Category: জাতীয়

  • ঐকমত্য নয় জাতীয় বিভাজন তৈরির ঝুঁকি হয়েছে- সালাহউদ্দিন

    ঐকমত্য নয় জাতীয় বিভাজন তৈরির ঝুঁকি হয়েছে- সালাহউদ্দিন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্য নয়, বরং ‘জাতীয় অনৈক্য’ প্রতিষ্ঠার চেষ্টা করেছে। তিনি বলেন, “কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়–সম্পর্কিত যেসব সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, সেখানে স্বাক্ষরিত সনদের বাইরের অনেক বিষয় যুক্ত করা হয়েছে। এতে কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে।”

    মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ এসব মন্তব্য করেন।

    তিনি আরও জানান, জুলাই জাতীয় সনদে মোট ৮৪টি দফা রয়েছে। সেখানে বিএনপি এবং অন্যান্য দলের ভিন্নমত বা নোট অব ডিসেন্ট স্পষ্টভাবে উল্লেখ ছিল।

    দলগুলো চাইলে এসব বিষয় নির্বাচনী ইশতেহারে তুলে ধরে জনম্যান্ডেট পেলে বাস্তবায়ন করতে পারবে। কিন্তু কমিশনের সুপারিশমালায় নোট অব ডিসেন্টের কোনো উল্লেখ রাখা হয়নি।

    সালাহউদ্দিন আহমদ বলেন, “যে সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, তার বাইরের অনেক পরামর্শ যুক্ত করা হয়েছে। এতে ঐকমত্য নয়, বরং মতবিরোধই সৃষ্টি হবে।”

    তিনি আরো উল্লেখ করেন, গণভোট আয়োজনের প্রস্তাব এবং “সংবিধান সংস্কার পরিষদ” নামের নতুন ধারণা কমিশনের আলোচনায় ছিল না। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পুনরায় আলোচনার প্রয়োজন হতে পারে।

    অবশেষে তিনি কমিশনের কার্যক্রম শেষ করার জন্য ধন্যবাদ জানান, তবে বলেন, “নতুন বিষয় সংযুক্ত করার এই প্রক্রিয়ায় জাতীয় ঐকমত্য নয়, বরং বিভাজনের ঝুঁকি তৈরি হয়েছে।”

  • গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের পরামর্শ

    গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের পরামর্শ

    জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংবিধান সংস্কার বাস্তবায়নে সরকারের উচিত গণভোটের আয়োজন করা। একইসঙ্গে এ বিষয়ে দ্রুত আদেশ জারি করারও সুপারিশ করা হয়েছে।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই সনদ বাস্তবায়নের ধাপগুলো তুলে ধরেন তিনি।

    অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কিছু সুপারিশ আছে, যেগুলো বাস্তবায়নে সাংবিধানিক সংশোধন প্রয়োজন, সেগুলো গণভোটের মাধ্যমেই হওয়া উচিত। যেসব বিষয় অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব, সরকার তা দ্রুত করবে।

    এছাড়া, যেসব বিষয়ে ভিন্নমত নেই এবং দাপ্তরিক নির্দেশেই কার্যকর করা যায়, সেগুলোও দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, তিন ধারায় জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা দেওয়া হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারের দৃঢ় পদক্ষেপ প্রয়োজন।

  • সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা

    সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা

    “সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে। আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এবং আমি আশঙ্কা করছি, যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ, এটা যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে।’’

    তথ্য উপদেষ্টা মাহফুজ আলম শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর সেগুন-বাগিচায় বিএমএ ভবনে ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে এ কথা বলেন।

    সেন্টার ফর সুফি হেরিটেজ কর্তৃক আয়োজিত ইমরান হুসাইন তুষার এবং মিজানুর রহমানের সঞ্চালনায় সংলাপে মাহফুজ আলম বলেন, “আওয়ামী লীগ ‘দরবারগুলোর’ সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে। দরবারগুলোকে এটা বোঝানোর জন্য যে অধ্যাপক ইউনূসের সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে।”

