Category: জাতীয়

  • সাটুরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘পহেলা বৈশাখ’ উদযাপিত !

    সাটুরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘পহেলা বৈশাখ’ উদযাপিত !

    জরাজীর্ণ আর গ্লানিকে পেছন ফেলে অসাম্প্রদায়িক চেতনায় ‘নতুন বাংলাদেশ’ গড়ে তুলার প্রত্যয় নিয়ে মানিকগঞ্জের- সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘বাংলা নববর্ষ’-১৪৩৩ সাল (পহেলা বৈশাখ) উদযাপিত হয়েছে। আজ ১৪ এপ্রিল মঙ্গলবার ভোর থেকেই উপজেলা চত্বরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালিত হয়।

    নববর্ষ’ উপলক্ষ্যে ঘোড়ার গাড়ীতে করে সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা সাজে মানুষ জড়ো হতে থাকে। এই সময় নারীদের পরনে লাল-সাদা শাড়ি, মাথায় ফুলের টায়রা আর পুরুষদের পরনে ছিল বাহারি পাঞ্জাবি। শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের গালে-হাতে আঁকা আলপনা নিয়ে তারা উৎসবে মেতে উঠে।

    উপজেলা চত্বর থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা রঙিন প্ল্যাকার্ড এবং লোকজ ঐতিহ্যের প্রতিকৃতি নিয়ে অংশ নেন।

    শোভাযাত্রা শেষে, শুভেচ্ছা বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন, বাঙ্গলী সংস্কৃতিই আমাদের আদ্য পরিচয়। যুগ যুগ ধরে বাঙ্গলী জাতি অ-সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে আসছে। আজকের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তারই প্রমাণ।

    তিনি আরো বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই আজ এক কাতারে দাঁড়িয়েছি। আজ আমাদের সবচেয়ে বড় পরিচয় ‘আমরা বাঙ্গালী’। আমরা, সম্মিলিত প্রচেষ্ঠায় আগামীতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই।

    বিশেষ অনুভূতি ব্যক্ত করেন, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মৌমিতা গুহ (ইভা)। তিনি বলেন, বৈশাখ বাঙ্গালী জাতির সার্বজনীন সাংস্কৃতিক উৎসব। সংস্কৃতি হলো কোন স্থানের মানুষের ভাষা আচার-ব্যবহার জীবিকা, সঙ্গীত, নৃত্য, সাহিত্য, সামাজিক সম্পর্কীত শিক্ষা-দীক্ষা, ও ধর্মীয় রীতি-নীতির মাধ্যমে যে, অভিব্যক্তির প্রকাশ। পহেলা বৈশাখ একটি সর্বজনীন সংস্কৃতিক উৎসব।

    তিনি আরো বলেন, বৈশাখের সাথে ধর্মের সংশ্রাব অর্থহীন। যুগ যুগ ধরে বাঙ্গালী জাতি এই অনুষ্ঠান পালন করে আসছে। এটি বাঙ্গলী জাতি সত্ত্বার ঐতিহাসিক ঐতিহ্য।

    অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সারাদেশে হামে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু !

    সারাদেশে হামে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু !

    সারাদেশে হামে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে করে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে।

    শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সারাদেশে হামে আক্রান্ত হয়েছে মোট ১৮ হাজার ৮৭৪ শিশু। এর মধ্যে নিশ্চিত আক্রান্ত ২ হাজার ৪৮৯ জন এবং সন্দেহজনক আক্রান্ত ১৪ হাজার ৩৮৫ জন।

    তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছে ২৪ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে সন্দেহজনকভাবে মৃত্যু হয়েছে আরও ১৪৫ শিশুর।

    আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এখানে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪৭৮ শিশু। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৪৯।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রার্থীর সংখ্যা ছয় শতাধিক

    সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রার্থীর সংখ্যা ছয় শতাধিক

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীর সংখ্যা ছয় শতাধিক ছাড়িয়েছে।  গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    তিনি বলেন, মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রথম দিনেই পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে এবং শুক্রবার দুপুর পর্যন্ত তা ছয় শতাধিক ছাড়িয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭৮ থেকে ৭৯টি মনোনয়নপত্র জমা পড়েছে বলেও জানান তিনি।

