Category: সারাদেশ

  • চাঁপাইনবাবগঞ্জে শ্বশুর-শাশুড়ির নির্যাতনে মারাত্মক আহত পুত্রবধূ ! 

    চাঁপাইনবাবগঞ্জে শ্বশুর-শাশুড়ির নির্যাতনে মারাত্মক আহত পুত্রবধূ ! 

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামে শ্বশুর-শাশুড়ির নির্মম নির্যাতনের শিকার হয়েছেন জিয়াসমিন (৩২) নামের এক গৃহবধূ।

    গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহত জিয়াসমিন ওই গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী।  তাঁর পিতার বাড়ি একই উপজেলার মির্জাপুর গ্রামে। তিনি মৃত জামাল উদ্দিন জুমুর মেয়ে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে পারিবারিক কলহের জেরে শ্বশুর আলহাজ্ব সাইদুর রহমান মিয়া (৭০) ও শাশুড়ি আলহাজ্ব আয়েশা বেগম মিলে পুত্রবধূ জিয়াসমিনকে বেধড়ক মারধর করেন।

    একপর্যায়ে জ্ঞান হারান জিয়াসমিন। ধারণা করা হয়, তাঁরা তাঁকে মৃত ভেবে রেখে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জিয়াসমিনের পরিবারের অভিযোগ, দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্নভাবে তাঁকে নির্যাতন করে আসছিলেন শ্বশুর-শাশুড়ি।

    একাধিকবার স্থানীয়ভাবে সালিস হলেও নির্যাতন বন্ধ হয়নি। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুইজন হজ¦ করে এসে যদি মানুষ না হন, তাহলে সেটা সমাজের জন্য লজ্জার। একজন গৃহবধূকে এভাবে নির্যাতন করার অধিকার তাঁদের নেই। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

    ঘটনার পর অভিযুক্ত সাইদুর রহমান ও আয়েশা বেগম পলাতক রয়েছেন। তাঁদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। এ ঘটনায় চাকলা গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।

    স্থানীয়রা দ্রুত প্রশাসনিক পদক্ষেপ ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি পারিবারিক কলহ থেকে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। একটি পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি, অন্য পক্ষও অভিযোগ দিতে পারে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • মানিকগঞ্জে প্রশাসনে স্বচ্ছতায় নিয়োগ পেলেন ২২ কর্মচারী

    মানিকগঞ্জে প্রশাসনে স্বচ্ছতায় নিয়োগ পেলেন ২২ কর্মচারী

    মানিকগঞ্জ জেলা  ও উপজেলা প্রশাসনে শূন্যপদে স্বচ্ছতার ভিত্তিতে  নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ পেলেন ২০ তম গ্রেডের ২২ কর্মচারী। সোমবার (১৯ মে) বিভাগীয় কমিশনারের একান্ত সদস্য সচিব মো.আল মামুনের স্বাক্ষরিত পত্রে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

    জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী ও সহকারী বাবুর্চি শূন্য পদে নিয়োগের জন্য গত ১৬ মে অংশগ্রহণকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    পরদিন উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার পর উপরোক্ত পদে নিয়োগের জন্য ২২ জনকে চূড়ান্ত সুপারিশ করা হয়। বিভাগীয় কমিশনারের একান্ত সদস্য সচিব ওই পত্রে জেলা প্রশাসক মানিকগঞ্জকে অনতিবিলম্বে সুপারিশকৃত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করার কথাও বলা হয়।

    নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত সাটুরিয়া উপজেলার জাকির হোসেন ও মানিকগঞ্জ সদর উপজেলার হৃদয় হাসান বলেন, সরকারি ফির বাইরে আমাদের কোন টাকা পয়সা খরচ হয়নি। এ নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কোন প্রকার ঘুষ-দুর্নীতি সুযোগ ছিল না বলেও তারা জানান।

    এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, সরকারি নিয়োগ বিধি অনুসরণ করে যোগ্যদের চূড়ান্ত করা হয়েছে।

  • শিবালয়ে গৃহবধূর রহস্যজনক মরাদেহ উদ্ধার

    শিবালয়ে গৃহবধূর রহস্যজনক মরাদেহ উদ্ধার

    মানিকগঞ্জ শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ভাওর গ্রামে থেকে এক গৃহবধুর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ মঙ্গলবার ২০ মে সকাল সাড়ে আট ঘটিকায় চৌচালা টিনের ঘর থেকে ফুলমতি ওরফে ফেলির মরাদেহ উদ্ধার করা হয়। জানা যায়,  ফুলমতি একই গ্রামের সকেল (৫৫) উদ্দিনের দ্বিতীয় পক্ষের স্ত্রী।

    শিবালয় থানার এস আই মোঃ তাজুল ইসলাম জানান, ডিউটি অফিসারের দেওয়া তথ্য অনুয়ায়ী পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হয়ে আমি মরাদেহটি উদ্ধার করি। এই সময় মৃতের গলায় ওড়না পেঁচানো দাগ লক্ষ্য করা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ফুলমতির অস্বাভাবিক মৃত্যুর জন্য তার স্বামী সকেল উদ্দিন (৫৫) এবং প্রথম স্ত্রী সেলিনা আক্তার (৪৫) দায়ী হতে পারে।

