক্রয়ে পুকুরচুরি !

    দুর্নীতির ‌‘স্বর্গরাজ্যে’ পরিণত হয়েছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল। সার্জিক্যাল যন্ত্রপাতি ক্রয়ের নামে লুটপাট অব্যাহত রেখেছে একটি চক্র। সম্প্রতি হাসপাতালের জিনিসপত্র কেনার নামে পুকুরচুরির একটি চিত্র সংবাদ মাধ্যমের হাতে এসেছে।

    নথি ঘেঁটে দেখা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে চীনে উৎপাদিত ব্লাড লাইন সেট ক্রয় করা হয়েছে ১২০০টি; সেখানে প্রতিটির দাম ধরা হয়েছে তিন হাজার ৪৪৭ টাকা ৫০ পয়সা। অথচ এর বাজারমূল্য মাত্র ২৬০ টাকা। চীনে উৎপাদিত হেমো ডায়ালাইজার সেট কেনা হয়েছে তিন হাজার ৭৪৩ টাকা দিয়ে ৩৩৯টি। অথচ এর বাজারমূল্য ৮৭০ টাকা। ভারতে উৎপাদিত স্কিন স্ট্যাপলার কেনা হয়েছে এক হাজারটি, যার মূল্য ধরা হয়েছে এক হাজার ১৮২ টাকা। বাজারে এর প্রকৃত মূল্য মাত্র ৮০০ টাকা।ভারতে উৎপাদিত পোলেন সফট মেস কেনা হয়েছে ৫০০টি, যার প্রতিটির দাম ধরা হয়েছে ৫ হাজার ৫২৫ টাকা। অথচ বাজারে সবচেয়ে ভালোটার দাম মাত্র দুই হাজার ১০০ টাকা।

    পাকিস্তানে উৎপাদিত এভি ফিস্টুলা নিডেল (সুই) কেনা হয়েছে ১২০০টি। এর প্রতিটির দাম ধরা হয়েছে তিন হাজার ৭৪৩ টাকা করে। অথচ বাজারে সবচেয়ে ভালোমানের এই সুইয়ের দাম মাত্র ৭০ টাকা। ওই অর্থবছরে ঠিক এভাবেই কারসাজি করে ৪৫৫টি সার্জিক্যাল যন্ত্রপাতি কয় করে প্রতিষ্ঠানটি।

    স্বাস্থ্য অডিট অধিদপ্তরের এক প্রতিবেদনে অডিট আপত্তির প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে এমআরপি মূল্যের চেয়ে অধিক মূল্যে এমএসজার সামগ্রী ক্রয় করায় ৪৬ লাখ ৮ হাজার ৪৮৮ টাকা, বাজারদর অপেক্ষা অধিক মূল্যে এমএসজার লিলেন সামগ্রী কেনায় ৩২ লাখ ৪৩ হাজার ৪৪৭ টাকা এবং প্রয়োজন না থাকা সত্ত্বেও গজ, ব্যান্ডেজ, তুলাসামগ্রী কেনায় সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ৪১ লাখ ৮ হাজার ৬৪৬ টাকা।

    এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘আমি হুকুমের গোলাম। আমাকে যা বলতো আমি তাই করতাম। তাছাড়া অডিট ও অফিসের কিছু বিষয় থাকে সেগুলোও তো দেখতে হয়।’

     

  • পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহত ১০

    পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহত ১০

    পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দিল্লির বিমান হামলার জবাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান যখন ভারী গোলাবর্ষণ শুরু করে তখন এই ঘটনা ঘটে।

    এদিকে ভারতের বিমান হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী এ তথ্য নিশ্চিশ করেছে।

    তবে সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের হামলায় পাকিস্তানে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, ভারত ছয়টি স্থানের ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

    পহেলগামের ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এ সময় ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

     

  • শরীয়তপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুটি, যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা 

    শরীয়তপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুটি, যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা 

    ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপা-ডিকো) শরীয়তপুরের অধীন নির্মাণ করা বিদ্যুতের খুটি স্বর্ণঘোষ এলাকায় রাস্তার উপর ঝুঁকে রয়েছে।

    ঝুঁকে পড়া খুঁটি টেনে বাঁধা হয়েছে বসত বাড়ির উঠানের গাছে, এক খুঁটি অপর খুটির সাথে ও রাস্তার পাশের গাছের সাথে। যে কোন সময় সেই সকল খুঁটি উল্টে গিয়ে বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা করছেন এলাকা-বাসী। কর্তৃপক্ষকে বারবার অবগত করেও কোন সুফল মেলেনি তাদের।

