Category: জাতীয়

  • যে ভাবে জানা যাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

    যে ভাবে জানা যাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ফল প্রকাশ করা হবে। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার মতো এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলও কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হবে না।

    আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই বেলা দুইটায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।

    ফল জানার উপায় ঃ

    ১. অনলাইনে: শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd  ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার সন, বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবে।

    ২. এসএমএসের মাধ্যমে: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে— SSC<স্পেস>বোর্ডের প্রথম তিন অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>সাল উদাহরণ: SSC DHA 123456 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

    ৩. প্রি-রেজিস্ট্রেশন (মাদ্রাসা বোর্ডের জন্য): এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের নিয়ম হলো: Dakhil লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর এবং সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: Dakhil MAD 123456 2025। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্টার করা নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফল পৌঁছে যাবে।

    ৫. প্রতিষ্ঠানভিত্তিক ফল: প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফল ডাউনলোড করা যাবে।

    গত ১০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ মে মধ্যে হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিল। তবে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী এক বা একাধিক পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

  • সবার প্রতি সম্মান রেখেই সংশোধন প্রস্তাব তৈরি করা হচ্ছে-জাতীয় ঐকমত্য কমিশন

    সবার প্রতি সম্মান রেখেই সংশোধন প্রস্তাব তৈরি করা হচ্ছে-জাতীয় ঐকমত্য কমিশন

    রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে সংশোধন প্রস্তাব তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তবে বিতর্ক এড়াতে সতর্ক থেকে অনেক কিছুই বাদ দিয়ে কমিশন এগোচ্ছে বলেও তিনি জানান।

    সোমবার (৭ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১০ম দিনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, “কোনো কিছু চাপিয়ে দেওয়া নয়, বরং দলগুলোর মতামত বিবেচনায় রেখে সুপারিশ করা হচ্ছে।”

    এ সময় কমিশনের সদস্য ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

    আলী রীয়াজ বলেন, “জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে ভিন্ন দলগুলোর ভিন্ন অবস্থান রয়েছে। তাই একাধিক প্রস্তাব রাখা হয়েছে যাতে সর্বোত্তম সমাধান খুঁজে পাওয়া যায়।”

    রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ইতিবাচক আলোচনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “ভুল বোঝাবুঝি এড়াতে আমরা সতর্ক এবং অনেক কিছু বাদ দিয়েই এগোচ্ছি। আলোচনার গতি বজায় রাখতে সবাইকে আন্তরিক সহযোগিতা করতে হবে।”

    আজকের আলোচনায় নির্বাচনি এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলেও তিনি জানান। এছাড়া, উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব নিয়েও মতবিনিময় হবে।

    এদিন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি আলোচনায় অংশ নেন।

  • ইলিশের মূল্য নির্ধারনে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের !

    ইলিশের মূল্য নির্ধারনে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের !

    ইলিশের মূল্য নির্ধারণ হলে বিক্রি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। এমনিতে আড়তে ইলিশ কম আসছে মূল্য নির্ধারণ হলে সেটি আরও কমে যাবে বলে শঙ্কা ব্যবসায়ীদের।

    এদিকে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ১৭ জুন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠান। সেই চিঠির আলোকে ২৬ জুন মন্ত্রীপরিষদ বিভাগ বিষয়টি প্রধান উপদেষ্টার নিকট উপস্থাপন করেন এবং মূল্য নির্ধারণের প্রস্তাব সম্মতি দেন প্রধান উপদেষ্টা।

    এদিকে ইলিশের মূল্য নির্ধারণের প্রস্তাব চূড়ান্ত হওয়ার খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে। ক্রেতারা দাম নির্ধারণে সাধুবাদ জানালেও বিক্রেতারা বলছেন বিষয়টি একেবারে অযৌক্তিক। ইলিশের দাম নির্ধারণ করে বিক্রি করা একেবারে অসম্ভব। যার কারণে সরকারের এ সিদ্ধান্ত কখনোই বাস্তবায়ন হবে।

    শহরের বিপনীবাগ বাজারের বিক্রেতা জাকির হোসেন বলেন, ‘মাছ ধরা পড়লে এমনি দাম কমে যাবে। কিন্তু দাম নির্ধারণ করে কী বিক্রি করা সম্ভব হবে? আমরা আড়ত থেকে কেজি হিসেবে কিনে আনি, তারপর বিক্রি করি। ইলিশতো এমনিতেই নেই। তার ওপর দাম নির্ধারণ করে দিলে বেচা সম্ভব নয়।’

    চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের ব্যবসায়ী মনছুর আহমেদ বলেন, ‘দাম নির্ধারণ করে বিক্রি হবে এটা কীভাবে সম্ভব? আগে এ মৌসুমে ইলিশ ভরা থাকতো কিন্তু এখন আড়ত খালি। ইলিশ কী বাড়িতে বানায় যে নির্ধারণ করে বিক্রি হবে। দাম কমবে শুধু ইলিশের সরবরাহ বাড়লে। সরকার যদি দাম নির্ধারণ কোনো কাজে আসবে না।’

    অন্যদিকে ইলিশের মূল্য নির্ধারণের প্রস্তাব অনুমোদনের খবর শুনে খুশি ক্রেতারা। দ্রুত ইলিশের দাম নির্ধারণ বাস্তবায়ন চান ক্রেতারা।

    বৃহস্পতিবার জেলার বিপনীবাগ বাজার, পালবাজার ও ওয়ারলেস বাজারে একাধিক ক্রেতাদের সঙ্গে কথা হয়। ইলিশের দাম নির্ধারণ হলে বাজারের স্বস্তি ফিরে আসবে এমনটা প্রত্যাশা করছেন ক্রেতারা।

    বিপনীবাগ বাজার ইলিশ কিনতে আসা মোহাম্মদ আলী বলেন, ‘ইলিশের বাড়ি চাঁদপুর হলেও এখানে ইলিশের দাম অনেক বেশি। বাজারে এসে ইলিশ কিনতে ভয় করে। আমরা ইতোমধ্যে জেনেছি, সরকার ইলিশের মূল্য নির্ধারণ করে দিবে। পদক্ষেপটি বাস্তবায়ন হলে আমরা খুশি হব।’

    পূজা নামের আরেক ক্রেতা বলেন, ‘ইলিশের দাম যে বাড়ছে আর কমার নাম নেই। অনেক দরদাম করে ছোট সাইজের দুটি ইলিশ কিনেছি। এভাবে চলতে থাকলে আর ইলিশ কিনতে পারবো না।’

    চাঁদপুর বড়স্টেশন মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ‘ইলিশ সরবরাহের ওপর দাম নির্ধারণ হয়ে থাকে। সরকার নির্দিষ্ট দাম করে দিলে বিক্রি করা সম্ভব না। কারণ কাঁচামাল অগ্রিম মূল্য নির্ধারণ করা যায় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে চাঁদপুরসহ সারাদেশে ইলিশ নেই তাহলে কীভাবে মূল্য নির্ধারণ করে দিবে।’

    এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মহসীন উদ্দিন বলেন, ‘প্রধান উপদেষ্টা ইলিশের দাম নির্ধারণে সম্মতি দিয়েছেন। তবে এখনো দাম নির্ধারণের সুনির্দিষ্ট পরিকল্পনা চূড়ান্ত হয়নি। দাম নির্ধারণে আড়তদার, জেলে, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলে যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবে।’

  • ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা

    ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা

    জুলাই পদযাত্রায় অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বহনকারী গাড়ি হামলার শিকার হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় এনসিপির নেতাকর্মীরা কর্মসূচি শেষ করে পীরগঞ্জে যাওয়ার পথে টাঙ্গন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

    এনসিপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও আর্ট গ্যালারি মসজিদে নামাজ শেষে পীরগঞ্জের উদ্দেশে রওনা হয় এনসিপির গাড়ি বহর। টাঙ্গন ব্রিজ অতিক্রম করার সময় আন্তঃজেলায় চলাচলকারী একটি বাস এনসিপির বহরের গাড়িকে চাপা দেয়।

    এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলে এনসিপির নেতাকর্মীরা গাড়ি থামিয়ে কৈফিয়ত চান। তখন এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করে ৫ থেকে ৬ জন। এতে গাড়িচালকসহ একজন এনসিপি কর্মী আহত হন।

    এনসিপি অভিযোগ করেছে, এ হামলা পূর্বপরিকল্পিত। বাস চাপা দিয়ে দলের শীর্ষ নেতাদের হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য। তবে, তারা সঠিক গাড়ি চিহ্নিত করতে পারেনি। পরে গাড়িতে থাকা কেন্দ্রীয় নেতাদের ওপরেও হামলা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন।  

    ঠাকুরগাঁও এনসিপির মুখপাত্র অপু বলেন, ‘‘হামলাকারীরা মূলত নাহিদ বা সারজিসদের টার্গেট করেছিল। প্রথমে যেহেতু বাসচাপা দেওয়া হয়েছে, ধারণা করা যায়, তাদের উদ্দেশ্য ছিল সরাসরি হত্যা। এর সঠিক তদন্ত দাবি করছি।’’

    ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার হোসেন বলেন, “বিষয়টি জানামাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছি। এনসিপি অভিযোগ করছে, এটি হামলা। প্রাথমিকভাবে একজন হামলাকারীর ভিডিও তারা দেখিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

  • জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া  নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম

    জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম

    জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এ নির্বাচন সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।

    ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র তৃতীয় দিনে বৃহস্পতিবার (৩ জুলাই) নীলফামারীতে এক পথসভায় তিনি এসব কথা বলেন। ‌এরআগে সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রার কর্মসূচি শুরু হয়।

    নাহিদ ইসলাম বলেন, ‌‘আওয়ামী সন্ত্রাসীরা এখনো অনলাইনে সরব। তারা ঘাপটি মেরে দেশেই রয়েছে। এ কারণে আমাদের ওপর হামলার ঘটনা ঘটছে। গতকালও এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তাদের ধরে এনে বিচার নিশ্চিত করতে হবে। কারণ পরাজিত শক্তি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলছে। তারই ধারাবাহিকতায় এমন অরাজক পরিস্থিতি বিরাজ করছে।’

    তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের যোদ্ধাদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? সরকারও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ।’

    পরাজিত শক্তির রেখে যাওয়া পুরোনো বন্দোবস্ত পরিবর্তন করা ছাড়া কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, যত দ্রুত এক্ষেত্রে সংস্কার হবে, তত তাড়াতাড়ি দেশ সঠিক পথে এগিয়ে যাবে। আমরা জুলাই পদযাত্রার মাধ্যমে যে সাড়া পাচ্ছি, তাতে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করেই ছাড়বো।

    এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে হলে সংবিধান বদলাতে হবে। কারণ বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান। এটার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না। ফ্যাসিস্ট বিদায় হলেও ফ্যাসিবাদী তন্ত্র এখনো জেঁকে বসে আছে রাষ্ট্রযন্ত্রে।’

    তিনি বলেন, গত ফ্যাসিস্ট আমলে নীলফামারীর মানুষ উন্নয়নবঞ্চিত। এখানে অনেক সম্ভাবনা রয়েছে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জেলার উন্নয়ন ঘটানো সম্ভব। এজন্য এনসিপির পক্ষে দলমত নির্বিশেষে সবার সমর্থন প্রত্যাশা করেন তিনি।

    একই পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘দেশে আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না, দখলদারত্ব দেখতে চাই না। কোনো লুটপাট দেখতে চাই না। আমরা কোনো সরকারি অফিসে দাসত্বের মতো ব্যবহার দেখতে চাই না। টাকা ছাড়া কাজ হয় না, এমন কোনো সরকারি অফিসে দেখতে চাই না। সবার সহযোগিতা ও সমর্থন নিয়ে সুন্দর, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।’

  • ‘জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়ায় ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে’

    ‘জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়ায় ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে’

    অভ্যুত্থানের এতদিন পরেও জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়ায় ব্যর্থতার দায়ভার সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

    রবিবার (২৯ জুন) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

    নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশে যেহেতু সরকার দায়িত্ব নিয়েছিল, ফলে ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে। সরকারকে স্পষ্ট করতে হবে কোথা থেকে বাধা পাচ্ছে, কাদের জন্য এটি হচ্ছে না।

    সরকার যেহেতু স্পষ্ট করেনি আমাদের মনে হয় সরকারের ওপর নির্ভরশীল না থেকে আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করা উচিত। পরে সরকারের দায়িত্ব থাকবে এটাকে কীভাবে আইনি প্রক্রিয়ায় রূপান্তর করা যায়। আমাদের অবশ্য দাবি থাকবে এই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করার।

    তিনি বলেন, আমরা ৩১ ডিসেম্বর এই কর্মসূচি শুরু করেছিলাম। সরকারের জায়গা থেকে যখন বলা হলো তখন আমরা কর্মসূচি থেকে সরে এসেছি। এখন এই ঘোষণাপত্র রচনার জন্য আমাদের সারাদেশে যাত্রা। আমরা জনগণের দুয়ারে জুলাইকে নিয়ে যাব তাদের বক্তব্য এবং প্রত্যাশা অনুযায়ী ঘোষণাপত্র রচিত হবে।

    সংবাদ সম্মেলনে, পহেলা জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারাদেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি, আগামী ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস এবং ৫ আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপনের ঘোষণা দেয় দলটি।

  • ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

    ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

    শুক্রবার (২৭ জুন) দিনগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া হাইওয়ে থানার অদূরে বিপরীত পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৭ জুন) দিনগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে যশোর থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চর-মোনাইর সমাবেশে অংশ নিতে আসার পথে ‘হামদান এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

    শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যাই এবং আটকে পড়াদের উদ্ধার করি।

    ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন। হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান। এ ঘটনায় আহত ১৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

  • জুলাই সনদ ও সংস্কার সুপারিশ চূড়ান্ত পর্যায়ে, চলছে দর কষাকষি

    জুলাই সনদ ও সংস্কার সুপারিশ চূড়ান্ত পর্যায়ে, চলছে দর কষাকষি

    গণঅভ্যুত্থানের জুলাই সনদ ও রাজনৈতিক সংস্কারের সুপারিশমালা চূড়ান্ত করছে জাতীয় ঐক্যমতো কমিশন। দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কাছাকাছি সমঝোতায় পৌঁছেছে কমিশন সূত্র জানিয়েছে।

    জুলাইয়ের প্রথম সপ্তাহেই ঘোষিত হচ্ছে জুলাই সনদ। সংস্কারে শেষ মুহূর্তে সব দলের ঐক্যমতে পৌঁছাতে উভয়পক্ষে বড় বড় ছাড় নিয়ে দর কষাকষি চলছে।

    জাতীয় ঐক্যমতো কমিশন সূত্র জানায় আগামী ১৫ জুলাই কমিশনের মেয়াদ শেষ হবে। এরই মধ্যে দফায় দফায় বৈঠক করে জুলাই সনদ ও রাজনৈতিক মৌলিক কাঠামো চূড়ান্ত করেছে।

    আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও কমিশনের বিশেষ সহকারি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলের প্রভাবশালীদের সাথে আলোচনা করে কাছাকাছি নিয়ে এসেছেন। এখন চলছে শেষ মুহূর্তের সর্বসম্মতির মৌলিক কাঠামো ঠিক করার কাজ।

    ৷৷ বাংলাদেশে প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নে ছাড় দিয়েছে বিএনপি। দলটি আগের অবস্থান থেকে সরে আসা বা অবস্থানের এই পরিবর্তনের কথা বলেছে শর্তসাপেক্ষে। এক ব্যক্তি দুই মেয়াদ বা দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না, জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রস্তাব মেনে নেবে বিএনপি।

    তবে দলটির শর্ত হচ্ছে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব বাদ দিতে হবে; এ ধরনের কোনো বিধান সংবিধানে যুক্ত করা যাবে না। জাতীয় ঐক্যবোধ কমিশনার এই প্রস্তাবনা থেকে ইতিমধ্যে সরে এসেছে।

    জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব থেকে সরে এসে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ গঠনের প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতেও রাজি নয় বিএনপি এবং এর মিত্র কয়েকটি দল।

    সাংবিধানিক পদে নিয়োগের কাউন্সিল গঠনের প্রস্তাবের বিরুদ্ধে অবস্থানের পেছনে বিএনপি নেতাদের যুক্তি, এতে প্রধানমন্ত্রীর হাত বেঁধে দেওয়া হবে; দুর্বল করা হবে নির্বাহী বিভাগকে। বিএনপির পাল্টা অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী, জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল এনসিপিসহ ইসলামপন্থি বিভিন্ন দল।

    তারা বলছে, প্রধানমন্ত্রীর হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত না হয়, সেজন্য এ ধরনের ব্যবস্থা থাকা প্রয়োজন। এছাড়া সংবিধানের মূলনীতির প্রশ্নেও দলগুলোর মধ্যে ব্যাপক তর্ক-বিতর্ক হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশষে বৈঠকে।

    মৌলিক কিছু বিষয় নিয়ে ওই বৈঠকে ব্যাপক বিতর্কের পর ব্যক্তিগত ঐ পক্ষে কাছাকাছি পর্যায়ে ঐক্য পৌঁছেছে। এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ বা দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, এরপর ওই ব্যক্তি আর ক্ষমতায় থাকতে পারবেন না। এই প্রস্তাবের বিরোধিতা করতে গিয়ে বিএনপি ছোট কয়েকটি দল ছাড়া অন্যদের পক্ষে পায়নি।

    জামায়াত, এনসিপিসহ ডান ও বাম-সব ঘরানার দল, এমনকি বিএনপির মিত্রদের মধ্যেও কোনো কোনো দল প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছরের বেশি না হওয়ার প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে।

