Blog

  • ভেদরগঞ্জে খাল স্থানান্তর করায় ২০ ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতির অভিযোগ

    ভেদরগঞ্জে খাল স্থানান্তর করায় ২০ ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতির অভিযোগ

    শরীয়তপুর প্রতিনিধি ॥ ভেদরগঞ্জ উপজেলার ৪৫ নং পুটিজুড়ি মৌজায় সাজনপুর বাজার। বাজারের পূর্ব পাশ দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে একটি খাল।

    সেই খালের বড় অংশ দখল করে সাজনপুর বাজারের ব্যবসায়ীরা বহুতল ভবন ও পাকা করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সময়ের বিবর্তনে খালের প্রবাহ ঠিক রাখতে খনন কাজ শুরু হয়।

    নির্ধারিত জায়গা থেকে পূর্বে সরে খাল খনন করায় ক্ষতির সম্মুখিন হয়েছে ব্যক্তি মালিকানা জমিসহ প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান। এমন অভিযোগ এনে আদালতে দেওয়ানী ৪৬৪/২০২২ নং মামলা করেছে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত পরিবার।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগণ ও মামলার বাদী ইসমাইল হাওলাদার, ইউনুছ, রাজ্জাক, শাহ আলম, নিজাম, হোসেন, সিরাজ, রিপন, হাসেন হাওলাদার অভিযোগ করে বলেন, যেহেতু খালটি প্রভাবশালী মহলের দখলে রয়েছে তাই খালের নির্ধারিত জায়গা থেকে পূর্বে সরে খনন কাজ শুরু করা হয়।

    সেই কারণে খালের পূর্ব তীরে গড়ে ওঠা আমাদের ব্যক্তি মালিকানা ২০টি দোকান থেকে ইতোমধ্যে ৮টি দোকান ভাঙ্গা পড়েছে। অন্যান্য দোকানগুলিও রয়েছে হুমকির মুখে।

    আদালত ২০২২ সালের ১৪ আগস্ট বিবাদীদের বিরুদ্ধে কারন দর্শানোর আদেশসহ অস্থায়ী নিশেধাজ্ঞার দরখাস্ত নিস্পত্তি পূর্ব পর্যন্ত নালিশী ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করে। অদ্যবদি বিবাদীরা কোন কারন না দর্শিয়ে কয়েকদিন যাবৎ পুনরায় খাল খনন শুরু করেছে।

    অভিযোগকারীরা আরো বলেন, এদিকে বহুতল ভবন করেছে সাবেক চেয়ারম্যান হাজী নুরুল হক, আলী বক্স তপাদার, ছাত্তার শেখ। অপর দিকে মান্নান টেলিকম, আল আমিন বস্ত্রালয় এবং ধুমকেতু ক্রীড়া চক্র ও সমাজ সংঘও নির্মিত হয়েছে খাল দখল করে। প্রায় ৩ বছর পূর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ অন্যান্য কর্মকর্তারা পরিমাপ করে খালের জমি নির্ধারণ করে।

    সেই চিহ্ন অনুযায়ী মান্নান টেলিকম খালের ভিতরে। যারা ২০ ফুট জমির মালিক তারা খাল দখল করে ১০০ ফুটের মালিক হয়েছে। এখন খাল খননের জন্য আমাদের পৈত্রিক সম্পত্তিতে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলা হচ্ছে।

    তারা আরো বলেন, আমাদের উপর জুলুম করা হচ্ছে। বিবাদীরা আদালতের আদেশ অমান্য করেছে। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের উচ্ছেদ করা বেআইন। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। আমরা উচ্চ আদালতে যাবো।