    স্থানীয় সুত্র জানায়, জেলা শহরের চৌরঙ্গী থেকে স্বর্ণঘোষ দিঘিরপার পর্যন্ত সড়কের দুই পাশে শরীয়তপুর অজোপাডিকো বিদ্যুতের খুঁটি স্থাপন করেছে। প্রতিটি খুটির উপরের অংশে ১১ কেভি বিদ্যুৎ সরবারাহ হয়। নিচের অংশে ৯ লাইন বিদ্যুতের তার রয়েছে। একই খুটিতে রয়েছে শরীয়তপুর পৌরসভার সড়ক বাতির তার। এতো ভারী ওজন বহনকারী খুটিগুলি এদিক ওদিক হেলেদুলে রয়েছে।

    খুটি খাড়া করে রাখতে টানা দেওয়া হয়েছে বাড়ির ভিতরের গাছের সাথে, সড়কের পাশে ধাকা গাছের সাথে ও অন্য আরেক খুটির সাথে। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। অতি বিলম্বে হেলেদুলে পরা খুটি মেরামতের জন্য বিদ্যুৎ বিভাবেগর প্রতি আহবান জানিয়েছেন এলাকাবাসী।

  • দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

    দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

    যুক্তরাজ্যের লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ রাজকীয় বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।

    খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছেন তার দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বিগত বছরগুলোতে শামিলা রহমান বিভিন্ন সময় দেশে অবস্থান করলেও ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশত্যাগের পর এই প্রথম দেশে ফিরতে পারলেন জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    দলের প্রধানকে স্বাগত জানাতে এদিন ভোর থেকে বিমানবন্দর এলাকায় সড়কের দুপাশের ফুটপাতে নেতাকর্মীদের ঢল নেমেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর সড়কে জড়ো হয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনানী, খিলক্ষেত ও বিমানবন্দরের সড়কের দুপাশে অবস্থান নেন।

    দেশে ফিরেছেন খালেদা জিয়াখালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ঢল। দলীয় সূত্র জানিয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত সড়কের দুপাশে অবস্থান নিয়ে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাবেন। নেতাকর্মীর অবস্থান ঘিরে গুলশানে বাসভবনের সামনে, বনানী-খিলক্ষেত সড়কে ও বিমানবন্দর এলাকায় বিপুল সংখ্যক সেনা, পুলিশ, র‌্যাব, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

    এদিকে, দলের চেয়ারপারসনের আগমন ঘিরে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজসজ্জা করা হয়েছে। তার স্বাস্থ্যের জটিলতা বিবেচনায় রেখে সেখানে বিশেষ মেডিকেলের প্রস্তুতি নেওয়া হয়েছে। আধুনিক ও জরুরি চিকিৎসা সুবিধাসম্পন্ন কেন্দ্রে রূপান্তর করা হয়েছে বাসভবনটি, যেন কোনো ধরনের স্বাস্থ্য সংকটে দ্রুত সাড়া দেওয়া যায়।

    উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি রাত ১১টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। পরদিন বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর তাকে সেখান থেকে সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ নিয়ে ভর্তি করা হয়।

    ১৭ দিনের ক্লিনিক-পর্ব শেষে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা দেওয়া হয় তাকে। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে দেশে ফিরলেন সাবেক এ প্রধানমন্ত্রী।

  • গোপালগঞ্জে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় অভিযুক্তসহ প্রধান শিক্ষককে গণধোলাই

    গোপালগঞ্জে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় অভিযুক্তসহ প্রধান শিক্ষককে গণধোলাই

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে অভিযুক্তের ভাই প্রধান শিক্ষককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। এ সময় অভিযুক্তসহ প্রধান শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। উল্লেখ্য অভিযুক্ত একই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরউদ্দিনের ভাই বিজ্ঞান বিভাগের শিক্ষক সাইফুদ্দিন কাজল বিভিন্ন শ্রেণীর ছাত্রীদের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিভিন্ন সময় এসব ঘটনা জানাজানি হলেও প্রধান শিক্ষকের প্রভাবে কেউ মুখ খুলতে সাহস পায়নি।

