Category: জাতীয়

  • যেকোনো সময়ের তুলনায় এবারকার ঈদ স্বস্তিদায়ক হয়েছে-সড়ক ও সেতুমন্ত্রী

    যেকোনো সময়ের তুলনায় এবারকার ঈদ স্বস্তিদায়ক হয়েছে-সড়ক ও সেতুমন্ত্রী

    সাম্প্রতিক ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে ভবিষ্যতে গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে বাসে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

    রোববার (২৯ মার্চ) ঈদ-পরবর্তী মূল্যায়ন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।

    তিনি জানান, স্বল্প সময়ে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়লেও বড় ধরনের যানজট বা স্থবিরতা তৈরি হয়নি। কিছু এলাকায় চাপ থাকলেও দেশের অধিকাংশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। তবে বিচ্ছিন্ন কিছু সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।

    সভায় মহাসড়ক ব্যবস্থাপনা উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—মহাসড়কে অস্থায়ী বাজার বসানো বন্ধ করা, ট্রাক ও পণ্যবাহী যান চলাচলে কঠোর নিয়ন্ত্রণ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়তি নজরদারি। বিশেষ করে গাজীপুর-চন্দ্রা ও সফিপুর এলাকায় যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

    তিনি আরও বলেন, মহাসড়কের পাশে যত্রতত্র টিকিট কাউন্টার বসানো যাবে না। নির্ধারিত বাস টার্মিনাল থেকেই টিকিট বিক্রি নিশ্চিত করতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ফেরি পারাপারের ক্ষেত্রে আগে যাত্রী নামিয়ে তারপর যানবাহন ওঠানো বাধ্যতামূলক করার কথাও জানান তিনি। এ বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলে উল্লেখ করেন।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে মন্ত্রী বলেন, ধাপে ধাপে সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং চালু করা হবে। এর মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, রুট ভঙ্গ, অতিরিক্ত ভাড়া আদায় এবং ফিটনেসবিহীন যান চলাচল সহজে শনাক্ত করা সম্ভব হবে। ওভারস্পিড বা নির্ধারিত রুটের বাইরে চলাচল করলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

    মন্ত্রী জানান, এই ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করবে।

  • দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

    দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

    দেশের জ্বালানি ব্যবস্থাপনা তদারকি ও সমন্বয় জোরদারে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

    শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় এ দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

    অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।

    নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বিপিসি নির্ধারিত পদ্ধতি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং দৈনিক প্রতিবেদন জমা দেবেন।

    এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে দ্রুত ট্যাগ অফিসার নিয়োগ করে তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

  • ধয়ে আসছে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি !

    ধয়ে আসছে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি !

    সারা দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার দুপুরে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।

    তিনি বলেন, শুক্রবার রাত ৮টার পর থেকে শনিবার দুপুর ১২টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় তীব্র বজ্রপাত ও বড় আকারের শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ১৬টি জেলায় ঝড়ের তীব্রতা বেশি হতে পারে।

    এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    সংস্থাটি আরও জানায়, দেশের অন্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

  • গত ১০ দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৪ জন

    গত ১০ দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৪ জন

    পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে আগে ও পরে গত ১০ দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও অনেকে। সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত যানচাপ, বেপরোয়া গতি এবং দুর্বল সড়ক ব্যবস্থাপনাই এ প্রাণহানির প্রধান কারণ।

    সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ১৭ মার্চ থেকে ২৬ মার্চ ভোর পর্যন্ত সারা দেশে ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২৭৪ জন প্রাণ হারিয়েছেন।

    সংগঠনটির তথ্যমতে, গত বছরের ঈদুল ফিতরের ছুটিতে ১১ দিনে ২৪৯ জন নিহত হয়েছিলেন। সে তুলনায় এবার ঈদকে ঘিরে সড়কে প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে।

    এবারের ঈদে কয়েকটি বড় দুর্ঘটনা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। গত ২১ মার্চ রাতে কুমিল্লায় একটি বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন। এর কয়েক দিন পর, ২৫ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস ডুবে ২৬ জনের মৃত্যু হয়। এই দুই ঘটনায় ঈদযাত্রার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

    সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭ দিনে দেশে ৯২টি সড়ক দুর্ঘটনায় ১০০ জন নিহত এবং ২১৭ জন আহত হয়েছেন।

    যদিও বেসরকারি ও সরকারি হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে, তবু উভয় তথ্যেই ঈদকেন্দ্রিক সড়ক পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠেছে।

    পুলিশ সদর দপ্তরের ‘রিসার্চ, প্ল্যানিং অ্যান্ড ইনোভেশন’ বিভাগ পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, বেপরোয়া গতিতে গাড়ি চালানো সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। মোট দুর্ঘটনার প্রায় ৪২ শতাংশই ঘটছে অতিরিক্ত গতির কারণে।

    গবেষণাটিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রন-মেন্টাল রিসার্চ যুক্ত ছিল। এতে বলা হয়েছে, ঈদের সময় সড়কে যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পায়। তাই এ সময়ে বাড়তি সতর্কতা, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং সমন্বিত উদ্যোগ জরুরি।

    তবে বাস্তবে সড়ক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, দুর্ঘটনা ও মৃত্যুর পরিসংখ্যানই প্রমাণ করে, সড়ক ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা রয়েছে।

    সংশ্লিষ্টদের মতে, দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজারের বেশি মানুষ প্রাণ হারান এবং প্রায় ১০ হাজার মানুষ আহত হন। তবে এসব তথ্য মূলত গণমাধ্যমে প্রকাশিত ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়। ফলে দুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা অনেক সময় এই পরিসংখ্যানে যুক্ত হয় না।

    সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষজ্ঞরা কয়েকটি জরুরি পদক্ষেপের ওপর জোর দিয়েছেন। এর মধ্যে রয়েছে- ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা, চালকদের বৈধ লাইসেন্স নিশ্চিত করা, বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারি, ঈদকেন্দ্রিক বিশেষ সমন্বিত অভিযান পরিচালনা, দুর্ঘটনাপ্রবণ সড়ক ও মহাসড়কে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।

    বিশেষজ্ঞদের মতে, কেবল দুর্ঘটনার পর শোক প্রকাশ নয়, বরং দীর্ঘমেয়াদি ও কার্যকর সড়ক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই প্রাণহানি কমানো সম্ভব।

  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধই থাকবে’

    আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধই থাকবে’

    আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ ও বন্ধ রয়েছে এবং তা ভবিষ্যতে ও বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আজ বৃহস্পতিবার একটি গণমাধ্যমের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের তৎপরতা নিয়ে এসব কথা বলেন।

    আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ এবং দলটির সাম্প্রতিক কিছু গোপন তৎপরতা নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত ।

    বিচ্ছিন্ন কোনো কিছু দেখে রাজনীতি বা গণতন্ত্রের পথ আটকে দিলে সেটি একটি বিকৃত রূপ নিতে পারে। বর্তমানে যারা রাজনীতিতে সক্রিয় আছে, তারা কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।’ তবে আওয়ামী লীগের জন্য সেই পথ বর্তমানে রুদ্ধ বলে তিনি ইঙ্গিত দেন।

    আওয়ামী লীগের গোপন বা আচমকা তৎপরতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা (আওয়ামী লীগ) তো কিছু কিছু কাজ করার চেষ্টা করবেই, করছেও। কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। কারণ দেশের মানুষ তাদের চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করে দিয়েছে।’

     

  • লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    এক বাণীতে তিনি বলেন, লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।

    বাণীতে তিনি আরো বলেন, এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

    প্রধানমন্ত্রী সবাইকে এ রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি করার এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

  • গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ-তারেক রহমান

    গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ-তারেক রহমান

    দেশব্যাপী পানি ব্যবস্থাপনা উন্নয়ন ও কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল খননের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল পুনঃখনন সম্পন্ন হলে প্রায় ৩৩ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন এবং প্রায় ১২০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে। এতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ সরাসরি উপকৃত হবে এবং কৃষি উৎপাদন প্রায় ৬০ হাজার মেট্রিক টন পর্যন্ত বাড়তে পারে।

    তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের অনেক নদী-খাল ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছে এবং বর্ষাকালে হঠাৎ বন্যা ও শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে।

    তারেক রহমান বলেন, বর্ষার অতিরিক্ত পানি ধরে রেখে তা কৃষিকাজে ব্যবহার করা গেলে কৃষি উৎপাদন বাড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। তিনি জানান, খালের দুই পাশে প্রায় সাত হাজার গাছ রোপণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী সড়ক নির্মাণের উদ্যোগও নেওয়া হবে।

    অনুষ্ঠানে তিনি কৃষকদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে, যাতে তারা সহজে সরকারি সহায়তা পেতে পারেন।

    তারেক রহমান আরও বলেন, দেশের চার কোটি পরিবারের মায়েদের জন্য ধাপে ধাপে ফ্যামিলি কার্ড চালু করা হচ্ছে। ইতোমধ্যে পাইলট প্রকল্পের আওতায় প্রায় ৩৭ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে।

    তিনি জানান, উত্তরাঞ্চলের কৃষি সম্ভাবনাকে কাজে লাগাতে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় এলাকায় কৃষিভিত্তিক শিল্প ও মিল-কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

    অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বক্তব্য রাখেন।

    এর আগে বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের আরও ৫৩টি খালে খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রতীকীভাবে কোদাল দিয়ে মাটি কেটে খাল খননের সূচনা করেন এবং একটি গাছের চারা রোপণ করেন।

     

  • দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

    দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

    দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়।

    সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদসমূহের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।

    জেলা পরিষদে নতুন  প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন: পঞ্চগড় — মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুর — মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর — মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম — মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধা — অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাট — মোঃ মাসুদ রানা প্রধান, বগুড়া — এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জ — মোঃ হারুনুর রশিদ, নওগাঁ — মোঃ আবু বক্কর সিদ্দিক, রাজশাহী — মোঃ এরশাদ আলী, নাটোর — মোঃ রহিম নেওয়াজ, মেহেরপুর — মোঃ জাভেদ মাসুদ, কুষ্টিয়া — সোহরাব উদ্দিন,ঝিনাইদহ — মোঃ আবুল মজিদ, যশোর — দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরা — আলী আহমেদ, বাগেরহাট — শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা — এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালী — স্নেহাংশু সরকার, ভোলা — গোলাম নবী আলমগীর, বরিশাল — আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠি — মোঃ শাহাদাৎ হোসেন, পিরোজপুর — আলমগীর হোসেন, টাঙ্গাইল – এস এম ওবায়দুল হক, শেরপুর — এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহ — সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনা — মোঃ নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জ — খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জ — এ.কে.এম. ইরাদত, নারায়ণগঞ্জ — মোঃ মামুন মাহমুদ, রাজবাড়ী — আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জ — শরিফ রফিক উজ্জামান, মাদারীপুর — খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুর — সরদার এ.কে.এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জ — মোঃ মিজানুর রহমান চৌধুরী, সিলেট — আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজার — মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া — সিরাজুল ইসলাম , কুমিল্লা — মোঃ মোশতাক মিয়া, নোয়াখালী — মোঃ হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুর — সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী।

  • বিগত সরকারের আমলে অবৈধ ও মনগড়া’ কর্মসূচিগুলো সংশোধন করা হবে

    বিগত সরকারের আমলে অবৈধ ও মনগড়া’ কর্মসূচিগুলো সংশোধন করা হবে

    স্বজনপ্রীতি ও অনিয়ম দূর করতে বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলের বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতার তালিকা যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। একইসঙ্গে বিগত সময়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নেওয়া ‘অবৈধ ও মনগড়া’ কর্মসূচিগুলো সংশোধন করা হবে বলেও জানান তিনি।

    রবিবার (১৫ মার্চ) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক ও শাহাজাহান চৌধুরী এ প্রশ্ন করেন।

    বিগত আওয়ামী লীগ সরকার আমলের বিভিন্ন অনিয়ম তুলে ধরে ফারজানা শারমিন বলেন, স্বৈরাচার সরকারের আমলে সমাজকল্যাণ বিভাগ যত অবৈধ এবং মনগড়া কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলো অচিরেই সংশোধন করা দরকার। ওই সময়ে দেশে একটি অস্থির সময় বিরাজ করেছে। আমাদের হাতে বর্তমানে যে তালিকাগুলো আছে, সেগুলো আমরা রি-চেক (পুনরায় যাচাই) করছি। কারা সত্যিকার অর্থে এই উপকার পাওয়ার যোগ্য, আমরা তা দেখছি।

    প্রতিমন্ত্রী বলেন, ভাতার কার্ডগুলোতে যেসব অনিয়ম আছে, সেগুলো চিহ্নিত করে আমরা সমাধানের দিকে যাচ্ছি। এ ছাড়া, বিগত সময়ে যেসব আইন ও নীতিমালা করা হয়েছে, সেগুলো যাচাই করে একটি সুষ্ঠু নীতিমালার আও আওতায় আনা হবে।

    ফ্যামিলি কার্ডের উদাহরণ টেনে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের ইস্যুতে ১৪টি ইউনিটে আমরা কাজ শুরু করার পর সেখান থেকে ফিডব্যাক নিচ্ছি।

  • অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

    অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

    তপ্ত রোদ আর ভ্যাপসা গরমের পর অবশেষে রাজধানী ঢাকায় দেখা মিলেছে কাঙ্ক্ষিত বৃষ্টির। এতে স্বস্তি প্রকাশ করছেন সাধারণ মানুষ।

    আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশ কালো মেঘে ঢেকে যায়। এর কিছুক্ষণ‌ পর হয় ঝুম বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার খবরও পাওয়া গেছে।

    আবহাওয়াবিদরা জানিয়েছেন, বছরের প্রথম এই প্রাক-মৌসুমি বৃষ্টিবলয়ের নাম দেওয়া হয়েছে ‘গোধূলি’। এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে।

    আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।