  • সাটুরিয়ায় বালাইনাশকের ঝুঁকি প্রশমনের মিনি পাইলট প্রকল্পের উদ্বোধন

    সাটুরিয়ায় বালাইনাশকের ঝুঁকি প্রশমনের মিনি পাইলট প্রকল্পের উদ্বোধন

    সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া ইউএনও কমপ্লেক্স মিলনায়তনে জাতিসঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফ এও) বালাইনাশকের খালি বোতল, প্যাকেজিং এর অনিয়ন্ত্রিত ও অনিরাপদ নিষ্পত্তির কারণে ক্রমবর্ধমান পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনি পাইলট প্রোগ্রাম চালু করেছে।

    মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে খালি বোতল ও প্যাকেজিং এর নিরাপদ নিষ্পত্তির মিনি পাইলট প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব(উন্নয়ন) মোঃ খায়রুল কবির।

    প্রধান অতিথি উপস্থিত কৃষক ও বালাইনাশক ব্যবসায়ীদের কৃষি বর্জ্যের ক্ষতির কারণ তুলে ধরেন এবং এই বর্জ্য স্বেচ্ছায় সংগ্রহ ও সংগ্রহস্থলে সংরক্ষণের জন্য উৎসাহ দেন। সভাপতি মোঃ ইকবাল হোসেন প্লাষ্টিকের বোতল কীটনাশকের প্যাকেজিং ইত্যাদি পরিবেশের জন্য হুমকি। এসব বর্জ্য সংগ্রহ করে রিসাইক্লিং এবং ধ্বংসের এই প্রকল্পের উদ্যোক্তাদের সাধুবাদ জানায়। এবং এর জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এফ এও এর বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডঃ রবীআহ নূর আহমেদ, পরিবেশ অধিদপ্তরের জাতীয় প্রজেক্ট ডিরেক্টর মোঃ ফরিদ আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বালাইনাশক ডিলার ও কৃষকরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শেষ‌ পর্বে কৃষিতে ব্যবহৃত রাসায়নিক বালাইনাশকের ঝুঁকি প্রশমন বিষয়ক ব্যবহার বিধি সম্পর্কে প্রাক্টিক্যাল ধারনা দেওয়া হয়।

  • উপদেষ্টা নাহিদ ইসলামের  পদত্যাগ

    উপদেষ্টা নাহিদ ইসলামের  পদত্যাগ

    অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দুপুর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি বৈঠক হচ্ছে। বৈঠক শেষে যমুনার সামনে এ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানানো হবে।

    কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল যে, নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন।

    আজ তার পদত্যাগের মধ্যে দিয়ে সে পথ অনেকটা সুগম হলো। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে।

  • ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

    ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

    আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের নেতৃত্বে নতুন জাতীয় রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ’ বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

    জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানান, জুলাই গণঅভ্যুত্থানের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরে গঠিত জাতীয় নাগরিক কমিটির সংগঠকেরা এই দল তৈরি করছেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সদস্য আকরাম হোসেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ও মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

    শুরুর দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের কথা থাকলেও মানিক মিয়া অ্যাভিনিউতে দলটি আত্মপ্রকাশ করতে পারে। দলটির আয়োজনে নানা কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। তবে দলের নাম এখনো চূড়ান্ত হয়নি।

     

  • তালিকায় প্রায় ১৭ লাখ মৃত ভোটার- সিইসি

    তালিকায় প্রায় ১৭ লাখ মৃত ভোটার- সিইসি

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুন্দর ভোটের জন্য ভোটার লিস্ট স্বচ্ছ করা দরকার। অথচ ভোটার তালিকায় প্রায় ১৭ লাখ মৃত ভোটার।

    ওরাই কবর থেকে এসে ভোট দিয়েছে। সোমবার রাজধানীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি-আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    নাসির উদ্দিন বলেছেন, ভাবা যায় কবরবাসী ও ভোট দিতো। এই মৃত ভোটারের ব্যাপারটা আমাদের ধারণার বাইরে ছিল।  অন্যদিকে ৩৬ লাখ ভোটার হতে পারে, কিন্তু তাদের করা হয়নি। এগুলো বাদ পড়ে যেত।

