Blog

  • ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

    ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সোমবার চাঁপাইনবাবগঞ্জে ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ করেছে। সকালে সাধারণ ছাত্রজনতার ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিরমোড় এলাকা থেকে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ শ্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

    সমাবেশে বক্তারা গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা অব্যাহত থাকলেও জাতি সংঘের নিরব ভুমিকার কঠোর সমালোচনা করেন এবং মুসলিম দেশগুলোকে ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহবান জানান। সমাবেশে বক্তারা ইসরাইলি পন্য বয়কটেরও ঘোষণা দেন।

    এদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাসহ অন্যান্য উপজেলাতে ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরে জনতা।

    সোমবার সকালে এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক থেকে বের হয়ে বিশ্বরোড মোড়ে জমাযেত হয়। এরপর সেখান থেকে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিশ্ব রোড মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় মধ্যে দিয়ে শেষ হয়।

    একই সময় আরো একটি বিক্ষোভ মিছিল শান্তি মোড় থেকে শুরু হয়ে বিশ্ব রোড মোড়ে মিলিত হয়। অন্যদিকে, একই সময় শিবগঞ্জ পৌর এলাকার সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মডেল স্কুল মোড়ে সংক্ষিপ্ত পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।

    এ সময় ইজরায়েল এবং তাদের দোসরদের সকল পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা। ইসরাইল বাহিনীর বর্বর হত্যাকা-ের তীব্র নিন্দা এবং বন্ধের আহ্বান জানানো হয়। এসময় বক্তব্য রাখেন ছাত্র সমন্বয়কের আহ্বায়ক আব্দুর রাহিম, আজিমুল ইসলাম মাহিন শেখ নাসিম, সাইমুম সাদাব, শোহান সহজ অন্যন্যরা।

    একই ঘটনায় বিকেলে শিবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ শহরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ শাখা। শেষে শিবগঞ্জের বাজারগুলোতে ইসরায়েলের বিভিন্ন পণ্য বয়কটের আহ্বান জানিয়ে দোকানের সামনে পোস্টার লাগানো হয়।

  • টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে ৪ সন্তান প্রসব

    টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে ৪ সন্তান প্রসব

    টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন আঁখি মণ্ডল নামে এক গৃহবধূ। এরমধ্যে একজন মারা গেছে। সোমবার (৭ এপ্রিল) উপজেলার কুমুদিনী হাসপাতালের গাইনি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. মেহেরুন নেছা মায়া বিষয়টি নিশ্চিত করেছেন।

    হাসপাতাল ও স্বজনরা জানায়, প্রসব ব্যথা নিয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন বাসাইলের কাঞ্চনপুর ইউনিয়নের যতুকী গ্রামের রতি সরকারের স্ত্রী আঁখি মণ্ডল।

    রোববার সন্ধ্যায় হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক মেহেরুন নেছা মায়া অস্ত্রোপচারের মাধ্যমে তার চার সন্তান প্রসব করান। এর মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে বাচ্চা ছিল। এক ছেলে বাচ্চা গর্ভে মারা যায়।

    এ বিষয়ে ডা. মেহেরুন নেছা মায়া বলেন, প্রসব ব্যথা নিয়ে আমাদের কাছে আসলে দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি জীবিত বাচ্চা ও একটি মৃত বাচ্চা ডেলিভারি করা হয়েছে।

    নবজাতকদের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এনআইসিউতে রাখা হয়েছে।

  • ১০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এনডিবি

    ১০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এনডিবি

    আগামী এক বছরে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে ব্রিকস-প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)।

    মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান এনডিবির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ।

    এনডিবির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ বলেন, বর্ধিত ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেসিলিয়েন্ট প্রকল্প বাস্তবায়নের জন্য তাদের ব্যাংক ৩২০ মিলিয়ন ডলার অনুমোদন করেছে।

    কিন্তু চলতি বছর বাংলাদেশের উন্নয়নে প্রয়োজনীয় তহবিলের তিন-গুণেরও বেশি প্রয়োজন।বাংলাদেশের গ্যাস খাতের অবকাঠামো উন্নয়নে সহায়তা করতেও এনডিবি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান কাজবেকভ।

    এনডিবির ভাইস প্রেসিডেন্ট বলেন, এনডিবি বাংলাদেশের বেসরকারি খাতকে শক্তিশালী করার জন্য ঋণ দিতে আগ্রহী। কাজেবেকভ জানান, এনডিবি মাল্টি-মুদ্রা ঋণ চালু করেছে, যা বাংলাদেশের সুবিধা হবে।

    সাক্ষাতে প্রধান উপদেষ্টা দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অঞ্চলে হাজার হাজার শ্রমিকের আবাসন সুবিধার মতো সামাজিক অবকাঠামোতে এনডিবি সহায়তার ওপর জোর দেন।

  • মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীনকে  জেলহাজতে প্রেরণ

    মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীনকে  জেলহাজতে প্রেরণ

    মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন উচ্চ আদালত থেকে জামিন পরবর্তী মানিকগঞ্জ সিনিয়র দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

    মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বিচারক লিয়াকত আলী মোল্লার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক গোলাম মহীউদ্দীনকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক দুটি মামলা ও জেলা বিএনপি অফিস ভাঙচুরসহ চার মামলার আসামি তিনি। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

    সম্প্রতি আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ার-ম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন পৃথক চার মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জন্য আগাম জামিনে ছিলেন। মঙ্গলবার দুটি মামলার আগাম জামিন মেয়াদ শেষ হলে আদালতে আত্মসমর্পণ করতে আসেন তিনি।

    তার আইনজীবী অসীম কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে শুনানি করেন আসামিপক্ষের ৭-৮ জন আইনজীবী। দীর্ঘ সময় শুনানি শেষে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ন্যায়বিচার প্রার্থনা করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

    মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে চারটি নাশকতার মামলা রয়েছে। ওই সকল মামলায় তিনি মহামান্য উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। দুটি মামলার জামিনের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি আত্মসমর্পণ করতে আসলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

    রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আ ফ ম নুরতাজুল আলম বাহার জানান, আসামির বিরুদ্ধে যে চারটি মামলা রয়েছে সবগুলোতে গুরুতর অভিযোগ থাকায় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

     

  • কিশোরগঞ্জে ভাড়া বাড়ী থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার !

    কিশোরগঞ্জে ভাড়া বাড়ী থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার !

    কিশোরগঞ্জ শহরের বাসা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে শহরের নিউটাউন এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমিনুল ইসলাম (৩০) নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের বাসিন্দা আবদুল হামিদের ছেলে। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

    আমিনুল ইসলামের শ্যালক ইয়াসিন মিয়া জানান, সোমবার দুপুরে সর্বশেষ মা ও স্ত্রীর সাথে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা কিশোরগঞ্জের পুলিশকে ঘটনাটি জানায়। তিনি ঈদের ছুটিতে স্ত্রী ও তার চার বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন। সাতদিন পর স্ত্রী ও মেয়েকে বাড়িতে রেখে আবারও কর্মস্থলে ফেরেন।

    কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত আব্দুল্লাহ আল মামুন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

    তারা জানান, পরিবারের সদস‌্যদের মাধ‌্যমে জানতে পেরেছি তার ব‌্যবহৃত মোবাইল বন্ধ। তখন আমরা তার ভাড়া বাসায় যাই। সেখানে ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আমিনুলের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

  • ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৭

    ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৭

    ফরিদপুর-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৭ জন নিহত ও কমপক্ষে ৩১ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (০৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুরের সদর উপজেলার বাখুণ্ডার শরীফ জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাই ডেক্স নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।

    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবউজ্জান এসব তথ্য নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহ-যোগিতায় উদ্ধার কাজ চালানো হয়। এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে করণীয়

    গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে করণীয়

    গরমের উৎপাতে দিশেহারা অবস্থা। নানা রকম অসুখ-বিসুখে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে যাদের প্রচন্ড গরমে খোলা মাঠে চলাফেরা বা কায়িক পরিশ্রম করতে হয়, তাদের জন্য অন্যতম ভয়াবহ বিপদের নাম হিট স্ট্রোক।

    লক্ষণ : তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দেহে নানারকম প্রতিক্রিয়া দেখা দেয়। প্রাথমিকভাবে শরীরের মাংসপেশী ব্যথা করে, দুর্বল লাগে এবং প্রচন্ড পিপাসা হয়। এর পরের ধাপে দ্রুত শ্বাস-প্রশ্বাস, মাথাব্যথা, ঝিমঝিম করা, বমিভাব, অসংলগ্ন আচরণ ইত্যাদি দেখা দেয়। এ দু’ক্ষেত্রেই শরীরের তাপ নিয়ন্ত্রণ ঠিক থাকে এবং শরীর প্রচন্ড ঘামতে থাকে। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা নেয়া না হ’লে হিট স্ট্রোক হতে পারে।

    এর লক্ষণগুলো হ’ল : শরীরের তাপমাত্রা দ্রুত ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়। ঘাম বন্ধ হয়ে যায়। ত্বক লালাভ হয়ে যায়। নিঃশ্বাস দ্রুত হয়। নাড়ির স্পন্দন ক্ষীণ ও দ্রুত হয়। রক্তচাপ কমে যায়। খিঁচুনি, ঝিমঝিম, অস্বাভাবিক ব্যবহার, হ্যালুসিনেশন, অসংলগ্নতা ইত্যাদি। প্রস্রাবের পরিমাণ কমে। রোগী শকেও চলে যায়।

