Blog

  • ঢাকা-১৭ আসনেও তারেক রহমানের মনোনয়ন বৈধ

    ঢাকা-১৭ আসনেও তারেক রহমানের মনোনয়ন বৈধ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

    এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামানের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

    এর আগে এদিন সকালে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

    তফসিল অনুযায়ী, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।

    নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

  • মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষনা

    মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষনা

    বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার বিকেলের দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান।

    জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামায় সম্পদের বিবরণী সংক্রান্ত নির্ধারিত ফরম দাখিল করেননি। এ অসংগতি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

    অন্যদিকে মাহমুদুর রহমান মান্নার দাখিল করা হলফনামায় তথ্যগত গড়মিল পাওয়া যাওয়ায় তার মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে।

    উল্লেখ্য, নির্ধারিত নিয়ম অনুযায়ী হলফনামায় তথ্যের অসংগতি বা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার বিধান রয়েছে।

  • সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে: প্রেস সচিব

    সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে: প্রেস সচিব

    অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু, নিরাপদ ও ভালো নির্বাচন উপহার দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    প্রেস সচিব জানান, গত বছরের ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। মনোনয়নপত্র জমা নিয়েও কোনো সংকট তৈরি হয়নি।

    নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “আমরা আশা করছি অন্তর্বর্তী সরকার জনগণকে একটি ভালো নির্বাচন উপহার দেবে।

    মোবাইল ফোন আমদানিতে শুল্ক হ্রাসের বিষয়ে প্রেস সচিব বলেন, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি দেশে মোবাইল ফোন উৎপাদনকারীদের জন্য কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

    তামাক ব্যবহার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, তামাকের কারণে প্রতিবছর প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ মারা যায়। তামাকের ব্যবহার কমাতে সরকার তামাকদ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেছে।

    এ সময় তিনি জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠিত হয়েছে। তার জানাজায় সার্কভুক্ত পাঁচটি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে পাকিস্তান, নেপাল ও মালদ্বীপের মন্ত্রীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

  • পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে-তারেক রহমান

    পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে-তারেক রহমান

    মায়ের মৃত্যুতে গভীর শোক ও মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি এক আবেগঘন স্ট্যাটাসে এ অনুভূতি প্রকাশ করেন।

    তিনি জানান, প্রিয় মা, তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন।

    স্ট্যাটাসের শুরুতে তারেক রহমান লেখেন, ‘গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি।

    তিনি বলেন, ‘তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়।’ তবে এই কঠিন সময়ে দেশের মানুষের উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি বলেও উল্লেখ করেন তিনি।

    দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, ‘অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগাপ্লুত।’

    তিনি আরও বলেন, ‘লক্ষ-লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে, এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে; তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে, তিনি শুধু আমার মা ছিলেন না; অনেক দিক থেকে, তিনি ছিলেন সমগ্র জাতির মা।

    আন্তর্জাতিক মহলের উপস্থিতির কথাও স্ট্যাটাসে তুলে ধরেন তারেক রহমান। তিনি লেখেন, ‘দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহোযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান।’

    এছাড়া যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের এই সহমর্মিতা আমাদের হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে।’

    তিনি বলেন, ‘আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে, পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে।’

  • সাটুরিয়া উপজেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন

    সাটুরিয়া উপজেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন

    ২০২৬ সাল। ইংরেজী নববর্ষ। নতুন বছরের প্রথম দিনে ২নং দিঘলীয়া ইউনিয়নবাসী-সহ সাটুরিয়া উপজেলাবাসীকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। নববর্ষের এই দিনে, দেশ ও জাতির কল্যাণে আরো একবার আমাদের সকলের জীবন -দেশ ও জাতির কল্যাণে উৎসর্গিত হোক এই কামনা করি।

