Blog

  • দ্য সিনেমা নিয়ে আসছেন রুনা খান

    দ্য সিনেমা নিয়ে আসছেন রুনা খান

    রুপালি পর্দার মানুষের জীবনের অজানা গল্প নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন আলী জুলফিকার জাহেদী। নাম দিয়েছেন ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এই সিনেমায় চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান।

    রুনা খান জানান, গত শীতেই সিনেমাটির গল্প শোনেন তিনি। চরিত্র ও চিত্রনাট্য পছন্দ হওয়ায় চুক্তিবদ্ধ হন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন অভিনেতা হিসেবে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। বিশেষ করে বাস্তবতার ছোঁয়া থাকা চরিত্রগুলো আমাকে টানে। এই ছবির চরিত্রও তেমনই।’

    অভিনেত্রী আরও বলেন, ‘নায়িকাদের শুধু পর্দার সাজানো দিকই মানুষ দেখে। কিন্তু তাদেরও ব্যক্তিগত জীবন আছে। এই সিনেমায় সেই আড়ালের গল্পই উঠে আসবে।’

    ২০০৭ সালে একটি টেলিফিল্মে যাত্রাপালার অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন রুনা খান। তবে এবারই প্রথমবারের মতো সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

    নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, শুটিং শুরু হবে আগামি শীতে। তবে প্রস্তুতির কারণে সময় কিছুটা পিছিয়েও যেতে পারে।

    এদিকে মুক্তির অপেক্ষায় আছে রুনা খানের আরও তিনটি সিনেমা। সেগুলো হলো মাসুদ পথিকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ এবং জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’।

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

    স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

    দলীয় প্রতীকে এখন থেকে আর স্থানীয় সরকার নির্বাচন হবে না। এ লক্ষ্যে প্রতীক বরাদ্দের ধারাগুলো বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত অধ্যাদেশটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি হয়। পরে মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি প্রকাশ্যে আসে।

    এর আগে, গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ হলো।

    প্রসঙ্গত, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছিল। এরপর থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা।

    এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের করা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে।

    সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, এই বিধান বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে আগ্রহী হবেন।

  • তারা সন্তানের বয়সী, বড় হলে ভুল বুঝতে পারবে ও লজ্জিত হবে: সেনাপ্রধান

    তারা সন্তানের বয়সী, বড় হলে ভুল বুঝতে পারবে ও লজ্জিত হবে: সেনাপ্রধান

    বাংলাদেশ সেনাবাহিনী ইস্যুতে নানা কটূক্তির জবাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তাদের বয়স কম। তারা আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে। তখন নিজেরাই লজ্জিত হবে।

    ”মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন সেনাপ্রধান। এতে পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত হন।

    সেনাপ্রধান বলেন, “এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। দূরত্ব থাকলে তা দূর করতে হবে।

    ”তিনি বলেন, “দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে।”সেনাপ্রধান বলেন, “সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারি দেখাতে হবে। প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না।”

    নাম উল্লেখ না করে সেনাপ্রধান বলেন, “একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়েও তদন্ত চলছে।

    নৈতিকস্খলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া হবে না, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

     

  • ডিলাক্সের সুপারভাইজারের বিরুদ্ধে অপহরন মামলা !

    ডিলাক্সের সুপারভাইজারের বিরুদ্ধে অপহরন মামলা !

    ঝিনাইদহ প্রতিনিধি- চুয়াডাঙ্গা ডিলাক্সের সুপারভাইজারের বিরুদ্ধে অপহরন মামলা দায়েরের পর বাদিকে হুমকি ধামকির বিস্তর অভিযোগ উঠেছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ও তোলপাড় সৃষ্টি হয়েছে।

    অপহরনের ঘটনায় বাদি মোছাঃ মধুমালা আক্তার সাথী (২০) ৩৬৫/৩৮৫/৩৮৬/ ৩৪/৫০৬ (।।) দঃ বিঃ ধারায় মোকামঃ বিজ্ঞ চুয়াডাঙ্গা আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। যার নম্বর সি,আর, ৯৭২। তারিখ ২৪/০৭/২০২৫ ইং তারিখ।

    উক্ত অপহরন মামলাটির বাদি পক্ষের বিজ্ঞ আইনজীবী হিসাবে এ্যাড. জনাব মোঃ আসলাম উদ্দীন মামলাটি পরিচালনা করছেন। শুনানী শেষে মামলাটি আমলে নিয়ে মোকামঃ বিজ্ঞ চুয়াডাঙ্গা আমলী আদালত চুুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক ওসিকে মামলাটির তদন্ত পূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদাণ করেন।

