Blog

  • এ কে খন্দকারের জানাজার নামাজে প্রধান উপদেষ্টা

    এ কে খন্দকারের জানাজার নামাজে প্রধান উপদেষ্টা

    মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকারের (এ কে খন্দকার) নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (২১ ডিসেম্বর) ঢাকার বিমান বাহিনী ঘাঁটি বাশারে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

    জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ কে খন্দকারের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা জানাজায় অংশ নেন।

    জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব মরহুম এ কে খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান।

    এরপর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন একে একে কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিমান বাহিনীর একটি ফ্লাই পাস্টের মাধ্যমে মরহুমের প্রতি সম্মান জানানো হয়।

    উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী এ কে খন্দকার শনিবার সকালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। তিনি ছিলেন বীর-উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী।

  • ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক

    ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। একই সঙ্গে তিনি বাংলাদেশের সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন।

    শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যমসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর প্রতি অনুরোধ জানান।

    বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমি বাংলাদেশের জনগণের শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় সাম্প্রতিক সহিংসতার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’

    তিনি আরও বলেন, ‘আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং গণমাধ্যমসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষগুলোর প্রতি আমি আহ্বান জানাচ্ছি।’

  • কবি নজরুলের পাশে সমাহিত বিপ্লবী হাদি

    কবি নজরুলের পাশে সমাহিত বিপ্লবী হাদি

    দেশের লাখো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় সমাহিত হয়েছেন জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ‘ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।

    এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এদিকে ওসমান হাদির দাফনকে কেন্দ্র করে নজরুল ইসলাম সমাধি কমপ্লেক্সের আশপাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কড়া নিরাপত্তার চাদরে আবৃত করা হয়েছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কেন্দ্রীয় মসজিদের সামনে এবং কাজী নজরুল ইসলামের সমাধির মূল ফটকের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে কেন্দ্রীয় মসজিদের ফটকগুলোও বন্ধ করে রাখা হয়েছে।

    এর আগে শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

    জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা।

    এছাড়াও জানাজায় ছিলেন শরিফ ওসমান হাদির পরিবারের সদস্য এবং তার সংগঠন ইনকিলাব মঞ্চের সদস্যরা।

  • হাদি হত্যা: ঘাতকের প্রশংসা করে সাটুরিয়ার যুবলীগ কর্মীর স্ট্যাটাস, এলাকায় ক্ষোভ !

    হাদি হত্যা: ঘাতকের প্রশংসা করে সাটুরিয়ার যুবলীগ কর্মীর স্ট্যাটাস, এলাকায় ক্ষোভ !

    সারা দেশ যখন শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোকাহত এবং সরকার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে, ঠিক সেই মুহূর্তে হাদির হত্যাকারীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে তোলপাড় সৃষ্টি করেছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সুভাষ রাজবংশী নামে এক যুবক। তিনি নিষিদ্ধ সংগঠন যুবলীগের কর্মী হিসেবে পরিচিত। ​

    জানা গেছে, ওসমান বিন হাদিকে গুলি করার পরপরই সুভাষ রাজবংশী তার ব্যক্তিগত ফেসবুক পেইজে ঘাতকদের প্রশংসা করে বাপের বেটা লিখে একটি স্ট্যাটাস দেন। বিষয়টি প্রবাসে অবস্থানরত আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর পিনাকী ভট্টাচার্য তার পেজে শেয়ার করে দৃষ্টি আকর্ষণ করলেও এখন পর্যন্ত সাটুরিয়া উপজেলা প্রশাসন বা থানা পুলিশের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। ​

    স্থানীয় সূত্রে জানা গেছে, সুভাষ রাজবংশী বিগত আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি প্রকাশ্যে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থেকে উসকানিমূলক মন্তব্য করে যাচ্ছেন। ​

    এই বিষয়ে জাতীয় নাগরিক কমিটি, সাটুরিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম বলেন,সাটুরিয়ায় আওয়ামী লীগের অনেক কর্মীই এখন স্বাভাবিক জীবনযাপন করছেন। যারা অতীতে কোনো অপরাধের সাথে জড়িত ছিলেন না, তাদের নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু সুভাষ রাজবংশীর মতো ব্যক্তিরা,যারা প্রকাশ্যে ঘাতকদের বাহবা দেয়,তারা যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটাতে পারে। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধারা তাদের কাছে নিরাপদ নয়।

    ​স্থানীয়দের দাবি ​শরিফ ওসমান বিন হাদির মতো একজন ব্যক্তিত্বের প্রয়াণে যেখানে সারা দেশে শোকের ছায়া, সেখানে এই ধরনের উসকানিমূলক ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সাটুরিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।

  • হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষনা

    হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষনা

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশজুড়ে এবং বিদেশের সব বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে এই বীর যোদ্ধাকে স্মরণ করছে জাতি।

    গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেন।

    ভাষণের শুরুতে ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, “ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহিদ হিসেবে কবুল করুন। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি।

    ”রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

    উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর তাকে সরকারি উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

     

  • কবি নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে হাদিকে

    কবি নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে হাদিকে

    পরিবারের চাওয়া অনুযায়ী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।

    তার নামাজে জানাজা আগামীকাল শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর অনুষ্ঠিত হবে।

    ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

  • ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল শাহবাগ

    ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল শাহবাগ

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতার মিছিল আর স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ ও আশপাশ এলাকা।

    নামাজের পর থেকে অনেকে মিছিল নিয়ে আসছেন, আবার কেউ নিজ উদ্যোগেই শাহবাগে এসে জড়ো হন।

    বিক্ষোভকারীরা ‘তুমি কে, আমি কে; হাদি হাদি’, ‘এই মুহূ্র্তে দরকার, বিপ্লবী সরকার’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না,’ ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’এমন স্লোগান দেন।

    এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতেও শাহবাগে সড়ক অবরোধ করে রাতভর বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা।

  • হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ

    হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ

    চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে শেষ নিশ্বাস ত্যাগ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করেছে। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি বাংলাদেশ সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ঢাকায় নামে।

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে হাদির মরদেহ বের করা হবে।

    এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য।

    বিমানবন্দর থেকে শরিফ ওসমান হাদির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

     

  • হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন !

    হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন !

    সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন।

    রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন।

    তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

  • সংসদ নির্বাচন ‘পাতানো’ হলেও অংশ নিবে জাপা

    সংসদ নির্বাচন ‘পাতানো’ হলেও অংশ নিবে জাপা

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘পাতানো’ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)। তবে এই আশঙ্কার মধ্যেও জিএম কাদেরের নেতৃত্বাধীন দলটি ৩০০ আসনের সবগুলোতেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে।

    বুধবার (১৭ ডিসেম্বর) থেকে জাপা মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। এদিন সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব শামীম পাটোয়ারী।

    তিনি বলেন, আমরা আশঙ্কা করছি একটি পাতানো নির্বাচন হতে পারে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোটের পর ভোট কিংবা মিডিয়া ভোট—কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

    তবে এসব শঙ্কা সত্ত্বেও জাপা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

    শামীম পাটোয়ারী বলেন, আমরা একটি ভোটমুখী দল। আমাদের নেতাকর্মীরা ভোট করতে আগ্রহী।