Blog

  • টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে দপ্তরী আটক

    টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে দপ্তরী আটক

    টাঙ্গাইলের বাসাইলে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে কাজী সুমন (৪২) নামে স্কুলের দপ্তরিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে নিজ বাসা থেকে তাকে আটক করে বাসাইল থানা পুলিশ।

    আটক কাজী সুমন উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামের কাজী নাসিরের ছেলে। তিনি সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত।

    জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিদ্যালয় ছুটি হওয়ার পর দুজন শিক্ষার্থী দপ্তরি সুমনের কাছে প্রাইভেট পড়ে। পড়ানোর একপর্যায়ে এক শিক্ষার্থীকে চশমা নিয়ে আসার কথা বলেন তিনি। ওই শিক্ষার্থী চশমা নিতে গেলে সেই সুযোগে অন্যজনের শ্লীলতাহানি করেন।

    প্রাইভেট পড়া শেষে বাড়ি গেলে ভুক্তভোগীর গায়ে জখম দেখতে পান তার মা। পরে মাকে ঘটনা জানায় ওই শিক্ষার্থী। পরে শিক্ষার্থীর পরিবার বিষয়টি সেনাবাহিনীকে জানায়।

    পরিবারের লোকজন বলেন, এর আগেও এই দপ্তরি ওই শিক্ষার্থীর সঙ্গে এমনটো করেছে। ভয়ে আগে বাড়িতে বলেনি। বাড়ির পাশাপাশি হওয়াতে দপ্তরির কাছে প্রাইভেট পড়ানো হয়। শরীরে জখম দেখে জিজ্ঞেস করলে কান্নাকাটি করে সব কিছু বলে দেয়।

    এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, শিক্ষার্থীর পরিবার প্রথমে সেনাবাহিনীকে জানায়। সেনাবাহিনী আমাদেরকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে দপ্তরি কাজী সুমনকে আটক করি। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

  • আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত

    আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত

    আগামী রমজানের আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন দেখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান দলটির আমির ডা. শফিকুর রহমান।

    এদিন দুপুরে গুলশানে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন জামায়াত আমির। ঘণ্টাখানেক বৈঠকের পরে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করছে তার দল। আগামী রমজানের আগে নির্বাচন দেখতে চান তারা।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী একইসঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচারও দেখতে চায় বলে জানিয়েছেন ডা. শফিকুর রহমান।

    এদিকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে একইদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। দলটির ৮ শীর্ষস্থানীয় নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    অন্যদিকে এ বৈঠকের ব্যাপারে একটি ব্রিফিং করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিএনপি নেতাদের সঙ্গে খোলামেলা পরিবেশে কথা হয়েছে। সংস্কারের ব্যাপারে বিএনপি অত্যন্ত আন্তরিক।

    বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না।

  • ‘প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ নয়’-মির্জা ফখরুল

    ‘প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ নয়’-মির্জা ফখরুল

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা ফলপ্রসূ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস না পাওয়ায় আলোচনা সন্তোষজনক নয়।

    এর আগে দুপুর ১২টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদল যমুনায় পৌঁছায়।

    প্রতিনিধিদলের ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল আহসান মাহমুদ টুকু।

  • চাঁপাইনবাবগঞ্জে মিডিয়াকর্মীর উপর হামলায় গ্রেফতার ২

    চাঁপাইনবাবগঞ্জে মিডিয়াকর্মীর উপর হামলায় গ্রেফতার ২

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মাদক বিরোধী সংবাদ প্রচারের জের ধরে উত্তেজিত হয়ে মিডিয়াকর্মীর উপর হামলাকারী প্রধান ২ আসামী কে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

    গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের নিচুধুমি গ্রামের সাধুর ছেলে মোঃ আলামিন (৩০) এবং একই ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ আওয়াল (৩১)।

    র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, ১৫ এপ্রিল রাত সাড়ে সাত টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নিচুধুমি এলাকায় অভিযান চালিয়ে মাদক বিরোধী সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের উপর হামলাকারী প্রধান দুই আসামী মোঃ আলামিন ও মোঃ আওয়াল কে গ্রেফতার করা হয়।