    তিনি বলেন, “এই কোশ্চেনটা (প্রশ্ন) অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু নয়। এটা ৫০ বছর ধরে চলছে। যখন সরকার পরিবর্তন হয়, মসজিদ কমিটি বদল হয়ে যায়। ইসলামী ফাউন্ডেশনের গভর্নিং কমিটি বদল হয়ে যায়।”

    তথ্য উপদেষ্টা আরো বলেন, “রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফ্যাসিবাদ রয়ে গেছে। দেশে ইসলামের যতগুলো ধারা আছে, সবক’টি ধারার মধ্যে সংলাপ এবং সংযোগের সুযোগ তৈরি না হলে রাষ্ট্র খুবই শঙ্কার মধ্য দিয়ে এগোবে।”

    তিনি বলেন, “দেশে ৯০ থেকে ৯২ শতাংশ মুসলমানের মধ্যে বিভিন্ন তরিকা আছে। তাদের মধ্যে কীভাবে সমন্বয় করা যায়, আজ পর্যন্ত রাজনৈতিক নেতারা এটা নিয়ে ভাবেননি; বরং কেউ কওমিদের সঙ্গে, কেউ সুন্নিদের সঙ্গে—এভাবে ভাগ করে নিয়েছেন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির হাতিয়ার করে নিয়েছেন।”

    ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম বলেন, “বাংলাদেশ অলি আউলিয়ার দেশ। এখানে সকল ধর্মের, সকল মতের মানুষের পাশাপাশি বস-বাস। আমরা ছোটকাল থেকেই দেখে এসেছি হজরত শাহজালাল, শাহ পরাণ ও অন্যান্য আউলিয়াদের মাজারে, দরবারে মানুষ জেয়ারত করতে যান। এই সংস্কৃতি দিনদিনই নষ্ট হয়ে যাচ্ছে।

    আমরা চাই, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সকল ধর্মের, সকল মতের মানুষ সহিংসতাকে মোকাবেলা করে পারস্পরিক সম্প্রীতি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবেন।”

    জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “মাজারে সহিংসতা বিষয়ে কথা বলা একটা ট্যাবুতে পরিণত হয়েছে, আজকের এই অনুষ্ঠানে আসতেও আমি উদ্বিগ্ন ছিলাম কিন্তু এই ট্যাবু ভাঙতে হবে। আমাদের দেশে মাজার, দরবারের দায়িত্বশীল যারা আছেন তাদের একটা ঘাটতি হলো তারা রাষ্ট্রের নীতিনির্ধারণে প্রভাব রাখতে পারছেন না। যে কারণে তাদের কণ্ঠস্বর রাষ্ট্রকে বাধ্য করতে পারছে না। সুফি সমাজের এখন বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা প্রয়োজন যার মাধ্যমে রাষ্ট্রীয় নীতিনির্ধারণে আপনারা অবদান রাখতে পারবেন।

    আইনজীবী ও মিডিয়া ব্যক্তিত্ব মানজুর আল মতিন বলেন, “কুরআন এত সুন্দর, নির্মল, পবিত্র অথচ কুরআনের নাম ধারণ করে অনেকে মাজার, দরবারে হামলা চালাচ্ছেন। এটা একজন মুসলমান হিসেবে সহ্য করা খুবই কষ্টকর। এই সহিংসতার ফলে দেশের সমাজ ও সাংস্কৃতিক বিপর্যয় তৈরি হয়েছে। যত দ্রুত সম্ভব এই বিপর্যয় রোধ করতে না পারলে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক সংকট আরও ঘনীভূত হবে, যা কারো জন্যই কল্যাণকর নয়।”

    লেখক ও গবেষক তাহমিদাল জামি বলেন, “রাষ্ট্রের দায়িত্ব সকলের নিরাপত্তা নিশ্চিত করা। কার আকিদা, মতাদর্শ কেমন তার দিকে তাকানো রাষ্ট্রের কাজ নয়। মাজার, দরবারে যদি সংস্কার প্রয়োজন হয় তাহলে তা মাজার, দরবার কর্তৃপক্ষ ভেতর থেকেই করবেন। বাহির থেকে সহিংসতা করে সংস্কার করা যাবে না বা চাপিয়ে দেওয়া যাবে না। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।”