    গতকাল সোমবার রাতে দশম শ্রেণীর এক ছাত্রীকে মোবাইল ফোনে কুপ্রস্তাব দিলে ওই ছাত্রী কৌশলে সাইফুদ্দিন কাজলের কথা রেকর্ড করে অভিভাবকদের জানায়। পরে অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ- মাধ্যমে ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন। মঙ্গলবার প্রতিদিনের মতো স্কুলের কার্যক্রম শুরু হয়।

    অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীরা ক্লাসে না গিয়ে অভিযুক্ত শিক্ষক সাইফুদ্দিন কাজলের পদত্যাগ ও বিচারের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে রাধাগঞ্জ-কুশলা সড়কে অবস্থান নেয়।

    এসময় প্রধান শিক্ষক নাসিরউদ্দিন বিদ্যালয়ে আসছিলেন। বিক্ষুব্ধ এলাকাবাসীর রোষানলে পড়ে তিনি গণধোলাইয়ের শিকার হন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনাস্থলে উপস্থিত হলে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনে পদত্যাগ এবং বিচারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে। এ সময় মো. মাসুম বিল্লাহ দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে সাইফুদ্দিন কাজলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।

    ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ‘‘একজন শিক্ষক হয়ে মেয়ের বসয়ী ছাত্রীকে সে কীভাবে কুপ্রস্তাব দেয়? সাইফুদ্দিন কাজল দীর্ঘদিন ধরে বিভিন্ন মেয়েকে কুস্তাব দিচ্ছে। আমরা একাধিকবার প্রধান শিক্ষককে বিষয়টি জানালেও তিনি তার ভাইয়ের বিচার করেননি।’’

    দশম শ্রেণীর অপর শিক্ষার্থী সুরভী অভিযোগ করে বলেন, ‘‘সাইফুদ্দিন কাজল স্যার ক্লাসে ও প্রাইভেট পড়ার সময় প্রায়ই ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করত এবং কুপ্রস্তাব দিতো। আমরা প্রতিবাদ করতে চাইলে পরীক্ষায় ফেল করানোর হুমকি দিতো। ভয়ে আমরা চুপ থাকতাম।’’ এ বিষয়ে জানার জন্য বিদ্যালয়ে ও বাড়িতে গিয়ে প্রধান শিক্ষক নাসিরউদ্দিন এবং সাইফুদ্দিন কাজলকে পাওয়া যায়নি।

     

  • সাটুরিয়ার প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকের আত্মহত্যা !

    সাটুরিয়ার প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকের আত্মহত্যা !

    প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় রাসেল (১৭) নামে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার (২ মে) মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার বালিয়াটি ইউনিয়নের শিমুলিয়া গ্রামে দিবাগত রাত আটটার দিকে নিজ বাড়িতে বিষপানে করে ওই কিশোর ।

    একপর্যায়ে পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে প্রেরণ করেন। মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়। সোমবার (৫ মে) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর মারা যান।

    রাসেল এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি শিমুলিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, পাশের গ্রামের একই বয়সী মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে রাসেলের। ওই মেয়ের অন্যত্র বিয়ে ঠিক হলে রাসেল তার পরিবারের বিষয়টি জানান। পরিবারের লোকজন ছেলের বিষয়ে অবগত হয়ে মেয়ের পরিবারকে জানান এবং বিয়ের জন্য প্রস্তাব দেয়। কিন্তু মেয়ের পরিবার রাজি না হওয়ায় অভিমানে রাসেল বিষপান করেন।

    সাটুরিয়া থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার ) আরিফ খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

  • মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ২১৭ জনের নামে মামলা

    মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ২১৭ জনের নামে মামলা

    মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলার অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক পুলিশ সুপার গোলাম আজাদ খানসহ ২১৭ জনের নামে মামলা হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মেহেরাব হোসাইন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

    মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ জুলাই সকাল ১০টায় ছাত্র-জনতা জেলার আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি খালপাড় ব্রিজের দিকে গেলে, পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা আসামিরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়।

