Blog

  • এবার ঢাকা সিটি কলেজে হামলা ও ভাঙচুর !

    এবার ঢাকা সিটি কলেজে হামলা ও ভাঙচুর !

    ঢাকা সিটি কলেজে হামলা ও ভাঙচুর শুরু করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঠিক কী কারণে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।

    মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালায়।বর্তমানে সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভেতরেই অবস্থান করছে।

    এর আগে গতকাল ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনা ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে।

  • ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ১২

    ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ১২

    ইয়েমেনের রাজধানী সানাতে মার্কিন বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। সোমবার (২১ এপ্রিল) ভোরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার হামলার বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, আত্তান এলাকা, আসির এলাকার একটি স্যানিটেশন প্রকল্প, ফুরওয়াহ পাড়া এবং শোব জেলার একটি ব্যস্তবহুল বাজার লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ২০১৪ সাল থেকে এলাকাগুলো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

    গত সপ্তাহে ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হয়। পাল্টা জবাবে গত ১৮ এপ্রিল ইসরায়েলের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা।

    শুধু বেন গুরিয়ন বিমানবন্দরেই নয়; এদিন লোহিত সাগর ও আরব সাগরে টহলরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি গোষ্ঠী।

    এছাড়া যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিতও করার দাবি করা হয়। হামলা চালানোর পর এক বিবৃতিতে হুতি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে তাহলে পাল্টা হামলা, সংঘাত ও সংঘর্ষের পরিমাণও বাড়বে, কমবে না। ’

    গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিপীড়িত ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে ২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা লোহিত ও আরব সাগর, বাব আল-মান্দাব প্রণালি এবং আদেন উপসাগর দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে।

    যে কারণে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্চের মাঝামাঝি সময়ে হুতি গোষ্ঠীর বিরুদ্ধে ‘শক্তিশালী সামরিক পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং পরে তাদের সম্পূর্ণরূপে নির্মূল করার হুমকি দেন।

    তবে জানুয়ারিতে গাজায় ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর হামলা বন্ধ করে দেয় হুতিরা। কিন্তু গত মাসে যুদ্ধবিরতি চুক্তি না মেনে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ফের হত্যাযজ্ঞ শুরু করলে পুনরায় হামলা শুরু করে গোষ্ঠীটি।

     

  • শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক

    শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক

    জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করে দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। একটি চিঠির মাধ্যমে তাদের এনআইডি লক করা হয় বলে আজ সোমবার নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।

    নথিপত্র অনুযায়ী, গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

    তবে, নির্বাচন কমিশন সচিবালয়ের সরাসরি নির্দেশ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন, সজীব আহমেদ ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।

  • কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

    কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

    চার দিনের সফরে কাতারের রাজধানীতে দোহাতে উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে তিনি কাতারের উদ্দেশে যাত্রা করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

    কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে দেশটি তে অনুষ্ঠেয় আর্থনা সামিট-২০২৫ এ অংশগ্রহণের জন্য এ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

    আবুল কালাম আজাদ মজুমদার জানান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

    এ ছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। এই চার ক্রীড়াবিদ হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

    আগামী ২২ ও ২৩ এপ্রিল এই দুই দিনে সামিটে উপস্থাপনা, ইন্টার-অ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

     

     

  • প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৩

    প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৩

    ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সকালে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরোয়ার সংবাদ মাধ্যমকে জানান, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ ভোরে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে তা পরিস্কার করেননি তিনি।

    এর আগে রবিবার নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় আট জনের বিরুদ্ধে মামলা করেন।মামলায় অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামি করা হয়।

    উল্লেখ্য, ২৪ বছর বয়সী জাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়।প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, শনিবার বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়।

    এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন। টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে বুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে পারভেজকে।

    পারভেজের ছুরিকাঘাত হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়টির টেক্সটাইল বিভাগের একাধিক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসের পাশে একটি দোকানে বন্ধুদের সঙ্গে সিঙ্গারা খাচ্ছিলেন পারভেজ। তাদের পাশে সদ্য ভর্তি হওয়া ইংরেজি ও ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের সঙ্গে তাদের বন্ধু ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী ছিলেন। এক পর্যায়ে দুই ছাত্রী অভিযোগ করেন পারভেজ তাদের উত্যক্ত করেছেন। তারা বিষয়টি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির প্রক্ট্ররকে জানান।

    এরপর প্রক্টর পারভেজকে ডেকে নেন। প্রক্টর অফিসে পারভেজ দাবি করেন, তিনি বন্ধুদের সঙ্গে নিজেদের আলাপের বিষয় নিয়ে হাসাহাসি করছিলেন, কাউকে উত্যক্ত করেননি। এক পর্যায়ে ওই দুই ছাত্রীর কাছে ক্ষমা চাইতে বলা হলে পারভেজ ক্ষমাও চান।

