Blog

  • সহিংস রাজনীতি প্রত্যাখ্যান, নিরাপত্তাকেই অগ্রাধিকার দিচ্ছেন ৪০ শতাংশ ভোটার

    সহিংস রাজনীতি প্রত্যাখ্যান, নিরাপত্তাকেই অগ্রাধিকার দিচ্ছেন ৪০ শতাংশ ভোটার

    বাংলাদেশের ভোটারদের কাছে নিরাপত্তাই এখন সবচেয়ে বড় রাজনৈতিক প্রত্যাশা। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সাম্প্রতিকতম (নভেম্বর ২০২৫) জরিপে দেখা গেছে, ৪০ শতাংশ মানুষ আইন-শৃঙ্খলা ও জানমালের নিরাপত্তাকে আগামী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখতে চান।

    এছাড়া ৪৯ শতাংশ নাগরিক মনে করেন রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। একই সঙ্গে ৯২ শতাংশ ভোটার জানিয়েছেন, সহিংসতায় জড়িত কোনো দল বা প্রার্থীকে তারা ভোট দেবেন না। এখনো ৩৩ শতাংশ ভোটার সিদ্ধান্তহীন, যাদের আস্থা অর্জন করাই রাজনৈতিক দলগুলোর সামনে বড় চ্যালেঞ্জ।

    ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও যমুনা টেলিভিশনের যৌথ আয়োজনে আয়োজিত এক নাগরিক সংলাপে এই জরিপের ফলাফল তুলে ধরা হয়। সংলাপের শুরুতেডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি আমিনুল এহসান বলেন, নিরাপত্তাহীনতা শুধু জনজীবন নয়, ভোটার অংশগ্রহণ ও গণতান্ত্রিক আস্থাকেও ক্ষতিগ্রস্ত করে।

    সংলাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে একপক্ষ বাড়তি সুবিধা পায়। অন্যরা বঞ্চিত হয়। এই কাঠামোগত বৈষম্য থেকেই সংঘাত ও সহিংসতার সূচনা হয়।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক সাইমী ওয়াদুদ বলেন, বিচারহীনতার সংস্কৃতি সহিংসতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। শুধু আইন প্রয়োগ নয়, রাজনৈতিক সংস্কার এবং দলগুলোর ভেতরের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এখন জরুরি।

    সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাজেদুল হক রুবেল বলেন, রাজনৈতিক অর্থনীতির পরিবর্তন ছাড়া সহিংসতার সংস্কৃতি বদলাবে না। রাজনীতিকে রাজনীতি বিদদের জন্য সহজ করতে হবে। কালো টাকার মালিক ও অসৎ আমলাদের রাজনীতিতে প্রবেশ বন্ধ না করতে পারলে সহিংসতা বন্ধ হবে না।

    এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন বলেন, রাজনীতিবিদদের উস্কানিমূলক বক্তব্য সরাসরি সহিংসতাকে উস্কে দেয়, অনলাইনে যেমন, অফলাইনেও তেমন। ভোটের প্রার্থীরা যদি একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার বন্ধ করে, তাহলে সহিংসতা অনেকটা কমে আসবে।

    তিনি আরও বলেন, দলগুলোর নেতা নির্বাচনের প্রক্রিয়া গণতান্ত্রিক করা, রাষ্ট্রের সাংবিধানিক পদে নিয়োগ ব্যবস্থাকে রাজনৈতিক দলের প্রভাবমুক্ত করা, নারীর ক্ষমতায়নে কার্যকর উদ্যোগ এবং গণমাধ্যমের নিরপেক্ষতা নিশ্চিত হলে রাজনীতি সংঘাতমুক্ত হবে ।

    জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য, সাইফুল আলম খান বলেন, রাজনৈতিক দলের আশ্রয়-প্রশ্রয়ে পুলিশ ও প্রশাসন বেপরোয়া হয়ে ওঠে, এটি বন্ধ করতে হবে। সহিংসতাকারীদের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান না থাকলে এবং দুর্নীতিকে লাল কার্ড না দেখালে সহিংসতা থামবে না। তিনি আরও বলেন, সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।

    বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, শান্তি ও স্থিতিশীলতা সব মানুষের চাওয়া। কিন্তু নির্বাচনী প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় স্বার্থান্বেষী মহল সহিংসতাকে উস্কে দিচ্ছে। হাদী হত্যার পর যা ঘটেছে, তা রাজনৈতিক নয়, এটি পরিকল্পিত মব সন্ত্রাস।

    তিনি জানান, সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। বিরোধী দলকে সংসদের আসন সংখ্যার ভিত্তিতে মূল্যায়ন করা হবে না।

    এফসিডিও’র আর্থিক সহায়তায় ‘বি-স্পেস’ প্রজেক্টের আওতায় ডেমোক্রেসি ইন্টার-ন্যাশনাল ও যমুনা টেলিভিশনের আয়োজনে, “সংঘাত- সহিংসতা মুক্ত হোক রাজনীতি” শীর্ষক এই নাগরিক সংলাপটি অনুষ্ঠিত হয়।

     

  • স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষনা রুমিন ফারহানার !

    স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষনা রুমিন ফারহানার !

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের অংশ নেবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

    দুই দফায় প্রার্থী ঘোষণা করলেও শুরুতে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুটি আসন (ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬) ফাঁকা রেখেছিল বিএনপি।

    এর মধ্যে আজ মঙ্গলবার আসন সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলামের জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন দিয়েছে দলটি- যেটি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি নির্বাচিত হয়েছিলেন।

    মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে রুমিন ফারহানা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দল থেকে মনোনয়ন না পেলেও তিনি ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

    রুমিন ফারহানা বলেন, মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করবো। দু’একদিনের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করবো। স্বতন্ত্র প্রতীক হিসেবে কোনটা পাবো বা দেওয়া হবে সেটা না হয় পরে দেখা যাবে। আমার আশা  অত্র এলাকার মানুষ এখনো আমার সঙ্গে আছে। তারা এর জবাব ভোটের মাধ্যমেই দেবে।

  • দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

    দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

    জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। শপথের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।

    এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।

    বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রিও নেন।

    ১৯৮৫ সালে তিনি জেলা আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং দুই বছর পরে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

    ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ২০২৮ সালের ১৭ মে অবসরে যাবেন।

  • তাসনিম জারার নির্বাচনী তহবিল ফান্ডে ২৪ ঘন্টায় ৪৭ লক্ষ টাকা জামা !

    তাসনিম জারার নির্বাচনী তহবিল ফান্ডে ২৪ ঘন্টায় ৪৭ লক্ষ টাকা জামা !

    ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনী তহবিল সংগ্রহে মাত্র ২৯ ঘণ্টায় প্রায় ৪৭ লাখ টাকা অনুদান সংগ্রহ করা হয়েছে।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডা. তাসনিম জারা।

    পোস্টে তিনি লেখেন, “আমাদের ফান্ড রেইজিংয়ের লক্ষ্যমাত্রা প্রায় ৪৭ লাখ টাকা আপনারা মাত্র ২৯ ঘণ্টায় পূরণ করে ফেলেছেন। এই অভূতপূর্ব সাড়া পুরোনো রাজনৈতিক ধারার মূলে কাঁপন ধরিয়ে দিয়েছে। আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। আমরা আর কোনো অনুদান গ্রহণ করছি না।”

    তিনি বলেন, এখন শুরু হচ্ছে মূল লড়াই। তার ভাষায়, অধিকাংশ প্রার্থী এই নির্বাচনে ১০ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয় করবেন। অনেকেই মনে করেন টাকা দিয়ে ভোট কেনা যায়, তবে তারা ভুলে গেছেন—এই লড়াইয়ে তার পাশে আছেন সাধারণ মানুষ, যারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে নিজেদের পকেটের টাকা খরচ করতেও প্রস্তুত।

    নির্বাচনী কৌশল প্রসঙ্গে ডা. তাসনিম জারা বলেন, ঢাকা-৯ আসনে প্রায় পাঁচ লাখ ভোটার রয়েছেন। একজন প্রার্থী হিসেবে প্রতিদিন ১২ ঘণ্টা সময় দিয়ে হেঁটে হেঁটে সর্বোচ্চ ১০০ থেকে ১১০টি পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব।

