Category: আন্তর্জাতিক

  • যুক্তরাষ্ট্র বিপরীতে ইরানের পক্ষে লড়বে চেচেন আর্মি

    যুক্তরাষ্ট্র বিপরীতে ইরানের পক্ষে লড়বে চেচেন আর্মি

    ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর ৩২ দিন ধরে ওয়াশিংটন ও তেল আবিব হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। তবে ইসলামি প্রজাতন্ত্রকে পরাজিত করতে না পারায় যুক্তরাষ্ট্র এবার স্থল আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে।

    এই প্রেক্ষাপটে মার্কিন সৈন্যরা হামলা করলে তাদের প্রতিহত করতে ইরানের পক্ষে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন আর্মি। মঙ্গলবার (৩১ মার্চ) ইরানের সংবাদ মাধ্যম গুলো এ তথ্য জানিয়েছে।

    ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, যদি যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করে, তবে রমজান কাদিরভের অনুগত চেচেন সামরিক ইউনিটগুলো সেখানে মোতায়েন হওয়ার জন্য প্রস্তুত।

    কাদিরভপন্থী বাহিনীগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি সামরিক অভিযানকে একটি ‘ধর্মীয় যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছে এবং সম্ভাব্য যেকোনো হস্তক্ষেপকে ‘জিহাদ’—ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরক্ষায় ভালো ও মন্দের লড়াই হিসেবে বর্ণনা করেছে।

    সূত্র: দ্য ইয়ন

  • ইরানে স্থল অভিযান চালোনোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

    ইরানে স্থল অভিযান চালোনোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

    ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযান চালোনোর জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালির নিকটবর্তী উপকূলীয় এলাকাগুলোও অভিযানও অন্তর্ভুক্ত রয়েছে বলে শনিবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পোস্ট জানিয়েছে, এই পরিকল্পনায় বিশেষ অভিযানকারী ও প্রচলিত পদাতিক বাহিনীর অভিযান অন্তর্ভুক্ত থাকতে পারে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনাগুলোর কোনোটিতে অনুমোদন দেবেন কিনা তা এখনো অনিশ্চিত।

    সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের বৃহত্তম তেল টার্মিনাল যেখানে অবস্থিত সেই খার্গ দ্বীপ দখলের সম্ভাবনা এবং হরমুজ প্রণালির নিকটবর্তী অন্যান্য উপকূলীয় এলাকায় অভিযান চালানোর বিষয়ে আলোচনা করছে। এই অভিযানের উদ্দেশ্য হলো বাণিজ্যিক ও সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করতে পারে এমন ‘অস্ত্র খুঁজে বের করে ধ্বংস করা।’

    এক কর্মকর্তা বলেছেন, বিবেচনাধীন উদ্দেশ্যগুলো সম্পন্ন করতে সম্ভবত ‘কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহ’ সময় লাগবে। তবে অন্য একজন বলেছেন, সম্ভাব্য সময়সীমা ‘কয়েক মাস’ হতে পারে।

    মার্কিন সামরিক বাহিনীর পরিকল্পনা সম্পর্কে অবগত একজন প্রাক্তন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, এই পরিকল্পনা ব্যাপক। তিনি বলেছেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখেছি। এর জন্য যুদ্ধ মহড়াও হয়েছে। এটি শেষ মুহূর্তের কোনো পরিকল্পনা নয়।”

    ওই কর্মকর্তা বলেন , ইরানের ভূখণ্ড দখল করা হলে তা ইসলামী প্রজাতন্ত্রের শাসনব্যবস্থাকে ‘লজ্জিত’ করবে এবং ভবিষ্যতের আলোচনায় ‘মূল্যবান দর কষাকষির হাতিয়ার’ তৈরি করবে।

    তিনি জানান, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভূখণ্ড দখল করে থাকা যেকোনো মার্কিন বাহিনীকে সুরক্ষা দেওয়া।

    ওই কর্মকর্তা বলেন, “আপনাকে খার্গ দ্বীপের লোকদের জন্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এটাই কঠিন কাজ। দ্বীপটি দখল করা কঠিন নয়। আপনার লোকেরা একবার সেখানে পৌঁছে গেলে তাদের সুরক্ষা দেওয়াটাই আসল।”

  • সৌদি আরবের রাজধানী রিয়াদে ইরানের হামলা !

    সৌদি আরবের রাজধানী রিয়াদে ইরানের হামলা !

    সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। শুক্রবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

    মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদ এলাকার দিকে ধেয়ে আসা আরো দুটি ড্রোনকে প্রতিহত ও ধ্বংস করেছে এবং চারটি উপসাগরের পানিতে বা খোলা জায়গায় পড়েছে।

    এর কিছুক্ষণ পরেই আবারো রিয়াদ লক্ষ্য করে হামলা চালায় ইরান। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে সৌদি রাজধানীর কাছে এটি দ্বিতীয় এমন হামলা।

    সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদ এলাকার দিকে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।

  • ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র নিহত

    ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র নিহত

    ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন।

    ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা ‘তাসনিম’ তাদের টেলিগ্রাম ও এক্স অ্যাকাউন্টে জানায়, শুক্রবার (২০ মার্চ) ভোরে নায়েনি নিহত হন।  খবর আল-জাজিরার।

    ৬৮ বছর বয়সী নায়েনি ছিলেন আইআরজিসির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল। ২০২৪ সালে তিনি মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

    নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে জাতীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছিলেন, “যুদ্ধকালীন সময়েও আমাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে।”

    আল-জাজিরার খবর অনুযায়ী, মধ্যরাত থেকে ইরানের রাজধানী তেহরানের পূর্ব দিকে বেশ কয়েক দফায় তীব্র হামলা চালানো হয়েছে।

    তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহরেও হামলা হয়েছে, সেখানে প্রচুর সামরিক স্থাপনা রয়েছে। কারাজ ও তেহরান প্রায় প্রতিদিনই হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। ইরানের দক্ষিণের কেরমান ও হরমুজগান প্রদেশের বন্দর লেঙ্গেহ-তেও মার্কিন-ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ করেছে।

    পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান তাদের অভিযানের ৬৬তম ধাপের ঘোষণা দিয়েছে, যার লক্ষ্যবস্তু হলো উত্তর ও পশ্চিম জেরুজালেম, হাইফা, তেল আবিব এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো।

  • ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি

    ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি

    ইরান, নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করেছে। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি-র দ্বিতীয় সন্তান। আজ সোমবার রাত সোয়া ৩টায় ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানায়।

    ইরানের সংবিধান অনুযায়ী, ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টস সুপ্রিম লিডার নির্বাচন করে। সর্বশেষ ভোটাভুটিতে তারা মোজতবা খামেনিকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছেন।

    অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন নেতার প্রতি জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে।

    গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর যৌথ হামলায় স্ত্রী ও মেয়েসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান।

    আল জাজিরা জানিয়েছে, মোজতবা খামেনি কখনো কোনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশও নেননি। তবে তার বাবা সুপ্রিম লিডার থাকার সময় ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার প্রভাব ছিল বলে ধারণা করা হয়। বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল।

    আয়াতুল্লাহ আলি খামেনি বয়সের কারণে দুর্বল হয়ে পড়ার পর থেকেই অনেক বিশ্লেষক তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখছিলেন। তবে ৫৬ বছর বয়সী মোজতবা নিজে কখনো প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করেননি।

    এদিকে ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগে মন্তব্য করেছিলেন, মোজতবা খামেনি সুপ্রিম লিডার হলে তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না।

     

  • ইরানের জ্বালানি ডিপোতে হামলা করেছে ইসরায়েল

    ইরানের জ্বালানি ডিপোতে হামলা করেছে ইসরায়েল

    ইরানের জ্বালানি ডিপোগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেন, এসব হামলা ছিল ‘ইসরায়েলের আঘাত’, যা স্থানীয় জ্বালানি ডিপোতে করা হয়েছে।

    মূলত যানবাহনের জন্য জ্বালানি ভরার জায়গাগুলোতে হামলা করেছে ইসরায়েল। তিনি বলেন, শনিবার তেহরান ও এর আশপাশের তেল সংরক্ষণাগারগুলোতে হামলার ফলে বড় বড় আগুনের ঘটনা ঘটে।

    ক্রিস রাইট বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের কোনো জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে না এবং দেশটির তেল বা প্রাকৃতিক গ্যাস শিল্পে হামলারও কোনো পরিকল্পনা নেই।

    এদিকে যুদ্ধের কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সাধারণত বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই পথ দিয়েই পরিবহন করা হয়।

    ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধ না করে, তাহলে তারা পাল্টা জবাব দেবে।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে নাম প্রকাশ না করা ওই মুখপাত্র অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেসামরিক মানুষ এবং জ্বালানি ও তেল-সংক্রান্ত স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

    মুখপাত্র সতর্ক করে বলেন, “আপনারা যদি প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারের বেশি হলেও মেনে নিতে পারেন, তাহলে এই খেলা চালিয়ে যান।”