    ঘটনার বর্ণনা দিয়ে শিক্ষার্থীরা দাবি করেন, সেখানেই ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পারভেজকে হুমকি দেন। প্রক্টরের অফিস থেকে বেরিয়ে আসার পর কিছু বহিরাগত এসে আক্রমণ করেন। একপর্যায়ে ধারালো কিছু দিয়ে পারভেজের বুকে আঘাত করে তারা পালিয়ে যান।

    পরে রক্তাক্ত পারভেজকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

     

     

     

  • একনেকে ২৪ হাজার ২৪৭ কোটি টাকার ১৪টি প্রকল্প অনুমোদন

    একনেকে ২৪ হাজার ২৪৭ কোটি টাকার ১৪টি প্রকল্প অনুমোদন

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আজ রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

    বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, অনুমোদিত ১৪টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ২৪৭ কোটি টাকা।

    এরমধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয় করা হবে।

    অনুমোদিত প্রকল্পগুলো হলো- চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণ, জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি-সেক্টর প্রকল্প, চট্টগ্রাম মহানগরীর পয়োনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প (১ম পর্যায়) এবং চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন।

    এ ছাড়া গ্রিন রেলওয়ে পরিবহন প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা, তিতাস ও বাখরাবাদ ফিল্ডে ২টি গভীর অনুসন্ধান কূপ খনন, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের খনন সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ প্রকল্প।

    এ ছাড়াও রয়েছে, বায়ু দূষণ পর্যবেক্ষণ যন্ত্রপাতি উন্নয়ন—বাংলাদেশ টেকসই পুনরুদ্ধার, জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বিএডিসি উন্নয়ন- বাংলাদেশ টেকসই পুনরুদ্ধার, জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া প্রকল্প।

    পরিকল্পনা উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর আসলে সমুদ্রবন্দর নয়, এটি নদীবন্দর। অর্থনৈতিক উন্নয়নের জন্য সমুদ্রবন্দর দরকার। এজন্য বে টার্মিনালটির অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্প নেওয়া হচ্ছে।

     

  • চাঁপাইনবাবগঞ্জে ককটেলবাজী-দফায় দফায় হামলা-পাল্টা হামলা-আহত ৩

    চাঁপাইনবাবগঞ্জে ককটেলবাজী-দফায় দফায় হামলা-পাল্টা হামলা-আহত ৩

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাব-গঞ্জের শিবগঞ্জের ছত্রাজিতপুর বাজারে ককটেলবাজী, দফায় দফায় হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

    একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রাখা কে কেন্দ্র করে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে দু’দফা হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটিয়েছে একটি সন্ত্রাসী চক্র বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পরে বিষয়টি বিএনপির দুই গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়লে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

    এসময় চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় উভয় পাশে আটকে যায় পণ্যবোঝাই ট্রাকসহ শতাধিক যানবাহন। পরে বিএনপি’র এক নেতা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে।

    যে কোন সময়, কোন অপ্রীতিকর ঘটনার আশংকা করছেনএলাকাবাসী। শনিবার দিবাগত রাত (২০ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ছত্রাজিত পুর বাজারে এ ঘটনা ঘটে। সন্ত্রাসী চক্রের হামলায় ৩ জন আহত এবং ৩টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

    স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় ছত্রাজিতপুর ফুলতলা বাজারে ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টু রহমানের ভাতিজা রাসেলের চায়ের দোকানের সামনে রানীহাটি এলাকার আসলাম ও সাহেব আলীসহ ৫-৭ ব্যক্তি ৩টি মোটরসাইকেল রাখে।

    রাসেল প্রথমে তাদের দোকানের সামনে থেকে মোটরসাইকেলগুলো সরানোর অনুরোধ করলেও তারা কোন কথায় কান দেয়নি। একপর্যায়ে এ নিয়ে রাসেলের সাথে তাদের কথা কাটাকাটি হয়।

    এ সময় মোটরসাইকেল আরোহীদের একজন বোমা মেরে ছত্রাজিতপুর বাজার উড়িয়ে দেয়ার হুমকি দেয়। এতে উত্তেজনা বেড়ে যায় এবং স্থানীয়রা তাদের ঘিরে ফেলে এবং মারধর করে। ধাস্তাধস্তির একপর্যায়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

    কিছুক্ষণ পর রাত সোয়া ৮ টার দিকে দেশীয় অস্ত্র- সস্ত্র নিয়ে তারা ঐ এলাকায় ৪ টি ককটেল ছুড়লে তিনটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। ভাঙচুর করা হয় তিনটি মোটরসাইকেল।

    এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। অতর্কিত হামলা চালানো হয়
    মিন্টুর বাড়িতে। এ সময় স্থানীয় সাংবাদিক জুয়েল কে বেরধরক পিটিয়ে আহত করা হয়।

    এদিকে, গোরস্থানের মসজিদের মাইকে সন্ত্রাসীরা বাজার লুটপাটে এসেছে এবং তাদের প্রতিহত করার ঘোষণা দেয়ার পরপরই মিন্টুর সমর্থকরা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের অবরোধ করে বিক্ষুদ্ধরা।

    ফলে উভয় পাশে আটকে যায় শতাধিক পণ্যবোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহন। খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক (সম্প্রতি
    দায়িত্ব পাওয়া) আশরাফুল হক ও শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে।

    ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টু রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হকেরঅনুসারী রানীহাটি এলাকার আসলাম ও সাহেব আলী এ ঘটনার জন্য দায়ী। এ নিয়ে ছত্রাজিতপুর বাজারে সালিশ বৈঠকের জন্য আহবায়ক কে বলা হয়েছে।

    তিনি এ শর্ত মেনে সালিসে না বসলে এ নিয়ে মানববন্ধন ও আইনী ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হকের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

    ককটেল বিস্ফোরণের বিষয়টি স্বীকার করে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, মোটরসাইকেল পার্কিং নিয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কাউকে আটক করা যায়নি। তিনি আরও বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

  • মানিকগঞ্জে রোগীর শরীরে ভুল রক্ত পুশ, মুত্যৃর কারণে উল্লেখ শ্বাসকষ্ট !

    মানিকগঞ্জে রোগীর শরীরে ভুল রক্ত পুশ, মুত্যৃর কারণে উল্লেখ শ্বাসকষ্ট !

    মানিকগঞ্জে চিকিৎসাধীন এক রোগীর শরীরে ‘ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘বি’ পজিটিভ রক্ত পুশ করায় রোগীর মৃত্যু হয়েছে। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় এই ঘটনা ঘটে। নিহত রোগীর নাম বিল্লাল হোসেন। তিনি জেলার সদর উপজেলার খাগড়াকুড়ি গ্রামের বাসিন্দা।

    রোগীর স্বজনরা বলেন, গত বুধবার (১৯ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বিল্লাল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে আমাদের কাছে ভুল রক্ত দেওয়া হয়েছে। আমরা সেটি এনে নার্সের কাছে দেওয়ার পর নার্সরা বলেন ডাক্তারের অর্ডারপত্র লাগবে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার রক্ত দেখে অর্ডারপত্র দিয়েছেন। এরপর নার্সরা রোগীর শরীরে সেটি পুশ করেন। এরপর থেকেই রোগীর সারা শরীর ঠান্ডা হয়ে যায়। আমরা তখনও বুঝিনি যে রোগীকে ভুল রক্ত দেওয়া হয়েছে।

    পরে বাইরের একজন লোক দেখে আমাদের বলেন রোগীকে ভুল রক্ত দেওয়া হচ্ছে। এরপর আমরা হাসপাতালের নার্স ও ডাক্তারদের অনেক ডাকাডাকি করলেও তারা এসে রোগীর কোনো চিকিৎসা দেননি। তারা তড়িঘড়ি করে সেই রক্তের ব্যাগ ও রক্ত সংক্রান্ত কাগজপত্র নিয়ে চলে যান। পরে রাত ৮টার দিকে আরেকজন ডাক্তার এসে আমাদের রোগীকে ঢাকায় নিয়ে যেতে বলেন।

    তারা আরও বলেন, আমরা বলেছি, রোগীকে ঢাকায় নেওয়ার মত অবস্থা আমাদের নেই। এটা একটা সরকারি মেডিকেল, আমাদের রোগীর চিকিৎসা এখানেই করেন। তারপর তারা রোগীকে আর কোনো চিকিৎসা দেয়নি। এটি ভুল রক্ত নাকি সঠিক রক্ত সেটি বোঝার ক্ষমতা তো আমাদের নেই। তারা তিন জায়গায় চেক করে রক্ত দিয়েছে। এক জায়গায় ভুল হতে পারে, তিন জায়গায় তো ভুল হওয়ার কথা না। তাদের ইচ্ছাকৃত অবহেলার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।

    মানিকগঞ্জ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইশতিয়াক আহমেদ জানান, বিকেল ৪টার দিকে ডিউটিতে ছিলেন ইন্টার্ন চিকিৎসক ঐশী ও মেডিকেল অফিসার ডা. নূরজাহান। সেসময় রোগীর শরীরে ‘ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘বি’ পজিটিভ রক্ত পুশ করা হয়েছে। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। আমি রাত ৮টায় ডিউটি শুরু করেছি। আমি ডিউটি শুরু করার পর যতটুকু সম্ভব চেষ্টা করেছি। এরপরও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।

