Blog

  • সারাদেশে সপ্রাবি’র `কমপ্লিট শাটডাউন’ স্থগিত !

    সারাদেশে সপ্রাবি’র `কমপ্লিট শাটডাউন’ স্থগিত !

    সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ২ মিনিটে সহকারী শিক্ষকদের আন্দোলনের প্ল্যাটফর্ম প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায়।

    পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ সামছুদ্দীন জানান, কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং রোববার থেকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    যৌথ বিবৃতিতে বলা হয়, সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি আদায়ে পরিষদ ও ঐক্য পরিষদের চলমান কর্মসূচি চলছে।

    তবে নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনায় আগামী রবিবার (৭ ডিসেম্বর) থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা ‘তালাবদ্ধ’ কর্মসূচি স্থগিত থাকবে।

    এতে আরও জানানো হয়, উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

    সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন করছেন।

    তাদের দাবিগুলো হলো— ১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবির প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বর ২০২৫ তারিখের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি।

    ২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে জটিলতা দূর করা।

    ৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

    উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়নে ২২ দিন পার হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদ যৌথ ভার্চুয়াল মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করে।

    সেই দিনই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ দেয়। মন্ত্রণালয় জানায়, নির্দেশ অমান্য করলে চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

    এরপরও আন্দোলন চালিয়ে যাওয়ায় শিক্ষকদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে। বছরের শেষে বার্ষিক পরীক্ষার সময় আন্দোলনে থাকার কারণে শিক্ষকদের অন্য জেলায় বদলি করা হচ্ছে; পাশাপাশি শোকজ নোটিশও দেওয়া হচ্ছে।

    বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ সামছুদ্দীনকে নোয়াখালী থেকে লক্ষ্মীপুরে বদলি করা হয়। এছাড়া আরও ৪২ জন শিক্ষককে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে।

     

  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার সারাদেশে দোয়া-প্রার্থনা

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার সারাদেশে দোয়া-প্রার্থনা

    সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় শুক্রবার সারাদেশে মসজিদে মসজিদে দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করবে বিএনপি।

    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

    তিনি বলেন, ‘আমরা মহান দেশপ্রেমিক নেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার প্রতিটি মসজিদে মসজিদে দোয়া মাহফিল, মন্দির এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের উপাসনালয়ে প্রার্থনা সভা হবে। প্রতিটি মসজিদে মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত হবে।’

    সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত !

    ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত !

    আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৬টা ১৪ মিনিটে হালকা এই কম্পনটি হয়। ইন্ডিয়ান সেন্টার অফ সিসমোলজি নিশ্চিত করেছে যে ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১।

    ইউরো-মেডিটেরিনিয়ান সিসমোলজি সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র-স্থল ছিল নরসিংদী অঞ্চল।

    তারা জানায়—উৎপত্তি হয়েছে টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে এবং নরসিংদী শহর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

    আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন বিভাগও ঘটনাটি নিশ্চিত করেছে। বিভাগের কর্মকর্তা রুবাঈয়্যাত কবীর জানান, কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। তিনি বলেন, “মাত্রা তুলনামূলক কম হওয়ায় এটি একটি মৃদু ভূমিকম্প হিসেবে ধরা হয়।”

    এর দুই দিন আগেও, সোমবার দিবাগত রাতে কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রাত ১২টা ৫৭ মিনিটে স্থানীয় বাসিন্দারা কম্পন টের পেয়েছিলেন বলে জানান।

    বারবার ভূমিকম্পের এ অনুভূতি দেশে ভূ-তাত্ত্বিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন।

  • সাটুরিয়ার বরাইদে বিদ্যালয় ভবন নির্মাণকালেই ফাটল, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ !

    সাটুরিয়ার বরাইদে বিদ্যালয় ভবন নির্মাণকালেই ফাটল, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ !

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিভাবকরা অভিযোগ করেছেন,নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে।

    তারা বলেন, নিচ তলা ও দ্বিতল ভবনের কাঠের দরজাগুলো একেবারেই নিম্নমানের। শুধু তাই নয়, জালনার প্লেন সিট ও স্কয়ার বার শিডিউলে অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করা হয়নি। বারান্দার রেলিং হস্তান্তরের আগেই নড়বড়ে হয়ে গেছে।

    বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাসরুম নির্মাণ ও আসবাবপত্র সরবরাহের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি দিন দিন বাড়ছে। স্থানীয়রা দ্রুত নির্মাণ কাজ শেষ করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপকামনা করেছেন।

    প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধি–দপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) কারিগরি সহায়তায় ১ কোটি ২৪ লাখ ৬ হাজার ৩৮৫ টাকা ব্যয়ে এই প্রকল্পের দায়িত্ব পেয়েছে মেসার্স এসই এবং তোফাজ্জল জেবি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