    প্রতিরোধ : গরমের দিনে কিছু সতর্কতা মেনে চললে হিট স্ট্রোকের বিপদ থেকে বেঁচে থাকা যায়। যেমন : হালকা, ঢিলেঢালা কাপড় পরতে হবে। কাপড় সাদা বা হালকা রংয়ের হতে হবে। সুতি কাপড় হলে ভালো। যথাসম্ভব ঘরের ভেতর বা ছায়াযুক্ত স্থানে থাকতে হবে। বাইরে যেতে হ’লে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করতে হবে। প্রচুর পানি ও অন্যান্য তরল পান করতে হবে। মনে রাখতে হবে, গরমে ঘামের সঙ্গে পানি ও লবণ দুই-ই বের হয়ে যায়। তাই পানির সঙ্গে সঙ্গে লবণযুক্ত পানীয় যেমন খাবার স্যালাইন, ফলের রস ইত্যাদিও পান করতে হবে। পানি অবশ্যই ফোটানো হতে হবে। এছাড়া নিম্নে বর্ণিত পানীয় সমূহ পান করলে হিট স্ট্রোকের ঝুকি হ্রাস পায়-

    কাঁচা আমের শরবত : গরমে কাঁচা আমের জুস খুবই উপকারী। এটা শরীর ঠান্ডা রাখে এবং হিট স্ট্রোকের ঝুঁকি কমায়।

    বাটারমিল্ক’ বা মাঠা : আয়ুর্বেদবিদ্যায় বলা হয় প্রতিদিন এক গ্লাস মাঠা খাওয়া শরীরের জন্য উপকারী। এটা প্রোবায়োটিক্সয়ের ভালো উৎস এবং গরমে পানি স্বল্পতা দূর করতে সাহায্য করে। তাই গরমের অস্বস্তি থেকে বাঁচতে প্রতিদিনের খাবার তালিকায় মাঠা যুক্ত করুন।

    তেঁতুলের শরবত : সুস্বাদু এই শরবত সবাই খুব পসন্দ করে। তাছাড়া গরমে এই শরবত খাওয়া সবচেয়ে বেশী উপযোগী। ভিটামিন এবং ইলেক্ট্রোলাইট সম্পন্ন তেঁতুল গরমে শরীর ঠান্ডা রাখার পাশাপাশি পেটের নানান ধরনের সমস্যা সমাধান করে।

    পেঁয়াজের রস : ‘হিট স্ট্রোক’ থেকে বাঁচার অন্যতম ভালো উপায় হল পেঁয়াজের রস। অনেকেই এর ঝাঁজালো স্বাদ পসন্দ করে না। তবে এর রস ঔষধি গুণাগুণ সম্পন্ন। পেঁয়াজের রস গরম থেকে বাঁচাতে সাহায্য করে।

    ধনিয়া ও পুদিনার শরবত : এই প্রাকৃতিক উপাদানে তৈরি শরবত গরমে শরীর ঠান্ডা রাখে। যা শরীরের দূষিত পদার্থ বের করে দেওয়ার জন্য উপযুক্ত পানীয়। খালি পেটে পান করলে তা শরীরের জন্য বেশী ভালো।

    অ্যালোভেরার শরবত : রোদপোড়া থেকে বাঁচতে অ্যালোভেরার শরবত অনন্য। এটা হজমে সাহায্য করে, বুক জ্বালাপোড়া কমায় এবং পেটের নানারকম সমস্যা দূর করে। গরমে প্রতিদিন এক গ্লাস অ্যালোভেরার শরবত পান করলে ‘স্ট্রোক’য়ের ঝুঁকি কমে আসে।

    ডাবের পানি : এর গুণাগুণ সম্পর্কে প্রায় সবারই জানা। দুপুরের গরম থেকে মুক্তি পেতে ডাবের পানি পান করুন, সতেজ অনুভব করবেন। এটা তাৎক্ষণিকভাবে তৃষ্ণা মেটায় ও দীর্ঘক্ষণ আর্দ্রতা বজায় রাখে।

  • আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা রাজি না: ইরান

    আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা রাজি না: ইরান

    ইরান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা করার অথবা হামলার মুখে পড়ার দাবি প্রত্যাখ্যান করেছে, তবে ইরান প্রতিবেশী দেশগুলিকে হুঁশিয়ারি দিয়েছে যে, যদি তারা যুক্তরাষ্ট্রের হামলায় সহায়তা করে, তাহলে তারা হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

    ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা করার অথবা বোমা হামলা চালানোর ব্যাপারে মার্কিন দাবির বিরোধিতা করেছে। সেই সাথে মার্কিন ঘাঁটি স্থাপনকারী প্রতিবেশীদের সতর্ক করে বলেছে, কেউ এতে জড়িত থাকলে তারাও যুদ্ধের সীমানায় পড়তে পারে। রয়টার্সকে এমনটাই জানিয়েছেন ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

