Category: জাতীয়

  • ‘নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করা হবে’-সেনাপ্রধান

    ‘নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করা হবে’-সেনাপ্রধান

    নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন।

    সেনাপ্রধান বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। সামনে দেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে সরকারকে সহযোগিতা করবো। নির্বাচন কমিশনকে সহযোগিতা করবো, যেন আমরা সুন্দর একটা নির্বাচন পেতে পারি।

    সেনাপ্রধান আরও বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।

    অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন সেনাপ্রধান।

    এরমধ্যে ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরে নানা অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়।

  • ভূমিকম্প সতর্কতায় ঢাবি ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা

    ভূমিকম্প সতর্কতায় ঢাবি ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা

    আবাসিক হলগুলোর কাঠামোগত ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কারের স্বার্থে ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ অবস্থায় রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে সব আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।

    শনিবার (২২ নভেম্বর) রাত ৯টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

    সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সিন্ডিকেট সদস্য-দের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান প্রকৌশলী অংশ নেন।

    সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী আফটারশকের কারণে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তাদের সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

    বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীদের মতামত বিশ্লেষণ করে জানা যায়, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে আবাসিক হলগুলোতে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা ও সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন অত্যাবশ্যক। সম্ভাব্য সংস্কারকাজ পরিচালনার সুবিধার্থে হলগুলো খালি করা প্রয়োজন বলেও মত দেন তারা।

    এ কারণে রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে সব আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

  • সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

    সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

    সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকার সেনা-নিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ফজরের নামাজের পর দেশব্যাপী সেনা, নৌ ও বিমানবাহিনীর সকল স্থাপনার মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে।

    দিবসটি উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী দেশের গর্ব—যারা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও জাতীয় সংকটে নির্ভরযোগ্য ভূমিকা পালন করছে।

    তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ছাত্র–জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাহিনীর কার্যক্রম সর্বত্র প্রশংসিত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ দেশের আন্তর্জাতিক মর্যাদা আরও বৃদ্ধি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর বাণীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, শিল্প কারখানায় নিরাপত্তা প্রদানসহ বেসামরিক প্রশাসনকে সহায়তায় সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন।

    আজ দুপুরের পর বাহিনী প্রধানরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন। সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা আজ বিকেলে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন।  অনুষ্ঠানে ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর ও তাঁদের পরিবারকে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে।

    দিনের শেষাংশে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বীরশ্রেষ্ঠদের পরিবার, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষাবিদ এবং সামরিক-বেসামরিক অতিথিবৃন্দ। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

  • ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়- খলিলুর রহমান

    ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়- খলিলুর রহমান

    দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি) থেকে পারস্পরিক সহায়তা এবং আঞ্চলিক শান্তি রক্ষার বার্তা দিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দিল্লি সফরে রয়েছেন তিনি।

    ভারতীয় বার্তা সংস্থা এএনআই লিখেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর)সিএসসিতে আলোচনার সময় পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বলেছেন বাংলাদেশের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

    খলিলুর রহমানের বরাত দিয়ে এএনআই লিখেছে, বাংলাদেশ সিএসসি উদ্যোগের সঙ্গে তার সম্পৃক্ততাকে মূল্য দেয় এবং সার্বভৌমত্ব, সমতা, আঞ্চলিক অখণ্ডতা এবং হস্তক্ষেপ না করার নীতির ওপর ভিত্তি করে অংশগ্রহণ অব্যাহত রাখতে চায়।

    সিএসসি-এর সহযোগিতার পাঁচটি স্তম্ভ সমষ্টিগত নিরাপত্তা এবং সমগ্র অঞ্চলজুড়ে পারস্পরিক সমৃদ্ধি জোরদার করার জন্য তাৎপর্যপূর্ণ।

    তিনি বলেন, “আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করছি যে, বাংলাদেশ সিএসসির কিছু কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে, যা সংগঠনের সনদে থাকা নীতিমালা, যথা- সার্বভৌমত্ব, সমতা, আঞ্চলিক অখণ্ডতা এবং (অভ্যন্তরীণ বিষয়ে) হস্তক্ষেপ না করার ওপর ভিত্তি করে তৈরি।

    কনক্লেভের কাজের পাঁচটি চিহ্নিত স্তম্ভের গুরুত্ব এবং এই অঞ্চলের সব সদস্যের জন্য যৌথ নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সমৃদ্ধি বৃদ্ধিতে সিএসসি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তা বাংলাদেশ স্বীকার করে।”