    তিনি বলেন, সাংবাদিকদের সংগঠনগুলোতে সঠিক ভোট হয়। যদি সাংবাদিক সংগঠনগুলোর মতো নির্বাচন করতে পারতাম, ভালো হতো। সাংবাদিকদের সংগঠনের ভোটে কোনো ঝামেলা নাই, কোনো কারচুপি নাই, অভিযোগও নাই। আমরা অবাধ তথ্য প্রবাহ চাই।

    এ সময় সিইসি আগামী নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি বলেন, আমরা জোরেশোরে প্রস্তুতি শুরু করেছি। এক্ষেত্রে সরকার থেকে ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। জুনে তো করা যাবে না। করলে হয়তো এপ্রিলে করতে হবে। তবে আমরা মিনিমাম সময় ধরেই প্রস্তুতি নিচ্ছি।

    অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ইটিআই মহাপরিচালক এস এম আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

     

  • বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন

    বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন

    বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু এতথ্য নিশ্চিত করেছেন।

    নুরুল আজিম হিরু বলেন, আজ ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজাসহ পরবর্তী কার্যক্রম দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

    উল্লেখ্য যে, ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে। মেননপন্থি ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে তিনি যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ববাংলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন নোমান।

    গোপনে ভাসানীপন্থি ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন। ১৯৭০ সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮১ সালে বিএনপিতে যোগ দেন নোমান।

    ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল্লাহ আল নোমান। ওই নির্বাচনে জয়ী হওয়ার পর মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই নেতা।

  • সাটুরিয়ায় ব্র্যাকের গণনাটক প্রদর্শনী

    সাটুরিয়ায় ব্র্যাকের গণনাটক প্রদর্শনী

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের ভাঙ্গাবাড়ী গ্রামের মোঃ আমির আলীর বাড়ীতে ২৪ ফ্রেরুয়ারী (সোমবার) রাতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলপ) এর আয়োজনে গণনাটক প্রদর্শনী করা হয়েছে। উক্ত নাটকে অংশগ্রহন করেন দিশারী গণ নাটক দল দিনবদলের ডাক নামে একটি গণনাটক প্রদর্শন করেন।

    এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাটুরিয়ার সভাপতি এম নজরুল ইসলাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলপ) মানিকগঞ্জ জেলা ব্যবস্থাপক তারা সাংমা,সাটুরিয়া ব্র্যাক শাখার হিসাব কর্মকর্তা আব্দুল হাই, উজ্জ্বল কুমার বিশ্বাস ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলপ) সাটুরিয়া শাখার অফিসার শারমিন আক্তার পলি।

    উক্ত গণনাটকে বাল্য বিয়ের প্রতিরোধে হট লাইন নম্বর ১০৯ এর ব্যবহার সম্পর্কে জনগণকে সচেতন করেন এবং ব্র্যাক লিগ্যাল এইড সম্পর্কে মানুষকে সচেতন করা হয়।

    এছাড়া বাল্য বিয়ের শাস্তি সম্পর্কে মানুষকে অবগত করা হয়। ছেলে ও মেয়ের বিয়ের সর্বনিম্ন বয়স সম্পর্কে মানুষকে জানানো হয়। এতে বলা হয়েছে ছেলের বয়স ২১ ও মেয়ের ১৮ বছর সরকারী ভাবে নির্ধারণ করা হয়েছে।

  • হামলার শিকার দিতির কন্যা লামিয়া চৌধুরী

    হামলার শিকার দিতির কন্যা লামিয়া চৌধুরী

    চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া চৌধুরী হামলার শিকার হয়েছেন। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনকি তার পা ভেঙে দিয়েছে বলে অভি-যোগ করেছেন লামিয়া। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি। এসময় ৪০ জন দুর্বৃত্ত তাকে আক্রমণ করে বলে জানা গেছে। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন লামিয়া চৌধুরী।

