Blog

  • মানিকগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আবুল বাশার মাষ্টার

    মানিকগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আবুল বাশার মাষ্টার

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে জনাব আবুল বাশার (বাদশা) মাষ্টারকে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ।

    শুক্রবার (২৬ ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা হিসাবে তার নাম ঘোষণা করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

    পাটোয়ারী, সংবাদ সম্মেলনে বলেন, ভোটের মাঠে সব দলের ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’  তার দল নির্বাচন থেকে সরে আসবে বলেও দাবি করেন।

    উল্লেখ্য, আবুল বাশার (মাষ্টার) জাতীয় পার্টির জেলা পর্যায়ের একজন অন্যতম নেতা এবং সাবেক সাটুরিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান।

  • এনসিপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন জারা

    এনসিপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন জারা

    ঢাকা-৯ আসনের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন।

    এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডা. তাসনিম জারা পদত্যাগ করেছেন।” ডা. জারাও নিজের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে পদত্যাগ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সিদ্ধান্তের তথ্য জানিয়েছে।

    পোস্টে তাসনিম জারা বলেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী- আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।

    নিজের ওয়াদা রক্ষার কথা উল্লেখ করে এনসিপির এই নেত্রী বলেন, আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়বো। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করবো।

    জনগণের ওপর ভরসার কথা জানিয়ে তিনি বলেন, একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে। সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোন দলের সাথে থাকছি না, তাই আমার সে সব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা, এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো।

    পোস্টের শেষে তিনি স্বাতন্ত্র সংসদ প্রার্থী হওয়া শর্ত উল্লেখ করে তিনি বলেন, ১. নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা-৯ আসনের ৪৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন। আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করবো। মাত্র এক দিনে এত মানুষের সাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ। আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটা করতে পারবো না। এই কাজে যারা আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসাবে সাহায্য করতে চান, তারা অনুগ্রহ করে এই গ্রুপে যুক্ত হন। আপনাদেরকে নির্দিষ্ট স্থান ও লোকেশন জানিয়ে দেওয়া হবে: https://www.facebook.com/share/g/1DCkLvMvRX/

    ২. কিছুদিন আগে নির্বাচনী ফান্ডরেইজিংয়ের সময় আপনারা অনেকে ডোনেট করেছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে (স্বতন্ত্র হিসেবে লড়াই করা) যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা।

    যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন তারা অর্থ ফেরত পেতে নিচে দেয়া এই ফর্মটি পূরণ করুন:  https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA আপনাদের ট্রাঞ্জাকশন আইডি ও ডিটেইলস ভেরিফাই করার পরে অর্থ ফেরত দেয়া হবে।

    আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছিলেন, তাদেরকে শীঘ্রই জানাবো কী প্রক্রিয়ায় আপনাদের অর্থ ফেরত দেয়া হবে।

  • মানিকগঞ্জে পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

    মানিকগঞ্জে পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

    মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে চলছে পেঁয়াজের চারা রোপনের কাজ। কৃষকদের নিরলস পরিশ্রমে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে জেলার কৃষিজমি।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে, এবার পেঁয়াজের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৭০ হাজার ৫৭৫ মেট্রিক টন। সূত্র আরো জানায়, গত অর্থবছরে জেলার ৭ উপজেলায় ৪ হাজার ১৪৯ হেক্টর জমিতে পেঁয়াজের চারা রোপন করা হয়েছিল। যাতে প্রায় ৬৫ হাজার ৭৪০ মেট্রিক টন চারা উৎপাদন হয়েছে।

    চলতি মৌসুমে ৪ হাজার ৪৫২ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হবে, যাতে প্রায় ৭০ হাজার ৫৭৫ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে।

    ইতিমধ্যে ৪৩০ হেক্টর জমিতে চারা পেঁয়াজ রোপণের কাজ সম্পন্ন হয়েছে। তবে অন্যান্য উপজেলার চেয়ে এবার হরিরামপুর ও শিবালয় উপজেলায় সবচেয়ে বেশি পেঁয়াজের চাষ হচ্ছে।

     

  • বিএনপিতে যাচ্ছেন রাশেদ খান !

    বিএনপিতে যাচ্ছেন রাশেদ খান !

    গণঅধিকার পরিষদ ছাড়ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন তিনি। শুক্রবার (২৬ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ‘রাশেদ খান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তবে রাশেদ খান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এমন কিছু হলে জানানো হবে।

    এর আগে গত বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি।’

  • ৯ জানুয়ারি মহাসমাবেশের ঢাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

    ৯ জানুয়ারি মহাসমাবেশের ঢাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

    ইন‌কিলাব ম‌ঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকা‌ণ্ডের প্রতিবা‌দে এবং জুলাই সনদের পক্ষে জনমত সৃষ্টির লক্ষে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ঢাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    শুক্রবার (২৬ ডিসেম্বর) পুরানা পল্টনের পুষ্পধাম মিলনায়তনে আয়োজিত সভায় দল‌টির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ ঘোষণা দেন। ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র দি‌তেই এই সভার আ‌য়োজন ক‌রে দল‌টি।

