Category: জাতীয়

  • গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ‘ফরজে ক্বেফায়া’

    গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ‘ফরজে ক্বেফায়া’

    গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের জন্য ফরজে ক্বেফায়া বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

    শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে গণভোট নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    এ সময় তিনি বলেন, “সংবিধান, উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষ বুঝানো লাগবে না, নাগরিকের প্রাত্যহিক জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়ে হ্যাঁ-এর পক্ষে জনমত তৈরি করতে হবে।” এই সময় তিনি নির্বাচনে অধিকহারে জনগণকে সম্পৃক্ত করার কথা উল্লেখ করেন।”

    মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর সঞ্চালনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান ছাড়াও সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

    জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

    অন্তর্বর্তী সরকারের আইনবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, জুলাই-আগস্টে রাজনৈতিক প্রতিরোধে ফৌজদারি মামলা থাকলে সরকার প্রত্যাহার করবে। নতুন করে মামলা করা হবে না।

    জুলাই গণ-অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোথাও কোনো মামলা হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা।

    তবে ওই সময় ব্যক্তিগত, সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হলে তার বিচার হবে। এ বিষয়ে মানবাধিকার কমিশন তদন্ত করে প্রতিবেদন দেবে। এরপর সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান আইন উপদেষ্টা।

    এর আগে, ৮ জানুয়ারি এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা জানিয়েছিলেন ‘দায়মুক্তি অধ্যাদেশ’-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। জুলাই বিপ্লবের বীরদের ফ্যাসিস্ট সরকারের দোসরদের হাত থেকে নিরাপদ রাখতে এবং তাদের প্রতিরোধমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

     

  • ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

    ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

    গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে সব রাজনৈতিক দলের অবস্থান নেওয়া দায়িত্বের মধ্যে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণভোটের প্রচারণার লক্ষ্যে ক্যারাভ্যান উদ্বোধনের সময় তিনি এমন কথা বলেন।

    নাহিদ বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। তবে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ দল ‘না’ এর পক্ষে কথা তুলছে। তবে আমরা বলতে চাই গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।

    জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা যদি আমাদের ভোট নাও দেন, তবুও আমাদের অনুরোধ থাকবে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।

    অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সারাদেশে গণভোটের পক্ষে আজ থেকে আমাদের প্রচারণা শুরু হচ্ছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

  • প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন, বাতিল ৭

    প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন, বাতিল ৭

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ৫৮টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।এছাড়া ৭টি আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে এবং অন্য ৬টি আপিলের শুনানি অপেক্ষমাণ রাখা হয়েছে।

    রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে (বেইজ-মেন্ট-২) সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি গ্রহণ করা হয়।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে।

    গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনি এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়ন পত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।

  • স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করতে পারে : প্রধান উপদেষ্টা

    স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করতে পারে : প্রধান উপদেষ্টা

    পতিত স্বৈরাচারের অনুসারীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ভণ্ডুলের চেষ্টা করতে পারে বলে সর্তক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার প্রধান উপদেষ্টা ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধান পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।

    পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

    পতিত স্বৈরাচারের অনুসারীরা আসন্ন নির্বাচনে ভোট ভণ্ডুলের চেষ্টা করতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

    রোববার প্রধান উপদেষ্টা ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধান পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।

    পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

    প্রেস সচিব শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা পর্যবেক্ষকদের জানিয়েছেন যে, নারী ও তরুণদের মধ্যে ভোটের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি খুব ভালো হবে।”

     

  • ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে তার নির্ধারনের জন্যই গণভোট

    ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে তার নির্ধারনের জন্যই গণভোট

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণ করার জন্যই এবারের গণভোট।

    আজ রবিবার বরিশালে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বরিশাল বিভাগের প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

    বরিশাল বিভাগের কমিশনার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

    গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বিভাগীয় ও জেলা পর্যায়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় কর্মসূচির প্রথম দিনে আজ বরিশাল বিভাগের ইমামদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

  • গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

    গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

    গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য একটি বিশেষ হটলাইন চালু করেছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

    পোস্টে জানানো হয়, জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে হটলাইন নম্বর ০১৩০৮৩৩২৫৯২-এ যোগাযোগ করা যাবে।

    এ ছাড়া অভিযোগ জানানোর জন্য notify@ncsa.gov.bd ই-মেইল ঠিকানাও চালু করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

     

  • সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে: প্রেস সচিব

    সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে: প্রেস সচিব

    অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু, নিরাপদ ও ভালো নির্বাচন উপহার দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    প্রেস সচিব জানান, গত বছরের ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। মনোনয়নপত্র জমা নিয়েও কোনো সংকট তৈরি হয়নি।

    নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “আমরা আশা করছি অন্তর্বর্তী সরকার জনগণকে একটি ভালো নির্বাচন উপহার দেবে।

    মোবাইল ফোন আমদানিতে শুল্ক হ্রাসের বিষয়ে প্রেস সচিব বলেন, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি দেশে মোবাইল ফোন উৎপাদনকারীদের জন্য কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

    তামাক ব্যবহার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, তামাকের কারণে প্রতিবছর প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ মারা যায়। তামাকের ব্যবহার কমাতে সরকার তামাকদ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেছে।

    এ সময় তিনি জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠিত হয়েছে। তার জানাজায় সার্কভুক্ত পাঁচটি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে পাকিস্তান, নেপাল ও মালদ্বীপের মন্ত্রীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

  • জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

    জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

    সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পূর্ন হয়েছে। জানাজায় অংশ নিতে আগে থেকেই মানুষের ঢল নেমে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের সড়কগুলোতে।

    আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

    জানাজার ইমামতি করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধানসহ সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত রয়েছেন।

    গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে সাধারণ ছুটি ঘোষণা করা হয় বুধবার। এছাড়া সাতদিনের শোক কর্মসূচি পালন করছে বিএনপি।

  • খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারাল

    খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারাল

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল।

    তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

    তাঁর অবদান, তাঁর দীর্ঘ সংগ্রাম এবং তাঁর প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে।
    বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

    জাতির এই অপূরণীয় ক্ষতির দিনে তিনি দেশবাসীকে শান্ত থাকার ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন এবং যার যার অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।