    উল্লেখ্য যে, সকেল  উদ্দিন তিনটি বিবাহ করেছিলেন, বর্তমানে একটি পরিবার  নিয়ে সংসার করছিলেন।

    শিবালয় থানা পুলিশ জানায়, মৃতদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ থাকলেও পোস্টমর্টেম রিপোর্ট ও তদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

    শিবালয় থানার ওসি (অফিসার ইনচার্জ) মোঃ কামাল হোসেন জানান, তদন্ত রিপোর্ট  হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আমরা সেই অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • জব্দকৃত অর্থ দরিদ্র জনগোষ্ঠীর উপকারে ব্যবহার করবে সরকার

    জব্দকৃত অর্থ দরিদ্র জনগোষ্ঠীর উপকারে ব্যবহার করবে সরকার

    সরকার এখন পর্যন্ত কত টাকার সম্পদ জব্দ করেছে, সে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত সরকারের জব্দকৃত মোট সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার ৭৫৮ দশমিক ৭ কোটি টাকা। বিদেশি অর্থ ১৬৪ মিলিয়ন ডলার। জব্দকৃত অস্থাবর সম্পত্তি আছে ৪২ হাজার ৬১৪ দশমিক ২৭ কোটি টাকা। অভ্যন্তরীণ অর্থ ২০ দশমিক ৭ মিলিয়ন ডলার।

    শফিকুল আলম বলেন, দেশে লুটের টাকা বা লুটেরাদের জব্দকৃত অর্থ বাজেটে ব্যবহার নয় বরং দরিদ্র জনগোষ্ঠীর উপকারে ব্যবহার করবে সরকার। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন লুটের টাকা ম্যানেজমেন্টে একটি ফান্ড গঠনের জন্য। এই অর্থ ডিপোজিটর এবং একইসঙ্গে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় হবে।

    এদিকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সাধারণ আমানতকারী ও দরিদ্রদের ক্ষতিপূরণ দিতে অর্থ আত্মসাৎ ও অর্থপাচারে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ ও সম্পত্তি দিয়ে একটি তহবিল গঠন করা হবে।

    তিনি বলেন, এই তহবিলে অভিযুক্তদের কাছ থেকে জব্দ করা বিভিন্ন ব্যাংক ও কোম্পানির শেয়ারসহ জব্দ করা সম্পত্তিও অন্তর্ভুক্ত থাকবে। পাচার হওয়া অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক পারস্পরিক আইনি সহায়তার মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে।

     

  • আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি’র মানববন্ধন 

    আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি’র মানববন্ধন 

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী ৪টি আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চালুর দাবিতে বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ রেলষ্টেশনে অবস্থান, শান্তিপূর্ণ রেলপথ অবরোধ এবং জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।

    কর্মসূচিতে জামায়াত নেতৃবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ অংশ নেন।  কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি নুরুল ইসলাম, সমিতি’র সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ দেলায়ার হোসেন, জামায়াতের কেন্দ্রীয় কমিটির নেতা নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাব গঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, জেলা সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ অনান্যরা। পরে জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন নেতৃবৃন্দ।

    অবরোধ কর্মসূচীর কারনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে চাঁপাইনবাব গঞ্জ থেকে রাজশাহীগামী মল্লিকা কমিউটার ট্রেন স্টেশনে আটকা পড়ে প্রায় ৩০ মিনিট পর্যন্ত। সকাল ১০ টা ১৫ মিনিটের পরিবর্তে ট্রেনটি পৌনে ১১টায় রাজশাহী উদ্দেশ্যে ছেড়ে যায়।

    এসময় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি’র নেতৃবৃন্দ, চাঁপাইনবাব গঞ্জ পৌসভার সাবেক কাউন্সিলর শাহ নেওয়াজ খান সিনাসহ অন্যরা। বক্তারা বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী চারটি আন্তঃনগর ট্রেন ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস চলাচল করে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও এই ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে না।

    চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন হিসেবে চলাচল করে বনলতা এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও আঞ্চলিক বৈষম্য মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে। দ্রুত সময়ের মধ্যে রেলের সমস্যা সমাধান না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁসিয়ারি দেন বক্তারা।

    বক্তারা জেলাবাসীর প্রাণের দাবীগুলো পুরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, রেলপথ অবরোধ কর্মসূচীর কারনে রাজশাহীগামী মল্লিকা কমিউটার ট্রেন সোয়া ১০টার পরিবর্তে ৩০ মিনিট পর পৌনে ১১ টায় ছেড়ে গেছে।

    অবরোধ সম্পর্কে রেলওয়ে পশ্চিমাঞ্চলের উর্ধতন কর্মকর্তাদের জানানোর পর, আন্দোলনের প্রতিনিধি ব্যক্তিদের দাবি দাওয়া নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার আহবান জানালে অবরোধ তুলে নেন আন্দোলনকারী নেতৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন, সুশানের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ এর বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