    রিজভী বলেন, আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিল পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।

    তিনি আরও জানান, প্রার্থীদের আবেদন দলের উচ্চপর্যায়ের মনোনয়ন বোর্ডে যাচাই-বাছাই করা হবে। আন্দোলন-সংগ্রামে যাদের অবদান রয়েছে, সংসদে কথা বলার দক্ষতা এবং সমাজে গ্রহণযোগ্যতা আছে—এমন প্রার্থীদেরই অগ্রাধিকার দেওয়া হবে।

    উল্লেখ্য, নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

  • আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন !

    আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন !

    আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে।

    শনিবার (১১ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক চিঠিতে জানায়, এই কর্মসূচির অংশ হিসেবে দেশের ১০টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু হবে।

    উপজেলাগুলো হলো:

    টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজাবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজার জুড়ী।

    খবর বাসসের।

  • সরকারের দায়িত্বের ৪২ দিন ‘গুম’ কিংবা ‘ক্রসফায়ার’ শূণ্য-আইনমন্ত্রী

    সরকারের দায়িত্বের ৪২ দিন ‘গুম’ কিংবা ‘ক্রসফায়ার’ শূণ্য-আইনমন্ত্রী

    বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার ৪২ দিনে দেশে কেউ গুম কিংবা ক্রসফায়ারের শিকার হয়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

    তিনি বলেন, সরকারের বয়স ৪২ দিন, চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারতো। কিন্তু গত ৪২ দিনে দেশে একটি মানুষও ক্রসফায়ারের শিকার হয়নি, একটি মানুষও গুমের শিকার হয়নি। চাইল্ডহুড সোজ দ্য ম্যান, মর্নিং সোজ দ্য ডে। আমরা মানবাধিকারের পথ ধরে হেঁটে যাচ্ছি।

    বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে মানবাধিকার বিল ২০২৬ উত্থাপনের সময় মন্ত্রী এসব কথা বলেন। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

  • রোগী ভোগান্তির অপর নাম ’মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল’!

    রোগী ভোগান্তির অপর নাম ’মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল’!

    স্বাস্থ্য সেবা উন্নয়নে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা বিগত সরকারের একটি ‘যুগান্তকারী’ পদক্ষেপ। প্রতিষ্ঠা লগ্ন থেকে সারাদেশের ন্যায় মানিকগঞ্জবাসীও আশা করেছিল, এবার বুঝি স্বাস্থ্যসেবা তারা দোরগোড়ায় পাবে। কিন্তু, বাস্তব অবস্থা হয়েছে, তাদের ধারনার সম্পূর্ন বিপরীত।

    খোঁজ নিয়ে জানাগেছে, অত্র মেডিকেল কলেজ ও হাসপাতালটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই নানাবিদ সমস্যায় জড়জড়িত। অভিযোগ রয়েছে, এখানে প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ায়  তৎকালীন সরকার দলীয় এজেন্ডা বাস্তবায় করা হয়েছে। বিশেষ করে তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগে ক্ষমতাসীন দলীয় নেতারা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এই অযোগ্যদের অনাকাঙ্খীত কাজের ফলে স্বাস্থ্যসেবার পরিবেশ মারাত্বক ভাবে ব্যহত হচ্ছে।

    তা’ছাড়া হাসপাতালের সরকারী বাজেট বন্টনেও (বিভাগ ভিত্তিক যন্ত্রপাতি ও অন্যান্য ক্রয়) রয়েছে চরম অনিয়মের অভিযোগ। পত্রিকায় প্রকাশ, এখানে-পাচঁ টাকার একটি সুই কিনতে খরচ দেখানো হয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত। শুধু প্রশাসনিক স্থান পরির্বতন ছাড়া, অদ্যাবধি দুর্নীতির ধারা প্রবাহ আগের মতই রয়ে গেছে।