    এই দলগুলোও জাতীয় ঐকমত্য কমিশনের সুরে সুর মিলিয়ে যুক্তি তুলে ধরছে। তাদের বক্তব্য হচ্ছে, প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি কয় মেয়াদ ক্ষমতায় থাকতে পারবেন, এটা সুনিদিষ্ট না থাকায় কতৃত্ববাদী, একনায়ক বা স্বৈরশাসন প্রতিষ্ঠার সুযোগ রয়েছে। আর এ ক্ষেত্রে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দীর্ঘ শাসনের উদাহরণকে তুলে ধরা হচ্ছে।

    বিভিন্ন দলের এমন অবস্থান এবং পরিস্থিতি বিএনপির ওপর প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নে এক ধরনের চাপ তৈরি করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন।

    আইন বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, সংসদীয় পদ্ধতিতে এক ব্যক্তির সরকার প্রধানের পদে থাকার মেয়াদকাল সুনির্দিষ্ট করা হলে তা জটিলতার তৈরি করতে পারে।

    সুপ্রিমকোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেন, সংসদীয় গণতন্ত্র রয়েছে যে সব দেশে, এর মধ্যে যুক্তরাজ্য, ভারতসহ বেশির ভাগ দেশেই প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদকাল নির্দিষ্ট করা নেই।

    তিনি মনে করেন, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় এক ব্যক্তি টানা দুই মেয়াদের বেশি ওই পদে থাকতে পারবেন না, এই ব্যবস্থা বা বিধান যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে আছে। কারণ রাষ্ট্রপতি শাসন অনেকটা ব্যক্তিকেন্দ্রিক।

    বিশ্লেষকদের অনেকে মনে করেন, বিধান করে ক্ষমতার সময় নির্দিষ্ট করে দেওয়া হলেও অনেক সময় তা কাগজে-কলমে থেকে যায়।

    বিশ্লেষকদের বক্তব্য হচ্ছে, কোনো বিধান চাপিয়ে দিলেই কর্তৃত্ববাদী বা স্বৈরশাসন ঠেকানো সম্ভব নাও হতে পারে। সেজন্য বাংলাদেশে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে যে প্রস্তাব এসেছে, তাতে সব দলের স্বতস্ফূর্ত সমর্থন ছাড়া এর উদ্দেশ্য সফল করা কঠিন হতে পারে।

    বিএনপির নেতারা মনে করেন, সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য যখন কোনো কাউন্সিল বা কমিটি গঠন করে তা সংবিধানে যুক্ত করা হবে, তখন প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হবে।

    জাতীয় ঐকমত্য কমিশনের মঙ্গলবারের বৈঠকে এর বিরোধিতা করে যুক্তি দিতে গিয়ে বিএনপি নেতারা এ-ও বলেন, এ ধরনের বিধান করা হলে প্রধানমন্ত্রীর হাত বেঁধে দেওয়া হবে।

    দলটি ওই প্রস্তাব প্রত্যাখান করেছে বলা যায়। তারা বিষয়টাকে প্রধান-মন্ত্রীর মেয়াদের প্রস্তাব মেনে নেওয়ার ক্ষেত্রে শর্ত হিসেবে এনেছে। দলটি বলেছে, সাংবিধানিক কাউন্সিল বা কোনো কমিটি গঠনের প্রস্তাব বাদ দেওয়া না হলে বিএনপি প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কিত প্রস্তাবে সমর্থন দেবে না।

    রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বিএনপির অবস্থানকে ব্যাখ্যা করছেন ভিন্নভাবে। তারা বলছেন, নির্বাচন হলে যেহেতু বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সে কারণে দলটি এখন প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভাগ বসাতে দিতে রাজি নয়। সে জন্যই বিএনপি সাংবধিানিক পদে নিয়োগে অন্য কোনো কর্তৃপক্ষ তৈরির প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক পদগুলোয় নিয়োগের জন্য সার্চ কমিটি বা আইনি ব্যবস্থা আছে। সে সব আইনে সংস্কার করা হলে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু সাংবিধানিক কাউন্সিল গঠনের বিষয়টি তারা মেনে নেবেন না। এটি করা হলে নির্বাহী বিভাগের ক্ষমতা কমবে এবং গণতন্ত্র দুর্বল হবে বলেও উল্লখে করেন বিএনপি নেতা মি. আহমদ।

    বিএনপির এই অবস্থানেরও পাল্টা অবস্থানে রয়েছে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, বেশিরভাগ দল সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাবের পক্ষে মত দিয়েছে। বিষয়টাতে তারা আরও আলোচনা করবেন।

    জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে জাতীয় ঐকমত্য কমিশন এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে। এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি থাকার যে প্রস্তাব করা হয়েছিল, নতুন প্রস্তাবিত সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটিতে তাঁরা থাকবেন না।

    এই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকার । কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। অ্যাটর্নি জেনারেল ও তিন বাহিনীর প্রধানের নিয়োগ এই কমিটির অন্তর্ভুক্ত হবে না।

    এই কমিটি হবে সাত সদস্যবিশিষ্ট, যেখানে সভাপতি থাকবেন নিম্ন-কক্ষের স্পিকার। এছাড়া কমিটিতে থাকবেন—প্রধানমন্ত্রী, স্পিকার (নিম্নকক্ষ), স্পিকার (উচ্চকক্ষ), বিরোধীদলীয় নেতা, প্রধান বিরোধী দল ছাড়া অন্যান্য বিরোধী দলগুলোর একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি (আইনের মাধ্যমে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন), প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি।

    অন্যদিকে, আইন বিশেষজ্ঞরা বলছেন, দেশে সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে চারটি। সেগুলো হলো–– সুপ্রিমকোর্ট, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন ও মহা হিসাব-নিরীক্ষকের কার্যালয়। এর বাইরে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের বিষয়কেও প্রস্তাবিত কমিটির আওতায় আনার কথা বলা হচ্ছে।

    সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বলতে বোঝায়, যে সব প্রতিষ্ঠানের পরিচালনার জন্য আলাদা আইন আছে বা যে সব প্রতিষ্ঠান স্বতন্ত্র আইন দ্বারা চলে। যেমন দুর্নীতি দমন কমিশন, টেলিফোন রেগুলেটরি সংস্থা- এমন আইনভিত্তিক দুশোর বেশি প্রতিষ্ঠান রয়েছে।

    আইনজীবী শাহদীন মালিক মনে করেন, এ সব প্রতিষ্ঠানের নিয়োগের জন্য আলাদা কর্তৃপক্ষ করা হলে নির্বাহী বিভাগে ক্ষমতা খর্ব হবে। তবে ঐকমত্য কমিশনের এসব প্রস্তাব নিয়ে বিএনপিসহ কয়েকটি দল যেহেতু বিরোধিতা করছে, ফলে এটি বাস্তবায়ন করা কঠিন।

    জামায়াত, ইসলামী আন্দোলনসহ ইসলামী দলগুলো ধর্মীয় বিষয়ে বিভিন্ন প্রস্তাব এনেছে সংবিধানের মূলনীতিতে যুক্ত করার জন্য। মূলনীতি পরিবর্তন করা না করার প্রশ্ন দলগুলো ঐকমত্যের ভিত্তিতে যে সিদ্ধান্তই নিক না কেন, তার সঙ্গে তিনটি বিষয় যুক্ত করার প্রস্তাব করেছে ঐকমত্য কমিশন।

    তাদের সেই প্রস্তাব তিনটি হচ্ছে, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাত হীনতা। তবে বিএনপির সঙ্গে সিপিবি,বাসদসহ বামপন্থি দলগুলোর বিরোধ সংবিধানের পঞ্চম ও পঞ্চদশ সংশোধনী নিয়ে।

    বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূলনীতিতে সংশোধনী আনা হয়েছিল।

    সেই সংশোধনী অনুযায়ী সংবিধানের মূলনীতি ছিল, সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, এবং সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক সুবিচার, গণতন্ত্র। বিএনপি পঞ্চম সংশোধনীর ওই মূলনীতিতে ফিরে যেতে চায়।

    অন্যদিকে মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই ৭২ এর সংবিধানের মূলনীতি ফিরিয়ে আনা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের সময়ে। আর এ সংশোধনী অনুযায়ী, সংবিধানের মূলনীতি হচ্ছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এই চার মূলনীতি এখন বহাল আছে।

    সিপিবিসহ বামপন্থি দলগুলো পঞ্চদশ সংশাধনীর মাধ্যমে ফিরিয়ে আনা ৭২ এর সংবিধানের মূলনীতি বহাল রাখার পক্ষে। তাদের সঙ্গে বিএনপির তুমুল তর্ক-বিতর্ক হয় ঐকমত্য কমিশনের বৈঠকে।

    কমিউনিস্ট পার্টি বা সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ৭২ এর সংবিধানের মূলনীতি কোনো দলের নয়, সেটি ছিল মুক্তিযুদ্ধের চেতনার ওপর ভিত্তি করে। সে জন্য তারা তা বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। শেষপর্যন্ত ঐকমত্য কমিশনের বৈঠকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি।

