Blog

  • চীন যাচ্ছে সোয়া লাখ মেট্রিক টন আম

    চীন যাচ্ছে সোয়া লাখ মেট্রিক টন আম

    চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানিকারক এবং আম ব্যবসায়ীদের সাথে রপ্তানিযোগ্য আমের বাগান পরিদর্শন, স্থানীয় উদ্যোক্তাদের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে তথ্য সংগ্রহ ও প্রতিবন্ধকতা দূর করতে মতবিনিময় সভা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা শহরের পুরাতন বাজারস্থ চেম্বার ভবনে এ মতবিনিময় সভা হয়।

    মতবিনিময় সভার আগে সকালে জেলার শিবগঞ্জ উপজেলায় রপ্তানি যোগ্য বিভিন্ন আমের বাগান পরিদর্শন করেন রপ্তানি উন্নয়নব্যুরো’র ভাইস- চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।

    পরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন বরোর ভাইস-চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ আনোয়ার হোসেন।

    চলতি মৌসুমে চীনে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এ লক্ষ্যে মাঠ-পর্যায়ের প্রস্তুতি ও চ্যালেঞ্জ পর্যবেক্ষণে চাঁপাইনবাবগঞ্জ সফর করেন ইপিবির ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

    চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মোহাম্মদ শাহজালাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইখতেখারুল ইসলাম, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আখতারুল ইসলাম রিমন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মুনজের আলম মানিক, আম চাষী সাংবাদিক মোঃ আহসান হাবিব, আমচাষী আঃ অহাব, মোঃ আতিকুর রহমান, মোঃ ইউসুফ আলীসহ অন্যরা।

    সভায় আনোয়ার হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক হতে পারে। মান ও প্যাকেজিংয়ে উন্নতি এনে আমরা বৈদেশিক বাজারে অবস্থান শক্ত করতে চাই। এ বছর চীনে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে।

    তিনি জানান, আম রপ্তানির টেকসই উন্নয়নে ‘ম্যাংগো বোর্ড’ গঠন, জাতীয় পর্যায়ে আম নীতিমালা প্রণয়ন, হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, আধুনিক প্রসেসিং সুবিধা, কৃষকদের জন্য স্বল্পমূল্যের সোলার প্যানেল, রাজশাহী বিমানবন্দর থেকে কার্গো সুবিধা চালু এবং কৃষিভিত্তিক ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

    রপ্তানির প্রসারে আগামী মাসে বিদেশি কূটনীতিক ওআমদানিকারকদের চাঁপাইনবাবগঞ্জে এনে ‘আম উৎসব’ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। এতে এখানকার সুমিষ্ট আমের বিশ্বব্যাপী প্রচার ও বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।

    প্রধান অতিথি বলেন, বাংলাদেশ থেকে চলতি ২০২৪-২৫ অর্থবছরে এ যাবৎ যুক্তরাজ্য, হংকং, কানাডা, বাহরাইন, সুইজারল্যান্ড, ইতালি ও সুইডেন এ আম রপ্তানি হয়েছে। এসব আমদানি গন্ত্যব্যের মধ্যে যুক্তরাজ্যে সর্বাধিক আম রপ্তানি হয়েছে।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প এর মাধ্যমে সংগৃহীত স্থানীয় আম উৎপাদক ও রপ্তানিকারকবৃন্দের তালিকা নির্ধারিত ফরমে চীনা দূতাবাসে ইতোমধ্যেই প্রেরণ করা হয়। সে দেশের কাস্টমস কর্তৃপক্ষের অনুমোদন পেলে রপ্তানি প্রক্রিয়া শুরু হবে মর্মে আশা করা যাচ্ছে।

    রপ্তানি প্রসারমূলক এসব কার্যক্রমে কৃষিমন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ অন্যান্য সহযোগি সংস্থার সাথে রপ্তানি উন্নয়ন ব্যুরো কাজ করবে বলে আম উৎপাদক ও রপ্তানিকারকবৃন্দকে আশ্বস্ত করেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।

    এসময় বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন বিএমপিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ শুকুরুদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সহ সভাপতি মোঃ মনোয়ারুল ইসলাম ডালিম, চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম ও অন্যান্য পরিচালকগণ সহ জেলার বিভিন্ন স্থানের আম উদ্যোক্তা ও ব্যবসায়ীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জে শ্বশুর-শাশুড়ির নির্যাতনে মারাত্মক আহত পুত্রবধূ ! 

