Category: সারাদেশ

  • চূড়ান্ত নিবন্ধন পেল এনসিপিসহ ৩ দল

    চূড়ান্ত নিবন্ধন পেল এনসিপিসহ ৩ দল

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন তিনটি নতুন রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে। এর মধ্যে আছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

    মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেছেন, দলগুলোর কাগজপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

  • মানিকগঞ্জে বিএনপির দলীয় প্রার্থী রিতা-শান্ত

    মানিকগঞ্জে বিএনপির দলীয় প্রার্থী রিতা-শান্ত

    মানিকগঞ্জের দুইটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মানিকগঞ্জ-২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শান্ত, আর মানিকগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

    সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির দিনব্যাপী বৈঠক শেষে সন্ধ্যায় ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মানিকগঞ্জ-১ আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি।

    এ বিষয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “মানিকগঞ্জ-১ আসনে প্রার্থী নির্ধারণ করা হয়নি, ওই আসনটি আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে উপযুক্ত প্রার্থী ঘোষণা করা হবে।দীর্ঘদিন ধরে জেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় আফরোজা খানম রিতা এর আগে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    বর্তমানে তিনি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মঈনুল ইসলাম খান শান্তও বিএনপির তৃণমূল পর্যায়ে সুপরিচিত মুখ। তিনি অতীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন।

    দলের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, এবারের ঘোষিত প্রার্থী তালিকায় অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় করা হয়েছে। মাঠে সক্রিয়, পরীক্ষিত ও জনপ্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

    এদিকে প্রার্থী ঘোষণা হওয়ার পরই মানিকগঞ্জ জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে। ফেসবুক, এক্স (টুইটার) ও হোয়াটসঅ্যাপে রিতা ও শান্তকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিচ্ছেন তাঁদের অনুসারী ও সমর্থকেরা। অনেকেই মন্তব্য করছেন, “দীর্ঘদিন মাঠে থাকা নেতাদের প্রতি দলের আস্থা রাখায় তৃণমূল নেতাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।”

    জেলা বিএনপির একাধিক নেতা জানান, শান্ত ও রিতার মনোনয়ন ঘোষণায় দলের কর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তাঁরা আশা করছেন, আসন্ন নির্বাচনে বিএনপি মানিকগঞ্জের আসনগুলোতে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

  • সাটুরিয়ায় মাওলানা দেলওয়ার হোসাইনের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

    সাটুরিয়ায় মাওলানা দেলওয়ার হোসাইনের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

    বাংলাদেশ জামায়াতে ইসলামী সাটুরিয়া উপজেলার মহিলা বিভাগের উদ্যোগে দাড়িপাল্লা প্রতিকের প্রার্থীর সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক নারী অংশ নেয়।

    শনিবার বিকেলে দরগ্রাম ইসলামিয়া ফাযিল মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা (উঃ) অঞ্চল সহকারী পরিচালক ও মানিকগঞ্জ ৩নং (মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলার) আসনে এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন।

    এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে একটি কল্যাণকর বাংলাদেশ গঠনের লক্ষে পরীক্ষিত সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক প্রার্থীদের পক্ষে ভাইদের পাশাপাশি বোনদেরকেও যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

    সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, মহিলা বিভাগ ঢাকা (উঃ) অঞ্চল পরিচালিকা ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাজমুন নাহার নাজমা, ঢাকা (উঃ) অঞ্চল সহকারী পরিচালিকা সোনিয়া ফেরদৌসী ছন্দা, মানিকগঞ্জ জেলা মহিলা বিভাগ সেক্রেটারি নাজমুন নাহার সুমি। স্বাগত বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য ও মানিকগঞ্জ ৩ নং আসনের নির্বাচন পরিচালিকা বেগম খাদীজা।

    এতে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা মহিলা জামায়াতের সভানেত্রী মিসেস শিউলি বেগম। এবং সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক মানিকগঞ্জ জেলা সভানেত্রী মিসেস শামসুন্নাহার।