  • কণ্ঠশিল্পী মমতাজের বিচারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল

    কণ্ঠশিল্পী মমতাজের বিচারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল

    সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিচার ও জামিন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে তাকে গ্রেফতার করায় মিষ্টি বিতরণ করেন। বুধবার (১৪ মে) বিকেল ৫টায় মানিকগঞ্জের সিংগাইরে এই মিছিল হয়।

    উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগরের নেতৃত্বে বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে সিংগাইর বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে বক্তারা মমতাজ বেগমের আইনানুগ বিচার দাবি করেন এবং তার জামিন প্রতিহত করার ঘোষণা দেন।

    স্বেচ্ছাসেবক দলের নেতা সাইদুর রহমান সাগর বলেন, মমতাজ বেগমের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। আমরা চাই আইনের আওতায় এনে তার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।

    এসময় আরও উপস্থিত ছিলেন সিংগাইর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিন্টু, ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপির নেতারা।

  • টাংগাইলে, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর…নগর বাউল জেমসের কনর্সাট !

    টাংগাইলে, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর…নগর বাউল জেমসের কনর্সাট !

    ‘কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না’, ‘দিওয়ানা দিওয়ানা তোমার প্রেমের দিওয়ানা’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্ট ছেলের দল’, ‘বিজলী চলে যেওনা’, ‘মীরা বাঈ’, ‘পাগলা হাওয়ার তোড়ে’সহ জনপ্রিয় সব গান গেয়ে টাঙ্গাইল মাতালেন নগর বাউল জেমস।

    টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশীপ উপলক্ষে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।মঙ্গলবার (১৩ মে) রাতে টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গান গেয়ে দর্শক মাতান জেমস। লক্ষাধিক দর্শককে সুরের জাদুতে মুগ্ধ করেন এই বরেণ্য শিল্পী।

    আগেই ছড়িয়ে পড়ে জেমসের আগমনের খবর। ফলে গতকাল দুপুর থেকে টাঙ্গাইলের ১২টি উপজেলাসহ আশেপাশের জেলা থেকে জেমস ভক্তরা স্টেডিয়ামে উপস্থিত হতে থাকেন। জেমস ছাড়াও এ অনুষ্ঠানে পারফর্ম করেন বিভিন্ন জনপ্রিয় ব্যান্ড শিল্পীরা।এদিন বিকেলে শুরু হওয়া কনসার্টটি চলে রাত পর্যন্ত।

    আয়োজক কর্তৃপক্ষ জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশীপের আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় উপস্থিত ছিলেন চ্যাম্পিয়নশীপের চেয়ারম্যান, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিএনপি ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

     

  • চলছে ভারত ও পাকিস্তান কূটনৈতিক উত্তেজনা

    চলছে ভারত ও পাকিস্তান কূটনৈতিক উত্তেজনা

    ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চললেও কূটনৈতিক উত্তেজনা এখনো থামেনি। ভারতে নিযুক্ত পাকিস্তানের এক কূটনীতিককে মঙ্গলবার (১৩ মে) বহিষ্কার করেছে ভারত। ওই কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে প্রতিবেদনে ওই কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি।

    এ ব্যাপারে পিছিয়ে নেই পাকিস্তানও। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভারত পাকিস্তানি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে দেশ ত্যাগের নির্দেশ দেওয়ার পরপরই, পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় এক কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান। ওই কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিধিবহির্ভূত কর্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত জানাতে গতকাল মঙ্গলবার তাকে মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।

    চার দিনের সামরিক সংঘাতের পর চলমান যুদ্ধবিরতির মধ্যেই দুই প্রতিবেশী দেশ আবারো পাল্টাপাল্টি পদক্ষেপ নিল।

     

  • চার দিনের রিমাণ্ডে সংগীতশিল্পী মমতাজ

    চার দিনের রিমাণ্ডে সংগীতশিল্পী মমতাজ

     

    আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তারকরে ৪ দিনের রিমাণ্ডে মঞ্জুর করে আদালত।এ বিষয়ে ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম।

    সেখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যার মধ্যে হত্যা মামলাও রয়েছে বলে জানা গেছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় আজ মঙ্গলবার মমতাজকে আদালতে হাজির করা হয়।

    মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর-১০ নং গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এসময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছন দিকে বের হয়ে যায়। তার মা মোসা. বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন।

    এক পর্যায়ে ওইদিন দিবাগত রাত ৩টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার লাশের সন্ধান পান তিনি। পরে সন্তানের লাশ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন।

    এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা মোসা. বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় ২৫০-৪০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

     

  • সাটুরিয়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, ওয়ার্ড বিএনপির সভাপতকে শোকজ

    সাটুরিয়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, ওয়ার্ড বিএনপির সভাপতকে শোকজ

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি কে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শোকজ করেছে সাটুরিয়া ইউনিয়ন বিএনপি।

    সোমবার (১২ মে) রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক ও সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক শামীম স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    শোকজ পাওয়া নেতার নাম  হলেন- মোঃ জসিম উদ্দিন। তিনি সাটুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মেম্বার। বিজ্ঞপ্তিতে তাকে  ৩ দিনের মধ্যে লিখিত ভাবে কারণ দর্শানোর জবাব চাওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।