    প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ রেজাউল করীম ব‌লেন, “শহীদ ওসমান হাদী হত্যার সাথে জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয় নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। এর প্রতিবাদে এবং জুলাই সনদের পক্ষে জনমত সৃষ্টির লক্ষে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”

    “তা‌রেক রহমা‌নের আগমন উপল‌ক্ষে বিএন‌পি শোডাউন ক‌রে‌ছে, জামায়াতও তিন তা‌রিখ মহাসমা‌বেশ ডে‌কে‌ছে। আমা‌দেরও মহাসমা‌বেশ ক‌রে দে‌খি‌য়ে দি‌তে হ‌বে। যারা এম‌পি প্রার্থী হ‌য়ে‌ছেন, তা‌দের এ বিষ‌য়ে বে‌শি দা‌য়িত্ব পালন কর‌তে হ‌বে।” এই সময় তিনি দেশ-জাতির স্বার্থে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মী‌দের প্রস্তুত থাকার আহ্বান জা‌নি‌য়ে ব‌লেন, “আসন সম‌ঝোতায় অনেক ত‌্যাগ কর‌তে হ‌তে পা‌রে। তিনশ আসনেও প্রস্তু‌তি থাক‌তে হ‌বে আমাদের। সারা‌ দে‌শে সর্বাত্মক দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে।”

    মনোনয়ন প্রদান অনুষ্ঠানে দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল  কাইয়ুমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

  • ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

    ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

    জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিবে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।

    শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

    বিক্ষোভ মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেন। এ সময় শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

    বিক্ষোভকারীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘গোলামী না আজাদি, আজাদি আজাদী’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

    বিক্ষোভ মিছিল এবং অবরোধে নেতৃত্ব দিচ্ছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

  • ‘আই হ্যাভ অ্যা প্ল্যান- তারেক রহমান

    ‘আই হ্যাভ অ্যা প্ল্যান- তারেক রহমান

    মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ এর অনুকরণে দেশ ও জাতিকে নিয়ে একটি নতুন স্লোগান ধারণ করার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’।

    তারেক রহমান বলেন, ‘ভাই-বোনেরা, মার্টিন লুথার কিংয়ের নাম শুনেছেন আপনারা। মার্টিন লুথার কিং-এর একটি বিখ্যাত ডায়ালগ আছে— ‘আই হ্যাভ অ্যা ড্রিম’। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে আমি বলতে চাই,— ‘আই হ্যাভ অ্যা প্ল্যান, ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি (দেশের মানুষের জন্য, দেশের জন্য আমার একটি পরিকল্পনা আছে)। এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য।’

    আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে দলের পক্ষ থেকে দেওয়া গণসংবর্ধনায় এসব কথা বলেন তিনি।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনা কে বাস্তবায়ন করতে হয়– প্রিয় ভাই-বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এবং সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা ‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়ন করতে সক্ষম হব।

    তারেক রহমান বলেন, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি। হে রাব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমত দানকারী, হে একমাত্র সাহায্যকারী—আজ আপনি যদি আমাদের কে রহমত দেন, তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব।

    তিনি বলেন, প্রিয় ভাই-বোনেরা, আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি– ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব।

  • ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান

    ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজটি ঢাকায় পৌঁছায়।

    এর আগে একই ফ্লাইট সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে পুনরায় রওনা হয় উড়োজাহাজটি।

    বাংলাদেশ সময় বৃহস্পতিবার প্রথম প্রহরে রাত ১২টা ১৭ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইট বিজি-২০২। দেশে ফেরা এই যাত্রায় তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

    তারেক রহমানকে স্বাগত জানাতে সকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ  দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য ও জ্যেষ্ঠ নেতারা।

    বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় কিছু সময় অবস্থান করবেন তারেক রহমান। এরপর তিনি সড়কপথে কুড়িল হয়ে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে নির্মিত গণসংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে সমবেত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

    গণসংবর্ধনা শেষে বিকেল ৪টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশে কিছু সময় কাটাবেন। পরে গুলশান এভিনিউয়ের বাসভবন ‘ফিরোজা’য় ফেরার কথা রয়েছে।

     

  • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

    শরিফ ওসমান বিন হাদির সন্ত্রাসীর গুলিতের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা ব্যর্থতা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে অবশেষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।

    বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে খোদা বকশের পদত্যাগের প্রজ্ঞাপনের জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত ১০ নভেম্বর প্রতিমন্ত্রীর মর্যাদায় তিনজনকে নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। তাদের মধ্যে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) খোদা বকশ চৌধুরীকে নির্বাহী ক্ষমতা চর্চার সুযোগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভালের দায়িত্ব দেওয়া হয়।

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগের দাবি ওঠে। এ ঘটনার পর ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন উপদেষ্টা পরিষদে দায়িত্বে রদবদলের দাবি জানায়।

     

  • সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

    সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

    নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

    আজ বুধবার বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।

    এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রিট করেছিলেন। আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।