  • ‘ভূমিসেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছে গেছে’

    ‘ভূমিসেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছে গেছে’

    ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, একসময় ভূমি অফিস মানেই ছিল দুর্ভোগ, হয়রানি ও জটিল প্রক্রিয়া। কিন্তু তথ্যপ্রযুক্তির যুগে সরকার ভূমিসেবা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। আজ ভূমিসেবা সত্যিকার অর্থে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে গেছে।

    বুধবার (২২ অক্টোবর) রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমির সেমিনার কক্ষে ‘মানোন্নীত অটোমেডেট ভূমিসেবা সম্পর্কে রাজশাহী বিভাগের চারটি জেলার (বগুড়া, নওগাঁ, চাপাইনবয়াবগঞ্জ ও রাজশাহী ) কর্মকর্তা-কর্মচারী গণের’ ‘’ট্রেনিং অফ ট্রেইনার্স (টিওটি)’’প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সিনিয়র সচিব বলেন, জনমনে ভূমি অফিস ও এর কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নানা ধরনের নেতিবাচক কথা হয়। আমরা চাই ইতিবাচক কাজের মাধ্যমে তা দূর করতে হবে।

    তথ্যপ্রযুক্তির যুগ প্রযুক্তির উন্নয়ন আজ জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন এনেছে। ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনাও এর ব্যতিক্রম নয়। একসময় ভূমিসেবা বলতে বুঝানো হতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাগজপত্র যাচাই, দালালের মাধ্যমে কাজ সম্পন্ন করা এবং সাধারণ নাগরিকের জন্য দুরূহ প্রক্রিয়া।

    কালের বির্বতনে ভূমিসেবা এখন ডিজিটাইজড হয়ে গেছে, জনগণের ভোগান্তি সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে ।

    সিনিয়র সচিব আরও বলেন, মানোন্নীত অটোমেটেড ভূমিসেবা শুধু প্রযুক্তিগত স্বয়ংক্রিয়তা নয়, বরং সেবার গুণগত মানের উন্নয়নও। এখন কর্মকর্তাদের জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে, সেবা প্রদানে সময় কমেছে এবং দুর্নীতির সুযোগ অনেক কমে এসেছে।

    প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, যথাযথভাবে মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করে আপনাদেরই আবার মাঠ পর্যায়ে গিয়ে প্রশিক্ষণ দিতে হবে। সময়ের চাহিদার সঙ্গে সঙ্গে নিজেদের আপগ্রেড করতে হয়, ডিজিটাল যুগে নিজে আপগ্রেড না করতে পারলে পিছিয়ে থাকতে হবে।

    অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মো. পারভেজ হাসান, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প,ভূমিমন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।

  • জুলাই সনদ শুধু কাগজে নয়, বাস্তবায়নের নির্ভরযোগ্যতা থাকতে হবে

    জুলাই সনদ শুধু কাগজে নয়, বাস্তবায়নের নির্ভরযোগ্যতা থাকতে হবে

    জুলাই সনদ শুধু কাগজে নয়, বাস্তবায়নের নির্ভরযোগ্যতা থাকতে হবে। বাস্তবায়ন প্রক্রিয়া পরিষ্কার না হলে স্বাক্ষর অর্থহীন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে জুলাই গণহত্যা-বিচার, ‘জুলাই সনদ’, নির্বাচন কমিশন, জন প্রশাসন, উপদেষ্টা পরিষদ এবং তত্ত্বাবধায়ক সরকারের ধারণাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

    নাহিদ ইসলাম বলেন, “প্রথমে কখন, কীভাবে ও কার মাধ্যমে এই সনদ বাস্তবায়িত হবে, তার একটি স্পষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে। এরপরই আমরা সিদ্ধান্ত নেব, স্বাক্ষর করব কি না।”

    নাহিদ ইসলাম বলেন, “প্রথমে কখন, কীভাবে ও কার মাধ্যমে এই সনদ বাস্তবায়িত হবে, তার একটি স্পষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে। এরপরই আমরা সিদ্ধান্ত নেব, স্বাক্ষর করব কি না।”

