Category: ঢাকা বিভাগ

  • হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ

    হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ

    চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে শেষ নিশ্বাস ত্যাগ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করেছে। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি বাংলাদেশ সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ঢাকায় নামে।

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে হাদির মরদেহ বের করা হবে।

    এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য।

    বিমানবন্দর থেকে শরিফ ওসমান হাদির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

     

  • হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন !

    হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন !

    সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন।

    রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন।

    তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

  • সংসদ নির্বাচন ‘পাতানো’ হলেও অংশ নিবে জাপা

    সংসদ নির্বাচন ‘পাতানো’ হলেও অংশ নিবে জাপা

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘পাতানো’ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)। তবে এই আশঙ্কার মধ্যেও জিএম কাদেরের নেতৃত্বাধীন দলটি ৩০০ আসনের সবগুলোতেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে।

    বুধবার (১৭ ডিসেম্বর) থেকে জাপা মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। এদিন সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব শামীম পাটোয়ারী।

    তিনি বলেন, আমরা আশঙ্কা করছি একটি পাতানো নির্বাচন হতে পারে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোটের পর ভোট কিংবা মিডিয়া ভোট—কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

    তবে এসব শঙ্কা সত্ত্বেও জাপা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

    শামীম পাটোয়ারী বলেন, আমরা একটি ভোটমুখী দল। আমাদের নেতাকর্মীরা ভোট করতে আগ্রহী।

  • ঢাকার হাজারীবাগে এনসিপি নেত্রীর আত্মহত্যা নাকি খুন!

    ঢাকার হাজারীবাগে এনসিপি নেত্রীর আত্মহত্যা নাকি খুন!

    ঢাকার হাজারীবাগে একটি হোস্টেল থেকে জান্নাত আক্তার রুমি নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে হাজারীবাগের পুরাতন কাঁচাবাজার রোড এলাকার একটি হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান লাশ উদ্ধারের তথ্য সংবাদ মাধ্যমকে জানান। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হচ্ছে।

    জান্নাত আক্তার রুমি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর থানার পত্নীতলা এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ জাকির হোসেন।

    এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা তার ফেসবুকে জান্নাত আক্তার রুমির মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি লিখেন, “আপনাদের মনে থাকার কথা, গত মাসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি ৩২ এ ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগাররা কী সিনক্রিয়েট করেছিলো। সেখানে একজন জেন-জি নারীকে আপনারা দেখেছিলেন এক আওয়ামী লীগারকে পিটায়ে পুলিশের কাছে ধরায়ে দিতে। সেই জেন-জি নারী গত এক মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং ও থ্রেটে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছে।”

    রুমির দলীয় পরিচয় নিশ্চিত করে সেখানে তিনি লেখেন, “ধানমন্ডির ভাইব্রাদারদের সাথে কথা হলো। তারা গত এক মাসে সাধ্যমতো চেষ্টা করেছে তার পাশে থাকার। কিন্তু সাইবার বুলিং আর ফোনকলে সারাদিন থ্রেট পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি।

    তবে কারোর কল্পনাতেও ছিলো না, বুলিংয়ের মাত্রা এত তীব্র যে সে আত্মহননের পথ বেছে নেবে। এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই। এটা খুন।”

  • সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হাদি, দেশবাসীর কাছে দোয়া প্রার্থণা

    সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হাদি, দেশবাসীর কাছে দোয়া প্রার্থণা

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর পৌঁছেছেন বলে জানা গেছে। সেখান থেকে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা নাগাদ তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্বজনরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থণা করেছেন।

    এর আগে, দুপুর ১টা ৫৫ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। এরপর বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে।

    উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। তারপর থেকে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি।

  • হাদির চিকিৎসার খরচ দেবে সরকার

    হাদির চিকিৎসার খরচ দেবে সরকার

    গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
    সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
    সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক। এটি আরও স্থিতিশীল হবে। বিদেশে নিয়ে ওসমান হাদির চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে।
    তিনি আরও বলেন, আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।
    এদিকে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যেতে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসেছে। অ্যাম্বুলেন্সটি বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এয়ার অ্যাম্বুলেন্সটি দুপুর ১টা ৩০ মিনিটে শরিফ ওসমান হাদিকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
  • রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

    রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

    আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করা হবে।রবিবার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    প্রেস উইং জানায়, এই প্রটোকলে রাজনৈতিক নেতা এবং আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন—সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে।

    এছাড়া, গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্বদানকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

    তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এবং জণগনের জান-মালের নিরাপত্তায় নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

  • সাটুরিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার

    সাটুরিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার

    মানিকগঞ্জের সাটুরিয়ায় শহিদুল্লাহ (৪৫) নামের যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত শহিদুল্লাহর বাড়ী উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে। তার পিতার নাম মো. মাইনুদ্দিন। সে ধানকোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি (নিষিদ্ধ ঘোষিত) ও ইউপি সদস্য বলে জানা গেছে।

    সাটুরিয়া থানা পুলিশ জানায়, গত ২ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে এসআই আবু রায়হান সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ  ও অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়।

    সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে  শহিদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

  • আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

    আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

    আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের চূড়ান্ত মুহূর্তের এই দিনে বুদ্ধিজীবিদের উপর জঘন্যতম হত্যাকাণ্ড চালায় দখলদার পাকিস্তানি বাহিনী এবং তাদের স্থানীয় দোসর রাজাকার, আলবদর, আলশামসের সদস্যরা।

    পাকিস্তানি বাহিনীর নীলনকশা অনুযায়ী বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এ সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। মূলতঃ বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এ পরিকল্পনা বাস্তবায়িত হয়।

    শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

    আজ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে  শ্রদ্ধার সঙ্গে তাদেরকে স্মরণ করবে জাতি। সকাল ৭টায় প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

    পরে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

    এ ছাড়া সকালে রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ বুদ্ধিজীবী স্মৃতি-সৌধে পুষ্পস্তবক অর্পণ করবে। জেলা ও উপজেলা পর্যায়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

  • ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়েের শতবর্ষ উদযাপন

    ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়েের শতবর্ষ উদযাপন

    মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ধূলশুড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ইব্রাহিম-পুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে উৎসবের আমেজে মেতে উঠে গোটা স্কুল প্রাঙ্গন। শত বছরের গৌরবময় এই মুহূর্তকে ঘিরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় মিলনমেলায়।

    “এসো মিলি শেকড়ের টানে” এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে শতবর্ষ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী-দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

    ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়টি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ এক শতাব্দী ধরে এ শিক্ষা প্রতিষ্ঠান এলাকার শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিআইপি আইয়ুব খান এফসিএ।

    অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এবং মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খান রিতা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক অধ্যাপক ডঃ  মোঃ কায়কোবাদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক নাইয়ারা নুর রিপা, পৃষ্ঠপোষক ডঃ নরল হক চৌধুরী মনি,  কাজী লুতফুর রহমান, দেওয়ান আবদুল কাদের, আবুল ফজল দোস্ত মোহাম্মদ, ইঞ্জিনিয়ার শামসুর রহমান, ইঞ্জিনিয়ার  দেওয়ান হানজালা, এডভোকেট ইবাদুল আলী আকবর খান, বাবু সুবোধ চন্দ্র সরকার, প্রধান শিক্ষক  আলতাফ হোসেন খান, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন তুষার, কুরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা খন্দকার  সিদ্দিকুর রহমান প্রমূখ

    দিনব্যাপী আয়োজিত এই উৎসবে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ১০ হাজার সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে এসে তারা শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে স্মৃতিচারণায় মেতে ওঠেন।

    শতবর্ষ উৎসবের অংশ হিসেবে বিকেলে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান ও আবৃত্তি উপভোগ করেন উপস্থিত দর্শনার্থীরা।

    শতবর্ষের এই উদযাপন শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস নয়, বরং একটি অঞ্চলের শিক্ষা, ঐতিহ্য ও স্মৃতির মিলনমেলায় পরিণত হয়েছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।