    উল্লেখ্য, গত ১২ এপ্রিল/২৫ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কাইটাপাড়া কৃষ্ণ গোবিন্দপুর এলাকায় মাদক বিরোধী সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারকৃত আসামী এবং তার সহযোগী সহ চাঁপাইনবাবগঞ্জের এক মিডিয়াকর্মীর উপর হামলা করে। পরবর্তীতে ১৪ এপ্রিল/২৫ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

    প্রেক্ষিতে মামলার অন্যতম ১নং ও ২নং আসামীকে চাঁপাইনাববগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নিচুধুমি এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানায় র‌্যাব। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ইন্সষ্টিটিউটে খাদ্য মেলা

    চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ইন্সষ্টিটিউটে খাদ্য মেলা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউট ছাত্র-ছাত্রীদের নিজ হাতে তৈরি বিভিন্ন ধরনের খাবারের মেলা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের ছাত্র-ছাত্রীদের উদোগে ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনব্যাপী খাবার মেলার আয়োজন করা হয়।

    খাবার মেলায় ছাত্র-ছাত্রীদের নিজেদের তৈরি খাবারের পুষ্টি ও ডায়েটিক্স পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো. মাসুদ পারভেজ।

    উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও ডাঃ আব্দুস সামাদ, ডাঃ রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগমসহ অন্যান্যরা।

  • বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক আগামী বুধবার

    বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক আগামী বুধবার

    প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠক করবে আগামী বৃহস্পতিবার। এ লক্ষ্যে দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ তার দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বুধবার ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

    মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, উভয়পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা না হলেও আলোচনার সময় পারস্পরিক স্বার্থের সব বিষয়ই আলোচনায় আসবে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসেন খান এই বৈঠকে যোগদানের জন্য বর্তমানে ঢাকায় রয়েছেন।

    এ ব্যাপারে তিনি বলেন, ইসলামাবাদ ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে বিশেষভাবে আগ্রহী। তিনি বলেন, পাকিস্তান বিশেষ করে তাদের পণ্যের দাম প্রতিযোগিতামূলক বিবেচনায় বাংলাদেশে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছে। তুলাকে প্রধান পণ্য হিসেবে উল্লেখ করে পাকিস্তান তুলা সরবরাহ করতে আগ্রহী।

    হাইকমিশনার বলেন, পাকিস্তান যেহেতু আফগানিস্তান ও ইরান থেকে পণ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। তাই পরিবহন খরচ কম হলে বাংলাদেশের জন্য পাকিস্তানের মাধ্যমে আমদানি অন্বেষণ করার সুযোগ রয়েছে।

    সরাসরি বিমান যোগাযোগের বিষয়ে হাইকমিশনার খান বলেন, ফ্লাই জিন্নাহ ছাড়াও, শিয়ালকোটে অবস্থিত আরেকটি পাকিস্তানি বেসরকারি বিমান সংস্থা এয়ার সিয়াল ঢাকায় ফ্লাইট পরিচালনার জন্য সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের কাছে আবেদন করেছে। তিনি বলেন, ফ্লাই জিন্নাহ বর্তমানে ঢাকায় কার্যক্রম শুরু করার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে, এয়ার সিয়াল অনুমোদন পাওয়ার দুই মাসের মধ্যে সরাসরি ফ্লাইট শুরু করবে বলে আশা করা হচ্ছে।

    তিনি আরো বলেন, সরাসরি বিমান সংযোগ পর্যটন বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। দুই দেশের মধ্যে অমীমাংসিত ঐতিহাসিক সমস্যা সম্পর্কে জানতে চাইলে হাইকমিশনার বলেন, সারা বিশ্বে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের বিষয় বিদ্যমান থাকে, তবে বর্তমান সম্পর্ক বা অর্থনৈতিক সহযোগিতাকে বাধাগ্রস্ত করা উচিত নয়।

    ঢাকায় অবস্থানকালে পাকিস্তানের পররাষ্ট্রসচিব বালুচ বৃহস্পতিবার এফওসি’র পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

    পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন। ২০১২ সালের পর বাংলাদেশে এটি হবে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।

  • পাঁচ বছর সরকারকে ক্ষমতায় দেখতে চায় এই দেশের জনগণ-স্বরাষ্ট্র উপদেষ্টা

    পাঁচ বছর সরকারকে ক্ষমতায় দেখতে চায় এই দেশের জনগণ-স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি। এ কথা জনগণ বলেছে। আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি ব্রিফিংয়ে এ কথা বলেন।

    জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন কবে হতে পারে তা বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা, এর বাইরে আমার কিছু বলার নেই। তিনি আরও বলেন, চট্টগ্রাম ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠানের আগেরদিন হামলার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সরকার ব্যবস্থা নেবে।

    এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) প্রধানের পদ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিকের বদলি নিয়ে প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিবিপ্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘলা আলম ইস্যুর সংশ্লিষ্টতা নেই। এটা রুটিন প্রক্রিয়া। কেউ দায়িত্বে আসবেন, আবার চলেও যাবেন। সাম্প্রতিক সময়ে পুলিশের লোগো পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন কার্যকর হবে।

    পহেলা বৈশাখ উদযাপন সফল হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম আরও বলেন, প্রথমবারের মতো জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। সবার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীও ভালোভাবে কাজ করতে পেরেছে। আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষজনকে ধন্যবাদ জানাচ্ছি।

    প্রসঙ্গত, এর আগে সুনামগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, সাধারণ মানুষ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে। রাস্তা থেকে আমাকে বলতেছে আপনারা আরও ৫ বছর থাকেন। এ নিয়ে পরবর্তীতে ব্যাপক সমালোচনা শুরু হয়।

     

  • সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বৃদ্ধি

    সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বৃদ্ধি

    ব্যবসায়ীদের বাড়ানো সয়াবিন তেলের দাম মেনে নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত রোববার সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা ও পাম তেলের দাম ১২ টাকা বাড়ানোর ঘোষণা দেন ব্যবসায়ীরা। এর ফলে মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৪ টাকা ও পাম তেলের দাম ১২ টাকা বাড়ল।

    নতুন দাম অনুসারে, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে খরচ করতে হবে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা। পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা ছিল ৮৫২ টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম হবে প্রতি লিটার ১৬৯ টাকা, যা ছিল ১৫৭ টাকা।

    এদিকে, এই একই দাম কার্যকর করতে গত রোববার বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাক-চারার্স অ্যাসোসিয়েশন। এর একদিন পরে একই দাম ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

    বাণিজ্য সচিবের রুমে ভোজ্যতেলের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের ব্রিফিং করে দাম বাড়ানোর কথা জানান।এর আগে ঈদের ছুটির পর ৬ এপ্রিল ও ৮ এপ্রিল তেলের দাম বৃদ্ধি নিয়ে দুই দফা বৈঠক করা হয়েছিল। তবে ওই সময় কোনো সিদ্ধান্ত হয়নি।

    এরপর ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ানোর ঘোষণা দেয় ১৩ এপ্রিল। ওই বিজ্ঞপ্তিতে ঘোষণার পরপর থেকেই নতুন দর কার্যকর হবে জানায় সংগঠনটি।

    চূড়ান্ত সিদ্ধান্তের আগে কেন ব্যবসায়ীরা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, “এটা তারা করতে পারে না। আজ দাম চূড়ান্ত হয়েছে। তারা যদি আগে ঘোষণা দেয়, সেটা বেআইনি।

  • বৈষম্যমুক্ত  সমাজ প্রতিষ্ঠায়  দেশপ্রেমিকদের অংশগ্রহণ জরুরী-অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন

    বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় দেশপ্রেমিকদের অংশগ্রহণ জরুরী-অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন

    স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল প্রকার বৈষম্যমুক্ত  ইনসাফ ভিত্তিক সমাজব্যবস্থা কায়েম করতে চায়’বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা উত্তর অঞ্চল সহকারী পরিচালক ও কেন্দ্রীয় শূরা সদস্য এবং মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন। সোমবার পহেলা বৈশাখ দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি বাজারে সংগঠনের গণসংযোগ পক্ষ পালন এবং  বাংলা নববর্ষ  উপলক্ষে আয়োজিত সাটুরিয়া উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় শেষে  স্থানীয় সাংবাদিকদের  সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন।

    অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন আরো বলেন, ‘সকল ধর্মেই ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা, সত্যের পক্ষে কাজ করার জন্য তাগিদ করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীও সত্যের পক্ষে কাজ করে যাচ্ছে। এ কাজে অংশ নিতে জনগণকে আহ্বান করছি। এতে আমরা সাধারণ জনগণনের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষের মন গড়া আইন, অসৎ দুর্নীতিবাজদের শাসনই হচ্ছে মানুষের জন্য অশান্তির মূল কারণ। এর থেকে মুক্তি পেতে চাইলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন অত্যন্ত প্রয়োজন।

    সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি, সুবিচার কায়েম হলে সুদ,  ঘুষ, কালো বাজারি, মজুদদারী, টেন্ডারবাজী দুর্নীতি থাকবে না। আমরা সবাইকে নিয়ে  এক সাথে বৈষম্য মুক্ত সমাজ গড়তে চাই সেই জন্য দেশপ্রেমিকদের অংশগ্রহণ জরুরী । সৎ দক্ষ মানবসম্পদের সুন্দর বাংলাদেশ গড়তে চাই।’

    জননেতা অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হেসাইন  বালিয়াটি বাজার, ভাটারা ত্রীমোড়, গর্জনা, দিমুখা, ভাঙ্গাবাড়ী, খলিলাবাদ, হাজিপুর, শিমুলিয়া এলাকায়  আল্লাহর  আইন চাই সৎ লোকের শাসন চাই স্লোগানকে সামনে রেখে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানে অংশ গ্রহণ করেন।

    এ সময় সাটুরিয়া উপজেলা জামায়াতের আমীর মুঃ আবু সাঈদ বিএস সি,  কর্ম পরিষদ সদস্য মাওলানা শওকত আলী, উপজেলার যুবনেতা সোহরাব হোসেন, বালিয়াটি ইউনিয়ন জামায়াতের সভাপতি  মাওলানা মো: রমজান আলী, সেক্রেটারি মোঃ  আশরাফ উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মাসুম বিল্লাহ সহ জামায়াত, ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতাকর্মীসহ বিপুল সংখ্যক  সাধারণ জনতা উপ-স্থিত ছিলেন।

  • এবার বর্ষবরণে ভিন্নধর্মী আনন্দ শোভাযাত্রা !

    এবার বর্ষবরণে ভিন্নধর্মী আনন্দ শোভাযাত্রা !

    বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। প্রতি বছরের ন্যায় এই দিনটিকে বরণ করে নিতে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে শুরু হয়েছে আনন্দ শোভাযাত্রা। তবে এবারের আনন্দ শোভাযাত্রায় ছিল বেশ কিছু ভিন্ন ধরনের আয়োজন। ঘোড়ার সওয়ার দিয়ে শুরু হওয়া এই আনন্দযাত্রায় ব্যান্ডের লাইভ গান। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অংশগ্রহণসহ ভিন্ন মাত্রা এনেছিল এক্রোবেটিক পরিদর্শন।

    সোমবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে। শোভাযাত্রায় রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্রসহ ৩০ জন শিল্পীর সম্মিলিতভাবে দেশাত্মবোধক গান পরিবেশন।

    সরেজমিনে দেখা গেছে, এদিন সকাল থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতি ভেদাভেদ ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে রঙিন পোশাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এসে জড়ো হন সাধারণ মানুষ। পরে তাদের উপস্থিতি ও যোগদানে শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।

    শোভাযাত্রায় রয়েছ ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিফ। বড় মোটিফগুলোর মধ্যে রয়েছে কাঠের বাঘ, ইলিশ মাছ, টাইপোগ্রাফিতে ৩৬ জুলাই, শান্তির পায়রা, পালকি, জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের পানির বোতল ইত্যাদি।

    বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা শুরু
    এছাড়াও ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানিয়ে এবারের শোভাযাত্রায় বিশেষভাবে যুক্ত করা হয়েছে তরমুজের মোটিফ, যা সাম্প্রতিক সময়ের এক রাজনৈতিক বার্তাবাহী উপাদান।

    এছাড়াও সুলতানি ও মোঘল আমলের মুখোশ, ফ্যাসিবাদের মুখাকৃতি, রঙিন চরকি, বাঘের মাথা, তালপাতার সেপাই, মাছ ধরার পলো, মাছ ধরার চাই, পাখা, মাথাল, ঘোড়া, লাঙলসহ রয়েছে নানান আয়োজন। একই সঙ্গে আনন্দ শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে পরার মতন উপস্থিতিও দেখা গেছে।