  • মানিকগঞ্জে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    মানিকগঞ্জে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মানিকগঞ্জ সার্কিট হাউস কনফারেন্স রুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমের অপসংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন মানিকগঞ্জের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

    কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুন এবং রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপদেষ্টা আব্দুস সবুর।

    কর্মশালার সভাপতিত্ব করেনঃ মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মানোয়ার হোসেন মোল্লা।

    দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা, সংবাদ যাচাই প্রক্রিয়া ও নৈতিক সাংবাদিকতা বিষয়ক নানা দিক তুলে ধরা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সার্টিফিকেট প্রদান করা হয়।

    কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার পেশায় সঠিক তথ্য যাচাই ও নৈতিকতা রক্ষা অত্যন্ত জরুরি। অপসংবাদিকতা রোধে প্রতিটি সাংবাদিককে সচেতন ভূমিকা পালন করতে হবে।

    শেষে আয়োজক ও অতিথিবৃন্দ সাংবাদিকদের প্রতি শুভকামনা জানিয়ে বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে একটি সচেতন সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান।

  • পুলিশ একাডেমি থেকে ডিআইজির রহস্যজনক পলায়ন, আটক-২

    পুলিশ একাডেমি থেকে ডিআইজির রহস্যজনক পলায়ন, আটক-২

    মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় আটক ডিআইজি এহসানুল্লাহ রহস্যজনকভাবে বাংলাদেশ পুলিশ একাডেমির সারদা থেকে পালিয়ে গিয়েছেন । বিষয়টি তদন্ত করছে পুলিশ ও আইসিটির উচ্চ পর্যায়।

    পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানিয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবতার বিরোধী অপরাধের অভিযোগে র‍্যাবের আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের সহযোগী সিআইডি অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমানকে সিআইডি থেকে গ্রেফতার করা হয়েছে।

    সিআইডি সূত্র জানায়, দুপুরের দিকে আইসিটির একটি প্রতিনিধির দল সিআইডি ঢাকা মেট্রো অফিস থেকে অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমানকে গ্রেফতার করে নিয়ে যায়।

    এদিকে পুলিশের আরেকটি দল জুলাই-আগস্ট আন্দোলনের সময় উত্তরা গণহত্যায় জড়িত উত্তরা ডিভিশনের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক এডিসি সালাউদ্দিনকে গ্রেফতার করে নিয়ে যায়।

    পুলিশ সূত্র জানায়, ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার, বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহকে আটক করতে বুধবার সকালে পুলিশ একাডেমিতে অভিযান চালায়।

    এসময় একাডেমিতে কর্মরত অবস্থায় তিনি রহস্যজনকভাবে পালিয়ে যান। পুলিশ একাডেমির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে পালিয়ে যেতে সহায়তা করেছেন বলে অভিযোগ উঠেছে।

    পুলিশ একাডেমির প্রিন্সিপালকে কয়েক দফা ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। পুলিশ সূত্র জানায়, আইসিটির প্রতিনিধিরা জেলা পুলিশের সহায়তায় বুধবার ভোর ছয়টায় সারদা পুলিশ একাডেমিতে পৌঁছান।

    কিন্তু কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা তাদের পরিচয় জানা ও যোগাযোগের সুযোগ না দেওয়ায় ডিআইজি এহসানুল্লাহ খবর পেয়ে পালিয়ে যান। বিষয়টি দিনভর রাজশাহীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

  • গণভোটের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা

    গণভোটের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা

    গণভোটের সময়সূচি নিয়ে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে শিগগিরই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা—এ কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

    ড. আসিফ নজরুল বলেন, “গণভোটের তারিখ নির্ধারণের দায়িত্ব প্রধান উপদেষ্টার। আমরা কেবল সহায়তা করবো, সিদ্ধান্ত নেবেন তিনিই। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।”

    তিনি আরও বলেন, “বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোটের সময় নিয়ে যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে, তা হতাশাজনক। ২৭০ দিন আলোচনার পরেও অনৈক্য থেকে যাওয়া সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।”