    তিনি আরো বলেন,“সনদ বাস্তবায়নে যদি সংবিধানবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হয়, তবে তার বৈধতা প্রশ্নবিদ্ধ হবে। জনগণের সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে এই সনদ কার্যকর করতে হবে এবং প্রয়োজনে গণভোটের ব্যবস্থা রাখতে হবে।”

    এনসিপির আহ্বায়ক বলেন, “বর্তমান নির্বাচন কমিশন কি সত্যিই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারছে, সেটি স্পষ্ট নয়। কিছু ক্ষেত্রে দলীয় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।”

    তিনি বলেন, “সরকারের দায়িত্ব হলো সবার জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা।”

    নাহিদ ইসলাম বলেন, “আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে নই। তবে বর্তমান সরকার যেন নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক-সদৃশ দায়িত্ব পালন করে, সেটাই আমরা চাই।”

    তিনি আরো বলেন, “যেহেতু জুলাই সনদ এখনও আলোচনার পর্যায়ে, তাই এখনই নতুন সরকার বা উপদেষ্টা পরিষদ সম্পূর্ণ পরিবর্তন করা আইনগতভাবে উপযুক্ত নয়। এ বিষয়ে এনসিপি সংবিধান সংস্কার, গণভোট এবং আইন প্রক্রিয়ার রূপরেখা চেয়েছে।”

    নির্বাচন কমিশন এনসিপিকে নিবন্ধন ও ‘শাপলা’ প্রতীক না দেয়, তবে তারা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “এটি শুধু প্রতীকের বিষয় নয়, বরং কমিশনের ন্যায্যতা ও নিরপেক্ষতার প্রশ্ন।”

    বিএনপি নেতা ইশরাক হোসেনের মামলার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন,“নির্বাচন কমিশন কি নির্বাচনের প্রস্তুতিতে যথেষ্ট কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালন করছে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।”

  • আগামীকাল সোমবার সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

    আগামীকাল সোমবার সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে ভোট কেন্দ্র ও নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত পরিকল্পনা চূড়ান্ত করতে উচ্চপর্যায়ের আন্তঃসংস্থা বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

    ইসি সচিবালয় থেকে গত ১৩ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বৈঠকটি সোমবার (২০ অক্টোবর, ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে নির্বাচন ভবনের সভাকক্ষে হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

    সভায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, র‌্যাব, বিজিবি, আনসার ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।ইসি সূত্র জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভোটের দিনের নিরাপত্তা কৌশল নির্ধারণ এবং নির্বাচনি এলাকাভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।

    ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে গৃহীত সিদ্ধান্তসমূহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে নির্দেশনা হিসেবে পাঠানো হবে।

    বৈঠকের আমন্ত্রণপত্র সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমানবাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, পুলিশ প্রধান (আইজিপি), বিজিবির মহাপরিচালক, আনসারের মহাপরিচালক, র‌্যাবের মহাপরিচালকসহ একাধিক সংস্থার শীর্ষ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

    এছাড়া, তথ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন), পুলিশ সদর দপ্তর ও এনএসআইসহ গোয়েন্দা সংস্থাগুলোকেও বৈঠকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

     

  • জুলাই সনদ পৃথিবীর জন্য উদাহরণ- প্রধান উপদেষ্টা

    জুলাই সনদ পৃথিবীর জন্য উদাহরণ- প্রধান উপদেষ্টা

    জুলাই জাতীয় সনদ শুধু জাতির জন্য নয়, সারা দুনিয়ার জন্য উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষরের পর দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। এর আগে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

