Blog

  • পবিত্র পিতা, অনুগ্রহ করে গাজায় যান-পপ তারকা ম্যাডোনা

    পবিত্র পিতা, অনুগ্রহ করে গাজায় যান-পপ তারকা ম্যাডোনা

    বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা আবারও গাজা ইস্যুতে সোচ্চার হয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, গাজার নিষ্পাপ শিশুদের বাঁচাতে সবার মানবিকতার দরজা খুলে দিতে হবে। তিনি নতুন পোপ লিও চতুর্দশকে গাজা সফরের অনুরোধ জানিয়েছেন। খবর বিবিসির।

    ম্যাডোনা ইনস্টাগ্রামে লিখেছেন, “সবচেয়ে পবিত্র পিতা, অনুগ্রহ করে গাজায় যান এবং দেরি হওয়ার আগে শিশুদের জন্য আলো নিয়ে আসুন। একজন মা হিসেবে আমি তাদের কষ্ট সহ্য করতে পারি না।” তিনি আরও জানিয়েছেন, মানবিক সহায়তার সব দরজা পুরোপুরি খুলে দিতে হবে।

    এবারের আহ্বান এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান এক যৌথ বিবৃতিতে সতর্ক করেছেন যে, “আমাদের চোখের সামনেই দুর্ভিক্ষ তৈরি হচ্ছে।”

    গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অবরুদ্ধ এলাকায় দুর্ভিক্ষের ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে।

  • সামনে পেলে তিন মিনিট থাপড়াবো: পরীমণি

    সামনে পেলে তিন মিনিট থাপড়াবো: পরীমণি

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জন্মদিন নিয়ে একসময় বেশ আলোচনা-সমালোচনা হতো। তবে মা হওয়ার পর তিনি জানিয়ে দেন, জন্মদিন আর জাঁকজমক করে পালন করবেন না; বরং সন্তানের জন্মদিন পালন করবেন ধুমধাম করে।

    গত ১০ আগস্ট ছেলের তৃতীয় জন্মদিন নিজের মতো করে উদযাপন করেন পরীমণি। সবকিছু ঠিকই চলছিল। কিন্তু ছয় দিন পর হঠাৎই পরীমণি দেখলেন, ব্যক্তিগত সেই আয়োজনের ভিডিও ও ফুটেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, কিছু অতিথি ব্যক্তিগত অনুষ্ঠানকে ব্যবসায়িক ভ্লগ বানিয়ে সামাজিক মাধ্যম ভরিয়ে ফেলেছেন। এ নিয়ে বেজায় ক্ষুব্ধ হয়েছেন এই নায়িকা।

    শনিবার ফেসবুকে পরীমণি লিখেছেন, “আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা আমার জীবনে মলমূত্র মাত্র। ১০ তারিখে আমার বাচ্চাদের নিয়ে একান্ত ব্যক্তিগত একটি ইভেন্ট করেছিলাম। কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো এসে রিলস আর ভ্লগে সামাজিক মাধ্যম ভরিয়ে ফেলছে! অথচ আমি নিজে এখনও কোনো ছবি পোস্ট করিনি।”

    গেল মাসেই পরীমণি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন— তার সন্তানরা ব্যবসায়িক কোনো উপাদান নয়। তাদের নিয়ে যেন কনটেন্ট বানানো না হয়। ক্ষোভে পরীমণি আরও লিখেছেন, “যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা। তোমরা ভিখারির মতো মাসভরে কিছু ডলার কামাও। সামনে পেলে এই ধরনের কনটেন্ট ক্রিয়েটরদের আমি তিন মিনিট থাপড়িয়ে দেব।”

  • এ দেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না

    এ দেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না

    এ দেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ শনিবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    সেনাপ্রধান বলেন, ‘এই দেশ সবার। এখানে কোনো ভেদাভেদ থাকবে না। সবার সমান অধিকার থাকবে। আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবার করবেন। ধর্মীয় সকল অনুষ্ঠান আপনারা উদযাপন করবেন আনন্দের সঙ্গে।’