    হামলায় মো. আরমান হোসাইন, হাসনা হেনা, মাহফুজ হোসাইন, তন্ময়সহ অনেকে গুরুতর আহত হন। আহতদের মধ্যে আরমান ও হাসনাকে ব্রিজের ওপর ফেলে ধারালো রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। প্রথম দফার হামলার পর দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মানরা এলাকায় শিক্ষার্থীরা আবারও জমায়েত হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য (তৎকালীন) জাহিদ মালেক ও সাবেক পুলিশ সুপার গোলাম আজাদ খানের নেতৃত্বে ছাত্রলীগ-আওয়ামীপন্থি বাহিনী আবারও দেশীয় অস্ত্র-আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আহত শিক্ষার্থীরা মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে গেলে চিকিৎসক ও কর্মীরা তাদের ফিরিয়ে দেন। এরপর কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানেও একই চিত্র দেখা যায়।

    মামলায় অভিযোগ করা হয়, হাসপাতালের উপ-পরিচালক ও মামলার ৩২ নম্বর আসামি ডা. জহিরুল করিম ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে মিলে আহতদের জোরপূর্বক বের করে দেন। পরে শিক্ষার্থীরা বাধ্য হয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

    মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এস এম জাহিদ, সাবেক সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভার সাবেক মেয়র রমজান আলী প্রমুখ। এছাড়াও যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা, সাবেক জনপ্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক ও পুলিশের সাবেক কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

     

     

     

  • ঢাকার পথে বেগম খালেদা জিয়া !

    ঢাকার পথে বেগম খালেদা জিয়া !

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সফরসঙ্গীসহ লন্ডনে তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্য রওনা করেছেন।

    সোমবার (৫ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

    দলীয় সূত্র জানিয়েছে, লন্ডনের গ্রিনিচ সময় সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে) ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া।

     

  • বিমান বাহিনীর সাবেক প্রধানের সপরিবারে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

    বিমান বাহিনীর সাবেক প্রধানের সপরিবারে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

    দুর্নীতির অভিযোগ থাকায় বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং মেয়ে সানজিদা আক্তারসহ ১২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক পাঁচটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার আদেশ দেন।

    দুদকের অনুসন্ধান টিমের তদন্ত কর্মকর্তারা এই নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য দিয়েছেন।

    নিষেধাজ্ঞার আওতায় আসা অন্যরা হলেন, এস আলম গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের (এস আলম) দৌহিত্র আরিফ আহমেদ,সনি, জাফর আহমদ ও তার ছেলে রিয়াদ আহসান।

    পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মঞ্জুর আহসান ও স্ত্রী নার্গিস খানম। জিলস ওয়ারস লিমিটেডের চেয়ারম্যান জহির উদ্দিন তারেক, ব্যবস্থাপনা পরিচালক জসিম মো. আল আমিন। ওরিয়ন গ্রুপ-সংশ্লিষ্ট মেহেদী হাসান।

  • সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দিতে হবে- মাইকেল মিলার

    সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দিতে হবে- মাইকেল মিলার

    ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বাংলাদেশে নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই। তবে নির্বাচনের আগে সংস্কার কাজের জন্য অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দিতে হবে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে অতিথি হয়ে এসেছিলেন মিলার। সেখানে তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনে সহায়তাও দিতে আগ্রহী ইইউ। তবে নির্বাচন কবে হবে তা ঠিক করবে বাংলাদেশ সরকার। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই। আমরা মনে করি, সংস্কার বাস্তবায়নে পর্যাপ্ত সময় দরকার এবং অন্তর্বর্তী সরকারের অধীনেই। সুতরাং এক্ষেত্রে শ্বাস নেওয়ার সুযোগ থাকা দরকার।

    রাখাইনে মানবিক করিডর নিয়ে মন্তব্য জানতে চাইলে মাইকেল মিলার বলেন, উভয় পাশেই ভুক্তভোগীদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন। সবাই যেন সমানভাবে ত্রাণ সহায়তা পায় সেটা নিশ্চিত করতে হবে।

    জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিষয়ে তিনি বলেন, আমরা জাতিসংঘের রিপোর্টকে সমর্থন করি। তাদের রিপোর্ট অত্যন্ত পরিষ্কার। এখন পরবর্তী পদক্ষেপ হচ্ছে— বাংলাদেশের বিচার ব্যবস্থার মাধ্যমে যারা অপরাধ করেছে, তাদের বিচারের মুখোমুখি করা। এখানে দায়বদ্ধতা থাকতে হবে। আর দায়বদ্ধতার প্রক্রিয়া হতে হবে অত্যন্ত স্বচ্ছ।

    মাইকেল মিলার বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সংস্কার এখন বড় সুযোগ এনে দিয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বলে আমরা আশা করি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।