    প্রিয় উপজেলাবাসী,

    জাতীয় নাগরিক পার্টি ছোট্র পরিসরে জন্ম নেওয়া একটি মেধাভিত্তিক রাজনৈতিক দল। এই দলটি মানব-কল্যাণ ও ইনসাফের রাজনীতি নিয়ে আপনাদের দ্বারস্থ্য হয়েছে। আমাদের আশা, আপনারা বিগত সময়ের হত্যা, গুম ও লুটতরাজের রাজনীতির বিপরিতে দেশ ও জাতির কল্যাণে ‘জাতীয় নাগরিক পার্টির প্রতি’ সর্বাত্বক সহ-যোগিতা ও সমর্থনের হাত বাড়িয়ে দিবেন।

    জাতীয় নাগরিক পার্টি সমাজ ও রাষ্ট্রে- বিরাজমান পুরাতন  অকেজো ব্যবস্থা ভেঙ্গে একটি যুগপোযুগি আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর। বাংলাদেশী জাতীয়তাবাদকে প্রাধান্য দিয়ে একটি ‘ইনসাফ ও মানবতামুখী’ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়। জীবন জিজ্ঞাসায় মানবতার জয়গান করতে চায়। লুট, খুন, গুম ও হত্যার বিপরিতে একটি মেধাভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়। যেখানে পরবর্তী প্রজন্মের নিরাপদ বাসস্থান হবে।

    প্রিয় উপজেলাবাসী,

    পরিবর্তনশীল এই পৃথিবীর কথা চিন্তা করে- সমাজ ও রাষ্ট্রনীতির পরিবর্তন এখন সময়ের দাবি। আপনারা জানেন, পশ্চাৎপদ রাজনৈতিক সংস্কৃতির কারণে আমরা এখন জাতিগত ভাবে বিভক্ত। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পার্শ্ববতী দেশের হাতে কুক্ষিগত। এখন সময় এসেছে, স্বাধীন-মুক্ত চিন্তায় একটি সার্বিক-সার্বভৌম রাষ্ট্র গড়ে তুলার।

    প্রিয় উপজেলাবাসী,

    আপনারা ইতিমধ্যে আবগত হয়েছেন যে, জাতীয় নাগরিক পার্টি- বৃহত্তরও জাতিগত স্বার্থে জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে ১০ দলীয় জোটে একটি নির্বাচনী ঐক্য গড়ে তুলেছে। ইনসাফ ও কল্যাণমূখী রাষ্ট্রগঠণে ১০ দলীয় জোট এখন একটি আদর্শীক মেলাবন্দন। সন্ত্রাস, লুটেরা, খুনিদের বিপরীতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি মাইল ফলক হতে চলেছে।

    প্রিয় উপজেলাবাসী,

    জোটবুক্ত নির্বাচনের যুগপথে- জাতীয় নাগরিক পার্টি-সাটুরিয়া শাখা, আপনার মূল্যবান ভোট মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া-মানিকগঞ্জ সদর) আসনের প্রার্থী জনাব আলহ্বজ মাওলানা অধ্যক্ষ দেলোয়ার হোসেনের দাড়িঁপাল্লার পক্ষে আশা করে। একই সাথে রাষ্ট্র সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্তকরণের মাধ্যমে জুলাই বিপ্লবের আদর্শকে সমুন্বত ও রাষ্ট্র কাঠামোর অমূল পরির্বতনের আশাবাদ ব্যক্ত করে। ধণ্যবাদ সবায়কে। শুভ-নববর্ষ।

    -মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি, সাটুরিয়া উপজেলা শাখা, মোবাইল নং ০১৭৪৩৯৯৮৭৪১।

     

  • সাটুরিয়া‘র চাচিতারা ‘সপ্রাবি’তে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ !

    সাটুরিয়া‘র চাচিতারা ‘সপ্রাবি’তে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ !

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলাধীনস্ত সকল প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে একযোগে  বিনামূল্যে প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। আজ ১লা জানুয়ারী (বুধবার) সকাল ৯টা হতে এই কার্যক্রম শুরু হয় এবং তা বিরতিহীন ভাবে বিকেল তিনটা পর্যন্ত চলমান থাকবে বলে জানাগেছে।

    এর ধারা বাহিকতায় নতুন বই বিতরণ সম্পূর্ন করেছে-চাচিতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণও। বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়ে উৎফুল্ল ও আনন্দে মাতোয়ারা অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নতুন বছরের সাথে নতুন বই হাতে পাওয়ায় শিক্ষাথীদের মাঝেও সৃষ্টি হয়েছে আনন্দের নতুনমাত্রা। সকল আশঙ্কা ও অনিশ্চিয়তাকে পিছনে ফেলে শিক্ষার্থীদের হাতে নতুন বই দেখে শিক্ষক ও অভিবাবকরাও আনন্দবোধ করছেন।

    বই বিতরণ করছেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক উজ্বল হোসেন ও নূরজাহান বেগম

    এই ব্যাপারে চাচিতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন তিনবারের প্রাধানমন্ত্রী বেগম খালেদার জিয়া মৃত্যুতে রাষ্ট্রীয় ভাবে তিন দিনের জাতীয় শোক চলমান রয়েছে। তার মধ্যেই সংর্কীন পরিসরে সরকারী নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করছি।

    অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নূরজাহান বেগম জানান, সরকারী বিধি নিষেধ থাকায় এবারের বই বিতরণে অনুষ্ঠানিক কোন আয়োজন করা হয়নি। তবে ছাত্র-ছাত্রীদের নতুন বই হাতে পাবার ঐকান্তিক ইচ্ছা আমাদেরকে সব সময়ই অনুপ্রানিত করে। নতুন বই হাতে পেয়ে একদিকে শিক্ষার্থীরা যেমন খুশী অণ্যদিকে আমরাও  আনন্দবোধ করছি।

    প্রাথমিক ও গণশিক্ষা সূত্র জানাগেছে, এ বছর আগে থেকেই বই উৎসব না করার সিদ্ধান্ত ছিল। এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধ থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর ও ১, ২ জানুয়ারি) তিনদিনের রাষ্ট্রীয় শোক চলায় বই বিতরণকালে সব ধরনের উৎসব ও অনুষ্ঠান পরিহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

    উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাযায়, শিক্ষা অধিদপ্তরের চিঠিতে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের কথা বলা হয়েছে। তবে এই পাঠ্যপুস্তক বিতরণকালে সব ধরনের আনুষ্ঠানিকতা পরিহারের কথাও জানানো হয়।

    উল্লেখ্য, এবার ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবার মোট বইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি। শতভাগ বই ছাপা, বাঁধাই, কাটিংয়ের কাজ শেষে বিতরণে জন্য উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

     

     

  • জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

    জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

    সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পূর্ন হয়েছে। জানাজায় অংশ নিতে আগে থেকেই মানুষের ঢল নেমে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের সড়কগুলোতে।

    আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

    জানাজার ইমামতি করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধানসহ সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত রয়েছেন।

    গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে সাধারণ ছুটি ঘোষণা করা হয় বুধবার। এছাড়া সাতদিনের শোক কর্মসূচি পালন করছে বিএনপি।

  • খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন ইসহাক দার ও জয়শঙ্কর

    খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন ইসহাক দার ও জয়শঙ্কর

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তা  জানায়, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ইসহাক দারের বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসার কথা রয়েছে।

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) হবে। এদিন দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে এ জানাজা হবে।

    বুধবার আনুমানিক দুপুর ৩টা ৩০ মিনিটে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

  • রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বিএনপি থেকে বহিস্কার !

    রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বিএনপি থেকে বহিস্কার !

    দলীয় শৃঙ্খলা অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ নয় নেতাকে বহিষ্কার করা হয়েছে।

    বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার কারণে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

  • খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারাল

    খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারাল

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল।

    তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

    তাঁর অবদান, তাঁর দীর্ঘ সংগ্রাম এবং তাঁর প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে।
    বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

    জাতির এই অপূরণীয় ক্ষতির দিনে তিনি দেশবাসীকে শান্ত থাকার ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন এবং যার যার অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।