    তিনি বলেন, এখানে নৌবাহিনীর প্রধান ও বিমানবাহিনীর প্রধান আছেন। সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো। এক হয়ে আপনাদের সঙ্গে কাজ করে যাবো।

    তিনি আরও বলেন, ‘ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক। এই আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে এ দেশে একসঙ্গে বসবার করবো।’

    অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, ‘শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সাহসই যোগায় না, ন্যায়ের পথেও চলতে শেখায়।’

    তিনি বলেন, ‘এই বাংলাদেশ আমাদের সবার। স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব। সবাই মিলে কাজ করলে বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারব।’

    নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, ‘আসুন, পারস্পরিক সহনশীলতার মাধ্যমে দেশকে আরও শক্তিশালী করি। শ্রীকৃষ্ণ যেন সমাজে ন্যায় ও আলোর সত্য প্রজ্জ্বলিত করেন।’

  • সাটুরিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

    সাটুরিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

    মানিকগঞ্জের সাটুরিয়ায় বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) সকাল আনুমানিক  ৮: ৩০ মিনিটে দিঘুলিয়া ইউনিয়নের বেংরোয়া পশ্চিমপাড়া ময়নালের বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করে সাটুরিয়া থানা পুলিশ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয়রা বৈদ্যুতিক খুঁটির নিচে পুকুরের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য রাশেদকে খবর দেন। পরে তিনি সাটুরিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    অত্র গ্রামের চান্দু বেপারী জানান, গত রাত আনুমানিক  দুইটায় বিকট শব্দে বিদ্যুৎ চলে যায়। সকালে এলাকাবাসী বৈদ্যুতিক খুঁটির নিচে মরদেহ দেখতে পান এবং প্রথমে স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসে খবর দিলে। পল্লীবিদ্যুৎ অফিসের কর্মীরা এসে দেখতে পান খুঁটির ট্রান্সফরমারের লক খোলা। এরপর তারা সেখান থেকে চলে যান।

    সাটুরিয়া থানা পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা, নিহত যুবক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শকে মারা গেছেন। মরদেহের শরীরের ওপরের অংশে বৈদ্যুতিক শকের চিহ্ন রয়েছে।

    এ ব্যপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম  জানান, বিস্তারিত তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ইতিমধ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

  • আজ শুভ জন্মাষ্টমী

    আজ শুভ জন্মাষ্টমী

    শনিবার (১৬ আগস্ট) সেই শুভ জন্মতিথি। অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ—এমনটাই বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা। তার এই আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী হিসেবে প্রতিবছর ধর্মীয় ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়।

    জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। সমাজে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কেউ নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

    প্রধান উপদেষ্টা বলেন, সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি সবসময় শুভশক্তিকে রক্ষায় আবির্ভূত হয়েছেন।

    তিনি আরও বলেন, আবহমানকাল ধরে এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যমুক্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি ময় নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান মুহাম্মদ ইউনূস।

    এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শনিবার সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ, বিকেল ৩টায় ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে।

     

  • জন্মদিনে খালেদা জিয়াকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

    জন্মদিনে খালেদা জিয়াকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে এ কথা জানান।

    অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, “আপনারা জানেন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজ জন্মদিন। তিনি কোনো অনুষ্ঠান পালন করেন না। তবে দল থেকে সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল হচ্ছে।

    ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, “আজ বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ম্যাডামের জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন। তার কর্মকর্তারা এটা গুলশানের বাসায় নিয়ে এসেছেন।

    প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম শুক্রবার বিকেল ৪টায় গুলশানে চেয়ারপারসনের বাসা ফিরোজায় চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের কাছে প্রধান উপদেষ্টার পাঠানো ফুলের তোড়া হস্তান্তর করেন।

    এই সময়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, চেয়ারপারসনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।

     

  • সাটুরিয়ার দরগ্রামে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত ১

    সাটুরিয়ার দরগ্রামে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত ১

    মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম এলাকায় ‘এলাহীর মোড়ে’ সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়ে অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। এই সময় আহত হন সিএনজির চালকও।

    এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান,  এলাহীর মোড়ে সকাল সাড়ে ১১ টার দিকে সাটুরিয়া থেকে দরগ্রাম বাজার মুখী একটি সিএনজি ও দরগ্রাম থেকে সাটুরিয়া মুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাচালক রফিকুল ইসলাম (৪৫) গুরুতর আহত হন।

    স্থানীয় লোকজন রফিকুলকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রফিকুল বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের আজান মিয়ার ছেলে বলে জানাগেছে।

    এদিকে আহত সিএনজিচালক বারেক কে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। বারেক দড়গ্রাম ইউনিয়নের রৌহা গ্রামের চান মিয়ার ছেলে।সিএনজি মালিক-শ্রমিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, ‘সকাল সাড়ে ১১ টার দিকে রাস্তায় থাকা একটি কুকুরকে বাঁচাতে গিয়ে এ সংঘর্ষ হয়।

    সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান, ‘ঘটনা শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ

    আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ

    আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

    ইসি সচিব বলেন,‍“রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে।”

    রোডম্যাপে কী থাকবে এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “রোডম্যাপে কী কী থাকবে ওটা রোডম্যাপই বলে দেবে। অংশীজনদের সঙ্গে সংলাপ, আইনবিধি সংশোধনের সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া হবে। তবে এখন সুনির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।”

    গত ৭ আগস্ট সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস বলেছেন, “একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ।”

    বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “সভার শুরুতেই প্রধান উপদেষ্টা বলেছেন, ৫ আগস্ট আমার প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।”

     

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ বাংলাদেশিকে আটক

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ বাংলাদেশিকে আটক

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট চামুচা সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইনের ঘটনায় ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহানন্দা (৫৯ বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা।

    বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এসের নিকট দিয়ে ভারতের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে দেয়। বিজিবির চাঁনশিকারী বিওপি’র টহলদল খবর পেয়ে আন্তর্জাতিক সীমারেখা থেকে প্রায় ৮০০ গজ ভেতরে অভিযান চালিয়ে তাদের আটক করে।

    আটককৃতদের বাড়ি যশোর, টাংগাইল, কুমিল্লা, খুলনা, রংপুর, লালমনিরহাট, কুষ্টিয়া, রাজশাহী, পঞ্চগড়, ময়মনসিংহ ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন গ্রামে। তারা হলেন, মো. বিল্লাল হোসেন (৩২), বিষ্ণু বর্মণ (৩৪), মো. রবিউল ইসলাম (৩০), পিন্টু শেখ (৩০), মো. আনোয়ার হোসেন (৩৬), টিটু প্রামাণিক (৩০), মো. মেহেদী হাসান মুন্না (২৯), মো. সেলিম (২৯), মো. রুলাস (৩২), মেহের আলী (৩২), মো. রহমত (৪০), তহিল উদ্দিন সিকদার (৪০) ও মো. মোশারফ আলী (২১)।

    মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এক প্রেসনোটে জানান, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে জীবিকার সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়। সাজা ভোগ শেষে বিএসএফের হাতে হস্তান্তর করা হলে সীমান্ত পিলার ১৯৬/২-এস দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়।

    ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, ভোলাহাট সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ- ইনের ঘটনায় ১৩ জন বাংলাদেশি নাগরিককে থানা হেফাজতে রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের খাবার দেওয়া হয়েছে এবং তাদের পরিচয় সনাক্ত করা হচ্ছে। পরিচয় সনাক্ত হলে তাদের মুক্তি দেওয়া হবে।

    তিনি আরো বলেন, আটক হওয়া ১৩ জনের মধ্যে যদি কারো পরিচয় সনাক্ত না হয়, তাহলে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে আশ্রয়ের ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা গেছে, একই উপজেলা দিয়ে তিন মাস আগে বিএসএফ আরও ৭ বাংলাদেশিকে পুশ-ইন করেছিল।

