Category: সারাদেশ

  • এবার প্রধান উপদেষ্টার রাষ্ট্রী সফরসঙ্গী চার নারী ক্রীড়াবিদ !

    এবার প্রধান উপদেষ্টার রাষ্ট্রী সফরসঙ্গী চার নারী ক্রীড়াবিদ !

    আসন্ন কাতার সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন বাংলাদেশের চার জাতীয় নারী ক্রীড়াবিদ। ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন।

    এই ঘটনা বাংলাদেশের কোনো সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরের ক্ষেত্রে এক অনন্য নজির। এর আগে কোনো সরকারপ্রধানের সঙ্গে নারী ক্রিড়াবিদরা সফরসঙ্গী হননি।

    প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রিপা-শারমিনরা। তারা বলেন, এই সফরের আমন্ত্রণ পেয়ে তারা ভীষণ আনন্দিত। তাদের টিমমেটরাও আমন্ত্রণের খবরে উচ্ছ্বসিত।

    নারী ফুটবলাররা জানান, দক্ষিণ এশিয়ার বাইরে এশিয়ার অন্য দলের সঙ্গে ম্যাচ খেলার খুব একটা সুযোগ তাদের হয় না। তারা কাতার নারী টিমকে তাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানাতে চান। এই সফরে তারা তাদের স্পোর্টস ফ্যাসিলিটিসগুলো ঘুরে দেখতে চান। তাদের প্রফেশনাল চিন্তাভাবনাগুলো জেনে আসতে চান তারা।

    নারী ক্রিকেটাররা প্রধান উপদেষ্টাকে বলেন, কাতারে ক্রিকেট তেমনটা জনপ্রিয় নয়। তারা এই সফরে ক্রিকেট নিয়ে তাদের মধ্যে আগ্রহ তৈরির চেষ্টা করবেন। বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল ও নারী ক্রিকেট দলের গল্পগুলো তুলে ধরা হবে।

    প্রধান উপদেষ্টা তাদের বলেন, আমি চাই, তোমরা তোমাদের জীবনের সত্যিকারের কথাগুলো তাদের (কাতার) কাছে তুলে ধরবে। তোমরাই এই দেশের স্পোর্টস অ্যাম্বাসেডর। সেখানে তোমরা এ দেশের স্পোর্টসের প্রতিনিধিত্ব করবে। তোমাদের এ রাষ্ট্রীয় সফরে সঙ্গে নিয়ে যেতে পারে আমিও ভীষণ আনন্দিত।

  • নির্বাচনের আগে তিনটি শর্ত পূরণ হতে হবে- ডা. শফিকুর রহমান

    নির্বাচনের আগে তিনটি শর্ত পূরণ হতে হবে- ডা. শফিকুর রহমান

    বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এ অবস্থায় দেশে নির্বাচন হওয়ার আগে তিনটি শর্ত পূরণ হতে হবে।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, অনেক কষ্টে যা এসেছে এতে তিনটি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর প্রধান হচ্ছে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার।

    আমরা তা সংস্কার কমিশনের কাছে দিয়েছি। এসব পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন হলে তা গণতন্ত্রের কোনো ভিত্তি গঠন হবে না। এ নির্বাচনও তাহলে পূর্বের মতো খারাপ হবে।

    প্রথমত সংস্কারের প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো। এতে যদি তারা সহযোগিতা করে তাহলে দ্রুত নির্বাচনে পরিবেশ হবে। তারা যদি সহযোগিতা না করে যদি গতানুগতিক নির্বাচন হয় তাহলে আগের মতো নির্বাচন হবে। যার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে।

    দ্বিতীয়ত গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার করতে হবে। যাতে মানুষের আস্থা ফিরে আসে। শহীদের আত্মা যাতে প্রশান্তি পায়।

    তৃতীয়ত রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে। যাতে এমন না হয়, আমি জিতে গেলেই নির্বাচন সুষ্ঠু, না জিতলে দুষ্ট- এমন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।

    এর জন্য সবার এনগেজমেন্ট প্রয়োজন। এটি সরকারের তরফ থেকেই হতে পারে, রাজনৈতিক দলগুলোর উদ্যোগে হতে পারে, সিভিল সোসাইটির উদ্যোগেও হতে পারে।

    জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ ছাড়া মার্চ ফেব্রুয়ারি কোনো কিছু ঠিক থাকবে কি না নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কি না তা আল্লাহই জানে।

     