    কাজ শুরু হয় ২০২৪ সালের ১৩ মে এবং শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ৬ ফেব্রুয়ারির মধ্যে। কাজ শেষ না হওয়ায় ৯ মাস সময় বাড়ানো হলেও কাজের গতি সন্তোষজনক নয়।

    বিদ্যালয়ের একাধিক শিক্ষকের অভিযোগ,নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে কাজ চলাকালেই ভবনের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। তারা মৌখিকভাবে প্রকৌশলীকে জানিয়েও তা আমলে নেওয়া হয়নি বলে দাবি করেন। তারা আশা করেন, ভবনটি নিরাপদ করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হোক।

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহেল রানা বলেন,ভবনের একাধিক স্থানে ফাটল দেখা গেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে উপজেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শে নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

    তবে উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল আলিম কাজ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। তার মতে,ব্লক দিয়ে করা কাজে এ ধরনের ফাটল স্বাভাবিক। তিনি আরও অভিযোগ করেন,ঠিকাদার প্রতিষ্ঠান উপজেলার প্রকৌশলী কর্মকর্তাদের প্রভাবিত করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন।

    ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. বুলবুল হোসেন ফাটলের বিষয়টি স্বীকার করে জানান,ভবনের তিনটি কক্ষের দেয়ালে ফাটল দেখা দিয়েছিল, যা রঙের পুটিন দিয়ে মেরামত করা হয়। তবে মেরামতের পরেও ফাটল আবার স্পষ্ট হয়ে উঠেছে।

    এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসান বলেন, ভবনের একাধিক স্থানে ফাটল ও অনিয়মের অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • ঈশ্বরদীতে কুকুরছানা হত্যার অভিযোগে নিশি রহমান গ্রেফতার

    ঈশ্বরদীতে কুকুরছানা হত্যার অভিযোগে নিশি রহমান গ্রেফতার

    পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দী করে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত নিশি রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে তাকে ঈশ্বরদী থানা থেকে পাবনা জেলহাজতে নিয়ে যাওয়া হয়।

    ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, রাত দেড়টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজের পশ্চিম পাশে চতুর্থ তলার পূর্ব পাশের ফ্লাট হতে নিশি রহমানকে গ্রেফতার করা হয়।

    তার বিরুদ্ধে পেনাল কোডের ৪২৯ ধারায় মামলা দায়ের হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে আসামীকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়।

    এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ৭ ধারায় মামলা দায়ের করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ঘটনাটিকে “অমানবিক” উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

    অপরদিকে, নৃশংস এই ঘটনার জেরে অভিযুক্তের স্বামী হাসানুর রহমান নয়নের পরিবারকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়।ইউএনও মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবারই তাদের বাসা খালি করতে বলা হয়েছিল এবং তারা কোয়ার্টার ছেড়ে দিয়ে চলে গেছে ।

    উল্লেখ্য, গত রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর গেজেটেড ভবনে বসবাসরত কর্মকর্তা নয়নের স্ত্রী নিশি খাতুনের বিরুদ্ধে কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ ওঠে।

    ইউএনও কার্যালয়ের কেয়ারটেকার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সোমবার সকালে কর্মকর্তা দম্পতির ছেলে তাকে জানায়, তার মা নিজ হাতে ছানাগুলোকে পুকুরে ফেলে দিয়েছে। পরে পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় আটটি মৃত ছানা উদ্ধার করা হয়।

  • ‘কমপ্লিট শাটডাউনে’ সপ্রাবি‘র সহকারী শিক্ষকবৃন্দ !

    ‘কমপ্লিট শাটডাউনে’ সপ্রাবি‘র সহকারী শিক্ষকবৃন্দ !

                                                   চাচিতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ

    লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর তিন দফা দাবি আদায়ে আরও কঠোর অবস্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এবার তারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, ঘোষণা দিয়েছেন। যার আওতায় সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বর্জন ও স্কুল তালাবদ্ধ করে রাখা হবে।

    একই সঙ্গে উপজেলা ও থানা শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচিও পালন করবেন তারা।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় নেতারা জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

    তারা বলেন, অর্থ-মন্ত্রণালয়ের আশ্বাস অনুযায়ী ২২ দিন পার হলেও দাবি বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তাই তারা বাধ্য হয়ে এই কর্মসূচির ডাক দিয়েছেন।

    ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার (৩ ডিসেম্বর) থেকে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হবে সম্পূর্ণ শাটডাউন।

    প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের তিন দফা দাবি হলো—

    ১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ।

    ২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়া সংক্রান্ত জটিলতা দূর করা।

    ৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

    এ ব্যাপারে প্রাথমিক বিদ্যালয় ‘সহকারী শিক্ষক সমিতির’ (কেন্দ্রীয় কমিটি) যুগ্ম-সাধারন সম্পাদক আবুল কাশেম (বিদ্যুৎ) জানান, কোমলমতি শিক্ষার্থীদের প্রতি শতভাগ সহমর্মীতা রেখেই আমরা বলতে চাই, আমাদের দাবি ন্যায্য। দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখবো।  তবে, দাবি মেনে নেয়া হলে আমরা তাৎক্ষণিক ক্লাসে ফিরে যাব।