    পুরো নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ চার হাজার পরিবারের কাছে পৌঁছানো যাবে, ফলে কয়েক লাখ পরিবারের কাছে সরাসরি বার্তা পৌঁছানো সম্ভব নয়।

    তিনি জানান, টাকার রাজনীতি প্রত্যাখ্যান করার অংশ হিসেবে তারা কোনো পেইড কর্মী নিয়োগ দেবেন না। মানুষের কাছে বার্তা পৌঁছাতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি।

    এ সময় তিনি সমর্থকদের কাছে দুটি নির্দিষ্ট আহ্বান জানান- প্রথমত, সপ্তাহে ৪ থেকে ৮ ঘণ্টা সময় দিয়ে প্রশিক্ষণ নিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের দ্বারে দ্বারে যাওয়া। দ্বিতীয়ত, পোলিং এজেন্ট হিসেবে অথবা ভোটের দিন ভোটারদের সহায়তায় যুক্ত হওয়া।

    ডা. তাসনিম জারা বলেন, “আমরা একসঙ্গে প্রমাণ করব—জনগণের সম্মিলিত শক্তির সামনে কোটি কোটি কালো টাকা কতটা অসহায়।”

    ফান্ড ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি জানান, কোনো নগদ অনুদান গ্রহণ করা হয়নি। সব অর্থ একটি নির্দিষ্ট বিকাশ নম্বর ও একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে রয়েছে।

    অনুদানের প্রতিটি হিসাব নিয়মিত প্রকাশ করা হচ্ছে এবং সব নথিপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। পাশাপাশি অনুদানের অর্থ কোন কোন খাতে ব্যয় করা হবে, সেটিও স্পষ্টভাবে জনসমক্ষে তুলে ধরা হবে বলে জানান তিনি।

  • স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, ডিএমপি ‘পুনর্গঠনের সিদ্ধান্ত !

    স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, ডিএমপি ‘পুনর্গঠনের সিদ্ধান্ত !

    দেশে চলমান ভীতিকর পরিস্থিতিতে স্বরাষ্ট উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে বদলের সামাজিক যোগাযোগমাধ্যমের খবর সঠিক নয় বলে সরকারের বিশ্বস্ত সূত্রে  জানা গেছে।

    আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয় পুলিশের প্রধান ইউনিট ডিএমপিকে পুনর্গঠন করে সক্ষমতা তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

    দেশের চলমান পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন মহল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে অপসারণের দাবি জানানো হলে প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে রাজনৈতিক দল ও প্রভাবশালী উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করেন।

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ ও পরবর্তী প্রথম আলো-ডেইলি স্টার অফিসসহ অনেক সাংস্কৃতিক ও কূটনৈতিক  স্থাপনায় হামলা লুটপাট  করে সুযোগ সন্ধানীরা।

    অনুসন্ধানে জানা যায়, হাদি গুলিবিদ্ধের ঘটনাকে কেন্দ্র করে একটি সুযোগ সন্ধানী মহল অস্থিরতা তৈরি করে পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করার অংশ হিসেবে আগাম ঘোষণা দিয়ে হামলা ভাঙচুর শুরু করলেও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়।

    বিশেষ করে প্রকাশ্য দিনদুপুরে হাদি গুলিবিদ্ধের পরপরই অস্ত্রধারীদের ধাওয়া করতে পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায়নি। ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী শ্যুটারদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের ঘোষণা দিলেও ১২ ঘণ্টার মধ্যেই কিলাররা দেশের সীমানা পার হয়েছে মর্মে তথ্য প্রকাশিত হয়েছে।

    প্রায় ৪০ হাজার দক্ষ বাছাইকৃত সদস্যের পুলিশের এই বাহিনী পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এমনকি হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহভাজনরা শনাক্ত হলেও পুলিশ তাদের ধরতে দৃশ্যমান তৎপরতা দেখায়নি।