  • প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে- নাহিদ ইসলাম

    প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে- নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, ‘প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে। এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়।

    বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। কূটনীতিকদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে, মনে হচ্ছে তারা নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী-দের ওপর হামলা চলছে এবং সেসব জায়গায় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

    তিনি আরা বলেন, আমরা দেখছি প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। মাঠপর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে, সেই জায়গায়ও প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছে। আমরা বলেছি, এ ধরনের প্রশাসন যদি থাকে তাহলে এর অধীনে নির্বাচন করাটা সম্ভব নয়। এই জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ নিশ্চিত করতে হবে।

    সংস্কার বিষয়ে দেওয়া প্রস্তাবনার কথা উল্লেখ করে নাহিদ বলেন, সংস্কার বিষয়ে আমরা যেই প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি, সেগুলোর কথা বলেছি। আমরা বলেছি আমাদের তিনটি দাবির কথা—সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন।

    তিনি স্পষ্ট করেন, আমরা বলেছি যে আমরা এখানে ন্যূনতম সংস্কার নয়; বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য আমরা কাজ করছি। এই পরিবর্তন গুলো ছাড়া নির্বাচন হলে, তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কি না, সেটাও বিবেচনাধীন থাকবে।

     

  • মানিকগঞ্জের সাটুরিয়ায় ৬ ডেভিল গ্রেপ্তার !

    মানিকগঞ্জের সাটুরিয়ায় ৬ ডেভিল গ্রেপ্তার !

    মানিকগঞ্জের সাটুরিয়ায় ডেভিল হান্ট অপারেশনে ছয় ডেভিলকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন— তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ধলা (৩৯), বালিয়াটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনির হোসেন দুর্লভ (৪২), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক জুহিরুল ইসলাম (৩৬), দিঘুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাদশা মিয়া (৪৫), দিঘুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া (৪৪) এবং হরগজ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আব্দুস সালাম (৪৪)।

    সাটুরিয়া থানা পুলিশ জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর বিএনপি নেতা মো. শাহিন খান বাদী হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন। ওই মামলায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।

    সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহিনুর রহমান জানান,  সারাদেশব্যাপী ডেভিল হান্ট অপারেশনে চালমান রয়েছে। তার অংশ হিসাবে সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আসামীদের জেল-হাজতে পাঠানো হয়েছে।

     

  • জুলাই মাসে জাতীয় নির্বাচনের অ্যাকশনপ্ল্যান ঘোষণা-ইসি

    জুলাই মাসে জাতীয় নির্বাচনের অ্যাকশনপ্ল্যান ঘোষণা-ইসি

    আগামী ডিসেম্বরের টাইমলাইন ধরেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে জুলাই মাসের মধ্যেই এ নির্বাচনের অ্যাকশনপ্ল্যান ঘোষণা করবে তারা।

    আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

    আনোয়ারুল ইসলাম বলেন, তফসিল ঘোষণার আগে যেসব তরুণের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে, বিদ্যমান আইন দিয়ে এটা হবে না। এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হবে। এমন উদ্যোগ প্রথমবারের মতো নেওয়া হচ্ছে।

    এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় হবে। এটা জুলাই-আগস্ট হতে পারে। নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন, সবার সঙ্গে মত বিনিময় হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে আমরা মতবিনিময় করবো।

     

  • টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে দপ্তরী আটক

    টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে দপ্তরী আটক

    টাঙ্গাইলের বাসাইলে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে কাজী সুমন (৪২) নামে স্কুলের দপ্তরিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে নিজ বাসা থেকে তাকে আটক করে বাসাইল থানা পুলিশ।

    আটক কাজী সুমন উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামের কাজী নাসিরের ছেলে। তিনি সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত।

    জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিদ্যালয় ছুটি হওয়ার পর দুজন শিক্ষার্থী দপ্তরি সুমনের কাছে প্রাইভেট পড়ে। পড়ানোর একপর্যায়ে এক শিক্ষার্থীকে চশমা নিয়ে আসার কথা বলেন তিনি। ওই শিক্ষার্থী চশমা নিতে গেলে সেই সুযোগে অন্যজনের শ্লীলতাহানি করেন।

    প্রাইভেট পড়া শেষে বাড়ি গেলে ভুক্তভোগীর গায়ে জখম দেখতে পান তার মা। পরে মাকে ঘটনা জানায় ওই শিক্ষার্থী। পরে শিক্ষার্থীর পরিবার বিষয়টি সেনাবাহিনীকে জানায়।

