Blog

  • অভিনেত্রী নুসরাত ফারিয়া ডিবি কার্যালয়ে

    অভিনেত্রী নুসরাত ফারিয়া ডিবি কার্যালয়ে

    অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে আনা হয়েছে। রবিবার (১৮ মে) বিমানবন্দর থেকে আটকের পর ইমিগ্রেশন পুলিশ তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করলেও জিজ্ঞাসাবাদের জন্য এই অভিনেত্রী কে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেম ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুজন হক। এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়।

    বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয় নুসরাত ফারিয়াকে।

    মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক নামে এক ব্যক্তি।

    মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা হিসেবে আসামি করা হয় নুসরাত ফারিয়াকে।

    নুসরাত ফারিয়া ছাড়াও ওই মামলা আসামি করা হয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭অভিনয়শিল্পীকে।

  • নাগরপুরে প্রধান শিক্ষকের অপসারন ও শাস্তির দাবিতে বিক্ষোভ

    নাগরপুরে প্রধান শিক্ষকের অপসারন ও শাস্তির দাবিতে বিক্ষোভ

    টাঙ্গাইল নাগরপুর উপজেলায় সরকারি নতুন পাঠ্যবই কালোবাজারে বিক্রির অভিযোগে এক ট্রাক বই জব্দ করেছে প্রশাসন। অভিযুক্ত আগ-দিঘুলিয়ার এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমান পলাতক রয়েছেন।

    বৃহস্পতিবার স্থানীয়দের সহায়তায় (১৫ মে) দুপুরে নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়ায় এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই অভিযান চালিয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহম্মদ নোমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ বইগুলো আটক করেন।

    স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক মজিবর রহমান বইগুলো ২০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন এবং বইগুলো মির্জাপুরে পাঠানো হচ্ছিল বলে বইগুলোর ক্রেতা বরবিউল ইসলাম (বরি) নিশ্চিত করেন।

    ইউএনও আরাফাত মোহম্মদ নোমান বলেন, “সরকারি সম্পদ চুরি ও বিক্রির চেষ্টা গুরুতর অপরাধ। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।”

    উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ জানান, “২০২৫ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইসহ একটি ট্রাক থানায় হস্তান্তর করা হয়েছে।” এ ঘটনার পর থেকে প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমান পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে এর আগেও ঘুষ ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    এই ন্যাক্কার জনক ঘটনায় আজ ১৮ মে (রবিবার) সকাল ১০ টায় বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অভিভাবকসহ এলাকাবাসী।

    মানববন্ধনে বক্তারা বলেন, “বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে ঘুষ, নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের সাথে জড়িত। সরকারি বই বিক্রির ঘটনায় তার তাৎক্ষণিক পদত্যাগ ও শাস্তি নিশ্চিত করতে হবে।শিক্ষার্থীরা স্লোগানে বলেন, “আমার প্রতিষ্ঠানে চোর কেন? বিচার চাই, প্রধান শিক্ষকের পদত্যাগ চাই।”

    এদিকে, প্রধান শিক্ষকের নির্দেশে কতিপয় দৃবৃর্ত্ত স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের বাধাঁর চেষ্টা করলেও শতঃর্স্ফুত ভাবে মানববন্ধন ও বিক্ষোভ পালিত হয়।

    নাগরপুর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, “উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ট্রাক ও বই থানায় হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    এখন শিক্ষার্থী ও এলাকাবাসীর একমাত্র দাবি প্রধান শিক্ষক মজিবর রহমানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং পদত্যাগ করা।

  • কান চলচ্চিত্র উৎসবে আফিয়া নুসরাত বর্ষা

    কান চলচ্চিত্র উৎসবে আফিয়া নুসরাত বর্ষা

    দ্বিতীয়বারের মতো বিশ্বে অন্যতম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিলেন ঢাকাই সিনেমার নায়িকা, প্রযোজক আফিয়া নুসরাত বর্ষা। গেল ১৩ মে পর্দা উঠেছে চলচ্চিত্রশিল্পের অন্যতম বড় এ প্রদর্শনীর।