    চাঁপাইনবাবগঞ্জে শ্বশুর-শাশুড়ির নির্যাতনে মারাত্মক আহত পুত্রবধূ ! 

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামে শ্বশুর-শাশুড়ির নির্মম নির্যাতনের শিকার হয়েছেন জিয়াসমিন (৩২) নামের এক গৃহবধূ।

    গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহত জিয়াসমিন ওই গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী।  তাঁর পিতার বাড়ি একই উপজেলার মির্জাপুর গ্রামে। তিনি মৃত জামাল উদ্দিন জুমুর মেয়ে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে পারিবারিক কলহের জেরে শ্বশুর আলহাজ্ব সাইদুর রহমান মিয়া (৭০) ও শাশুড়ি আলহাজ্ব আয়েশা বেগম মিলে পুত্রবধূ জিয়াসমিনকে বেধড়ক মারধর করেন।

    একপর্যায়ে জ্ঞান হারান জিয়াসমিন। ধারণা করা হয়, তাঁরা তাঁকে মৃত ভেবে রেখে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জিয়াসমিনের পরিবারের অভিযোগ, দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্নভাবে তাঁকে নির্যাতন করে আসছিলেন শ্বশুর-শাশুড়ি।

    একাধিকবার স্থানীয়ভাবে সালিস হলেও নির্যাতন বন্ধ হয়নি। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুইজন হজ¦ করে এসে যদি মানুষ না হন, তাহলে সেটা সমাজের জন্য লজ্জার। একজন গৃহবধূকে এভাবে নির্যাতন করার অধিকার তাঁদের নেই। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

    ঘটনার পর অভিযুক্ত সাইদুর রহমান ও আয়েশা বেগম পলাতক রয়েছেন। তাঁদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। এ ঘটনায় চাকলা গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।

    স্থানীয়রা দ্রুত প্রশাসনিক পদক্ষেপ ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি পারিবারিক কলহ থেকে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। একটি পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি, অন্য পক্ষও অভিযোগ দিতে পারে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • মানিকগঞ্জে প্রশাসনে স্বচ্ছতায় নিয়োগ পেলেন ২২ কর্মচারী

    মানিকগঞ্জে প্রশাসনে স্বচ্ছতায় নিয়োগ পেলেন ২২ কর্মচারী

    মানিকগঞ্জ জেলা  ও উপজেলা প্রশাসনে শূন্যপদে স্বচ্ছতার ভিত্তিতে  নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ পেলেন ২০ তম গ্রেডের ২২ কর্মচারী। সোমবার (১৯ মে) বিভাগীয় কমিশনারের একান্ত সদস্য সচিব মো.আল মামুনের স্বাক্ষরিত পত্রে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

    জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী ও সহকারী বাবুর্চি শূন্য পদে নিয়োগের জন্য গত ১৬ মে অংশগ্রহণকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    পরদিন উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার পর উপরোক্ত পদে নিয়োগের জন্য ২২ জনকে চূড়ান্ত সুপারিশ করা হয়। বিভাগীয় কমিশনারের একান্ত সদস্য সচিব ওই পত্রে জেলা প্রশাসক মানিকগঞ্জকে অনতিবিলম্বে সুপারিশকৃত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করার কথাও বলা হয়।

    নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত সাটুরিয়া উপজেলার জাকির হোসেন ও মানিকগঞ্জ সদর উপজেলার হৃদয় হাসান বলেন, সরকারি ফির বাইরে আমাদের কোন টাকা পয়সা খরচ হয়নি। এ নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কোন প্রকার ঘুষ-দুর্নীতি সুযোগ ছিল না বলেও তারা জানান।

    এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, সরকারি নিয়োগ বিধি অনুসরণ করে যোগ্যদের চূড়ান্ত করা হয়েছে।

  • জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি-নায়িকা নুসরাত ফারিয়া

    জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি-নায়িকা নুসরাত ফারিয়া

    মঙ্গলবার বিকালে কারামুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। জামিনে মুক্ত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেন এই অভিনেত্রী।

    বিকেল ৪টা ৩০ মিনিটে নিজের ফেসবুক পেজে আরেকটি পোস্ট দেন নুসরাত ফারিয়া। তাতে তিনি লেখেন, “জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।”

    কৃতজ্ঞতা জানান সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, ইন্ডাস্ট্রির সহশিল্পী ও সাধারণ মানুষের প্রতি।

    ফারিয়া লেখেন, “এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন, তাদের মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারতাম না।”

    বিশেষ ধন্যবাদ জানিয়ে নুসরাত ফারিয়া লেখেন, “বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদের। তাদের এই সাপোর্টটা আমার জন্য ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।”

    গত ১৮ মে দুপুরে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তারপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

     

  • বেরোবিতে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকরা বহাল, শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ

    বেরোবিতে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকরা বহাল, শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একাধিক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠলেও এখনো পর্যন্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

    অভিযুক্ত শিক্ষকরা যথারীতি অফিস করছেন, নিচ্ছেন ক্লাস ও পরীক্ষা। এতে অনেক শিক্ষার্থী নিরাপত্তাহীনতা ও বিব্রতবোধ করছেন বলে অভিযোগ করেছেন।

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. তানজিউল ইসলাম জীবন ও এক ছাত্রীর কথোপকথনের অডিও ফাঁস হয়।

    পরে ২৪ এপ্রিল আরও এক প্রাক্তন ছাত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ই-মেইলের মাধ্যমে মানসিক নির্যাতন, যৌন হয়রানি ও মার্ক টেম্পারিং-এর অভিযোগ আনেন।

    এছাড়া পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম এবং সহকারী অধ্যাপক অতুল চন্দ্র সিংহ-এর বিরুদ্ধেও যৌন হয়রানি ও নম্বর কম দেওয়ার অভিযোগ ওঠে।

    ১৭ এপ্রিল একদল শিক্ষার্থী উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন। ১৯ এপ্রিল একটি অভিযোগভিত্তিক ফেসবুক পোস্টে প্রকাশিত স্ক্রিনশটে শিক্ষক-ছাত্রীর কথোপকথনের কিছু অংশ ভাইরাল হয়।

    বিশ্ববিদ্যালয় প্রশাসন মার্ক টেম্পারিংয়ের বিষয়ে তদন্ত কমিটি গঠন করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রতিবেদন জমা পড়ে। তবে যৌন হয়রানির বিষয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠিত হলেও এখনো পর্যন্ত সেগুলোর কোনো প্রতিবেদন প্রকাশ পায়নি।

    অভিযুক্ত ড. তানজিউল ইসলাম পরীক্ষা নিয়ন্ত্রকের পদ থেকে পদত্যাগ করলেও এখনো বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। নিয়মিত ক্লাস ও পরীক্ষা নিচ্ছেন তিনি।

    এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, “যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্তদের ক্লাস নেওয়া ও প্রশাসনিক কাজে সম্পৃক্ত থাকা আমাদের জন্য মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে।”

    পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী খোকন ইসলাম বলেন, “যথেষ্ট প্রমাণ থাকার পরও প্রশাসন কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। মৌখিকভাবে ক্লাস থেকে বিরত থাকতে বলা হয়েছে, কিন্তু তা বাস্তবে প্রয়োগ হচ্ছে না।”