    ওই বৈঠকে অংশ নেওয়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দলগুলো যার যার আদর্শিক অবস্থান থেকে সংবিধানের মূলনীতিতে পরিবর্তন আনতে চাইছে, ফলে বিষয়টাতে শেষপর্যন্ত ঐকমত্য হবে কি না-এ নিয়ে তার সন্দেহ রয়েছে।

    আওয়ামী লীগের শাসনের পতনের আন্দোলন বা গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে জুলাই মাসেই সংস্কার প্রশ্নে সনদ ঘোষণা করার কথা রয়েছে। সে জন্য জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রয়েছে ১৫ই জুলাই পর্যন্ত। এই সময় আরও বাড়তে পারে।

    যদিও কমিশন ১০ই জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার চেষ্টার কথা বলছে। সেজন্য তাদের হাতে সময় বেশি নেই। কিন্তু সংবিধানের স্পর্শকাতর ও মৌলিক বিষয়ে এখনো দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এসব বিষয়ে ঐকমত্য বেশ কঠিন বলে রাজনীতিকসহ সংশ্লিষ্টরাই বলছেন।

    কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, সংস্কারের যে সব প্রস্তাবে ঐকমত্য হবে, সেগুলো দিয়েই জুলাই সনদ তৈরি করা হবে।

  • সিইসি কাজী হাবিবুল আউয়ালের তিনদিনের রিমান্ড মঞ্জুর

    সিইসি কাজী হাবিবুল আউয়ালের তিনদিনের রিমান্ড মঞ্জুর

    সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার পর এবার রাষ্ট্রদ্রোহ, অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার মামলায় সিইসি কাজী হাবিবুল আউয়ালের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

    এদিন বেলা ১২টা ৫০ মিনিটের দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে বেলা ১টা ২৫ মিনিটে তাকে আদালতে তোলা হয়।মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

    মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

    শুনানিতে তিনি বলেন, “এই আসামি ২০২২ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার আমলে ২০২৪ সালের ৭ জানুয়ারি এ দেশে কলঙ্কজনক নির্বাচন হয়। সেই ডামি নির্বাচনে আ.লীগ ও ২-১ টি দল ছাড়া আর কেউ অংশ নেয়নি। সেই নির্বাচন ছিল ডামি নির্বাচন, একতরফা, লোক দেখানো ও প্রহসনের নির্বাচন।”

    তিনি বলেন, “তিনি (আউয়াল) সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিতে পারেননি। তখন তিনি বলেছিলেন, কেউ নির্বাচনে না আসলে আমি কি বসে থাকবো? তিনি ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান। অন্যায় করেছেন বলেই তিনি গা ঢাকা দেন।”

    শুনানিতে তিনি আরো বলেন, “৭ জানুয়ারির নির্বাচনে তিনি গণমাধ্যমে বলেছেন, সারাদেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এত বড় মিথ্যা বলে তিনি কিভাবে তার পরিবারের সামনে মুখ দেখান। ওইদিন সকাল ৮টা থেকে ৩ টা পর্যন্ত ২৭.১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানান। তার ১ ঘণ্টা পর ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানান। অথচ আমরা দেখেছি কেন্দ্রগুলোতে কোনো মানুষ ছিল না, কুকুর-বিড়াল কেন্দ্রে শুয়ে ছিল। ওই ১ ঘন্টা তিনি কোথায় ছিলেন জানতে চাইলে গণমাধ্যমকে বলেন, ঘুমিয়ে পড়েছিলেন। কতটা হাস্যকর কথাবার্তা।”

    শুনানিতে সরকারি এই আইনজীবী বলেন, “আসামির বিরুদ্ধে তৎকালীন সরকারের সঙ্গে আঁতাত করার অভিযোগ রয়েছে। নির্বাচনের থোক বরাদ্দ থেকে অর্থ আত্মসাৎ করেছেন। সংবিধান বহির্ভূত বক্তব্য দিয়ে তিনি রাষ্ট্রদ্রোহ করেছেন। আমরা তার সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি।”

    আসামি পক্ষের আইনজীবী এমিল হাসান রুমেল তার রিমান্ড বাতিল চেয়ে বলেন, “তার বয়স ৭০। তিনি অনেক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। আমরা যেন ফ্যাসিস্ট দমাতে গিয়ে নিজেরা ফ্যাসিস্ট না হয়ে যাই।”
    এরপর আদালতের অনুমতি নিয়ে কথা বলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল। তিনি বলেন, “প্রসিকিউশনের বক্তব্যের সঙ্গে আমিও একমত। নির্বাচনটি ডামি ও প্রহসনের নির্বাচন ছিল।”