  • আজ রাতে ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় হামলা হবে-স্কট বেসেন্ট

    আজ রাতে ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় হামলা হবে-স্কট বেসেন্ট

    মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আজ (শনিবার) রাত হবে ইরানের বিরুদ্ধে আমাদের (যুক্তরাষ্ট্রের) সবচেয়ে বড় বোমা হামলা অভিযান।’

    তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই হামলা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি করবে এবং এর মাধ্যমে সেগুলোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দেওয়া হবে।

    তেহরানের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে স্কট বেসেন্ট বলেন, ইরান ‘অর্থনৈতিক অস্থিরতা’ সৃষ্টির চেষ্টা করছে।

    তথ্যসূত্র : আল–জাজিরা

  • ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো চুক্তি হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    শুক্রবার (০৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, যদি না তারা নিঃশর্ত আত্মসমর্পণ করে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইরানে চালানো হামলা বা সংঘাতের সম্ভাব্য সমাপ্তি নিয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি। তবে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার প্রশাসনের লক্ষ্য চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যেই অর্জন করা।

    তবে একই সঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আমরা কাজটি শেষ করতে চাই।ট্রাম্প আরও দাবি করেন, ভবিষ্যতে ইরানে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী নেতৃত্ব নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা দেশটিকে অর্থনৈতিক ভাবে পুনর্গঠনে কাজ করবে।

    তিনি লেখেন, এরপর আমরা এবং আমাদের সাহসী মিত্ররা একসঙ্গে কাজ করে ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনব।

    ইরানকে আগের চেয়েও বড়, উন্নত ও শক্তিশালী অর্থনীতিতে পরিণত করা হবে।পোস্টের শেষে ট্রাম্প লেখেন, ইরানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। মেক ইরান গ্রেট এগেইন (MIGA)।

  • ইরানের ড্রোন হামলায় কাতারে গ্যাস উৎপাদন বন্ধ

    ইরানের ড্রোন হামলায় কাতারে গ্যাস উৎপাদন বন্ধ

    মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানির দুটি স্থাপনায় ইরানের ড্রোন হামলার কারণে প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করেছে কাতারএনার্জি।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তীব্র প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ও কাতারের স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে।

    সোমবার (২ মার্চ) কাতারএনার্জি এক বিবৃতিতে জানায়, হামলায় রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ও মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটির তাদের পরিচালন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মেসাইদ এলাকার একটি বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাংক এবং রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার কারণে কোম্পানি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের উৎপাদন বন্ধ ঘোষণা করেছে।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, সমস্ত ক্ষয়ক্ষতি ও লোকসান নিরূপণ করা হবে এবং পরে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

    বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ কাতার এবং বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস কোম্পানি কাতারএনার্জি। ইরানের হামলায় উৎপাদন বন্ধ হওয়ায় এটি বিশ্ব বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

     

  • ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে পাশে থাকার আশ্বাস চীনের

    ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে পাশে থাকার আশ্বাস চীনের

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে আত্মরক্ষার ক্ষেত্রে ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন; যাকে এই যুদ্ধে একটি বড় মোড় বদল বলা যায়।

    মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেন। ফোনালাপে আরাগচিকে ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষার ক্ষেত্রে বেইজিং তেহরানকে সমর্থন করে।

    চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) প্রতিবেদনে বলা হয়, ওয়াং ই আরাগচিকে বলেন, “চীন-ইরানের ঐতিহ্যগত বন্ধুত্বকে আমরা মূল্য দিই। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীন সমর্থন জানায়। একই সঙ্গে নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় ইরানকে সমর্থন করে।”

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। তিন দিনের টানা যুদ্ধে বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশে দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌবহরে যেমন হামলা চালাচ্ছে, তেমনি ইসরায়েলকেও মোকাবিলা করে হামলাও চালাচ্ছে।

    সমর শক্তিতে বিশ্বের প্রধান শক্তি যুক্তরাষ্ট্র এবং উন্নততর প্রযুক্তির অস্ত্রধারী ইসরায়েল কে বহু ফ্রন্টে মোকবিলা করে পাল্টা হামলা অব্যাহত রাখা ইরানের পাশে চীনের থাকার বার্তা নিঃসন্দেহে এই যুদ্ধে নতুন জ্বালানি যোগাবে।

    অন্যদিকে, ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক এক ফোনালাপে ওয়াং ই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি বলেন, তারা ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দিয়েছে।

    ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদিকে ওয়াং ই বলেন, চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।