    এলিট ফোর্স র‌্যাব দেশব্যাপী অভিযান চালিয়ে মূল রহস্য উদঘাটন ও অপরাধী পূর্ণ বিবরণ আলামতসহ সহযোগী আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।

    এক বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করা কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাজধানীর উপরে পুলিশের সক্ষমতা তৈরি করতে না পারাই এই পরিস্থিতি কারণ। ঢাকায় দায়িত্ব পালন করা অপরাধ ও গোয়েন্দা বিভাগের বেশিরভাগ ডিসি বিগত স্বৈরাচার আমলের নিয়োগ দেওয়া পছন্দের বাছাই করা  কর্মকর্তা।

    ৫ আগস্ট তারা দেশের গুরুত্বপূর্ণ জেলায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল আওয়ামী পরিচয় প্রমাণ করেই। অতিরিক্ত দুই-এর বিরুদ্ধে এসবিতে থাকাকালীন মনিরুলের সহযোগী হিসাবে ছাত্র-আন্দোলন দমনে সোর্স মানির বরাদ্দ করা ২৫ কোটি টাকা আত্মসাথের অভিযোগ রয়েছে।

    অপরদিকে, হাদি হত্যাকাণ্ড ও পরবর্তী পরিস্থিতি নিয়ে শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিও আল্টিমেটাম চন্দ্রের চোখে দেখছে নীতিনির্ধারকরা।

    মূল দায়িত্ব পালন করেন মাঠ পুলিশ। কোন কিছু হতেই শুধু স্বরাষ্ট্র উপদেষ্টার  পদত্যাগ দাবি রহস্যজনক হিসেবেই দেখা হচ্ছে। হাদি হত্যাকাণ্ড ও পরবর্তী দুঃখজনক ঘটনার পরিস্থিতি পর্যালোচনায় গত রবিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা প্রধানদের নিয়ে  এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

    সোমবার দিন আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এর মধ্যেই গুজব চলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি দেয়া হয়েছে।

    প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানা যায়, আইনশৃঙ্খলার ক্রমবর্ধমান অবনতির প্রেক্ষিতে আমরা নিয়ে গেলে তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে এককভাবে দায়ী করা সমীচীন নয়।

    রাজধানীতে একের পর এক হত্যাকাণ্ড, একটি চিহ্নিত গোষ্ঠীর বেআইনি কর্মকাণ্ড লুটপাট ও জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা  পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সবচেয়ে বড় প্রধান ইউনিট ভিএমপিকে পুনর্গঠন করে সক্ষমতা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।  এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পুলিশের উচ্চপদেও রদবদলের সিদ্ধান্ত গুজব বলে নিশ্চিত হওয়া গেছে।

    সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের বর্তমান নেতৃত্বেই মাধ্যমেই নির্বাচনকালীন দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকারের অভিপ্রায়। রাজনৈতিক দলগুলো এতে কোন আপত্তি করেনি।

    উল্লেখ্য, এর আগে উপদেষ্টা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমন তথ্যে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেসব সংবাদে দাবি করা হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিবর্তে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

  • সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশ ফুটসাল দল ঘোষণা

    সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশ ফুটসাল দল ঘোষণা

    সাফ উইমেনস ফুটসাল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অভিজ্ঞ ও পরিচিত খেলোয়াড়দের সমন্বয়ে তৈরি এই দলে অধিনায়ক হিসেবে থাকছেন সাবিনা খাতুন।

    মঙ্গলবার বাফুফে ঘোষিত দলে সাবিনা খাতুনের পাশাপাশি জায়গা পেয়েছেন মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া ও কৃষ্ণা রানী সরকারের মতো নিয়মিত মুখগুলো।

    প্রাথমিক দলে থাকা তিন খেলোয়াড় উন্নতি খাতুন, নাসরিন আক্তার ও সেজুতি ইসলাম স্মৃতি শেষ পর্যন্ত জায়গা পাননি।

    চূড়ান্ত দলে ফিরেছেন ২০২২ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্য মার্জিয়া। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মিশরাত জাহান মৌসুমীকেও রাখা হয়েছে দলে।

    আগামী ১৩ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে শুরু হবে সাফ উইমেনস ফুটসাল চ্যাম্পিয়নশিপ। এটি প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।