    জুলাই সনদ স্বাক্ষরকে বিশেষ ক্ষণ ও মহান দিবস আখ্যা দিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “আজ সমস্ত জাতি, সমস্ত রাজনৈতিক দল একসাথে হয়েছে। ঐকমত্য কমিশন গঠনের সময় মনে হয়েছিল দুয়েকটি বিষয়ে হয়তো একমত হবে। কারণ, রাজনৈতিক দলগুলো কেউ কারও কথা শোনে না। ভয়ে ভয়ে ঐকমত্য কমিশন শুরু হয়েছিল। প্রফেসর আলী রীয়াজকে দায়িত্ব দেওয়া হলো যেন বুঝেশুনে এগোন। তিনি চমৎকার আলোচনা চালিয়ে নিয়েছেন।”

    জুলাই জাতীয় সনদের গুরুত্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “এই দিনটি যে পেলাম, এক মহান দিন। শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। এটা নিয়ে বিভিন্ন দেশে রাজনীতিবিদদের মধ্যে আলোচনা হবে। যে উদাহরণ আমাদের রাজনীতিবিদরা কৈরি করেছেন, এটা সারা পৃথিবীর জন্য নজির হয়ে থাকবে।”

    ভাষণে জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের স্মরণ করেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “যারা আহত–নিহত হয়েছে তাদের কথা স্মরণ করি। শ্রদ্ধা জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের কাছে সারা জাতি চির কৃতজ্ঞ থাকবে।”

    ভাষণের আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। তার আগে, তাতে স্বাক্ষর করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

    এ তালিকায় রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রমুখ।

  • ‘আইনি ভিত্তির-নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করা মূল্যহীন’

    ‘আইনি ভিত্তির-নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করা মূল্যহীন’

    আদেশ জারিসহ তিনটি শর্ত না মানলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আইনি ভিত্তি এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া সনদে স্বাক্ষর করলে তা মূল্যহীন হবে।

    জুলাই সনদের বাস্তবায়ন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

    নাহিদ বলেন, সংস্কার প্রস্তাবে কিছু কিছু দলের কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে। এটা থাকতেই পারে। আমাদের দাবি ছিল, নোট অব ডিসেন্ট নিয়ে গণভোট হবে। জনগণ পক্ষে ভোট দিলে জুলাই সনদ অনুমোদিত হবে। পরবর্তী সংসদে যার কনস্টিটিউট পাওয়ার থাকবে, তারা সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে। পুরো প্রক্রিয়ার মূল জায়গায় থাকবে অর্ডার। এই আদেশের ভিত্তিতে গণভোট হবে এবং পুরো প্রক্রিয়ায় এগোবে।

    জুলাই ঘোষণাপত্রে প্রতারণা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের সময় আইনি ভিত্তির দাবি ছিল, কিন্তু সেটা হয়নি। এই ঘোষণাপত্রে টেক্সট নিয়ে প্রতারণা করা হয়েছে। টেক্সট আগে আমাদের যেটা দেখানো হয়েছে, ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল। ঐতিহাসিক ন্যারেটিভের জায়গা থেকেও গণঅভ্যুত্থানের অনেক কিছুই আসেনি। এ নিয়ে পরবর্তী সময়ে আমরা সমালোচনা করেছি।

    যার অর্থ নেই, এমন আরেকটি ঘটনার সাক্ষী হতে চান না জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আইনি ভিত্তি এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া সনদে স্বাক্ষর করলে তা মূল্যহীন হবে। পরবর্তীতে সরকার কীসের ভিত্তিতে আদেশ জারি করবে, কী বার্তা সেখানে থাকবে—সেই নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না।

    জুলাই সনদ যাতে সফল হয়, এজন্য কিছু বিষয় সরকারের কাছে তুলে ধরেন নাহিদ ইসলাম। এগুলো হলো—

    ১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। এই আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জারি করবেন।

    ২. সনদের ৮৪টি বিষয় একসঙ্গে গণভোটে যাবে। এতে নোট অব ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন কী হবে তা আগেই চূড়ান্তের পর প্রকাশ করতে হবে।

    ৩. জনগণ সনদ অনুমোদন করলে, পরবর্তীতে সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের জন্য সংসদকে কনস্টিটিউট পাওয়ার দেওয়া হবে। সংস্কারকৃত সংবিধান ‘২০২৬’ হিসেবে পরিচিত হবে।