    এ সময় তাকে থামিয়ে বিচারক বলেন, “প্রত্যেক জেলায় নির্বাচনী ইনকোয়ারি কমিটি করা হয়। যেখানে একজন যুগ্ম-জেলা জজ পদমর্যাদার একজন দায়িত্বে থাকেন। আগে যার ভাতা ছিল ২২ হাজার টাকা, সেটা আপনি ৫ লাখে উন্নীত করেছেন। এতে কি জনগণের টাকা অপচয় হয়নি?”

    এ বিষয়ে তার জানা নেই উল্লেখ করে আউয়াল জানান, ৫ বছরের মুদ্রাস্ফীতি হিসেব করে হয়তো ভাতা বাড়ানো হয়েছিল।

    এরপর বিচারক আবারো বলেন, “এই যে ইনকোয়ারি কমিটি করা হয়েছিল নির্বাচনের সময়, কোথাও কি তারা সরেজমিনে গিয়েছিলেন?”

    তখন আওয়াল বলেন, “একজন রিটার্নিং অফিসারের অধীনে ৪-৫টা সংসদীয় আসনের দায়িত্ব দেওয়া হয়। তাকে সহযোগিতা করতে আরও ৪-৫ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকেন। একটা নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য ২ ভাগ দায়িত্ব কমিশনের, বাকি ৯৮ ভাগ দায়িত্ব মাঠ পর্যায়ে কাজ করা অফিসারদের।”

    বিচারক জিজ্ঞেস করেন, “নির্বাচনের আগে এমন অবস্থা জেনে আপনি পদত্যাগ করলেন না কেন?”

    এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না। আমার এক বন্ধুও আমাকে জিজ্ঞেস করেছিল পদত্যাগের কথা। আমি বলেছি তুমি যদি আগে বলতে এমন ভয়ংকর নির্বাচন হবে, তাহলে আমি দায়িত্বই নিতাম না।”

    আউয়াল পূর্বের নির্বাচনের কথা তুলে ধরে বলেন, “৭২ এর সংবিধান প্রণয়নের তিন মাসের মাথায় অনুষ্ঠিত ৭৩ এর নির্বাচনে আ.লীগ ২৯৩টি আসন পায়। সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না। ক্ষমতার লোভ এমন যে, শেখ মুজিবও তা সামলাতে পারেননি। ৯৬ সালে আ.লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে। পরবর্তীতে তারাই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে।”

    এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী উত্তেজিত হয়ে আদালতকে বলেন, “তিনি (আউয়াল) নিজেকে জাস্টিফাই করছেন। তার এসব বক্তব্য দেওয়ার সুযোগ নেই।”

    জবাবে আউয়াল বলেন, “জাস্টিফাই না করতে দিলে রিভলবার দিয়ে গুলি করে মেরে ফেলেন।”

    এ সময় উপস্থিত আইনজীবীরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে এজলাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

    নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে আউয়াল আরো বলেন, “মৌলিক সংস্কার ছাড়া আগামী ১ হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

    আধ ঘণ্টার দীর্ঘ শুনানি শেষে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

    এর আগে, বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় গত ২৩ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

    আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে মামলা করে বিএনপি। মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছে।

    গত রোববার (২২ জুন) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন। এছাড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়।

  • ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান, ৮ আগস্ট নতুন বাংলাদেশ ও ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস

    ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান, ৮ আগস্ট নতুন বাংলাদেশ ও ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস

    ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস, ৮ আগস্ট নতুন বাংলাদেশ এবং ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৫ জুন) রাতে সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে এ ঘোষণা দেওয়া হয়েছে।

    ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস শ্রেণিভুক্ত, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ও ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস শ্রেণিভুক্ত হিসেবে পালিত হবে। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে সরকার। প্রতি বছর দিবসটিকে শ্রেণিভুক্ত হিসেবে পালন করা হবে। তথ্য বিবরণীতে জানানো হয়, সরকার ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর এ তারিখকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    তথ্য অধিদপ্তর জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ সরকার ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। প্রতি বছর দিতবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করা হবে।

    তথ্য বিবরণীতে বলা হয়, সরকার ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর এ তারিখকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালন এবং দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত হিসেবে ঘোষণা করা হয়।

    তথ্য বিবরণীতে বলা হয়, সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    এসব সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থাকে অনুরোধ করা হয়েছে।