    তিনি বলেছেন, ইরান সরাসরি আলোচনার চেয়ে ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায়, যা দুই দেশের মধ্যে বার্তা পাঠা-নোর জন্য একটি পুরনো চ্যানেল। এই কর্মকর্তা আরও বলেন, ‘পরোক্ষ আলোচনার মাধ্যমে আমরা দেখতে পারব যুক্তরাষ্ট্র রাজনৈতিক সমাধান নিয়ে কতটা সিরিয়াস।’

    তিনি বলেন, যদিও সেই পথটি ‘কঠিন’ হতে পারে, তবে মার্কিন বার্তা যদি এটিকে সমর্থন করে তবে এই ধরনের আলোচনা শীঘ্রই শুরু হতে পারে।

    ইরান ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে সতর্ক করেছে যে, যদি তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় সহযোগিতা করে, যেমন তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়, তবে সেটি শত্রুতার কাজ হিসেবে গণ্য হবে।

    ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটি তাদের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে,’ এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই ইরানের সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতার মধ্যে রেখেছেন।

    বুধবার, ইরানি রাষ্ট্রীয় মিডিয়া জানায় যে, কুয়েত ইরানকে আশ্বস্ত করেছে যে, তারা তার মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নিতে দেবে না।

    ইরান তার মিত্র দেশ রাশিয়ার কাছ থেকে আরও সমর্থন লাভের চেষ্টা করছে, তবে রাশিয়ার প্রতি ইরানের আস্থা তেমন দৃঢ় নয়, দ্বিতীয় এক ইরানি কর্মকর্তা জানান। সূত্র- রয়টার্স

  • আবারও আইটেম গানে তামান্না ভাটিয়া

    আবারও আইটেম গানে তামান্না ভাটিয়া

    দক্ষিণী সিনেমার নায়িকা তামান্না খুব ভালো একজন নৃত্যশিল্পী। অনেক সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে প্রশংসাও কুড়িয়েছেন। গত বছর আজ কি রাত গানে নেচে হইচই ফেলে দেন। ফের আইটেম গানে দেখা যাবে এই মিল্কি বিউটিকে।

    ইন্ডিয়া টুডে জানিয়েছে, অজয় দেবগনকে নিয়ে পরিচালক রাজ কুমার গুপ্তা নির্মাণ করছেন রেইড টু। এ সিনেমার আইটেম গানে দেখা যাবে তামান্নাকে। এরই মধ্যে মুম্বাইয়ে গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। হাই ভোল্টেজের আইটেম গানটি সিনেমার গল্পের গুরুত্বপূর্ণ সময়ে রাখা হবে।

    প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, তামান্না ভাটিয়া আনুষ্ঠানিকভাবে রেইড টু সিনেমার হাই এনার্জি আইটেম গানের শুটিং শুরু করেছেন।

    শুটিং সেটে গানটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কাভালা এবং আজ কি রাত-এর মতো আকাশচুম্বী সফল আইটেম গানের পর নতুন গানে পারফর্ম করায় তার প্রতি দর্শকদের প্রত্যাশাও ব্যাপক।

    ঝলমলে আলো, বোল্ড কালার প্যালেট, স্ট্রোব ইফেক্টসহ অসাধারণ সেট ডিজাইন করেছে শুটিং টিম; যা তামান্না ভাটিয়ার দৃশ্যমান আবেদন আরো বৃদ্ধি করবে।

  • সাটুরিয়ায় আট দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

    সাটুরিয়ায় আট দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

    মানিকগঞ্জ সাটুরিয়ায় ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’ আট দফা আট দাবি, বাস্তবায়নের লক্ষে ক্লাস -পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচী পালন করেছে।

    আজ সোমবার সকালে সাটুরিয়া কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন করে। অবস্থান কর্মসূচীতে শিক্ষার্থীরা তাদের আট দফা দাবি তুলে ধরেন। এই সময় তারা দাবি আদায়ের লক্ষে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয়। পরে মিছিল নিয়ে তারা বিভিন্ন সড়ক প্রদর্শন করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

    কর্মসূচীতে সাটুরিয়া এটিআই ক্যাম্পাসের এম,এ, আল-নোমান, সানবির ইসলাম সাদ সহ শতাধিক সাধারন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

    সাটুরিয়া কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ এম এম এ সালাম জানান, শিক্ষার্থীদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভহিত করা হয়েছে। আশা করি, কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। এই সময় তিনি, শিক্ষার্থীদের কে ক্লাস -পরীক্ষা বর্জন থেকে বিরত থাকার পরামর্শ দেন।