    ৭৮তম আসরের দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড উইমেন কানস অ্যাজেন্ডা ডিসকাশন পর্বে অংশ নেন বাংলাদেশি এই নায়িকা। ‘নিউ এরা অব আইডেন্টি অ্যান্ড ইমপ্যাক্ট অ্যান্ড গ্লোবাল সিনেমা’ শীর্ষক এই সেমিনারে অংশ নিয়ে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন বর্ষা।

    এদিন সেমিনারে অংশ নিয়ে বক্তব্যের শুরুতে বর্ষা জানিয়ে দেন তিনি বাংলাদেশ থেকে এসেছেন, অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী। কাজ করেন মানুষের উন্নয়নে।

    এ সময় বর্ষা বলেন, অভিনয় জীবনের বাইরে ব্যবসায়িক জীবনেও আমি আমার ইচ্ছা, মেধা এবং লক্ষ্যপূরণে সচেষ্ট থাকি। আমার ব্যবসায় সব সময় নারীদের অংশগ্রহণ ও সুযোগ দেওয়ার চেষ্টা করি। তাই নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করার জন্যই একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমার এই অংশগ্রহণ।

    সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাপী (সিনেমার) স্টোরি টেলিং বিষয়টির এক অসাধারণ ক্ষমতা ও শক্তি আছে, যা মানুষকে ভীষণভাবে অনুপ্রাণিত করতে পারে। বাস্তবসম্মত গল্পগুলো প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং অধিকারের বিষয়ে বড় ভূমিকা রাখতে পারে।

    ওই সেমিনারে আরও অংশ নেন পর্তুগিজ অভিনেত্রী ইসাবেল জুয়া, ফরাসি অভিনেত্রী মারিয়ানি বোরগো এবং হলিউড অভিনেত্রী ও নির্মাতা নোরা আরমানি।

  • এই সরকার এনসিপি মার্কা সরকার-সালাহউদ্দিন

    এই সরকার এনসিপি মার্কা সরকার-সালাহউদ্দিন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই সরকারের একমাত্র ম্যান্ডেট স্বচ্ছ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা।

    আমরা বলেছিলাম, নির্বাচনমুখী জরুরি সংস্কার করে অগ্রাধিকার ভিত্তিতে ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু মনে করবেন না রোজ কিয়ামত পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাই।

    শনিবার (১৭ মে) বিকেলে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সমালোচনা করে সালাউদ্দিন আহমদ বলেন, আপনি মনে করেছেন আপনাকে জনগণ অসীম ক্ষমতাবান বানিয়েছে। জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহের কোনো পরামর্শ দরকার নাই। যদি তাই মনে করেন আপনার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ হবে।

    ইতিমধ্যে দুই উপদেষ্টা আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ন করে উচ্চাভিলাষ প্রণয়ন করছে। তাদের উদ্দেশ্য অনির্দিষ্টকাল পর্যন্ত অনির্বাচিতভাবে এ সরকার থাকতে পারে। আপনার অবশ্য কী উদ্দেশ আমরা তা জানি না। যদি কোনো দিন নির্বাচনের দাবিতে এ অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করতে হয় তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য।

    ড. ইউনুসকে উদ্দেশ্যে করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আপনার সরকারকে লোকজন বলছে এনসিপি মার্কা সরকার। আপনার সরকারে এনসিপির দুই জন প্রতিনিধি বিদ্যমান। তারা উপদেষ্টা এবং এনসিপি সংগঠন করে। আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাদের এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন। পদত্যাগ না করলে আপনি বিদায় করুন।’

    প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেলজ্ঞান নেই।

    বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে। খুলনা ও বরিশাল বিভাগের বিপুল সংখ্যক তরুণ নেতাকর্মী সমাবেশে যোগ দেন।

    সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

  • শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে জেলেনস্কি যাননি পুতিন

    শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে জেলেনস্কি যাননি পুতিন

    রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসানে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে বৈঠক করতে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার পর—তা পুনরায় শুরুর উদ্যোগের অংশ হিসেবে জেলেনস্কি এই সফর করছেন।

    জেলেনস্কি বলেন, তিনি ইস্তাম্বুলে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় যোগ দিতে প্রস্তুত।

    বুধবার(১৪ মে) জেলেনস্কি বলেন, ‘শান্তি আলোচনার জন্য রাশিয়া থেকে কে আসবেন—তা দেখার জন্য আমি অপেক্ষা করছি। এরপর আমি সিদ্ধান্ত নেব—ইউক্রেনের কি পদক্ষেপ নেওয়া উচিৎ। এখন পর্যন্ত গণমাধ্যমের বরাতে তাদের কাছ থেকে পাওয়া ইঙ্গিতগুলো বিশ্বসযোগ্য নয়।’