    গত ১২ মে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে প্রতিবাদ জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    এই বিষয়ে যৌন হয়রানির তদন্ত কমিটির আহ্বায়ক ড. মোছাঃ সিফাত রুমানা কোনো মন্তব্য দিতে রাজি হননি। অপরদিকে, ড. রশিদুল ইসলাম-এর বিরুদ্ধে গঠিত কমিটির আহ্বায়ক প্রফেসর মো. ফেরদৌস রহমান জানান, “প্রতিবেদনের সময় বাড়ানো হয়েছে। জমা দেওয়ার পরই বিষয়টি পরিষ্কার হবে।”

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “আমি এখনো রিপোর্ট পাইনি। রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়।”

    শিক্ষার্থীরা দাবি করেছেন, অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে, যাতে বিশ্ববিদ্যালয়ে একটি নিরাপদ ও সম্মানজনক শিক্ষা পরিবেশ নিশ্চিত হয়।

  • শিবালয়ে গৃহবধূর রহস্যজনক মরাদেহ উদ্ধার

    শিবালয়ে গৃহবধূর রহস্যজনক মরাদেহ উদ্ধার

    মানিকগঞ্জ শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ভাওর গ্রামে থেকে এক গৃহবধুর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ মঙ্গলবার ২০ মে সকাল সাড়ে আট ঘটিকায় চৌচালা টিনের ঘর থেকে ফুলমতি ওরফে ফেলির মরাদেহ উদ্ধার করা হয়। জানা যায়,  ফুলমতি একই গ্রামের সকেল (৫৫) উদ্দিনের দ্বিতীয় পক্ষের স্ত্রী।

    শিবালয় থানার এস আই মোঃ তাজুল ইসলাম জানান, ডিউটি অফিসারের দেওয়া তথ্য অনুয়ায়ী পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হয়ে আমি মরাদেহটি উদ্ধার করি। এই সময় মৃতের গলায় ওড়না পেঁচানো দাগ লক্ষ্য করা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ফুলমতির অস্বাভাবিক মৃত্যুর জন্য তার স্বামী সকেল উদ্দিন (৫৫) এবং প্রথম স্ত্রী সেলিনা আক্তার (৪৫) দায়ী হতে পারে।

    উল্লেখ্য যে, সকেল  উদ্দিন তিনটি বিবাহ করেছিলেন, বর্তমানে একটি পরিবার  নিয়ে সংসার করছিলেন।

    শিবালয় থানা পুলিশ জানায়, মৃতদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ থাকলেও পোস্টমর্টেম রিপোর্ট ও তদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

    শিবালয় থানার ওসি (অফিসার ইনচার্জ) মোঃ কামাল হোসেন জানান, তদন্ত রিপোর্ট  হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আমরা সেই অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • সাটুরিয়ায় ইটভাটার মালিককে জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ।

    সাটুরিয়ায় ইটভাটার মালিককে জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ।

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবৈধ ইটভাটার মালিকদের জরিমানা ও ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  উপজেলার কামতা ও ভাসিয়ালি কান্দাপাড়া এলাকায় মেসার্স ফৌজিয়া ব্রিকস, যমুনা ব্রিকসের অবৈধ পরিচালনা বিপরিতে এই আদেশ দেওয়া হয়।

    আজ মঙ্গলবার ২০ মে বিকেলে মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তর ও সাটুরিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ২ টি ইটভাটার মালিক কে ৩ লক্ষ টাকা জরিমানাসহ ইট ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করে।

    এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়া পরেও তা নবায়ন না করায় এই আদেশ জারি করা হয়েছে।এ ছাড়া, ইটভাটা দুটি- কৃষি জমি  ইট তৈরীর কাজে ব্যবহার করে আসছিল। যার ফলে দুইটি ইটভাটার মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা, বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্নসহ ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

    এ সময় তিনি বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে। এ সময় সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) তানভীর আহম্মদ ও মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • কাশিমপুর মহিলা কারাগারে নুসরাত ফারিয়া

    কাশিমপুর মহিলা কারাগারে নুসরাত ফারিয়া

    গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়াকে। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে তাকে কারাগারে আনা হয়।

    কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র সুপার কাওয়ালীন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারাজানা হক। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে ধার্য করেছেন আদালত। এদিন সকাল ৯টায় নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়।

    উল্লেখ্য, রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার মামলার তাকে গ্রেপ্তার দেখানো হয়।

  • জব্দকৃত অর্থ দরিদ্র জনগোষ্ঠীর উপকারে ব্যবহার করবে সরকার

    জব্দকৃত অর্থ দরিদ্র জনগোষ্ঠীর উপকারে ব্যবহার করবে সরকার

    সরকার এখন পর্যন্ত কত টাকার সম্পদ জব্দ করেছে, সে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত সরকারের জব্দকৃত মোট সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার ৭৫৮ দশমিক ৭ কোটি টাকা। বিদেশি অর্থ ১৬৪ মিলিয়ন ডলার। জব্দকৃত অস্থাবর সম্পত্তি আছে ৪২ হাজার ৬১৪ দশমিক ২৭ কোটি টাকা। অভ্যন্তরীণ অর্থ ২০ দশমিক ৭ মিলিয়ন ডলার।

    শফিকুল আলম বলেন, দেশে লুটের টাকা বা লুটেরাদের জব্দকৃত অর্থ বাজেটে ব্যবহার নয় বরং দরিদ্র জনগোষ্ঠীর উপকারে ব্যবহার করবে সরকার। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন লুটের টাকা ম্যানেজমেন্টে একটি ফান্ড গঠনের জন্য। এই অর্থ ডিপোজিটর এবং একইসঙ্গে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় হবে।

    এদিকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সাধারণ আমানতকারী ও দরিদ্রদের ক্ষতিপূরণ দিতে অর্থ আত্মসাৎ ও অর্থপাচারে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ ও সম্পত্তি দিয়ে একটি তহবিল গঠন করা হবে।

    তিনি বলেন, এই তহবিলে অভিযুক্তদের কাছ থেকে জব্দ করা বিভিন্ন ব্যাংক ও কোম্পানির শেয়ারসহ জব্দ করা সম্পত্তিও অন্তর্ভুক্ত থাকবে। পাচার হওয়া অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক পারস্পরিক আইনি সহায়তার মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে।

     

  • ফ্রান্স ও স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা

    ফ্রান্স ও স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা

    জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স সরকার। অন্যদিকে, জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্সে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে স্পেন সরকার। তবে বহুপক্ষীয় এ দুটি ফোরামে যোগ দিচ্ছেন না ড. ইউনূস।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৯ থেকে ১৩ জুন ফ্রান্সের নিস শহরে তৃতীয় ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ওশেন কনফারেন্সে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান উপদেষ্টা কনফারেন্সে যোগ দেবেন না। তবে বাংলাদেশ থেকে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কনফারেন্সে যাবে।

    এ ছাড়া, আগামী ৩০ জুন থেকে ৩ জুলাই স্পেনে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্স হবে। ওই কনফারেন্সে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে স্পেন সরকার। আমন্ত্রণ পেলেও প্রধান উপদেষ্টা কনফারেন্সে যোগ দিচ্ছেন না। বাংলাদেশ কনফারেন্সে প্রতিনিধি পাঠাবে।

    আশা করা হচ্ছে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে একটি প্রতিনিধি দল কনফারেন্সে যাবে। ফ্রান্সে প্রধান উপদেষ্টার ওশেন কনফারেন্সে না যাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর কয়েকটি বহুপক্ষীয় ফোরামে যোগ দিতে বিদেশ সফর করেছেন। সেই সফরগুলোতে বাংলাদেশের চাওয়া-পাওয়ার বিষয় বিবেচনায় থাকে।

    ফ্রান্সের প্রেসিডেন্ট আমন্ত্রণ জানানোর পর বাংলাদেশ কনফারেন্সে যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক চেয়েছে। কিন্তু ফ্রান্সের দিক থেকে সম্মতি পাওয়া যায়নি। শুধু একটা কনফারেন্সে যাওয়া তো ঠিক হবে না।