    তিনি বলেন, “সম্প্রতি আমরা ভুল ও বিভ্রান্তির তথ্যের ক্রমাগত প্রবাহের মুখোমুখি হয়েছি। আমরা কেবল আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য নয়, আমাদের নিজস্ব সাইবারস্পেস, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি সুরক্ষিত করার জন্য প্রতিশ্রুতি-বদ্ধ।”

    জাতীয় প্রচেষ্টা এককভাবে অপর্যাপ্ত বলে তুলে ধরে খলিলুর রহমান বলেন, সাইবার নিরাপত্তা হুমকি, ভুল তথ্য এবং বিভ্রান্তি মোকাবিলায় সমন্বিত আঞ্চলিক পদক্ষেপ প্রয়োজন।

    বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, “সাইবার নিরাপত্তা, ভুল তথ্য এবং বিভ্রান্তির চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সম্মিলিত পদক্ষেপগুলো স্পষ্টভাবে প্রকাশ ও বাস্তবায়ন করতে হবে এবং আমি এই বিষয়ে সিএসসি-এর পদক্ষেপের জন্য অপেক্ষা করছি।”

  • শেখ হাসিনা-কামালকে ফেরত চায় বাংলাদেশ

    শেখ হাসিনা-কামালকে ফেরত চায় বাংলাদেশ

    জুলাই হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার (১৭ নভেম্বর) তাদের কে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায়।

    পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অ-বন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল।

    আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

    ”বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর করাটা ভারতের জন্য ‘অবশ্যপালনীয় দায়িত্ব’।

  • সাবেক আইজিপি মামুনের ৫ বছরের কারাদণ্ড

    সাবেক আইজিপি মামুনের ৫ বছরের কারাদণ্ড

    জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

    আজ সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

    ২ ঘণ্টা ১০ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর ২টা ৫০ মিনিটে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

    এ মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও কামাল। তবে গ্রেপ্তার হয়ে বছরখানেক ধরেই কারাগারে রয়েছেন সাবেক আইজিপি মামুন।

  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড

    সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড

    জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

    এ মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়। সেগুলো হলো—গত বছরের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ‘উসকানিমূলক বক্তব্য’ দেওয়া; হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেওয়া; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যার নির্দেশ; রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যার নির্দেশ এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার নির্দেশ দেওয়া।

    শুরুতে এ মামলার একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা। গত ১৬ মার্চ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও এ মামলায় আসামি করা হয়। সবশেষ গত ১২ মে মামলার তদন্ত প্রতিবেদনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম আসে।

  • শেখ হাসিনার ফাঁসির আদেশ

    শেখ হাসিনার ফাঁসির আদেশ

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

    এর আগে গত ১৩ নভেম্বর রায় ঘোষণার জন্য আজকের তারিখ নির্ধারণ করেন আদালত। এই মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছিলেন।

    তিনি জবানবন্দিতে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি ‘লেথাল উইপন’ (মারণাস্ত্র) ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ১৮ জুলাই শেখ হাসিনার ওই নির্দেশনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে পেয়েছিলেন তিনি।

    রায় ঘোষণার আগে আজ সকাল সাড়ে ৮টায় ট্রাইব্যুনালে হাজির করা হয় চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।

     

  • ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলার নিরাপত্তার দায়িত্বে বিজিবি

    ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলার নিরাপত্তার দায়িত্বে বিজিবি

    সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    এরই মধ্যে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    রবিবার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরেও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

  • আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ভাগ্য নির্ধারন

    আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ভাগ্য নির্ধারন

    জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘পলাতক’ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দেবে  সোমবার (১৭ নভেম্বর)।

    নির্ধারিত দিনে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

    এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই মামলার রায়ের দিন ঠিক করেন আদালত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে। চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

    এর আগে গত ২৩ অক্টোবর অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের সমাপনী বক্তব্য শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। তারই ধারাবাহিকতায় রায়ের দিন ঠিক করা হয়।

    মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনও আসামি। তাদের মধ্যে মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

    আদালত রায়ের তারিখ ঠিক করে দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আমরা অঙ্গীকার করেছিলাম যে, যারাই বাংলাদেশে, যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতাবিরোধী অপরাধ করে, তাদের সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে।

    তিনি আরও বলেন, এখন ১৭ নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আশঙ্কা যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন, একটি সঠিক রায়ের মাধ্যমে।

    বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায়ই আমরা প্রত্যাশা করছি।

    অন্যদিকে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেন, মক্কেলদের অনুপস্থিতিতেও তিনি নিজের সর্বোচ্চ যুক্তি তুলে ধরেছেন। তিনি আশা করছেন, ট্রাইব্যুনাল তার মক্কেলদের খালাস দেবেন।