Category: জাতীয়

  • নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য

    নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য

    বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।

    মঙ্গলবার (৩ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের এ আগ্রহের কথা জানান।

    ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারত্বের শক্তি ও গভীরতা পুনর্ব্যক্ত করে উভয় দেশ অভিন্ন অগ্রাধিকার বাস্তবায়নে সহযোগিতা আরও জোরদার করতে চায়।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে।

    সারাহ কুক বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

    তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। দেশের এই নতুন অধ্যায়ে আমরা একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে আগ্রহী।

  • সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে বদ্ধপরিকর-প্রধানমন্ত্রী

    সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে বদ্ধপরিকর-প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে বদ্ধপরিকর। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের যাত্রা শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের বইমেলার প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’।

    প্রধানমন্ত্রী বলেন, বইমেলা কেবল বই বেচাকেনার উৎসব নয়; এটি জাতির মেধা ও মননের প্রতীক। এ আয়োজন জাতিকে আরও বইমুখী করবে এবং নিয়মিত পাঠাভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    তিনি উল্লেখ করেন, ১৯৭৮ সালে শুরু হওয়া অমর একুশে বইমেলা এখন জাতির সাংস্কৃতিক চেতনার অবিচ্ছেদ্য অংশ। ভাষার মাস ফেব্রুয়ারির শুরুতেই মেলা আয়োজনের কথা থাকলেও চলমান রাজনৈতিক বাস্তবতায় এ বছর কিছুটা বিলম্বে শুরু হয়েছে।

    প্রকাশনার মান ও পাঠাভ্যাস প্রসঙ্গে তিনি বলেন, মেলার পরিসর বাড়লেও গবেষণা ধর্মী বইয়ের প্রকাশ ও মানুষের নিয়মিত বই পড়ার প্রবণতা একই হারে বাড়ছে কি না—তা নিয়ে ভাবার অবকাশ রয়েছে।

    বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি রোমান দার্শনিক মার্কাস টুলিয়াস সিসেরো-র উক্তি উদ্ধৃত করেন—“বই ছাড়া ঘর আত্মা ছাড়া দেহের মতো।” তিনি বলেন, গবেষণায় দেখা গেছে নিয়মিত বই পড়া মস্তিষ্কের কোষে নতুন সংযোগ তৈরি করে, স্মৃতিশক্তি ও বিশ্লেষণী ক্ষমতা বাড়ায় এবং আলঝেইমার ও ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

    তথ্যপ্রযুক্তির প্রভাব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার তরুণদের বইবিমুখ করতে পারে। যদিও ডিজিটাল মাধ্যমে বই পড়ার সুযোগ রয়েছে, তবে দীর্ঘ সময় পর্দায় থাকার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কেও সচেতন থাকা প্রয়োজন।

    প্রধানমন্ত্রী বলেন, অমর একুশে বইমেলা কেবল উৎসব নয়—এটি নিয়মিত পাঠাভ্যাস তৈরির অনুপ্রেরণা হয়ে উঠুক। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে পালিত একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

    তিনি প্রস্তাব করেন, ভবিষ্যতে ‘অমর একুশে বইমেলা’কে ‘অমর একুশে আন্তর্জাতিক বইমেলা’ হিসেবে আয়োজনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এতে বিশ্বসাহিত্যের সঙ্গে পরিচিত হওয়া এবং বিভিন্ন ভাষা-সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ বাড়বে।

    বইমেলাকে সারা বছর বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে প্রকাশকদের পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সহযোগিতা করবে।

    বাংলা একাডেমির গবেষণাবৃত্তি, তরুণ লেখক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সেমিনারের কার্যক্রমের প্রশংসা করে তিনি অনুবাদ কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।শেষে প্রধানমন্ত্রী অমর একুশে বইমেলা ও একুশে অনুষ্ঠানমালা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করল সরকার

    ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করল সরকার

    নবগঠিত বিএনপি সরকারের প্রথম আনুষ্ঠানিক মন্ত্রিসভার বৈঠকে দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের ভাগ্য পরিবর্তনে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে নেওয়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ আসল এবং সুদসহ সম্পূর্ণ মওকুফ করা হবে। পরে বিকেলে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

    বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, সরকার তার নির্বাচনি ইশতেহার অনুযায়ী কৃষি, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদন্ডকে শক্তিশালী করা।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সুদসহ কৃষকদের কাছে পাওনা রয়েছে প্রায় এক হাজার ৫৫০ কোটি টাকা যা এ মওকুফের আওতাভুক্ত হবে।

    এ সময় তিনি বলেন এ ঋণ মওকুফ করা হলে আনুমানিক ১২ লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে। এটা যুগান্তকারী সিদ্ধান্ত বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

    মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশের পদক প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

    পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

    পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার একটি গভীর ষড়যন্ত্র ও অপপ্রয়াস হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসের মাল্টি পারপাস হলে আয়োজিত শহীদ দিবসের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

    প্রধানমন্ত্রী বলেন, পিলখানার এই কালো দিনটিকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা কেবল সরকারের নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

    প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের উদ্দেশে বলেন,আমি আজ এখানে কেবল একজন জনপ্রতিনিধি বা প্রধানমন্ত্রী হিসেবে আসিনি; একজন সেনা পরিবারের সদস্য হিসেবে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পরপরই আমি যখন বনানী কবরস্থানে শহীদদের কবরের পাশে দাঁড়িয়েছিলাম, তখনই অনুভব করেছি যে গত ১৭ বছর ধরে বিচারের আশায় শহীদ পরিবারের সদস্যরা কতটা যন্ত্রণার মধ্য দিয়ে দ্বারে দ্বারে ঘুরেছেন। তাদের এই দীর্ঘ প্রতীক্ষা ও বঞ্চনা জাতির জন্য অত্যন্ত বেদনার।

    তারেক রহমান পিলখানা ট্র্যাজেডিকে জাতীয় নিরাপত্তার এক বড় চ্যুতি হিসেবে উল্লেখ করে বলেন, সেনাবাহিনী যেকোনো দেশের সার্বভৌমত্বের প্রধান প্রতীক। পিলখানায় সেনা কর্মকর্তাদের ওপর যে পৈশাচিক হামলা চালানো হয়েছিল, তা মূলত আমাদের জাতীয় নিরাপত্তাকে ভঙ্গুর করার একটি নীল নকশা ছিল। এই ঘটনার মাধ্যমে আমাদের জাতীয় নিরাপত্তার যে মারাত্মক দুর্বলতা সেদিন ফুটে উঠেছিল, তা পূরণ করা জরুরি।

    তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, রাষ্ট্রীয়ভাবে এই দিবসটি পালনের মধ্য দিয়ে শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।

    প্রধানমন্ত্রী দেশের জাতীয় নিরাপত্তা কাঠামোকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, বর্তমান সরকার জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, বিজ্ঞানসম্মত এবং শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাবে, যাতে ভবিষ্যতে আর কখনোই কোনো বহিঃশত্রু বা অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারী দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার সাহস না পায়। সেনা পরিবারগুলোর কল্যাণে এবং পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া সুনিশ্চিত করতে তার সরকার বদ্ধপরিকর বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

    মো. মোস্তাকুর রহমান একজন যোগ্যতাসম্পন্ন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)। ৩৩ বছরের বেশি সময় ধরে তিনি এ সেক্টরে কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষণ বিভাগ থেকে বি.কম (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

    মোস্তাকুর রহমান বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ (এটিএবি) এবং ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ (ডিসিসিআই) বিভিন্ন পেশাদার ও শিল্প সংগঠনের কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

    তিনি বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডসহ নিয়ন্ত্রক সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।

  • মহান ভাষা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    মহান ভাষা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    মহান ভাষা আন্দোলনে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন এবং প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টায় পৃথকভাবে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন তারা।

    ২১ ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষার রক্তঝরা আন্দোলনের স্মারক নয়; এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতিসংঘের সদস্য দেশগুলো দিবসটি পালন করে থাকে। সব দেশের ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানানো হয় একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে।

    কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানিয়ে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। তারপর শ্রদ্ধা ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। দুজনেই সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নীবরতা পালন করেন।

    এ সময় মাইকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ গানটি বাজানো হয়। হৃদয়ছোঁয়া সুরের এই গানে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ শ্রদ্ধাবনত এক আবহ তৈরি হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম।

  • আট উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন

    আট উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া আট উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে।

    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়।

    প্রজ্ঞাপনে অনুযায়ী মন্ত্রী পদমর্যাদার মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্ঠা নিয়োগ করা হয়েছে। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

    অন্যদিকে, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, মাহদী আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

    এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

  • তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন ট্রাম্প

    তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন ট্রাম্প

    বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী, আমেরিকান জনগণের পক্ষ থেকে, আপনার ঐতিহাসিক নির্বাচনের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করছি।

    আমাদের দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক গড়ে তোলার লক্ষ্যে যৌথ স্বার্থের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে শক্তিশালী, সার্বভৌম দেশগুলো সমৃদ্ধ হতে পারে।

    আপনার মেয়াদ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, আমি আশা করি আপনি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমাদের বাণিজ্য সম্পর্কের অসাধারণ গতি বজায় রাখতে আমাকে সাহায্য করবেন, যা আমাদের উভয় দেশের কৃষক এবং শ্রমিকদের জন্য উপকারী।

    আমি আরও আশা করি আপনি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবেন যা অবশেষে আপনার সামরিক বাহিনীর জন্য উচ্চ-মানের, আমেরিকান-তৈরি সরঞ্জামগুলোতে বিশ্বের সেরা প্রবেশাধিকার প্রদান করবে! মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করার জন্য আমি আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

    বাংলাদেশে আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। একইসঙ্গে, আমাদের উভয় দেশকে আরও সমৃদ্ধ এবং নিরাপদ করার সুযোগ রয়েছে। আগামীদিনগুলোতে আপনার জন্য শুভকামনা!

  • বিএনপি সরকারের মন্ত্রী হলেন যারা

    বিএনপি সরকারের মন্ত্রী হলেন যারা

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপির মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হয়। বিকেল ৪টার পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ শপথ অনুষ্ঠান শুরু হয়। প্রথম ধাপে ২৫জন মন্ত্রী হিসাবে শপথ নিলেন।

    প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও পরে ২৫ জন মন্ত্রী হিসেবে শপথ নেন।

    মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা-
    ১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    ২. আমীর খসরু মাহমুদ চৌধুরী
    ৩. সালাহউদ্দিন আহমদ
    ৪. ইকবাল হাসান মাহমুদ
    ৫. হাফিজ উদ্দিন আহমেদ
    ৬. আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন
    ৭. আব্দুল আওয়াল মিন্টু
    ৮. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
    ৯. মিজানুর রহমান মিনু
    ১০. নিতাই রায় চৌধুরী
    ১১. খন্দকার আব্দুল মোকতাদির
    ১২. আরিফুল হক চৌধুরী
    ১৩. জহির উদ্দিন স্বপন
    ১৪. আফরোজা খানম রিতা
    ১৫. মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি
    ১৬. আসাদুল হাবিব বুলু
    ১৭. মো. আসাদুজ্জামান
    ১৮. জাকারিয়া তাহের
    ১৯. দীপেন দেওয়ান
    ২০. আ ন ম এহছানুল হক মিলন
    ২১, ফকির মাহবুব আনাম স্বপন
    ২২. সরদার সাখাওয়াত হোসেন বকুল
    ২৩. শেখ রবিউল আলম
    ২৪. মোহাম্মদ আমিন উর রশীদ এবং
    ২৫. ড. খলিলুর রহমান।

    এদের মধ্যে মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায়।

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

    প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।

    এ সময় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামীর আমির বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন। এর আগে জয়লাভ করা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।

    এছাড়া ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়। যাদের মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

    সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে দলটি। এবারের মন্ত্রিসভায় নতুন মুখ আছে অনেক, যারা আগে কখনও মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি।

    প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া নেতাও আছেন। মন্ত্রীদের ২৫ জনের মধ্যে ১৭ জনই নতুন মুখ।