    তিনটি বিষয় পরিষ্কার হওয়ার পর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হতে পারে উল্লেখ করে নাহিদ বলেন, সেখানে আমরাও অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করব। তবে বিষয়গুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সনদে স্বাক্ষর শুধু একটি আনুষ্ঠানিকতা। এতে অংশ নেওয়া না নেওয়া সমান। বরং জনগণের সামনে বিষয়গুলো স্পষ্ট না করে সনদে স্বাক্ষরের আয়োজন একটি ছলচাতুরী।

    জনগণকে অন্ধকারে রাখতে চান না জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবেও জানার অধিকার রয়েছে, সরকার কীভাবে সনদ বাস্তবায়ন করবে।

    নির্বাচন প্রসঙ্গে নাহিদ বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। ইসির জন্য আমাদের কার্যক্রম আটকে রয়েছে।

  • প্রধান উপদেষ্টার সাথে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক শুরু

    প্রধান উপদেষ্টার সাথে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক শুরু

    জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ও বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের ডাকা জরুরি বৈঠক আজ সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয়েছে।

    বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।

    জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি এবং অন্যান্য বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার উদ্দেশ্যে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে।এর আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    বৈঠকে কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন— সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

    এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। জানানো হয়েছে, আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা-য় জুলাই জাতীয় সনদ ২০২৫-এর স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

  • জুলাই সনদ বাস্তবায়নে ‘গণভোট’ কমিশন ও সরকারের হাতে

    জুলাই সনদ বাস্তবায়নে ‘গণভোট’ কমিশন ও সরকারের হাতে

    দেশের রাজনৈতিক সংস্কারে নতুন দিগন্ত উন্মোচনকারী ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন নিয়ে উত্তাপ ছড়াচ্ছে দেশের রাজনীতিতে। জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, তারা গণভোটের সময় নির্ধারণ নিয়ে নিজেরা কোনো নির্দিষ্ট সুপারিশ দেবে না। বরং, এ সিদ্ধান্ত নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দেওয়াই যুক্তিযুক্ত হবে বলে তারা মনে করে।

    রাজনৈতিক আলোচনার প্রেক্ষাপট ও কমিশনের অবস্থান গত ৮ অক্টোবর রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে এই বিষয়ে কমিশনের অভিমত পরিষ্কার হয়। রাত সাড়ে ১১টার দিকে আলোচনা শেষে একটি ফটোসেশনে অংশ নেন কমিশন ও রাজনৈতিক দলের নেতারা।

    আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যেও মতবিরোধ ছিল স্পষ্ট। কেউ চাইছে সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হোক, আবার কেউ বলছে এর আগেই গণভোট আয়োজন করতে হবে।

    ফলে, ঐকমত্য কমিশন গণভোটের নির্দিষ্ট সময় উল্লেখ করে কোনো সুপারিশ দিতে আগ্রহী নয়। কমিশন সূত্র জানায়, যদি তারা নির্দিষ্ট সময় উল্লেখ করে, তাহলে তা সরকার ও নির্বাচন কমিশনের ওপর এক ধরনের চাপ হয়ে দাঁড়াতে পারে। সেজন্যই তারা চাইছেন সময় নির্ধারণের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করুক।

    সনদ স্বাক্ষরের সময় নির্ধারণ এবং পরবর্তী পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৭ অক্টোবর ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হবে। একই সুপারিশ পাঠানো হবে রাজনৈতিক দলগুলোকেও।

    বিশেষজ্ঞ মতামত ও নির্বাচন কমিশনের ভূমিকা এ প্রসঙ্গে জানা গেছে, অবসরপ্রাপ্ত বিচারপতি, অধ্যাপক এবং অভিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ প্যানেল এই বিষয়ে একটি মতামত দিয়েছেন। তারা বলেছেন, গণভোট আয়োজনে যদি নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হয়, তাহলে নির্বাচন কমিশনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে।

    একসঙ্গে দুটি ভোট আয়োজন মানে একাধিক ব্যালট, অতিরিক্ত সময়, নিরাপত্তা ও ব্যবস্থাপনার জটিলতা—যা সবকিছুই নির্বাচন কমিশনের দক্ষতা ও প্রস্তুতির ওপর নির্ভর করবে।