    এর আগে গত মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। তাতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের প্রস্তাব করা হয়—যা জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে পারে বলে উল্লেখ করা হয়।

    জামায়াতে ইসলামী বলেছে, জাতীয় নির্বাচনের আগে গণভোট করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অপরদিকে বিএনপির দাবি—নির্বাচনের দিনই গণভোট করতে হবে, এর বাইরে কোনো সমঝোতা সম্ভব নয়।

    বিএনপি আরও অভিযোগ করেছে, জুলাই সনদে যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল, কমিশনের সুপারিশে তার বাইরে নতুন কিছু যুক্ত করা হয়েছে, যা ‘মূল চুক্তির পরিপন্থী’।

    আইন উপদেষ্টা বলেন, “এই তীব্র রাজনৈতিক বিভাজনের মধ্যেও সমঝোতার পথে এগিয়ে যেতে হবে। সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—দলগুলোর মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করা।”

  • শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীক চায় এনসিপি

    শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীক চায় এনসিপি

    নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা ‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীক চায়।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার পর এ কথা জানান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

    অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, ‘আমরা ‘শাপলা কলি’ নয়, শাপলা প্রতীক চাই। ইসি আগে জানিয়েছিল শাপলা অন্তর্ভুক্ত করা যাবে না, কিন্তু এখন যেহেতু ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত হয়েছে, তারা চাইলে শাপলাও অন্তর্ভুক্ত করতে পারবে। আমরা কলি নয়, শাপলা ছাড়া অন্য কোনো বিকল্প বিবেচনা করছি না।’

    এর আগে আজ দুপুরে তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে ইসি।

  • ইসির প্রতীক তালিকায় যুক্ত হল ‘শাপলা কলি’

    ইসির প্রতীক তালিকায় যুক্ত হল ‘শাপলা কলি’

    প্রতীকের তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

    গত সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, “ইসির বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দেওয়া হবে না। কমিশন বরং নিজেরা বিবেচনা করে অন্য একটি প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।”

    গত জুনে নিবন্ধন আবেদনের সময় শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন চেয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পরবর্তীতে দুই প্রতীক থেকে সরে এসে কেবল শাপলাতেই জোর দেয় দলটি।

    তবে রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপির আবেদন বারবারই নাকচ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)।

    অন্যদিকে, এনসিপির আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও চেয়েছিল শাপলা প্রতীক, কিন্তু সে আবেদনও খারিজ করে দিয়েছিল ইসি। গত ১৯ অক্টোবর প্রতীক পছন্দের শেষ দিন ছিল।

    তবে সে সময়ও শাপলা ছাড়া অন্য প্রতীক নেবে না বলে জানায় এনসিপি। অবশেষে আজ প্রতীকের তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ যুক্ত করে ইসি।

  • শিবালয়ে পরকীয়ার জেরে মা-মেয়ে খুন, মূলহোতা গ্রেপ্তার

    শিবালয়ে পরকীয়ার জেরে মা-মেয়ে খুন, মূলহোতা গ্রেপ্তার

    মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মা ও মেয়েকে হত্যার ঘটনায় পরকীয়ার সূত্রে জড়িত মূলহোতা সুজনকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে টাঙ্গাইলের নাগরপুর এলাকা থেকে র‍্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

    নিহতরা হলেন, শিবালয় উপজেলার জাফরগঞ্জ ভাঙ্গাবাড়ি গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুল রাজ্জাক শেখের স্ত্রী স্মৃতি বেগম (৩০) এবং তাদের তিন বছরের কন্যা মরিয়ম।

    ঘটনার সূত্রে জানা গেছে, উপজেলার সাতুরিয়া গ্রামের সাঈদ শেখের ছেলে বিদেশ ফেরত সুজনের সাথে স্মৃতির প্রেমের সম্পর্ক ছিল। সুজন বাড়ি আসার পর স্মৃতি তার সাথে কথা বলে বাড়িতে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এর মধ্যে সুজনের অন্যত্র বিয়ে ঠিক হয়।

    গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে সুজন স্মৃতি বেগম ও তার কন্যা মরিয়ম কে হত্যা করে যমুনা নদীতে ফেলে দেয়। পরদিন শুক্রবার সকালে যমুনা নদীর তীরে মরিয়মের মরদেহ ভেসে ওঠে।

    ঘটনার রাতে সুজন ফোনে ডেকে নিয়ে স্থানীয় একটি পেয়ারা বাগানে স্মৃতিকে গলা টিপে হত্যা করে। এ সময় ঘটনাটি দেখে ফেলায় তার ছোট মেয়ে মরিয়ম কেও হত্যা করে। মরিয়মের মরদেহ গলায় দড়ি বেঁধে যমুনা নদীতে ফেলে দেয়, আর স্মৃতির লাশ বস্তায় ভরে নদীতে নিক্ষেপ করে সুজন।

    নিহত স্মৃতির স্বামী আব্দুল রাজ্জাক শেখ বলেন, গত বৃহস্পতিবার রাতভর আমি মাছ ধরতে নদীতে ছিলাম। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আমার মেয়ে মরিয়মের মরদেহ নদীতে ভেসে উঠেছে। এরপর থেকেই স্ত্রী স্মৃতির কোনো সন্ধান পাচ্ছি না।

    শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, ২৪ অক্টোবর সকালে যমুনায় শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার ও পরিচয়ে সনাক্তের পর হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু হয়।

    ভিক্টিমের মোবাইল ফোনের কল সূত্র ধরে ঘটনার তথ্য-উপাত্ত্বের ভিত্তিতে বিদেশ ফেরত সুজনকে আটক করি। তার স্বীকারোক্তিতে লাশ উদ্ধারের জন্য ডুবুরির দল নিয়ে তল্লাশি চালানো হয়েছে। তবে, স্মৃতির লাশ এখনো পাওয়া যায়নি।

  • যত ঝড়ই আসুক নির্বাচন করতেই হবে‍‍`: ড. ইউনূস

    যত ঝড়ই আসুক নির্বাচন করতেই হবে‍‍`: ড. ইউনূস

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর এবং বাহির থেকে অনেক বড় শক্তি চেষ্টা চালাবে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    তিনি বলেছেন, এই নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে, তবে যত ঝড়ঝাপ্টাই আসুক না কেন, তা অতিক্রম করে নির্বাচন সম্পন্ন করতেই হবে।

    বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

    বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের কাছে ড. ইউনূসের এই বার্তা পৌঁছে দেন।

    প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বৈঠকে বলেছেন, ‘নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাহির থেকে অনেক শক্তি কাজ করবে।

    ছোটখাটো না, বড় শক্তি নিয়ে বানচালে চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড়ঝাপ্টা থাকুক, আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবেই।’

    ড. ইউনূস আরও বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার চালানো হবে। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে।

    নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর থেকে, বাহিরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানারকম অপপ্রচার চালানো হবে। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ছবি, ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে। এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে, যেন ছড়াতে না পারে।’

    প্রধান উপদেষ্টা মনে করেন, আগামী নির্বাচনকে সুন্দর ও উৎসবমুখর করতে হলে জনগণের কাছে সরাসরি পৌঁছাতে হবে। তিনি বলেন, নির্বাচনী নীতিমালা, ভোট কেন্দ্রের নিয়মকানুন, কীভাবে ভোট প্রদান করতে হবে এবং কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা দিলে করণীয় কী—এইসব বিষয়ে জনগণকে ব্যাপকভাবে সচেতন করতে হবে।

    প্রেস সচিব শফিকুল আলম জানান, জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংখ্যক টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল), ডকুমেন্টারি বা অন্যান্য ভিডিও কনটেন্ট তৈরি করার নির্দেশ দিয়েছেন।

    তিনি চান, এই কন্টেন্টগুলো যেন দ্রুত ইউটিউবসহ সকল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়, যাতে মানুষ এগুলো দেখে নির্বাচন বিষয়ে নিজেরাই প্রস্তুত হতে পারে।