    তবে ক্রেমলিন ঘোষণা করেছে, বৃহস্পতিবার ইস্তাম্বুলের শান্তি আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেবেন না। তবে, রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেডিনস্কি।

    আনাতোলিয়ায় ন্যাটোর অনানুষ্ঠানিক একটি বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ‘ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনা আশা করি আমাদের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।’

    এরআগে ২০২২ সালের মার্চে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা হয়েছিল। ওই বৈঠকে উভয়পক্ষ যুদ্ধ বন্ধে একমত হতে পারেননি।

     

  • বড় পর্দায় ফিরছেন জেনেলিয়া

    বড় পর্দায় ফিরছেন জেনেলিয়া

    বেশ লম্বা সময় পর আবার বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী জেনেলিয় ডি’সুজা। তাও আবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের ‘সিতারে জমিন পার’ সিনেমার মধ্য দিয়ে। এরই মধ্যে গত ১৩ মে মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার।

    সেখানে যতটুকু দেখা গেছে, তাতেই দর্শক এই সিনেমার গল্প,অভিনয়ের প্রশংসা করেছেন। অন্যদিকে ট্রেলারে উঠে এসেছে জেনেলিয়ার চরিত্রের এক ঝলক, যা সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিচ্ছে।

    আইএএনএস-এর সঙ্গে এক কথোপকথনে জেনেলিয়া জানিয়েছেন যে, বহু বছর পর আবার আমির খানের সঙ্গে কাজ করতে পেরে তিনি নিজেকে ‘বিশেষ’ মনে করছেন।

    নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘আমি আগে যত চরিত্র করেছি তার থেকে এটি একেবারেই আলাদা। চরিত্রটি খুবই ইমোশনাল, বিভিন্ন স্তরে বিভক্ত এবং গভীরভাবে মানবিক।’

    ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন জেনেলিয়া। সেইসঙ্গে এই সিনেমার মাধ্যমেই তিনি টাইমলাইনে উঠে আসেন। এই সিনেমার সঙ্গেও জড়িয়ে ছিলেন আমির খান।

    কারণ, তিনি এটি প্রযোজনা করেছিলেন। সিনেমায় জেনেলিয়ার বিপরীতে অভিনয় করেছিলেন আমিরের ভাগ্নে অভিনেতা ইমরান খান।

    আর. এস. প্রসন্ন পরিচালিত ‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির খান এবং জেনেলিয়া ডি’সুজা ছাড়াও ১০ জন নতুন অভিনেতাকে বলিউড ইন্ডাস্ট্রিতে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।

    তারা হলেন, আরুষ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালী, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।

    এদিকে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, ‘সিতারে জামিন পার’ পুরোপুরি মৌলিক সিনেমা নয়। এটি ২০১৮ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনস’-এর প্রেরণায় নির্মিত হয়েছে। ট্রেলার মুক্তির পর যদিও নেটিজেনদের অনেকেই কটাক্ষ করেছেন।

    তাদের মতে, তিন বছর পর আমিরের উচিত ছিল দারুণ কিছু দিয়ে প্রত্যাবর্তন করা। যেমনটা শাহরুখ খান করেছিলেন ‘পাঠান’ দিয়ে। কিন্তু এই সিনেমা মনে হয় না দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে।

    উল্লেখ্য, আমির খান, অপর্ণা পুরোহিত এবং রবি ভাগচন্দকা প্রযোজিত, দিব্য নিধি শর্মা রচিত এটি ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

  • ফের মাঠে নামছে ৭ কলেজ

    ফের মাঠে নামছে ৭ কলেজ

    গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই যেন আন্দোলনের নগরী হয়ে উঠেছে ঢাকা। অন্তর্বর্তী সরকারের ৯ মাস পেরিয়ে গেছে, এখনও প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজপথে নামতে দেখা যাচ্ছে রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-গোষ্ঠিকে; বিশেষ করে শিক্ষার্থীদেরকে।

    সবশেষ আবাসনের নিশ্চয়তাসহ তিন দফা দাবিতে মাঠে নামতে দেখা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে; আন্দোলন সফল করে ঘরেও ফিরে গেছেন তারা।