    বাংলাদেশের চূড়ান্ত দল-
    সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওসিন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মিশরাত জাহান মৌসুমী, মার্জিয়া, সাথী বিশ্বাস, ইতি রানী ও স্বপ্না আক্তার জুলি।

  • `ফেরিওয়ালা’

    `ফেরিওয়ালা’

    কামনা বিলাসী আমি
    চলি, কল্পনার হাত ধরে,
    অনাগত আশা-আবেগী ভাষা
    ফ্রি‘তে, ফেরি করে।।

    পরন্ত অবকাশের স্বর্ণালীছায়
    দাঁড়িয়ে ভাঙ্গা কূলে
    নিলীমার প্রসারনে এখনো-
    মন উঠে দোলে।।

    ভাবণার হাত ধরে
    জীবনের ছবি আকিঁ,
    উর্মিলার কুহুঁ ডাকে
    বসন্ত উঠে জাগি।।

    নীলাম্বর আকাশ হতে
    নীল পরিরা এসে
    চুপি চুপি কথা কয়
    আবেগের ঢেউয়ে ভেঁসে।।

    প্রাপ্তির ধার ঘেঁষে
    চিন্তার গতি পথ-
    থেকে থেকে জেগে উঠে,
    প্রতিকূল অভিমত।।

    তবু আছি বেশ-ঘুরে দশ-দেশ,
    সময় শেষের বেলা,
    প্রমিলারা ‘হাক-ডাকে-
    দাঁড়াও, ‘দুঃখ ফেরিওয়ালা’।।

    https://forum.daffodilvarsity.edu.bd/index.php/topic,64949.0.html

  • শরীয়তপুরে ছাত্রদল ও এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত ১০

    শরীয়তপুরে ছাত্রদল ও এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত ১০

    শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে অন্তত দশজন আহত হন। সোমবার (২২ ডিসেম্বর) শহরের চৌরাঙ্গী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা ও খুলনায় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মোতালেব শিকদারের ওপর গুলির প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে শহরের চৌরাঙ্গী এলাকা দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন এনসিপির নেতাকর্মীরা।

    মিছিলের মধ্যে এক ছাত্রদল কর্মীর মোটরসাইকেল ঢোকা নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে অন্তত দশজন আহত হন। এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছেন দুই দলের নেতাকর্মীরা।

    জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার বলেন, ‌‘‘ছাত্রদলের এক কর্মীকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আটকে রাখে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এলে অতর্কিত হামলা চালায় এনসিপির নেতাকর্মীরা। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’’

    পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, ‘‘এনসিপির মিছিলে একটি মোটর-সাইকেল ঢুকে পড়া নিয়ে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

  • ১৬ জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শব-ই-মিরাজ

    ১৬ জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শব-ই-মিরাজ

    বাংলাদেশের আকাশে আজ র‌বিবার (২১ ডিসেম্বর) ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গে‌ছে। ফলে, সোমবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ১৬ জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শব-ই-মিরাজ উদযাপন করা হবে।

    র‌বিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

    ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

     

     

  • হাদির হত্যাকারীর সুনির্দিষ্ট তথ্য নেই-অতিরিক্ত আইজিপি

    হাদির হত্যাকারীর সুনির্দিষ্ট তথ্য নেই-অতিরিক্ত আইজিপি

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

    আজ রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। অতিরিক্ত আইজিপি বলেন, “ফয়সালের শেষ অবস্থান সম্পর্কে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটি খুঁজে পেতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে।

    হাদির হত্যাকাণ্ডকে রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কি না– এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি জানান, “এখন পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা সুনির্দিষ্টভাবে পাইনি। তবে আমরা সঠিক তথ্য পেতে চেষ্টা করছি।”

    ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিক ধারণা হচ্ছে, হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যে সংঘটিত হতে পারে। এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকার সম্ভাবনা কম। ঘটনার শুরু থেকে আমরা মাঠে ছিলাম। সব এজেন্সি সমন্বিতভাবে কাজ করেছি। ঘটনাটিকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিক যাচাই করছি।”