Category: জাতীয়

  • সেনাপ্রধানের বক্তব্য আমাদের জন্য খুবই অপমানজনক- তাসনুভা মাহা

    সেনাপ্রধানের বক্তব্য আমাদের জন্য খুবই অপমানজনক- তাসনুভা মাহা

    বিডিআর সদর দপ্তর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের শিকার মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহা বলেছেন, রাওয়াতে (রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেটা আমাদের জন্য খুবই অপমানজনক। পিলখানার সৈনিকরা কখনোই এই ঘটনা ঘটাতে পারে না। আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ। মঙ্গলবার জাতীয় শহিদ সেনা দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    তিনি বলেন,আমার রুমে গিয়েছিল হিন্দিভাষীরা। আমার স্বামীর সঙ্গে আমি পিলখানায় সাড়ে তিন বছর ছিলাম। কিন্তু আমি এই সাড়ে তিন বছরে কখনো বিডিআর-এর কোনো সদস্যকে হিন্দিতে কথা বলতে শুনি নাই। শুধুমাত্র ২৫ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে। আমার হাসব্যান্ড দরবার হল থেকে ফোনে বলেছিল এনএসজি এবং ইন্ডিয়ান। তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে না কারা ঘটিয়েছিল এই ঘটনা।

    তাসনুভা আরও বলেন, ২০০৯ সাল থেকে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি। তারপরও আমি যা বলছি সেগুলো মিডিয়াতে কাট করা হয়েছিল। আর স্বামীর ডেডবডি এখনো পাওয়া যায়নি। এটা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি।

    গতকাল আমি দুটি সাক্ষাৎকার দেওয়ার জন্য কবরস্থানে গিয়েছিলাম, কিন্তু আমার সেই বক্তব্য এখনো প্রচার করতে দেওয়া হয়নি আইএসপিআর থেকে। আপনারা কি বুঝতে পারছেন কোথায় বাঁধাটা।

    তিনি আরও বলেন, আমার ছেলেকে আইএসএসবিথেকে বাদ দেওয়া হয়েছে। কারণ মেজর তানভিরের সন্তান সশস্ত্রবাহিনীতে চাকরি করতে পারবে না। সেনাবাহিনীতে আরও একটা মেজর তানভীর গড়ে উঠুক সেটা বর্তমান সেনাপ্রধান চান না। আমাদের জীবনটা সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হচ্ছে।

    আমার বাসার নিচে সবসময় লোকজন থাকে। আপনারা কি বুঝতে পারছেন আমরা কোথায় আছি। আজকে রাওয়ার বক্তব্যই এটা প্রমাণ করে দেয়। বাট, ইফ, ফুলস্টপ এটা কি সেনাপ্রধানের কথা হতে পারে?

    পিলখানা হত্যাকাণ্ডের শিকার মেজর তানভীরের স্ত্রী আরও বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের পর থেকে যতদিন পর্যন্ত শেখ হাসিনা ছিল; ওই সময়টায় দেখা গেছে যে, আওয়ামী লীগের লোকজন সেনাবাহিনীতে বসে আছে। শেখ হাসিনাকে তো আমরা বিদায় করেছি।

    কিন্তু এখন পর্যন্ত আমরা সুবিচারটা পাচ্ছি না। পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কী সঠিকভাবে হচ্ছে? আমার তো মনে হয় না। আমি যে হিন্দি ভাষার কথাটা বলছি এটা খুব হালকাভাবে নেওয়া হচ্ছে।

    সবশেষে তিনি বলেন, আপনারা আমাদেরকে সহায়তা করেন যাতে আমরা সঠিকভাবে আগাতে পারি। আর আমার স্বামীর ডেডবডিটা এখনো পাওয়া যায়নি। আর্মি থেকেও কিন্তু আমাকে কেউ কোনো সহায়তা করছে না।

    সূত্র : যুগান্তর অনলাইন।

     

  • হংকংসহ পাঁচটি দেশ ও কেম্যান আইল্যান্ডস দ্বীপপুঞ্জে শেখ হাসিনার সম্পদের সন্ধান

    হংকংসহ পাঁচটি দেশ ও কেম্যান আইল্যান্ডস দ্বীপপুঞ্জে শেখ হাসিনার সম্পদের সন্ধান

    চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংসহ পাঁচটি দেশ ও কেম্যান আইল্যান্ডস দ্বীপপুঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

    প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএফআইইউ (বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) ও যৌথ তদন্ত দল অনুসন্ধানে অবৈধভাবে দেশ-বিদেশে বিভিন্ন সম্পদের সন্ধান পেয়েছে।

    প্রেস সচিব বলেন, বিএফআইইউ ও যৌথ তদন্ত দলের অনুসন্ধানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং পশ্চিম ক্যারিবিয়ান সাগরের দ্বীপ কেম্যান আইল্যান্ডসে শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান ‘স্ল্যাশ ফান্ডের’ অস্তিত্ব পাওয়া গেছে।

    শফিকুল আলম বলেন, ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ দশমিক ১৪ কোটি টাকা, রাজউকের ১ কোটি ৮০ লাখ টাকা (দলিল মূল্য) মূল্যের ৬০ কাঠা প্লট ও ৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১০ শতাংশ জমিসহ ৮টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে।

    তিনি আরও বলেন, বিএফআইইউ দুটি গোয়েন্দা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে। এ ছাড়া পাঁচ কোটি ১৫ লাখ টাকাসহ ১১টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে। সব ব্যাংক হিসাবের তথ্য দুদকে পাঠানো হয়েছে।

     