  • নিষিদ্ধ পলিথিনের করিডোর শরীয়তপুর! সপ্তাহে চালান আসে ২/৩টি 

    নিষিদ্ধ পলিথিনের করিডোর শরীয়তপুর! সপ্তাহে চালান আসে ২/৩টি 

    শরীয়তপুর সদর উপজেলার প্রেমতলা মোড় থেকে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৭টয় শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন, সেনাবাহীনি ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে পলিথিন বহনকারী ট্রাক, ট্রাক চালক ও হেল্পারকে আটক করে।

    পরবর্তীতে ট্রাক মালিককে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১ লাখ টাকা জরিমানা করেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন।

    জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আনুমানিক ৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। জব্দকৃত পলিথিন জেলা পরিবেশ অধিদপ্তরের হেফাজতে রয়েছে। ট্রাক মালিক শফিক বেপারীকে নিষিদ্ধ পলিথিন পরিবহনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

    এনএসআই, ডিজিএফআইসহ সকল গোয়েন্দা সংস্থা নিষিদ্ধ পলিথিন সরবরাহকারী জাহাঙ্গীর সম্পর্কে অবগত রয়েছে। পালং বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীরকে নিষিদ্ধ পলিথিন সরবরাহের দায়ে ইতোমধ্যে জরিমানা করা হয়েছে। বর্তমানে তিনিই ধরাছোয়ার বাইরে থেকে এই নিষিদ্ধ ব্যবসা পরিচালা করছেন।

    নিষিদ্ধ পলিথিন ব্যবসা ছেড়ে দিয়ে কাজির হাটে জুতার ব্যবসায় করছেন কালু শেখ। তিনি জানায়, শুকুর তাকে মোবাইল ফোনে জানায় শুকুরের পলিথিন চালান ধরা পড়েছে। তার খোঁজ নিতে এসেছেন কালু শেখ। তিনি আরো জানায়, নিষিদ্ধ পলিথিনের ব্যবসা করে পালং বাজার বনিক সমিতির সাবেক সদস্য জাহাঙ্গীর।

    তিনি বর্তমানে এক বিএনপি নেতার ছত্রছায়ায় রয়েছেন। প্রতি সপ্তাহে ২-৩ বার জাহাঙ্গীরের পলিথিনের চালান আসে। করিডোর হিসেবে এই রুট ব্যবহার নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীরা। জাহাঙ্গীর ছাড়া অন্য কেউ শরীয়তপুর ও আশপাশের জেলায় পলিথিন, বেকারীতে ব্যবহার করা কমিক্যাল ও ভেজার মসলা আনতে পারে না।

    ঢাকায় যত নিষিদ্ধ পলিথিন উৎপানকারী কারখানা রয়েছে তার বেশীর ভাগ মালিকদের বাড়ি শরীয়তপুরের গঙ্গানগর, গাজীপুর ও চন্দ্রপুর এলাকায়। তাদের সাথেও জাহাঙ্গীরের ব্যবসায়ীক সম্পর্ক। তাদের উৎপাদিত পলিথিনের ব্যবসা করে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সেই নিষিদ্ধ পলিথিনের ব্যবসা শুকুর পরিচালনা করে আর শফিক বেপারী পরিবহন করে।

    জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান জানায়, শরীয়তপুরের একটি চক্র শরীয়তপুর ও পাশ^বর্তী জেলায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন সরবরাহ ও ব্যবসা করে আসছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে পলিথিন বহনকারী একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটির অর্ধেক খালি ছিল।

    আটক হওয়ার পূর্বে বিভিন্ন পয়েন্টে পলিথিন নামিয়ে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। পলিথিন জব্দসহ ট্রাক মালিককে বাংলাদেশ পরিবেশ আইন ১৯৯৫ এর ৬ক ধারায় জরিমানা করা হয়ছে। আমরা তৎপর রয়েছি। এই নিষিদ্ধ পলিথিন সরবরাহ ও বাজারজাত করণ বন্ধ করা হবে।