  • ১০ ফেব্রুয়ারি ভোটের ইঙ্গিত দিলেন ইসি আনোয়ারুল ইসলাম

    ১০ ফেব্রুয়ারি ভোটের ইঙ্গিত দিলেন ইসি আনোয়ারুল ইসলাম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার তিনি এ বিষয়টি জানিয়ে ভোটের সম্ভাব্য একটি তারিখ নিয়েও ইঙ্গিত দিয়েছেন।

    ইসি আনোয়ারুল বলেছেন, ফেব্রুয়ারির ৮ তারিখ রবিবার এবং ফেব্রুয়ারি ১২ তারিখ বৃহস্পতিবার। সে হিসেবে মঙ্গলবারের (১০ ফেব্রুয়ারি) দিকে সংসদ নির্বাচন হতে পারে।

    এদিকে, তফসিল ঘোষণা ও ভোটের তারিখ নিয়ে আগামী রোববার (৭ ডিসেম্বর) কমিশন সভা অনুষ্ঠিত হবো। সেখানেই সব তারিখ নির্ধারণ করা হবে।

    তিনি আরো জানান, ভোটগ্রহণের সময়ও বাড়ানোর কথা ভাবছে নির্বাচন কমিশন। যেহেতু সংসদ নির্বাচন ও গণভোট একদিনে হবে, তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। আবার ভোটের সময়ও এক ঘণ্টা বাড়িয়ে ৯ ঘণ্টা করা হতে পারে।

     

  • সাটুরিয়ার পানাইজুরীতে খাল হতে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার !

    সাটুরিয়ার পানাইজুরীতে খাল হতে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার !

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পানাইজুরী গ্রামে আনছার উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির লাশ বাড়ীর পাশের খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পথচারীরা খালের পানিতে লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়রা লাশ শনাক্ত নিহতের করে পরিবারকে খবর দেয়।

    নিহত আনছার উদ্দিনের  ছেলে মোনোয়ার হোসেন বলেন, আমার বাবার কোনো শত্রু ছিল না। তিনি খুব ভালো মানুষ ছিলেন।

    এ ব্যাপারে ইউপি সদস্য আ. মালেক বলেন, আনছার উদ্দিন মৃগী রোগে আক্রান্ত ছিলেন। কিন্তু তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু তদন্তের দাবি রাখে।

    এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি এআরএম আল মামুন বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা লাশ উদ্ধারের খবর পাই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    সুরতহাল রিপোর্ট পাওয়া মাত্রই আইন অনুয়ায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • উপদেষ্টা পরিষদের বৈঠকে খালেদা জিয়াকে ‘ভিভিআইপি’ হিসেবে ঘোষণা

    উপদেষ্টা পরিষদের বৈঠকে খালেদা জিয়াকে ‘ভিভিআইপি’ হিসেবে ঘোষণা

    গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি)’ হিসেবে ঘোষণা করার কারণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়। আজ দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

    খালেদা জিয়ার ‘সংকটাপন্ন’ শারীরিক অবস্থা, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে মর্যাদা এবং সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

    প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়, সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তাঁর নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তাঁর নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এই বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

    সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তাঁর জন্য দোয়া ও প্রার্থনার আহ্বানও জানানো হয়।

  • বামপন্থীদের নতুন জোট ‘গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট’

    বামপন্থীদের নতুন জোট ‘গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট’

    রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে সবার অংশগ্রহণে বামপন্থীদের নতুন জোট ‘গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট’এর ঘোষণা দেওয়া হয়েছে।

    শনিবার (২৯ নভেম্বর) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ এর উদ্যোগে আয়োজিত জাতীয় কনভেনশন থেকে নতুন এ জোটের ঘোষণা দেওয়া হয়।

    অধিবেশনে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। কনভেনশনে ঘোষণাপত্র পাঠ করেন সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এবং পরিচালনা করেন বাসদ (মার্কসবাদী) নেতা ডা. জয়দ্বীপ ভট্টাচার্য্য।

    কনভেনশনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জাসদের সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শরীফ নূরুল আম্বিয়া, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাংবাদিক সোহরাব হোসেন, প্রকৌশলী মনির উদ্দিন আহমেদ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, ইউপিডিএফ নেতা অংকন চাকমা, ঐক্য ন্যাপের সভাপতি এস এ সবুর, বাসদ (মাহবুব) সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ভুইয়া, স্কপ নেতা আব্দুল কাদের হাওলাদার, জাতীয় গণফ্রন্ট নেতা আমিরুল নুজহাত মনীষা, কৃষকনেতা আব্দুস সাত্তার প্রমুখ।