    মামলা সুত্রে জানা গেছে, মামলাটির ১নং স্বাক্ষী চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রামের মোঃ ডালিমের ছেলে আলামিন হোসেনের স্ত্রী বাদি মধুমালা আক্তার সাথী, ও মামলার ২নং সাক্ষী সোলাইমান কবীর সম্পর্কে ১নং স্বাক্ষী আলামিন হোসেন খালাতো ভাই।

    গত ২২শে জুলাই মঙ্গলবার বিকালে আলামিন মোটর বাইক কেনার উদ্দেশ্যে ৬০,০০০/= (ষাট হাজার) টাকা নিয়ে খালাতো ভাই সোলাইমান কবীরকে সঙ্গে লইয়া রওনা হয়।

    পরে ১ ও ২নং স্বাক্ষী যথাক্রমে আলামিন ও সোলাইমান কবীর ঘটনাস্থল চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা বাজার ৭নং স্বাক্ষী স্বপনের ফলের দোকানের সামনে পৌছালে পূর্ব শত্রুতার জের ধরিয়া ১নং আসামী চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজার দশমাইল সংলগ্ন দশমী গ্রামের মৃত ছামছুদ্দিন মন্ডলের ছেলে ও চুয়াডাঙ্গা ডিলাক্সের সুপারভাইজার হিসাবে কর্মরত মাহাবুল হক (৪০) ও অজ্ঞাতনামা আরও ৮-১০ জন আসামীর সহ-যোগীতায় আলামিনকে পিছন হইতে মুখ চাপিয়া ধরিয়া বদরগঞ্জ বাজার নিয়ে যায় এবং একটি নির্জন গুপ্ত ঘরে আটকিয়ে রাখে।

    পরবর্তীতে ২নং সাক্ষী সোলাইমান কবীরের মাধ্যমে অপহৃত আলামিনের স্ত্রী ও বাদী মধুমালা আক্তার সাথী ঘটনার বিবরণ শুনিয়া তার পরিবারের আত্মীয় স্বজনকে জানাইলে মধুমালা আক্তার সাথী, ২নং স্বাক্ষী সোলাইমান কবীর এবং বাদীর আত্মীয় স্বজন অপহৃত আলামিনকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির একপর্যায়ে মধুমালা আক্তার সাথী উপায় না পেয়ে ৯৯৯ লাইনে ফোন করে বিস্তারিত জানাইলে পুলিশও খোঁজা খুঁজি শুরু করে।

    এসময় ১নং আসামী সুপারভাইজার মাহাবুলসহ অজ্ঞাতনামা ৮-১০ জন আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীগণ অপহৃত আলামিনের নিকট হইতে মটর বাইক ক্রয় বাবদ ৬০,০০০/= (ঘাট হাজার) টাকা ও প্রাণ নাশের হুমকি দিয়া এবং তার নিকট থাকা আরও ৭৪০/= টাকা মোট ৬০.৭৪০/= টাকা জোর পূর্বক ১নং আসামী সুপারভাইজার মাহাবুল কাড়িয়া লইয়া অতি গোপনে সকল আসামীগণ অপহৃত আলামিন কে বদরগঞ্জ দশমাইল এর পুলিশ বক্সের নিকট ছাড়িয়া দিয়া প্রকাশ করেন যে, এই অপহরনের ঘটনা লইয়া মামলা মোকদ্দমা করিলে হত্যা করিয়া লাশ গুম করিয়া দিবেন। পরে আসামিরা কৌশলে পালাইয়া যায়।

    পরবর্তীতে বাদী ও তার আত্মীয় স্বজন অপহৃত আলামিনকে পাইয়া বদরগঞ্জ বাজার দশ-মাইলে পুলিশ বক্সে অবস্থানরত পুলিশের নিকট ঘটনা জানাইলে পুলিশ চুয়াডাঙ্গা সদর থানায় যোগাযোগ করতে বলেন।

    সেসময় বাদী মধুমালা আক্তার সাথী তার স্বামী আলামিনসহ তাহার আত্মীয় স্বজন তৎক্ষনাৎ চুয়াডাঙ্গা সদর থানায় আসিয়া দায়িত্বরত পুলিশকে জানাইলে দায়িত্বরত পুলিশ অফিসার কোর্টে মামলা করার পরামর্শ দিলে বাদী মধুমালা আক্তার সাথী বাধ্য হইয়া বিজ্ঞ আদালতের উক্ত অপহরন মামলাটি দায়ের করেন।

    পরে মামলাটি আমালে নিয়ে মোকামঃ বিজ্ঞ চুয়াডাঙ্গা আমলী আদালত চুুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক ওসিকে মামলাটির তদন্ত পূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদাণ করেন।

