Blog

  • চলবে…ই ??

    চলবে…ই ??

    ভাবনায় লাভ কি?
    অসার কাঠগড়ায়
    বিচারিক বধিরতায়
    …মানবিক রুদ্ধতা !!

    বায়ুবিক তুচ্ছতায়
    চিন্তার সমীরণ-
    বিত্তের কামনায়
    …অক্সফোর্ড- ব্যাকরণ।।

    আধুনিক ভাবধারায়
    সীমাহীন ধূর্ততা
    সমীহার যাতাকলে
    …চিন্তার গভীরতা।।

    চপলতার চারধার
    নষ্টের আতুর‘ ঘর
    বুদ্ধির বিচারে
    …বিবেকের অবসর।।

    তবু আছি বেশ
    নাই লজ্জার লেশ

    ফিকি ফিকি ছলা-কলা,
    অযৌক্তিক তাল টেনে
    …জ্ঞানী জ্ঞানী কথা বলা।।

    https://forum.daffodilvarsity.edu.bd/index.php/topic,61455.0.html

  • দীর্ঘদিনের বিষণ্নতায় মানসিক রোগ হয়

    দীর্ঘদিনের বিষণ্নতায় মানসিক রোগ হয়

    দীর্ঘদিনের বিষণ্নতায় মানসিক রোগ হয়। গবেষণা বলছে, জীবনে হতাশা, নিঃসঙ্গতা থেকে দেশে বাড়ছে মানসিক রোগীর সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে আত্মহত্যার প্রবণতাও। মন খারাপ, ভালো লাগে না, মুড অফ কিংবা শরীর খারাপ–এমন সমস্যা যেন এখন নিত্যসঙ্গী।

    কখনো মনে হয় হাত-পা জ্বালাপোড়া করছে, আবার কখনো মনে হয় বুকে ব্যথা করছে। মনে হয় এবার মরেই যাব। মানুষের এমন মনে হওয়াকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বিষণ্নতা বলা হয়। দীর্ঘমেয়াদি এ বিষণ্নতাই ডেকে আনে মানসিক সমস্যা।

    ব্যস্তময় জীবন আর প্রতিযোগিতার চাপে নিঃসঙ্গতা যখন আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরে তখনই মানসিক রোগের শিকার হন মানুষ। এ মানসিক রোগই এক সময় হয়ে ওঠে নানা শারীরিক সমস্যার কারণ।বিশেষজ্ঞরা বলছেন, মানসিক রোগের সুনির্দিষ্ট কোনো লক্ষণ নেই। তবে দুশ্চিন্তা, অনিদ্রা, বিষণ্নতা, শুচিবায়ুর মতো বিষয় সাধারণ মানসিক অসুস্থতার লক্ষণ।

    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক (সাইকিয়াট্রি) ডা. তাইয়েব ইবনে জাহাঙ্গীর বলেন, মানসিক রোগ বা বিষণ্নতা রোগে যারা ভোগেন তাদের মধ্যে হঠাৎ করে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন দীর্ঘ সময় মন খারাপ থাকা, ঘুম কমে যাওয়া, কর্মস্পৃহা কমে যাওয়া, খাবারে অরুচি, ভালো কিছু শুনলেও ভালো না লাগা ইত্যাদি।

    এসব সমস্যার চিকিৎসা না করা হলে তা আরও বাড়তে শুরু করে। যা আত্মহত্যা করার ঝুঁকি তৈরি করে। তাই সাইকিয়াট্রি বা সাইকোল-জিস্টের পরামর্শ অনুযায়ী ওষুধ খেলে ও প্রয়োজনীয় কাউন্সিলিং নিলে পুরোপুরি ভালো হওয়া সম্ভব।

     

  • রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক-রেলপথ উপদেষ্টা

    রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক-রেলপথ উপদেষ্টা

    বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এতে সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়ছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ট্রেন চলাচল বন্ধের পর সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।

    উপদেষ্টা বলেন, স্টাফদের দাবির বিষয়ে আমাদের আলোচনার দরজা সব সময় খোলা রয়েছে। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবারও আলোচনা করব এবং অর্থ বিভাগেও তাদের এ দাবি দাওয়া নিয়ে আলোচনা করব।

    তিনি বলেন, যাত্রীদের ভোগান্তি যাতে কম হয় সেজন্য ইতোমধ্যে গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দিয়েছি। এরপরও কোনো যাত্রী যদি স্টেশনে আসেন তাদের সুবিধা বিবেচনা করে আমরা বিআরটিসি বাসের ব্যবস্থা করে দিয়েছি।

    এ সময় আরও উপস্থিত ছিলেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ প্রমুখ।

  • শৌলপাড়ায় চাঁদা না পেয়ে প্রতিবন্ধীর জমি দখলে নেওয়ার অভিযোগ

    শৌলপাড়ায় চাঁদা না পেয়ে প্রতিবন্ধীর জমি দখলে নেওয়ার অভিযোগ

    শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর সদর উপাজেলার শৌলপাড়ায় চাঁদার টাকা না পেয়ে প্রতিবন্ধীর জমি দখল করে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশী ইদ্রিস বেপারী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এমন অভিযোগ করেছে প্রতিবন্ধী প্রতিবেশি বিএম জসিম ও তার পরিবার। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বররসহ শালিশগণ তিন মাসের মধ্যে প্রতিবন্ধীর জমি দখলমুক্ত করেদিতে সিদ্ধান্ত দেয়। সেই থেকে ১ বছর পার হলেও তা মানতে নারাজ চাঁদাবাজ ইদ্রিস বেপারী। ইদ্রিস বেপারীর বৈধ কোন আয়-রোজগার না থাকলেও এলাকায় চাঁদাবাজী করে দিব্যি প্রভাব বিস্তার করে আসছেন। তার সাথে প্রভাবশালী নেতাদের সখ্যতাও রয়েছে বলে তিনি দাবী করেছেন।

    চাঁদার টাকা দিতে না পারায় দীর্ঘদিনেও দখলকৃত জমি মুক্ত করতে পারছে না প্রতিবন্ধী বিএম জসিম। স্থানীয় শালিশী ও চেয়ারম্যানের নির্দেশ উপেক্ষা করা এবং চাঁদা ব্যতিত জমি দখল মুক্ত করতে না পারায় জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করছেন ক্ষতিগ্রস্থ পরিবারটি।

    ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া মৌজার ৪২৫ নং দাগে প্রতিবন্ধী বিএম জসিমের ১৮ শতাংশ জমি রয়েছে। সেই জমির একটা অংশ প্রতিবেশী প্রভাবশালী ইদ্রিস বেপারী দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে। অনেক মাপামাপি ও শালিশী হয়েছে। উদ্রিস তার দাবীকৃত টাকা না পেলে জমি দখলমুক্ত করবে না।

    তারা আরো জানায়, জসিম প্রায় ৩ বছর পূর্বে ইউপি মেম্বার দুলাল মোল্যা, শালিশকারী আজগর মুন্সী, মিন্টু খানসহ স্থানী গণ্যমান্যদের কাছে যায়। তারা জমি দখলমুক্ত করতে সিদ্ধান্ত দেয়। তার পরেও ইদ্রিস বেপারী কাঙ্খিত চাঁদা না পেলে জমি ফিরিয়ে দিবে না বলে জানিয়েছে। পরে প্রতিবন্ধী বিএম জসিম স্থানীয় ইউপি চেয়ারম্যান ভাষানীর স্মরনাপন্ন হয়। চেয়ারম্যান ১ বছর পূর্বে ইদ্রিসকে প্রতিবন্ধী জসিমের জমি ৩ মাসের মধ্যে দখলমুক্ত করতে বলেন। বছর পার হয়ে গেলেও অদ্যবধি সে প্রতিবন্ধীর জমি দখলমুক্ত করেনি।

    এই বিষয়ে টাকা দাবী করা ইদ্রিস বেপারী জানায়, জেলার বড় বড় নেতা, চেয়াম্যান ও ঢাকার আইনজীবীদের সাথে তার সখ্যতা রয়েছে। সে কাঙ্খিত টাকা না পেলে জমি দখলমুক্ত করবেন না।

    শালীশ মীমাংসাকারী আতাউর রহমান তালুকদার বলেন, বিএম জসিম ও ইদ্রিসের শ্বশুর পরিবারের মধ্যে একটা আর্থিক লেনদেন ছিল। সেই বিষয়ে আদালতে মামলা হয়। দাবীকৃত সমুদয় টাকা পেয়ে বাদী সেই মামলা তুলে নেয়। বর্তমানে জসিমের সাথে ইদ্রিসের কোন বিরোধ থাকার কথা না। কেন ইদ্রিস জমির দখল ছাড়ে না তা জানি না।

    ক্ষতিগ্রস্থ ও প্রতিবন্ধী বিএম জসিম বলেন, আমি প্রতিবন্ধী হওয়ায় সরকারী ভাতা খাই। ইদ্রিস চাঁদার জন্য আমার জমি দখল করে রেখেছে। চাঁদা না দিলে জমির দখল ছাড়বে না বলে জানিয়েছে। আমি কোন উপায় না দেখে চেয়ারম্যান-মেম্বার ও স্থানীয় শালিশদের কাছে যাই। ইদ্রিস তাদের মানতে নারাজ। এখন ভাবছি আইন আদালত ও প্রশাসনের কাছে যাবো। ইদ্রিসের বৈধ কোন রোজগারের পথ না থাকায় চাঁদাবজী করে চলে। এলাকায় সবাই জানে। এবার আমি তার খপ্পরে পড়েছি।

    এই বিষয়ে স্থানীয় মেম্বার দুলাল মোল্যা জানায়, আমরা শালিশী করে বিষয়টি মীমাংসা করি। সীমানা পিলারও স্থাপন করে দেই। প্রায় তিন বছর অতিবাহিত হতে চলছে এখনও ইদ্রিস বেপারী জসিমের জমির দখল ছাড়ছে না।

    শৌলপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাষানী জানায়, বছর খানেক পূর্বে প্রতিবন্ধী জসিম আমার পরিষদে এসে ইদ্রিসের বিরুদ্ধে বিচার দেয়। পরে উভয় পক্ষদের ডেকে সামনাসামনি করি। তাদের কথা শুনি। জসিমের জমি থেকে ৩ মাসের মধ্যে ইদ্রিসের রান্নাঘর ও টয়লেট সরিয়ে নিতে নির্দেশ দেই। বছর পাড় হয়ে গেলেও ইদ্রিস তা সরিয়ে নেয়নি। কেন সরিয়ে নেয় না ইদ্রিসকে ডেকে তা জানতে চাইব।

  • কুলাউড়ায় সীমান্তে ঢুকে বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা !

    কুলাউড়ায় সীমান্তে ঢুকে বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা !

    মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্তে ঢুকে এক বাংলাদেশি যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় কয়েকজন নাগরিক। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি নাগরিকের নাম আহাদ আলী (৩৪) । তিনি কুলাউড়ার কর্মধা ইউনিয়নের এওলাছড়া বস্তি এলাকার ইউনুছ আলীর ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে কথা-কাটাকাটি হয় বাংলাদেশি নাগরিক আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ১০৮৩ এর ৩৪ এস এর ৫ গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়।

    পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিলে সেখানেই তার মৃত্যু হয়।

    সীমান্তবর্তী এলাকা শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ জানান, ভারতীয় নাগরিক হায়দার আলীর সাথে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জায়গা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের বিরোধে রয়েছে কিনা তা জানা নাই।

  • আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি !

    আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি !

    গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরীমণি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টায় আত্ম-সমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি।

    তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন।

    এর আগে গতকাল আসামি পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

    মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরীমনি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুড়ে মারেন। এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন।

    বাদী মামলায় আরও উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা তাকে (নাসির উদ্দিনকে) মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন।

  • হকার হত্যা মামলায় ছয় দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী এনামুর

    হকার হত্যা মামলায় ছয় দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী এনামুর

    রাজধানীর মিরপুরে হকার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই রিমান্ডের আদেশ দেন।

    এদিন দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।

    আসামিপক্ষে আইনজীবী প্রাণনাথ রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রবিবার (২৬ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    মামলার সূত্রে জানা যায়, ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন হকার সাগর। তখন এলোপাতাড়ি গুলিতে মারা যান তিনি।

    এ ঘটনায় ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করা হয়েছে।

  • ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

    ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একাডেমিক পরিবেশ বিঘ্ন এবং কোনভাবেই যেন সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য তারা এ আহ্বান জানিয়েছে তারা। সোমবার (২৭ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে সংগঠনটি।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রবিবার (২৬ জানুয়ারি) ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মধ্যরাত পর্যন্ত চলা এ ঘটনায় এখন পর্যন্ত উভয় প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীর পাশাপাশি কয়েকজন পথচারীও আহত হয়েছেন। যা সত্যিই দুঃখজনক।

    বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সম্প্রতি ছোটখাট ঘটনাকে কেন্দ্র করে আন্তঃপ্রাতিষ্ঠানিক সংঘাত বাড়তে দেখা যাচ্ছে। প্রায়ই আকস্মিক সৃষ্টি হওয়া এসব সংঘাতের ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থী ও সাধারন মানুষ। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থাপনার ঘাটতির বিষয়টিও আমরা লক্ষ্য করেছি।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুহাম্মদ রাকিবসহ শিক্ষার্থীদের উপর পুলিশ নির্মম হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের উপর পুলিশের নির্বিচার হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

    এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একাডেমিক পরিবেশ বিঘ্ন না ঘটার পাশাপাশি কোনোভাবেই যেন সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।

    একই সঙ্গে উভয় প্রতিষ্ঠানের প্রশাসনের প্রতি আলাপ-আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানে যাওয়ারও আহ্বান জানানো হচ্ছে।

  • স্থানীয় শিল্পসমূহের দক্ষতা বৃদ্ধি করতে হবে-বাণিজ্য উপদেষ্টা

    স্থানীয় শিল্পসমূহের দক্ষতা বৃদ্ধি করতে হবে-বাণিজ্য উপদেষ্টা

    চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় শিল্পসমূহের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। একইসঙ্গে তিনি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ভ্যাটের আওতায় নিয়ে আসা এবং আনফর্ম ট্যাক্স রেট বা অভিন্ন করহার চালুর ওপর গুরুত্ব আরোপ করেন।

    সোমবার (২৭ জানুয়ারি) নগরীর এনইসি সম্মেলন কক্ষে ‘রিফর্মস ইন কাস্টমস ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সেমিনারে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তর-ণের প্রেক্ষাপটে দেশে ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের দক্ষতা বাড়ানো অত্যাবশ্যক। একই সঙ্গে অর্থ উপদেষ্টা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য প্রস্তুত হবার লক্ষ্যে স্থানীয় উদ্যোক্তাদের প্রতিযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন।

    অর্থ উপদেষ্টা তার বক্তৃতায় আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পাশপাশি বেসরকারি খাতকেও সক্রিয়ভাবে কাজ করতে হবে। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সম্প্রতি অনুমোদিত স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

    সেমিনারে বক্তব্য প্রদানকালে ইআরডি সচিব জনাব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী বলেন, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির সময়মাফিক ও কার্যকর বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এর জন্য অন্যান্য সংস্থাভিত্তিক এই ধরনের আরও মাল্টি স্টেকহোল্ডার ডায়ালগের আয়োজন করা হবে বলে তিনি সেমিনারে উল্লেখ করেন।

    জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মো. আব্দুর রহমান খান সেমিনারে তার বক্তৃতায় ট্যাক্স এক্সপেনডিচার বা কর প্রদান সংক্রান্ত আনুষঙ্গিক খরচ কমিয়ে আনার ওপর গুরুত্ব আরোপ করেন।

    কর্মশালায় প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এ কে এম বদিউল আলম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজিব এইচ চৌধুরী এবং বাংলাদেশ ফ্রেইট ফরওয়ারডার্স অ্যাসোসিয়েশানের প্রেসিডেন্ট জনাব কবির আহমেদ।

    সেমিনারে আরও উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ার-ম্যান মো. আনোয়ার হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হোসেন আহমদ ও জনাব মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী।

     

     

  • কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনে যাবে না- হাসনাত আব্দুল্লাহ

    কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনে যাবে না- হাসনাত আব্দুল্লাহ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাসিনা ও আওয়ামী লীগ সরকার গণঅভ্যুত্থানের সময় আমাদের কিনতে পারেনি। এখন যারা ভাবছেন সংসদের কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনে ক্ষমতা দখল করবেন, তারা ভুল ভাবছেন। ক্ষমতার দিকে যারা যেতে চাচ্ছেন, তাদের বলি, আপনারা ক্ষমতার দিকে না গিয়ে জনতার দিকে আসুন। আমরাও আপনাদের পাশে থাকবো।

    সোমবার (২৭ জানুয়ারি) চুয়াডাঙ্গা সরকারি কলেজ সড়কের পৌর মুক্তমঞ্চ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘রাইজিং চুয়াডাঙ্গা’ শীর্ষক ছাত্র-জনতার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেনের সভাপতিত্বে এবং জেলা কমিটির সদস্যসচিব সাফফাতুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ সভায় ফ্যাসিবাদ, গণতন্ত্র, আন্দোলন এবং সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুম, কেন্দ্রীয় সমন্বয়ক মোল্লা এহসান এবং জাতীয় নাগরিক কমিটির ঢাকা মিরপুরের সদস্যসচিব গোলাম রাব্বানী।