    পরিবারের লোকজন বলেন, এর আগেও এই দপ্তরি ওই শিক্ষার্থীর সঙ্গে এমনটো করেছে। ভয়ে আগে বাড়িতে বলেনি। বাড়ির পাশাপাশি হওয়াতে দপ্তরির কাছে প্রাইভেট পড়ানো হয়। শরীরে জখম দেখে জিজ্ঞেস করলে কান্নাকাটি করে সব কিছু বলে দেয়।

    এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, শিক্ষার্থীর পরিবার প্রথমে সেনাবাহিনীকে জানায়। সেনাবাহিনী আমাদেরকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে দপ্তরি কাজী সুমনকে আটক করি। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

  • আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত

    আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত

    আগামী রমজানের আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন দেখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান দলটির আমির ডা. শফিকুর রহমান।

    এদিন দুপুরে গুলশানে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন জামায়াত আমির। ঘণ্টাখানেক বৈঠকের পরে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করছে তার দল। আগামী রমজানের আগে নির্বাচন দেখতে চান তারা।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী একইসঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচারও দেখতে চায় বলে জানিয়েছেন ডা. শফিকুর রহমান।

    এদিকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে একইদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। দলটির ৮ শীর্ষস্থানীয় নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    অন্যদিকে এ বৈঠকের ব্যাপারে একটি ব্রিফিং করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিএনপি নেতাদের সঙ্গে খোলামেলা পরিবেশে কথা হয়েছে। সংস্কারের ব্যাপারে বিএনপি অত্যন্ত আন্তরিক।

    বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না।

  • ‘প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ নয়’-মির্জা ফখরুল

    ‘প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ নয়’-মির্জা ফখরুল

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা ফলপ্রসূ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস না পাওয়ায় আলোচনা সন্তোষজনক নয়।

    এর আগে দুপুর ১২টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদল যমুনায় পৌঁছায়।

    প্রতিনিধিদলের ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল আহসান মাহমুদ টুকু।

  • চাঁপাইনবাবগঞ্জে মিডিয়াকর্মীর উপর হামলায় গ্রেফতার ২

    চাঁপাইনবাবগঞ্জে মিডিয়াকর্মীর উপর হামলায় গ্রেফতার ২

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মাদক বিরোধী সংবাদ প্রচারের জের ধরে উত্তেজিত হয়ে মিডিয়াকর্মীর উপর হামলাকারী প্রধান ২ আসামী কে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

    গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের নিচুধুমি গ্রামের সাধুর ছেলে মোঃ আলামিন (৩০) এবং একই ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ আওয়াল (৩১)।

    র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, ১৫ এপ্রিল রাত সাড়ে সাত টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নিচুধুমি এলাকায় অভিযান চালিয়ে মাদক বিরোধী সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের উপর হামলাকারী প্রধান দুই আসামী মোঃ আলামিন ও মোঃ আওয়াল কে গ্রেফতার করা হয়।

    উল্লেখ্য, গত ১২ এপ্রিল/২৫ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কাইটাপাড়া কৃষ্ণ গোবিন্দপুর এলাকায় মাদক বিরোধী সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারকৃত আসামী এবং তার সহযোগী সহ চাঁপাইনবাবগঞ্জের এক মিডিয়াকর্মীর উপর হামলা করে। পরবর্তীতে ১৪ এপ্রিল/২৫ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

    প্রেক্ষিতে মামলার অন্যতম ১নং ও ২নং আসামীকে চাঁপাইনাববগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নিচুধুমি এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানায় র‌্যাব। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ইন্সষ্টিটিউটে খাদ্য মেলা

    চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ইন্সষ্টিটিউটে খাদ্য মেলা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউট ছাত্র-ছাত্রীদের নিজ হাতে তৈরি বিভিন্ন ধরনের খাবারের মেলা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের ছাত্র-ছাত্রীদের উদোগে ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনব্যাপী খাবার মেলার আয়োজন করা হয়।

    খাবার মেলায় ছাত্র-ছাত্রীদের নিজেদের তৈরি খাবারের পুষ্টি ও ডায়েটিক্স পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো. মাসুদ পারভেজ।

    উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও ডাঃ আব্দুস সামাদ, ডাঃ রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগমসহ অন্যান্যরা।