    তিনি আরও বলেন, রোগীর শরীরে খুব বেশি রক্ত যায়নি। তবে কাগজ পত্র না দেখে রক্ত পুশ করা ঠিক হয়নি। এটি একটি মারাত্মক ভুল। রোগীর মৃত্যু সনদে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছে কি-না জানতে চাইলে ওই চিকিৎসক বলেন, শ্বাসকষ্টজনিত সমস্যা উল্লেখ করা হয়েছে। ভুল রক্ত পুশ করার বিষয়টি উল্লেখ না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এটি করা হয়েছে।

  • ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু নিয়ে ভারতের দেওয়া বক্তব্য ভিত্তিহীন- প্রেস সচিব

    ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু নিয়ে ভারতের দেওয়া বক্তব্য ভিত্তিহীন- প্রেস সচিব

    দিনাজপুরে হিন্দু সম্প্রদায়ের নেতা ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে কেন্দ্র করে ভারতের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ভারতের দাবি, এটি সংখ্যালঘুদের ওপর ‘সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতা’র অংশ। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বক্তব্যকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করা হয়েছে।

    শনিবার (১৯ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্টভাবে বলেন, “ভবেশের মৃত্যু নিয়ে ভারতের যেসব অভিযোগ তোলা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।”

    তিনি বলেন, “বাংলাদেশ এমন একটি দেশ নয়, যেখানে সংখ্যালঘুরা সরকারের সমর্থনে বৈষম্যের শিকার হন। সরকার সব ধর্মের নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

    ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু নিয়ে প্রেস সচিব বলেন, “এই নির্দিষ্ট ঘটনায় আমরা নিশ্চিত হয়েছি, ভুক্তভোগী পূর্বপরিচিত কয়েকজনের সঙ্গে বাইরে গিয়েছিলেন। তার পরিবারও কারো সঙ্গে যাওয়া নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করেনি। ময়নাতদন্তে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।” মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ভিসেরা বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

    ছাত্র-জনতার গণ আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশে পট পরিবর্তনের পর থেকে হিন্দু ও সংখ্যালঘুদের উপর ‘নির্যাতন’ চালানো নিয়ে সোচ্চার ভারত সরকার। এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে পাল্টাপাল্টি বিবৃতি পাল্টা বিবৃতির ঘটনাও ঘটেছে।

    ভবেশ চন্দ্রের ছেলে স্বপন চন্দ্র রায় জানান, বৃহস্পতিবার বিকেলে তার বাবা এলাকার পরিচিত কয়েকজনের সঙ্গে মোটরসাইকেলে করে পাশের বাজারে যান। এরপর রাত ৮টার দিকে রতন নামের একজন ফোন করে বাবার অসুস্থতার কথা জানান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    হাসপাতাল থেকে তার মৃত্যুসনদে লেখা হয়, হাসপাতালে আনার আগেই ভবেশ চন্দ্র মারা যান। সুরতহালে ভবেশ চন্দ্রের শরীরের আঘাতের চিহ্ন দেখা যায়নি বলেও জানায় পুলিশ।

     

     

  • বিচার ও সংস্কারের আগে কোনভাবেই নির্বাচন নয়- ডা. সফিকুর রহমান

    বিচার ও সংস্কারের আগে কোনভাবেই নির্বাচন নয়- ডা. সফিকুর রহমান

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. সফিকুর রহমান বলেছেন, “জুলাই আন্দোলনে আহত ও নিহতদের বিচার ও সংস্কারের আগে কোনভাবেই নির্বাচন জনগণ মেনে নেবে না। আগে ফ্যাসিস্টের বিচার ও সংস্কার করতে হবে। তারপর নির্বাচন। শনিবার (১৯ এপ্রিল) বিকালে জলঢাকা স্টেডিয়াম মাঠে জামায়াতে ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

    তিনি আরো বলেন, “আওয়ামী লীগ দেশ প্রমিক ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার মধ্য দিয়ে তাদের হত্যা মিশন শুরু করে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সেনা কর্মকর্তাদের হত্যার বিচার, শাপলা চত্বরে আলেমদের হত্যা বিচারসহ সকল হত্যার বিচার করবে।”

    জামায়াত আমির বলেন, “অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমাদের দেশের উন্নয়নে আমরা সিদ্ধান্ত নেব। কারো চাপিয়ে দেওয়া সিন্ধান্ত আমরা মেনে নেব না।”

    জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোখলেসুর রহমানের সভাপতিত্বে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমসহ স্থানীয় ও কেন্দ্রীয় জামায়াত ও শিবিরের নেতারা বক্তব্য রাখেন।