    ঐকমত্য কমিশন মনে করে, এসব বিষয় বিবেচনায় রেখে সরকার ও নির্বাচন কমিশনের যৌথ সিদ্ধান্ত নেওয়াই হবে বাস্তবসম্মত পদক্ষেপ। দলগুলোর মতানৈক্য ও সন্দেহ

    গণভোট ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বড় রাজনৈতিক দলগুলো একমত নয়। যেমন: বিএনপি চায়, ‘জুলাই সনদ’ নিয়ে কোনো সংবিধান আদেশ (Constitutional Order) না হোক। তারা বলছে, একটি প্রজ্ঞাপন দিয়ে গণভোটের জন্য নতুন অধ্যাদেশ প্রণয়ন করা হোক।

    অন্যদিকে, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, একটি ‘জুলাই বাস্তবায়ন আদেশ’ জারি করে তবেই গণভোট আয়োজন করা উচিত।

    এই ভিন্নমতগুলো শুধু সময় বা পদ্ধতি নিয়ে নয় বরং সনদের সাংবিধানিক অবস্থান, আইনগত ভিত্তি ও ভবিষ্যৎ রূপান্তরের ধরন নিয়েও বিস্তৃত।

    এ বিষয়ে বিএনপির সালাহউদ্দিন আহমেদ বলেন, “নির্বাচন ও গণভোট একদিনে হলে ফলাফলে তফাৎ হবে না, বরং ব্যয় কমবে।”

    এ বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “নভেম্বর মাসে গণভোট অনুষ্ঠিত হলে তাতে জাতীয় নির্বাচনের পূর্বপ্রস্তুতি সম্পন্ন হবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে তার ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে।”

    এনসিপির আখতার হোসেন বলেন, “সিদ্ধান্ত কমিশনের ওপর নির্ভর করছে।”ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান বলেন, “জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দরকার। তবে একই দিনে দুটি ভোট সমস্যার হতে পারে।”

     

    প্রযুক্তিগত ও সাংগঠনিক চ্যালেঞ্জ একসঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট হলে ভোট গ্রহণের সময় বাড়বে। একাধিক ব্যালট, জটিল গণনা, বিভ্রান্তি, ভুল গণনার ঝুঁকি ও ফলাফল ঘোষণায় বিলম্ব সবকিছুই একসঙ্গে সংঘটিত হতে পারে।

    তবে, আলাদা দিনে ভোট আয়োজন করলে নির্বাচনী ব্যয় বৃদ্ধি পাবে, প্রশাসনিক ঝামেলা বাড়বে এবং রাজনৈতিক উত্তাপ দীর্ঘায়িত হবে। ফলে, বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি কারিগরি সক্ষমতা ও আর্থিক বাস্তবতা বিবেচনার বিষয় হয়ে উঠেছে।

    কমিশন সুপারিশ দেবে, চাপ নয় এই প্রসঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “কমিশনের দায়িত্ব হলো প্রক্রিয়াগত সহায়তা ও বাস্তবায়নযোগ্য রূপরেখা তৈরি। সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার ও নির্বাচন কমিশন।”

    সাবেক সরকারি কর্মকর্তা ও ঢাকা-৭ আসনের ভোটার সানাউল হক বলেন, “জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজন দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় উন্মোচন করতে পারে।

    তবে, সে পথে রয়েছে জটিলতা, মতানৈক্য, রাজনৈতিক কৌশল ও বাস্তবায়নের প্রশ্ন। এখন পর্যন্ত কমিশনের অবস্থান বিবেচনায় ধরে নেওয়া যায়, তারা সংবিধান ও বাস্তবতার মধ্যে একটি ভারসাম্য খুঁজছে। তারা চায় তাদের সুপারিশ রাজনৈতিক চাপ বা সংকট বাড়াক।”

    তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও গণতন্ত্রের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই গণভোট বাস্তবায়নের প্রক্রিয়া ও গ্রহণযোগ্যতার ওপর।”