    হামলার পর ফেসবুক লাইভে এসে সাহায্য চাইতে দেখা যায় এই তারকা কন্যাকে। লামিয়া জানান, জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয় আমার ওপরে। ওরা আমার পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে ঢাকায় ফিরছি। ঘটনার পরপরই কয়েকটি ফেসবুক স্ট্যাটাস দিতে দেখা যায় লামিয়াকে। যেখানে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, আমার পা ভেঙে ফেলছে ওরা। হসপিটালে যাব, যেতে দেয় না। আমার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলছে। আমি হাঁটতে পারছি না।

    অপর একটি স্ট্যাটাসে লামিয়া লেখেন, আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই? তবে কারা কিংবা কিভাবে এই হামলা করেছে তা বিস্তারিত জানা যায়নি।

    এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী জানান, ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগে তারা পালিয়ে যায়। বাড়িঘর ও গাড়ি ভাঙচুরকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এখনও থানায় কোন অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।

  • ‘ সন্ধ্যার পরেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পাবেন’

    ‘ সন্ধ্যার পরেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পাবেন’

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আজ সন্ধ্যার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পাওয়া যাবে। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বলবো, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক। তবে, এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে। আগে কী হতো, যেমন বনশ্রীর ঘটনাটি জানতে জানতে দুদিন সময় লেগে যেতো, এখন সঙ্গে সঙ্গে ঘটনা জেনে যায়।

    তিনি বলেন, ছোটখাটো ঘটনা সবসময় আগেও ঘটেছে, দু-একদিন আগেও ঘটেছে। তবে, ভবিষ্যতে যেন আর না ঘটে এজন্য কী কী ব্যবস্থা নেওয়া যায় এ ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা চাই না, এ ধরনের একটি ঘটনাও ঘটুক।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কী নির্দেশনা দিয়েছেন- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আজকে রাতেই আপনারা দেখবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকটিভিটিস (তৎপরতা) অনেক বেড়ে গেছে।

  • গোপালগঞ্জে স্বামী দ্বিতীয় বিয়ে করায় গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

    গোপালগঞ্জে স্বামী দ্বিতীয় বিয়ে করায় গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় দ্বিতীয় বিয়ে করায় রুবেল সরদার (৩৫) নামের এক ব্যবসায়ীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল সরদার ওই গ্রামের মনজেল সরদারের ছেলে ও ঘাঘর বাজারের থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, রুবেল সরদার ১২ বছর আগে বিরামেরকান্দি গ্রামের আমির আলী ফরাজীর মেয়ে রেশমা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন। বিয়ের পরে রুবেল সরদার পরকীয়া করায় সংসারে অশান্তি লেগেই থাকতো। তিন মাস আগে হিন্দু ধর্মের একজন নারীকে বিয়ে করেন রুবেল সরদার। এতে ক্ষিপ্ত হন রেশমা বেগম। সোমবার দিনগত গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ব্লেড দিয়ে রুবেলের গোপনাঙ্গ কেটে দেন তিনি।

    এসময় রুবেল সরদারের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি শাখায় পাঠানো হয়।

    এব্যপারে রুবেল সরদারের মা সাফিয়া বেগম বলেন, ‘আমার ছেলে রাতে বাড়িতে আসার পরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে তার চিৎকার শুনে আমিসহ বাড়ির লোকজন ছুটে এলে রুবেলের স্ত্রী দৌড়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় রুবেলকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।’

    এ বিষয়ে জানতে রুবেলের স্ত্রীর রেশমা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও করে তাকে পাওয়া যায়নি। তবে তার বোন ফতেমা বেগম বলেন, ‘আমার বোনের দুটি সন্তান থাকা সত্ত্বেও তিন মাস আগে রুবেল হিন্দুধর্মের এক নারীকে বিয়ে করে অন্য স্থানে চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে রেশমা এ ঘটনা ঘটাতে পারে।

    কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।