    অভিযোগ রয়েছে, এখানে ডাক্তারদের সেবার মান ভাল না। তারা নিয়মিত দায়িত্ব পালন করেন না। রোগীদের সেবায় নার্সরা দিনের আলোতে ‘তাইরে-নাইরে’ করলেও রাতের বেলায় তাদেরকে খোজেঁ পাওয়া যায় না। অতি উৎসাহী ওয়ার্ড বয়-রা নিয়ম-নীতির তোয়াক্কা না করে নার্সদের দায়িত্ব পালন করে। যার ফলে অহরহ ঘটছে মারাত্বক দুর্ঘটনা।

    তা‘ছাড়া হাসপাতালটিকে কেন্দ্র করে বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠেছে অসংখ্যক ক্লিনিক। ক্লিনিক মালিকদের সাথে গোপন সমঝোতায় ডাক্তাররা রোগীদের অধিকাংশ পরীক্ষা-নিরীক্ষা নিদিষ্ট ক্লিনিকে করতে বাধ্য করছেন এমন অভিযোগও রয়েছে।

    হাসপাতালের ভিতরের অবস্থা

    এই ব্যাপারে চিকিৎসা সেবা নিতে আসা (নাম প্রকাশে অনিচ্ছুক) জনৈক স্কুল শিক্ষিকা জানান, আব্বাকে নিয়ে তিন দিন আগে হাসপাতালে এসেছি। বর্তমানে উঁনি আইসিইউতে আছেন। এখানে ডাক্তার তো দূরের কথা, নার্সদেরও ঠিকমত পাচ্ছি না। আইসিই্উতে দিনের বেলা, যেমন-তেমন, রাতের বেলায় হাজার হাজার তেলাপোকার আক্রমনে থাকা দায়। নিদিষ্ট সময়ে রোগির যথাযথ সেবা না হওয়ায় আমরা আব্বাকে নিয়ে চরম আতংকে দিন পার করছি।

    একই অভিযোগ সালেহা বেগম নামের অপর রোগীর। তিনি জানান, এখানে সেবার মান অত্যন্ত নিন্ম-মানের। এদোঁ বেলা ডাক্তারা আসলেও প্রয়োজনের সময় নার্সদের খোজে পাওয়া যায় না। ওর্য়াডের পরিবেশ যেমন তেমন, বাথরুমের পরিবেশ অত্যন্ত খারাপ। তাছাড়া যত্রতত্র ময়লার দুর্গন্ধের হাসপাতালে থাকা দায়।

    আনসার সদস্য কর্তৃক রোগী ও তার স্বজনদের মারপিটের অভিযোগ

    উল্লেখ্য, হাসপালতটিতে কর্মরত সেবা প্রদানকারী ডাক্তারও নার্সদের বিরুদ্ধে নানাবিদ অভিযোগ দীর্ঘ দিনের। এখানে প্রশাসনিক অ-ব্যবস্থাপনা যেমন রয়েছে, তেমনী রয়েছে সেবা প্রদানকারীদের অন্যমনস্কতা। এই নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকা, একাধিকার খরব প্রকাশ করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।

    এমতাবস্থায়, মানিকগঞ্জবাসীসহ দেশের সচেতন মহল বর্তমান সরকারের প্রতি পুর্ণ আস্থা রেখে অত্র হাসপাতালটির সার্বিক সেবার মান উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার জোড় দাবি জানিয়েছেন।

  • ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’

    ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’

    প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

    এদিনের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়। সেখানে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীরের প্রশ্নের জবাবে বিভিন্ন খাতের উন্নয়নে সরকারের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    তিনি বলেন, যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা ভোট দেননি তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব। ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

    প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা খাতের উন্নয়নে আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং পরবর্তী পাঁচ বছরের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে।

    তারেক রহমান আরও জানান, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান করা হবে। পাশাপাশি ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

    এছাড়া, ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

  • ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী

    ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৩০ এপ্রিল সিলেটে গিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন। আজ বুধবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে এসে এই তথ্য জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

    স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী সশরীরে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন। একইসময়ে সারাদেশে সব জেলায় একসঙ্গে এটি উদ্বোধন হবে।

    নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল, ক্রিকেটসহ ৭টি ইভেন্ট থাকবে। প্রধানমন্ত্রীর সফর সফল করতে সবার সহযোগিতা চাচ্ছি। প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

    এর আগে, গত ২১ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান।

  • গণভোট উপেক্ষা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করবে: আ স ম রব