    মামলাটি দাখীলের পর সুপারভাইজার মাহাবুল হক একর পর এক অজ্ঞাত স্থান ও অজ্ঞাত ব্যাক্তিদের দিয়ে বাদি মধুমালা আক্তার সাথীর ফোনে ফোন দিয়ে বাদিকে হুমকি ধামকিসহ মামলা তুলে নেয়ার জন্য চাপ চলমান রেখেছে মর্মে বাদি মধুমালা আক্তার সাথী সাংবাদিক দের কাছে বিস্তর অভিযোগ করেন।

    চুয়াডাঙ্গা ডিলাক্সের সুপারভাইজার মাহাবুল হকের বিরুদ্ধে এলাকায় সুদের ব্যবসা করতে অসহায়দের কাছ থেকে কৌশলে সাদা চেক নিয়ে নিজের ইচ্ছামত মামলা দায়ের করার বিস্তর অভিযোগ রয়েছে বলেও বাদি মধুমালা আক্তার সাথী সাংবাদিকদের জানিয়েছেন।

    এসব ঘটনায় জড়িত থাকার কারনে এলাকাবাসি চুয়াডাঙ্গা ডিলাক্সের সুপারভাইজার মাহাবুল হকের উপযুক্ত বিচার দাবি করেছেন। এবিষয়ে চুয়াডাঙ্গা ডিলাক্সের সুপারভাইজার মাহাবুল হকের বক্তব্য নিতে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

  • চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ॥ ১২ ঘণ্টা পর স্বাভাবিক

    চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ॥ ১২ ঘণ্টা পর স্বাভাবিক

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা রেলওয়ে স্টেশনে তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

    রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর ও রহনপুর-রাজশাহী রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধার অভিযান শেষে সোমবার সকাল ৫টা ৩৫ মিনিট থেকে এই রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

    আমনুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, রোববার সন্ধ্যা প্রায় ৬টার দিকে খুলনা থেকে ফার্নেস অয়েল নিয়ে আমনুরা বিদ্যুৎ কেন্দ্রে আসছিল একটি তেলবাহী ট্রেন। ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের সময় এর পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

    এই দুর্ঘটনার ফলে তাৎক্ষণিকভাবে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই রহনপুর-ঈশ্বরদীগামী একটি কমিউটার ট্রেন ও রহনপুর থেকে রাজশাহী গামী পূনর্ভবা কমিউটার ২টি ট্রেন আমনুরা স্টেশনে আটকা পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

    ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সোমবার সকালে লাইনচ্যুত ওয়াগন গুলো সরিয়ে লাইন মেরামত করা সম্ভব হয়। স্টেশন মাস্টার হাসিবুল হাসান আরও বলেন, উদ্ধারকারী দল রাতভর কাজ করে লাইন স্বাভাবিক করেছে।

    এখন এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরো জানান, যাত্রীবাহী ট্রেনের লাইন স্বাভাবিক থাকলেও মালবাহী ট্রেনের লাইন স্বাভাবিক করতে এখনো কাজ চলমান আছে। সেটিও সম্পন্ন হবে।

    এই দুর্ঘটনা কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে রহনপুর ও চাঁপাইনবাবগঞ্জ সদর স্টেশন পর্যন্ত ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। এতে যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

  • গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর ভূমিদস্যুদের হামলায় আহত ৪

    গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর ভূমিদস্যুদের হামলায় আহত ৪

    গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাবিরাটে ধান রোপনের সময় ভূমিদস্যুদের হামলায় ৪ জন আদিবাসী সাঁওতাল গুরুতর জখম হয়েছে। এ ঘটনায় আদিবাসীদের নিরাপত্তা বিধান, ভূমিদস্যু রফিকুল ইসলামসহ জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ।

    গত ১৫ আগস্ট ২০২৫ বিকাল ৩টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাবিরাটে ধান রোপনের সময় ভূমিদস্যুরা হামলা চালিয়ে ৪ জন আদিবাসী সাঁওতালকে গুরুতর জখম করে। শ্যামবালা হেমব্রমের পৈতৃক জমিতে আমন ধান রোপনকালে ভূমিদস্যু রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তাঁর সন্ত্রাসী বাহিনীরা ধারালো অস্ত্র, লাঠিসোটা নিয়ে সাঁওতালদের উপর হামলা চালায়।

    এতে বিশ্বনাথ সরেন, শ্যামবালা হেমব্রম, সৈলাস ও জয়ন্ত গুরুতর জখম হয়। আহত বিশ্বনাথ সরেন, শ্যামবালা হেমব্রম, সৈলাস ও জয়ন্তকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর জখম হওয়ার কারণে বিশ্বনাথকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

    এ ঘটনায় ১৭ আগস্ট ২০২৫ আনুমানিক রাত ১১.৩০টায় গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।

    জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী, সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, প্রেসিডিয়াম সদস্য ডাঃ ফিলিমন বাস্কে, সহ-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিমল খালকো, কোষাধ্যক্ষ মার্টিন মূর্মূ, প্রচার সম্পাদক বিভূতী ভূষণ মাহাতো, দপ্তর সম্পাদক নকুল পাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোকন সুইটেন মুর্মু, নারী বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম, সাংস্কৃতিক সম্পাদক নিরলা মার্ডীসহ আদিবাসী নেতৃবৃন্দ এ দাবি জানিয়েছেন।

  • চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ পৃথক স্থানে পদ্মা ও মহানন্দার বন্যার পানিতে ডুবে জেলায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এর মধ্যে চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর গ্রামের ২ চাচাতো ভাই একসাথে গোসল করতে গিয়ে মহানন্দা নদীতে ডুবে যায়। অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার তেররশিয়া এলাকায় নদীতে ডুবে ৪৪ মাসের এক শিশু ডুবে মারা যায়।

    ডুবে মারা যাওয়া শিশুরা হচ্ছে, চরমোহনপুর চকপাড়ার খোকনের ছেলে আরিয়ান (৪) ও তার চাচাতো ভাই কাউসার আলী লিটনের ছেলে মোজাহিদুর রহমান (৭) এবং জেলার শিবগঞ্জের চরপাঁকা দশরশিয়া গ্রামে শরিফুল ইসলামের ছেলে সাঈদ (১৩ মাস)। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পদ্মা ও মহানন্দার বন্যার পানিতে আপন দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

    রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা দশরশিয়া গ্রামে এবং বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চরমোহনপুর চকপাড়া এঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, রবিবার দুপুরে পরিবারের অজান্তে বাড়ির পাশে মহানন্দা নদীর বন্যার জমে থাকা পানিতে মাছ ধরতে যায় আরিয়ান ও মোজাহিদুর।

    এসময় সেখানে গর্তের মধ্যে পড়ে গিয়ে সেখানেই তাদের মৃত্যু হয়। পরে বিষয়টি জানতে পেরে পরিবার ও স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    এদিকে, সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরা খাতুন বলেন-শিশু ২টি ডুবে আগেই মারা যায়, পরিবারের লোকজন শিশু ২টিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা করে ২ শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে।

    এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান বলেন, বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে দুই শিশু ডুবে মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় শিশুদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।

    এছাড়াও সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যার পানিতে ডুবে ১৩ মাস বয়সী সাঈদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পাঁকা ইউপি চেয়ারম্যান আবদুল মালেক জানান, সকালে সাঈদ পরিবারের অগোচরে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন ওই স্থান থেকে সাঈদকে মৃত অবস্থায় উদ্ধার করে।

    শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, বন্যার পানিতে ডুবে সাঈদ নামে ১৩ মাসের এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

  • সাটুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন

    সাটুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন

  • সাটুরিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    সাটুরিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    মানিকগঞ্জের সাটুরিয়ায় আওয়ামী লীগ নেতা হারুনার রশিদ হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের আগসাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম।গ্রেপ্তার হারুন একই এলাকার মৃত জয়নাল হোসেনের ছেলে এবং তিনি বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।

    সাটুরিয়া থানার ওসি শাহীনুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

  • ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে রূপ নিল হ্যারিকেন অ্যারিন

    ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে রূপ নিল হ্যারিকেন অ্যারিন

    অল্প সময়ের মধ্যেই মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হ্যারিকেন অ্যারিন। এর স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মাইল (২৬০ কিলোমিটার)পর্যন্ত উঠেছে এবং আরও শক্তি অর্জনের আশঙ্কা রয়েছে।

    শনিবার (১৬ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এই শক্তিশালী ঝড় যুক্তরাষ্ট্রের প্রায় পুরো পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট তৈরি করবে। রিপ কারেন্ট হলো সৈকতের কাছে সৃষ্ট এমন এক প্রবল স্রোত যা তীর থেকে সমুদ্রের ভেতরের দিকে প্রবাহিত হয়।

    ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান এক ব্রিফিংয়ে জানান, ঝড়টি রাতারাতি “অত্যন্ত শক্তিশালী” হয়ে উঠেছে এবং “বিস্ফোরকভাবে গভীর ও তীব্র” আকার নিয়েছে। গত শুক্রবার পর্যন্ত এটি শুধু একটি ট্রপিক্যাল স্টর্ম ছিল।

    অ্যারিন বর্তমানে ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। ধারণা করা হচ্ছে, এ সপ্তাহান্তে এটি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর উত্তর দিক অতিক্রম করবে। এতে সর্বোচ্চ ৬ ইঞ্চি (১৫ সেমি) বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে।এটি ২০২৫ সালের আটলান্টিক মৌসুমের প্রথম হ্যারিকেন।