    এবার নিজেদের ৫ দফা দাবি নিয়ে মাঠে নামার ঘোষণা দিলেন ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা। মূলত, এই সাত কলেজকে একত্রিত করে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হলেও নাম প্রস্তাব ছাড়া আর কোনও অগ্রগতি নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা।

    দ্রুত সময়ের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগসহ পাঁচ দফা দাবি না মানলে আগামী ১৯ মে থেকে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজ শনিবার ইডেন মহিলা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসেছে এ ঘোষণা।

    সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দেওয়া পাঁচ দফা দাবি হলো– রোববারের (১৮ মে) মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে হবে; অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের পর সেশনজট নিরসনসহ সামগ্রিক বিষয় নিয়ে ও অ্যাকাডেমিক ক্যালেন্ডার বানাতে হবে; ভুতুড়ে ফলের সমাধান, বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় এবং যাবতীয় অসঙ্গতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে; অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে ২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিতে হবে, এবং আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়য়ের রূপরেখা, লোগো মনোগ্রাম প্রকাশ করতে হবে। সর্বশেষ আগামী ১৬ জুন নতুন বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাদেশ জারি করতে হবে। একইসঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেটে নির্ধারণ করতে হবে।

    শিক্ষার্থীরা বলেন, আগামী রবিবারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে ১৯ মে থেকে মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা।

  • রিমান্ড শেষে কারাগারে মমতাজ

    রিমান্ড শেষে কারাগারে মমতাজ

    রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগর নামের এক হকারকে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

    চার দিনের রিমান্ড শেষে শনিবার সকালে মমতাজ বেগমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর মনিরুল ইসলাম। মমতাজের পক্ষে

    অ্যাডভোকেট মাসুদুর রহমান লিংকন জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    গত মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৯ জুলাই মিরপুর গোলচত্ত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওই দিন বিকেল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

    এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়েছে।

  • বগুড়া, রাজশাহী ও রংপুর বিভাগের সমাবেশ তারুণ্যের সমাবেশ প্রস্তুতি

    বগুড়া, রাজশাহী ও রংপুর বিভাগের সমাবেশ তারুণ্যের সমাবেশ প্রস্তুতি

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

    ‘অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাই’ শ্লোগানে শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি মোঃ হারুনুর রশীদ।

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল জেলা শাখা আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহবায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ।

    সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা আমিনুল ইসলাম মতি, এ্যাড. ময়েজ উদ্দিন, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমসহ অন্যরা।

    বিএনপি নেতা ও সাবেক এমপি হারুনুর রশীদ স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের বিভিন্ন কাজের কঠোর সমালোচনা করেন এবং অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসার আহবান জানান। সাবেক এমপি আরও বলেন, অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে।

    সমাবেশে বিএনপি নেতা হারুনুর রশীদ জেলা জামায়াতের বিভিন্ন অপপ্রচারের সমালোচনাও করেন। এসময় যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • গোলাপগঞ্জ সদর যুব ও ছাত্র জমিয়তের কার্যালয় উদ্বোধন

    গোলাপগঞ্জ সদর যুব ও ছাত্র জমিয়তের কার্যালয় উদ্বোধন

    হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ সিলেটের গোলাপগঞ্জ সদর ইউনিয়ন যুব ও ছাত্র জমিয়তের সাংগঠনিক কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা শুক্রবার (১৬ মে ২০২৫) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত আলোচনা সভা যুব জমিয়ত ইউনিয়ন সভাপতি হাফিজ মারুফ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ রাসেল, ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক রোম্মান আহমেদ এর যৌথ সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক. মাওলানা এইচ এম আব্বাস আল মাহমুদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহ প্রচার সম্পাদক হা. মুফতি রুহুল কুদ্দুস।

    প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত উপজেলা সহসভাপতি আবু ছালেহ উসমান, বিশেষ বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ খুবাইব বিন জামিল।

    এছাড়াও বক্তব্য রাখেন যুব জমিয়ত ইউনিয়ন সহ সাধারন সম্পাদক মাওলানা মুফতি আফজল হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ শামসুল করিম প্রমুখ।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ।

    সভার শেষে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির আহমদ।