    গণভোট উপেক্ষা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করবে: আ স ম রব

    জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির (জেএসডি) সভাপতি আ স ম রব বলেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় সংবিধান বাস্তবায়নের জন্য গণভোটের যে অঙ্গীকার ছিল, তা ছিল স্পষ্ট এবং সকল রাজনৈতিক দল সমর্থিত।

    তিনি বলেন, এই অঙ্গীকার উপেক্ষা করলে তা কেবল রাজনৈতিক মতপার্থক্য নয়, বরং জনগণের সঙ্গে সম্পাদিত ‘সামাজিক চুক্তি’র চরম অবমাননা হিসেবে গণ্য হবে।

    তিনি আরও বলেন, রাষ্ট্রের বৈধতা জনগণের সরাসরি সম্মতি ও অংশগ্রহণ থেকে উদ্ভূত। জাতীয় সংবিধান কেবল নীতিপত্র নয়; এটি শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন।

    গণভোটকে পাশ কাটিয়ে বা অন্য কোনো প্রক্রিয়ায় সংবিধান বাস্তবায়নের চেষ্টা অন্তর্ভূক্তিমূলক গণতন্ত্রের পরিপন্থী হবে এবং অভ্যন্তরীণ পরাধীনতার ধারাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেবে।

    তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জনমত উপেক্ষা না করে জাতীয় সংবিধান ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক সততার পরিচয় দিতে হবে।

  • ঈদের পথে মার্চেই ঝরেছে ৫৮৭ প্রাণ !

    ঈদের পথে মার্চেই ঝরেছে ৫৮৭ প্রাণ !

    ঈদের আগে-পরের ১৫ দিনে ৩৫৮ সহ মার্চে সড়ক-রেল ও নৌপথে ঝরেছে ৫৮৭ জনের প্রাণ। গবেষণা-সচেতনা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা আরো জানান, ১৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত সড়ক-রেল ও নৌপথে চরম নৈরাজ্য-বিশৃঙ্খলা আর পুালিশ-প্রশাসনের কিছু কর্মকর্তা-কর্মচারির অবহেলায় ছোট-বড় ৩৫০১ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৮৫৯ জন।

    সেভ দ্য রোড-এর পক্ষ থেকে আরো জানানো হয়- অদক্ষ ও ক্লান্ত চালকদের দ্বারা পরিচালিত বাস-ট্রাক দুর্ঘটনা অতিতের ঈদের চেয়ে যেমন বেশি ঘটেছে, তেমনি নারী ও শিশু হতাহত ও নিহতর ঘটনাও ঘটেছে বেশি।

    ১৯৩৭ জন নারী ও শিশু আহত এবং নিহত হয়েছেন ২৯৪ জন। ষাটোর্ধ পুরুষ ৮১১ আহত এবং নিহত হয়েছেন ১১২ জন। ১৮-৫৫ বছর বয়সী পুরুষ ১১১১ আহত এবং নিহত হয়েছেন ১৮১ জন।

    সেভ দ্য রোড-এর প্রতিবেদনে আরো জানানো হয় যে, এবার যোগাযোগ মন্ত্রী-সচিবসহ সংশ্লিষ্টদের অদক্ষতা ও দায়সাড়া গোছের বক্তব্যের সুযোগে গড়ে ওঠা পরিবহন সিন্ডিকেটের কাছে অতিতের চেয়ে অনেক বেশি জিম্মি হয়েছিলো সাধারণ মানুষ। শত ভাগ বেশি ভাড়া দিয়েও বাস না পেয়ে অনেককেই ট্রাকের ছাদে যেমন উঠে যেতে হয়েছে বাড়ির পথে, তেমনি যাত্রী হতে হয়েছে পিকআপের মত বিপদজনক বাহনে। সেই সাথে যোগ হয়েছিলো জ¦ালানি সংকটের বিড়ম্বনাও।

    উল্লেখ্য, ‘সেভ দ্য রোড-এর অঙ্গীকার পথ দূর্ঘটনা থাকবে না আর…’ বাক্যটিকে লালন রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ২০০৭ সালে পথচলা শুরু করে আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা-গবেষণা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড।