Blog

  • কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে টাইফুন যুদ্ধবিমান মোতায়েন

    কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে টাইফুন যুদ্ধবিমান মোতায়েন

    ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে কাতারের দোহা শহরের কাছে আল উদেইদ বিমানঘাঁটিতে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

    শুক্রবার যুক্তরাজ্য সরকার জানায়, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কাতার সরকারের আমন্ত্রণে এই যুদ্ধবিমান পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, টাইফুনগুলো যৌথ আরএএফ–কাতারি ইউনিট ‘নম্বর ১২ স্কোয়াড্রন’-এর অংশ হিসেবে কাজ করবে। এর মূল লক্ষ্য উপসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষামূলক সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা।

    যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, এই যৌথ অংশীদারত্ব দুই দেশের জাতীয় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    তিনি জানান, টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের মাধ্যমে কাতারের প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা দেওয়া হচ্ছে, যা উভয় দেশের অভিন্ন নিরাপত্তা লক্ষ্যকে আরও শক্তিশালী করবে।

    এদিকে যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, যা এফ-৩৫ যুদ্ধবিমানসহ একটি স্ট্রাইক গ্রুপ বহন করছে, আগামী সপ্তাহের শুরুতে উপসাগরীয় অঞ্চলে পৌঁছানোর কথা রয়েছে। বুধবার রণতরীটি মালাক্কা প্রণালি অতিক্রম করেছে। এর সঙ্গে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও সাবমেরিন। পাশাপাশি প্যাট্রিয়ট ও থাড (THAAD) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ অতিরিক্ত সামরিক সরঞ্জামও মোতায়েন করা হচ্ছে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে বলেন, ‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি’ হিসেবেই ইরানের দিকে এই নৌবহর পাঠানো হয়েছে। একই সঙ্গে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী জর্জ এইচ ডব্লিউ বুশও মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।

    প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রের বরাতে দ্য ন্যাশনাল জানিয়েছে, এই সামরিক সমাবেশ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সূত্রটি আরও জানায়, কাতারে ব্রিটিশ টাইফুন যুদ্ধবিমান মোতায়েন শুধু আশ্বাসমূলক নয়, বরং ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা মোকাবিলায় একটি অতিরিক্ত প্রতিরক্ষামূলক স্তর তৈরি করাও এর উদ্দেশ্য। বিশেষ করে ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন প্রতিহত করতে টাইফুন যুদ্ধবিমান কার্যকর ভূমিকা রাখতে পারে।

    উল্লেখ্য, আল উদেইদ বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর হওয়ায় এটি ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত। অতীতেও এ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে।

  • মুনাফেকি ও ধোঁকাবাজদের থেকে সর্তক থাকতে হবে-তারেক রহমান

    মুনাফেকি ও ধোঁকাবাজদের থেকে সর্তক থাকতে হবে-তারেক রহমান

    ধর্মীয় বিভাজন, মুনাফেকি ও ধোঁকাবাজির রাজনীতির বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী শক্তির হাতেই জনগণ নিরাপদ থাকবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে নরসিংদীতে অনুষ্ঠিত এক জনসমাবেশে এসব কথা বলেন তিনি।

    নির্বাচনী জনসভায় সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া কয়েক দফা ভূমিকম্পের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “এদের এই মিথ্যাচার, এই মুনাফেকি ও শিরকির কারণে আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন—এসব বন্ধ করার জন্য। আমরা যদি এ কথা বলি, তারা কোথায় যাবে? তাই আসুন, এই শিরকি, মুনাফেক ও ধোঁকাবাজদের হাত থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হবে।”

    তিনি বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। ইঙ্গিতপূর্ণ বক্তব্যে তিনি উল্লেখ করেন, কেউ বিদেশে অবস্থান করতে পারেন বা প্রয়োজনে অন্য দেশে চলে যেতে পারেন; কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবসময় বলেছেন, এই দেশের মাটিই তাঁর একমাত্র ঠিকানা।

    তারেক রহমান আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা, নারী, শ্রমিক ও পেশাজীবীরা একসঙ্গে দেশের স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছে। ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতার সঙ্গে মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার ফিরিয়ে আনতে তারা জীবন বাজি রেখেছে বলেও তিনি মন্তব্য করেন।

    তিনি বলেন, ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলতে হবে। মন্দের বিরুদ্ধে প্রতিবাদ করাই গণতন্ত্রের মূল শক্তি। গত ১৫ বছরে তথাকথিত নির্বাচনের নামে জনসভা ও ভোটাধিকার বাধাগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে গুম, খুন, মামলা ও অর্থ পাচারের অভিযোগ তুলে তিনি বলেন, এর নেতিবাচক প্রভাব পড়েছে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে, পাশাপাশি বেড়েছে বেকারত্ব।

    বিএনপির চেয়ারম্যান বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ এই লক্ষ্য বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ধানের শীষ বিজয়ী হলে দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তারেক রহমান।

    বক্তব্যের একপর্যায়ে তিনি নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

    নরসিংদীতে তার আগমন উপলক্ষে বিকেল থেকেই বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাবেশে উপস্থিতির সংখ্যা বাড়ে।

    এই সময় নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের প্রার্থী খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের প্রার্থী মনজুর এলাহীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন আসনের মনোনীত প্রার্থীরা।

  • সরকারকে ভয়শূন্য পরিবেশ সৃষ্টি করতে হবে-মির্জা ফখরুল

    সরকারকে ভয়শূন্য পরিবেশ সৃষ্টি করতে হবে-মির্জা ফখরুল

    কেরাণীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে এ ধরনের গুপ্ত হামলা চালানো হচ্ছে।

    ”শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন কেরাণী গঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে বৃহস্পতিবার রাতে হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। হাসান মোল্লা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

    বিএনপি মহাসচিব বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” ক্রমবর্ধমান অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর ওপর জোর দেন তিনি।

    এই সময় তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে ভয়শূন্য পরিবেশ সৃষ্টি আহ্ববান জানান।

  • মানিকগঞ্জ -৩ আসনে কে হচ্ছেন আগামী দিনের কান্ডারী !

    মানিকগঞ্জ -৩ আসনে কে হচ্ছেন আগামী দিনের কান্ডারী !

    আগামী ১২ই ফেব্রুয়ারী ২০২৬ সাল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ ১৭ বছর ভোট না দিতে পারা বাংলার আপামর জনতা মুখিয়ে আছে আসন্ন নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে। বহুল কাঙ্খিত এই নির্বাচনে, সৎ ও যোগ্য প্রার্থীদের নিয়ে একটি জন-বান্ধব সরকার গঠিত হবে এই প্রত্যাশা দেশের সকল মানুষের। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে সারাদেশ জোড়ে জাতীয় সংসদ নির্বাচনে, (আসন ভিত্তিক) প্রচারনা শুরু হয়েছে। বিভিন্ন দলের প্রার্থীরা বিজয়ের প্রত্যাশা নিয়ে তাদের নিজ লক্ষ্য ও উদ্দেশ্য ব্যক্ত করে-মানুষের দ্বারে দ্বারে ভোট প্রাথর্ণা করছেন।

    একথা বলার অপেক্ষা রাখে না যে, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের ‘নির্বাচনী-রাজনীতির’ অমূল পরিবর্তন হয়েছে। তাই, এবারের নির্বাচনের ফলাফল প্রার্থীদের অতীতের কাজ এবং ভবিষ্যৎ কর্ম-প্রতিজ্ঞার উপর বিরাট প্রভাব ফেলবে এমন আশাবাদ বিশেজ্ঞদের। রাজনৈতিক পর্যবেক্ষণে- ঢাকার নিকটবর্তী মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর-সাটুরিয়া) আসনে কে হতে যাচ্ছেন আগামী দিনের (সংসদ সদস্য) কান্ডারী তার চুলচেরা বিশ্লেষন চলছে জন-মহলে।

    মানিকগঞ্জ-৩  (ঢাকার নিকটবর্তী) আসনটি নানান দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এই আসনটিকে অদূর ভবিষ্যতে একটি ‘সম্ভাবনাময় শিল্প এলাকা’ হিসাবে বিবেচনা করা হয়। তাছাড়া কৃষিজ (শাক-সবজি ও তরী তরকারী) দ্রব্য উৎপাদনে এই আসনটির জাতীয় পর্যায়ে গুরত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। পরিসংখ্যানে দেখাগেছে, ঢাকা শহরে আমদানীকৃত ৪০ শতাংশ কৃষিজ দ্রব্য (শাক-সবজি ও তরী-তরকারী) মানিকগঞ্জ-৩, এর মানুষ যোগান দিয়ে থাকে। সম্ভাবনাময় শিল্প এলাকাটিতে ইতিমধ্যেই বৃহত্তর শিল্প পরিবার- বসুন্ধরা গ্রুপ, আকিজ গ্রুপ, তারাসীমা (বি২বি গ্রুপ) ও মুন্নু গ্রুপ তাদের ভবিষ্যৎ বৃহৎ-পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে দিয়েছে। তাই, সার্বিক বিবেচনায় বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে মানিকগঞ্জ-৩ আসনের গুরুত্ব অপরীসিম।

    মানিকগঞ্জ-৩ আসনটি- মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার  সংখ্যা- ৩,৫৮,৪৬১ জন (পুরুষ- ১৭৮৫৪৭ এবং নারী- ১,৭৯,৯১৪ জন)। এর মধ্যে মানিকগঞ্জ সদরে মোট ভোটার সংখ্যা ২০,৬১২৪ জন এবং সাটুরিয়া উপজেলায়-১৫২৩৩৭ জন। স্বাধীনতা পরবর্তী দশবারের নির্বাচনে এই আসনটিতে পাচঁবার জাতীয়তাবাদী পার্টি বিএনপি, একবার জাতীয় পার্টি, এবং বিতর্কীত নির্বাচন করে চারবার আওয়ামীলীগের প্রার্থীরা (পর্যাক্রমে) ক্ষমতা ভোগ করেছেন। কিন্তু যুগ-উন্নয়নের ধারাবাহিকতায় এই আসনটিতে তেমন শ্রীবৃদ্ধি হয়নি। যতটুকু উন্নয়ন হয়েছে-তার অধিকাংশই শহরকেন্দ্রীক।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে- বিএনপির মনোনিত আফরোজা খানম রিতা (ধানের শীষ প্রতিক), বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা (ফুটবল ), জাতীয় পার্টির আবুল বাশার বাদশা (লাঙ্গল), বাংলাদেশ জাসদের মোঃ শাহজাহান আলী সাজু (মোটরগাড়ী), রফিকুল ইসলাম খান-স্বতন্ত্র (মোটর সাইকেল) মোয়াজ্জেম হোসেন খান মজলিশ (বাইসাইকেল) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল (সূর্যমূখী ফুল), ১০ দলিয় ঐক্যজোটের প্রার্থী (বাংলাদেশ খেলাফত মজলিস) মোঃ সাঈদ নূর (রিকসা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শামসুদ্দিন সাহেব (হাতপাখা) প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

    আফরোজা খান রিতাঃ আফরোজা খান রিতা বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা (সাবেক মন্ত্রী) হারুন-আর রশিদ মুন্নু মিয়ার মেয়ে। উত্তরাধীকার সূত্রেই তিনি রাজনীতি ও অথনৈতিক ভাবে শক্তিশালী প্রার্থী। বিগত আওয়ামী সরকারের আমলে তিনিই ছিলেন মানিকগঞ্জের নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের একমাত্র র্ত্রানকর্তা। দুঃসময়ে দলের প্রতি তার সহমর্মীতা ও সহযোগিতা নিঃসন্দেহে স্বরনীয়। সেই সুবাদে এই আসনটিতে তার ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে। তাছাড়া স্বধীনতাত্তোর কাল থেকেই এই আসনটি বিএনপির ঘাটি হিসাবে পরিচিত। জনমত জরিপে. এখানে বিএনপি দলীয় প্রার্থী আরোজা খান রিতা ও ১০ দলীয় জোট প্রার্থী মওলানা সাঈদ নুরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কথা থাকলেও মওলানা সাঈদ নুরের বহুলাংশের অ-পরিচিতির কারণে এখানে বিএনপি ভালো করবে বলে স্থানীয়দের অভিমত।

    আতাউর রহমান আতাঃ বিএনপির একজন ত্যাগী ও জনপ্রিয় নেতা। দুঃসময়ে রাজনৈতিক মাঠের পরীক্ষিত নেতাদের আইকন তিনি। তার আকাশচুম্বী জনপ্রিয়তায় কারণেই বিতর্কীত আওয়ামী শাসনামলেও তিনি  দুই-দুইবার উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন। তাছাড়া দুর্দিনে, তিনি জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্ববায়কের দায়িত্বও পালন করেছেন। মানিকগঞ্জ-৩ আসনের স্থায়ী বাসিন্দা হওয়ায় তার প্রতি সাধারন জনতার ব্যাপক সমর্থন রয়েছে। সম্প্রতি, বহিস্কৃত এই নেতার প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে নিজদলীয় প্রার্থীর সমর্থকদের অসৌজন্যমূলক আচারন জনমনে সহানুভূতি সৃষ্টি করেছে। যা ‘ভোটের হিসাব-নিকাশ পাল্টিয়ে দেওয়ার আশঙ্কাও রয়েছে।

    আল্লামা মওলানা সাঈদ নূরঃ ১০ দলের জোটের প্রার্থী হিসাবে খেলাফত মজলিসের মওলানা সাঈদ নূরকে ভিআইপি প্রার্থী হিসাবে গন্যকরা হয়। কিন্ত প্রথম পর্যায়ে এই আসনটিতে প্রচার-প্রসারে জামায়াতে ইসলামীর মওলানা দেলোয়ার হোসেন ব্যাপক ভাবে এগিয়ে ছিলেন। নির্বাচনী মাঠের অভিজ্ঞ এই প্রার্থী, ইতিপূর্বে কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে জনমনে ‘সত্যবাদি ধারন ও গঠনমূলক রাজনীতিক হিসাবে নিজেকে পরিচিতি করেছেন। জামায়াতে ইসলামীর ব্যাপক সমর্থন সত্ত্বেও হঠাৎ করে এই আসনটিতে প্রাথী পরির্তন করে খেলাফত মজলিসের মওলানা সাঈদ নুরের (তুলনামূলক ভাবে অপরিচিত) নাম ঘোষনায় জামায়তপন্থী ও সাধারন ভোটারা অনেকটা হতাশায় ভোগছেন।

    মোঃ সাজাহান মিয়া (সাজু) ঃ  জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী মোঃ শাজাহান মিয়া একজন সৎ ও মৃদুভাষি মানুষ।    তার মার্কা মোটরগাড়ী। আওয়ামী শাসনামলের কঠিণ দিনগুলোতে নির্বাচন করে তিনি সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। উপজেলার একমাত্র শিল্প এলাকায় (ধানকোড়ায়) বাড়ী হওয়াতে তিনি বৃহত্তর- শ্রমজীবি মানুষের সমর্থনের আশা রাখেন। তাছাড়া ঐক্যবদ্ধ সমাজতান্ত্রিক ফ্রন্ড ও খেটে খাওয়া মানুষদেরকে পাশে নিয়ে তিনি এগিয়ে চলছেন।

    ড. রফিকুল ইসলাম খানঃ নিরিবিলি ও ‘সব্যসাচী’ মানুষ। তিনি নির্বাচন করছেন মোটর সাইকেল প্রতিক নিয়ে। প্রবাসী হলেও তিনি এলাকার মানুষের জন্য আর্শীবাদ স্বরুপ। বিগত বিশ বছর থেকে তিনি একাধারে মানিকগঞ্জ সদর ও সাটুরয়ার দরিদ্র-অসহায় মানুষদের অকাতরে সাহায্য-সহযোগীতা করে যাচ্ছেন। গবীর- অসহায়দের বিনামূল্যে ঘর প্রদান, যাকাতের কাপড় বিতরণ, দুস্থ্যদের আর্থিক সহযোগিতা, এবং দরিদ্র-ধর্মপ্রাণ মুসলমানদের বিনামূল্যে হজ পালনের সহযোগিতা করেন। রাজনীতি বিদ পরিচয়ের পরির্বতে এলাকায় তিনি দানবীর ব্যক্তি হিসাবেই বেশী পরিচিত। সহজ সরল জীবন-যাপনে অবস্থ্য ড. রফিকুল ইসলাম ক্লিন ইমেজের মানুষ হলেও একশ্রেণীর মানুষ তাকে স্বৈরাচারের দোসর মনে করেন।

    মওলানা শামসুদ্দিন সাহেবঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মওলানা শামসুদ্দিন। তিনি লড়ছেন হাত পাখা প্রতিক নিয়ে। মানিকগঞ্জ-৩ আসনে তাদের অংসখ্য ভক্তবৃন্দ রয়েছে। তাদের সমর্থন- সহযোগিতা ও পীরভক্ত তরিকাপন্থীদের সমর্থন তার জন্য আর্শীবাদ হয়ে উঠতে পারে।

    উল্লেখ্য, বিগত  সময় গুলোতে বারবারই এই আসনটিতে শহরকেন্দ্রীক প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। জুলাই বিপ্লবের পরে জনসচেতনতায় নতুন মাত্রা যোগ হয়েছে। অনুপাতিক হারে ৪৩% জনসংখ্যার সাটুরিয়াবাসী তাদের দীর্ঘ দিনের বঞ্চনার বহিঃ প্রকাশ ঘটাতে পারেন নিজ উপজেলার প্রার্থীদের ভোট দিয়ে এমন আশঙ্কাও রয়েছে।

    প্রয়াতঃ নির্বাচনী সার্বিক ফলাফল ভোট প্রক্রিয়ার আগের দিন পর্যন্তও স্থির নয়। প্রচার চলাকালীন সময় নিদিষ্ট ফলাফল বলা মুশকিল। তাই চূড়ান্ত ফলাফলের জন্য মানিকগঞ্জ-৩ বাসীদের আরো কিছুদিন (আগামী ১২ ই ফ্রেরুয়ারী) পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  • গণভোট আগামী ৫০ বছরের জন্য জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে

    গণভোট আগামী ৫০ বছরের জন্য জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে

    আগামী নির্বাচনে প্রথম ব্যালটে দেওয়া ভোট পাঁচ বছরের প্রতিনিধি নির্ধারণ করবে, আর গোলাপি ব্যালটে দেওয়া ভোট ৫০ বছরের জন্য জাতির ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

    আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে (বিজয় মেলার মাঠে) গণভোটের প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

    এই সময় তিনি আরো বলেন,  আমরা এমন কোন বিরোধী দল চাই না, যাদের জেলে থাকতে হয় বা ১০১টি মামলা নিয়ে ঘরছাড়া থাকতে হয়। পরাজিত প্রার্থীরাও নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করবেন—এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই, যা বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে রয়েছে।

    তিনি বলেন, আগামীতে এক ব্যক্তি বা একদলীয় শাসনব্যবস্থা থেকে মুক্ত হয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য, কার্যকর বিরোধী দল এবং উচ্চকক্ষের মাধ্যমে দায়িত্বশীল সরকার গঠনের প্রত্যাশা করছি।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই উপদেষ্টা আরো বলেন, এলপিজি ব্যবসার ৯৮ শতাংশই বর্তমানে বেসরকারি খাতে পরিচালিত হচ্ছে, সরকারের হাতে রয়েছে মাত্র ২ শতাংশ।

    এলপিজি সমস্যা সমাধানে ‘এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের’ সঙ্গে আলোচনা করা হয়েছে। আমদানিকারকরা জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে পূর্বে ব্যবহৃত জাহাজে এলপিজি আনা সম্ভব না হওয়ায় জাহাজ সংকট তৈরি হয়েছে, যার ফলে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। এটি অচিরেই নিয়ন্ত্রনে আসবে বলে আশা করছি।

    গণভোট ও নির্বাচন প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করছি এবং এর যৌক্তিকতা তুলে ধরছি। আমরা কাউকে হ্যাঁ বা না ভোট দিতে বাধ্য করছি না। অন্তর্বর্তী সরকারের ভিত্তি তিনটি—বিচার, নির্বাচন ও সংস্কার। বর্তমান পরিবর্তন না এলে আগামী নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠিত হতো এবং সেটিও কেমন হতো তা জনগণ জানে।

    তিনি আরও বলেন, এবার নির্বাচন হবে সম্পূর্ণ উন্মুক্ত, অবাধ ও সুষ্ঠু। জনগণ নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। বর্তমান সরকার জনগণের অধিকার নিশ্চিতকরণকে সার্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

    এই সময় অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম, (বিপিএম)সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

     

     

  • জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে সমাধিতে বিএনপির শ্রদ্ধা

    জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে সমাধিতে বিএনপির শ্রদ্ধা

    জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    কর্মসূচিতে বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী অংশ নেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন।

    এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবিনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা কর্মসূচিতে অংশ নেন।

  • চাঁপাইনবাবগঞ্জে নারী মাদকমুক্ত সমাজ গঠনে সেমিনার !

    চাঁপাইনবাবগঞ্জে নারী মাদকমুক্ত সমাজ গঠনে সেমিনার !

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ নারী শিক্ষা এগিয়ে নিতে ডিএনসি’র উদ্যোগে নারী শিক্ষায় মাদকমুক্ত সমাজ গঠনে “নারী শিক্ষার অগ্রযাত্রায় মাদকমুক্ত সমাজের ভূমিকা” শীর্ষক সচেতনতামূলক সেমিনার হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার (১৯ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। তিনি মাদকদ্রব্যের ভয়াবহ সামাজিক প্রভাব ও নৈতিক অবক্ষয় রোধে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তারুণ্য নির্ভর, উন্নত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

    সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা: হাসান আলী। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণও উপস্থিত ছিলেন।

    সেমিনারের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, মাদকবিরোধী শপথবাক্য পাঠ এবং লাল কার্ড প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্লোগান সংবলিত উপহার সামগ্রী বিতরণ করা হয়।

  • ইসি ভবনের সামনে বিজিবি মোতায়েন

    ইসি ভবনের সামনে বিজিবি মোতায়েন

    আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা রক্ষায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে।

    রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

    বিজিবি জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেকে এখন নির্বাচন-সংক্রান্ত নানা বিষয় নিয়ে নির্বাচন কমিশন অফিসের সামনে গিয়ে বিভিন্ন দাবি জানাচ্ছেন।

    সেখানে যেন আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না ঘটে, সে কারণে বিজিবি মোতায়ন করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার -১

    চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার -১

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নিজ বসতবাড়িকে মাদক মজুদের নিরাপদ গোপনাগার বানিয়ে ভয়ংকর হেরোইনের কারবার চালানো এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৩.১ কেজি হেরোইন।

    র‌্যাব এক প্রেসনোটের মাধ্যমে জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে কৌশলে হেরোইন সংরক্ষণ ও সরবরাহ করে আসছিল। তার বাড়ির ভেতরে আলাদাভাবে লুকিয়ে রাখা তিনটি সাদা পলিথিন প্যাকেটে পাওয়া যায় বিপুল পরিমাণ মাদক। পরে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।

    গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযানের বিষয়ে র‌্যাব সূত্রে আরও জানা গেছে, ১৬ জানুয়ারি রাত আনুমানিক ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মালবাড়িয়া সোনাপট্টি গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানের সময় গ্রেপ্তার করা হয় ওই এলাকার বাসিন্দা এরবান আলী (৫৫)-কে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে-হেরোইন বিক্রির উদ্দেশ্যেই দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে মাদক মজুদ করে রাখত।

  • ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না- বুলবুল

    ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না- বুলবুল

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে ব্যবসা-বাণিজ্যের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে চাঁদাবাজি ও সন্ত্রাসকে চিহ্নিত করে কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের এমপি প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল।

    তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, “১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে আর কোনো চাঁদা-বাজি চলবে না।” শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত “চাঁপাইনবাব গঞ্জের ব্যবসায় ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণ: করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সভাটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের হলরুমে। নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে নির্বিঘ্নে ব্যবসা করতে পারছেন না, যার সরাসরি প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতে।

    তিনি বলেন, “কারা চাঁদাবাজি আর সন্ত্রাস করছে, তা জনগণ জানে। এর জবাব জন-গণ ব্যালটের মাধ্যমেই দেবে।” তিনি ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসের সমা-লোচনা করে বলেন, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে শুধু সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত বদল হয়েছে, বন্ধ হয়নি এই অপশক্তি।

    “৫ আগস্ট আওয়ামীলীগ পালিয়ে যাওয়ার পরও চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু হাতবদল হয়েছে,”, এমন মন্তব্য করেন তিনি। ঠিকাদারি কাজ ও উন্নয়ন প্রকল্পে ঘুষ ও ‘খাম কালচার’-এর কঠোর সমালোচনা করে বুলবুল বলেন, “আগামীর বাংলাদেশে খাম চালাচালি বন্ধ হবে। কোনো উন্নয়নমূলক কাজে ঠিকাদারকে এক টাকাও চাঁদা দিতে হবে না। কোনো ব্যবসায়ীকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না।”

    তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হলে দুর্নীতিমুক্ত, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। একই সঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

    ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মোঃ আলাউদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ তরিকুল আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।