  • নির্বাচনী ট্রেনের হুইসেল বেজে গেছে-সিইসি

    নির্বাচনী ট্রেনের হুইসেল বেজে গেছে-সিইসি

    কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনী ট্রেনের হুইসেল বাজিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা । আগামী ডিসেম্বরে ভোটের টার্গেট। সোমবার (১০ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    সিইসি বলেন, উনারা এসেছিলেন সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে এবং তারা নির্বাচনে সহায়তা করতে চান। বিদেশি পর্যবেক্ষক সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা দল নিবন্ধন, ভোটার নিবন্ধন সম্পর্কে জানিয়েছি।

    শিগগিরই ক্রয় প্রক্রিয়ায় যাচ্ছি। বিদেশি পর্যবেক্ষক নীতিমালা পরিবর্তন হবে না, তবে দেশিটা হবে। যথাসময়ে পর্যবেক্ষক আসার জন্য বিজ্ঞপ্তি দেবো। তিনি বলেন, ডিসেম্বরে টার্গেট রেখে প্রস্তুতি নিচ্ছি।

    ডিসেম্বরে ভোট করতে হলে তো অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। আরেক প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, নির্বাচনের ট্রেনের হুইসেল তো প্রধান উপদেষ্টা ইতোমধ্যে দিয়েছেন। ডিসেম্বরে অথবা আগামী জুনের মধ্যে নির্বাচন।

  • টাঙ্গাইলের আলোচিত ‘সমন্বয়ক’ মিস্টি ৪ দিনের রিমান্ডে

    টাঙ্গাইলের আলোচিত ‘সমন্বয়ক’ মিস্টি ৪ দিনের রিমান্ডে

    টাঙ্গাইলে দখল, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ মারিয়াম মোকাদ্দাস মিস্টির (২৭) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে মারিয়াম মোকাদ্দাস মিস্টিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

    গতকাল রোববার রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে মারিয়াম মোকাদ্দাস মিস্টির নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই রাতেই মিস্টিকে গ্রেপ্তার করে পুলিশ।

    মারিয়াম মোকাদ্দাস মিস্টি বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের শাহ আলমাসের স্ত্রী। তবে তিনি টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ায় বাস করেন।

    টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ জানিয়েছেন, মামলার পর শহরে অভিযান চালিয়ে মিস্টিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

     

  • বাংলাদেশের সঙ্গে কাজ শুরু করেছে স্টারলিংক

    বাংলাদেশের সঙ্গে কাজ শুরু করেছে স্টারলিংক

    বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের অংশীদার হয়ে কাজ করছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান।প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার (৮ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানিয়েছেন, বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে। বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করতে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হয়েছে।

    তিনি আরো জানান, ভূমি বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় এসব সহযোগিতা চুক্তি হয়েছে। স্টারলিংক টিম এই কাজের জন্য কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে।

    ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রকল্পের স্থান ও প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে। স্টারলিংক বাংলাদেশের শহরে কিংবা প্রান্তিক অঞ্চলে, উত্তর অঞ্চল কিংবা উপকূলে লোডশেডিং কিংবা প্রাকৃতিক দুর্যোগের ঝামেলামুক্ত রিলায়েবল এবং হাইস্পিড ইন্টারনেটের নিশ্চয়তা দেবে। এটি নিরবচ্ছিন্ন সেবা এবং উচ্চমান কোয়ালিটি সার্ভিসের নিশ্চয়তা দেবে।

    যেহেতু বাংলাদেশে টেলিকম গ্রেড ফাইবার নেটওয়ার্কের বিস্তৃতি সীমিত এবং প্রান্তিক অঞ্চলগুলোতে এখনো লোডশেডিংয়ের সমস্যা রয়েছে তাই স্টারলিংক আমাদের উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এনজিও এবং এসএমই ব্যবসায়ীদের দৈনন্দিন কর্মকাণ্ড এবং ডিজিটাল ইকোনমিক ইনিশিয়েটিভগুলোকে বেগবান করবে।

    উল্লেখ্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ১৯ ফেব্রুয়ারি স্টারলিংকের প্রতিষ্ঠাতা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

    প্রধান উপদেষ্টা তার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানকে স্পেসএক্স টিমের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালুর জন্য প্রয়োজনীয় সব কাজ শেষ করার নির্দেশনা দিয়ে ছিলেন।

     

  • পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত-১

    পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত-১

    পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন । শনিবার (৮ মার্চ) দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ বদরুদ্দোজা জানান, আজ ভোরে আবালুপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। আল আমিনের বাড়ি হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়া এলাকায়। তিনি ওই এলাকার সুরুজ আলীর ছেলে।

    বিজিবি ও এলাকাবাসী জানান, আল আমিন দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করেন। ভোরে আল আমিনসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া করে। বিএসএফের দাবি, বাংলাদেশিরা তাদের দেশি অস্ত্রে হামলা করতে গেলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। এ সময় গুলিবিদ্ধ হয়ে আল আমিন নিহত হন।

    পরে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায়। খবর পেয়ে সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা সীমান্ত পিলার ৭৪৪/৭ এস এলাকায় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটলিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠক করেন। লেফটেন্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, পতাকা বৈঠকে আমরা এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে লাশ ফেরতের আহ্বান জানিয়েছি।

     

  • ৮ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

    ৮ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

    বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ জন বিশিষ্ট ব্যক্তি। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

    বিশিষ্ট ব্যক্তিরা হলেন- মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, পপ সম্রাট আজম খান (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), বামপন্থি রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর) ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)।

    উল্লেখ্য, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পদক দেওয়া হয়। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণের পদক, সম্মানীর অর্থের চেক ও একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।

  • প্রধান উপদেষ্টার নতুন দুইসহকারী শেখ মইনউদ্দিন ও  ফয়েজ আহমেদ তৈয়্যব

    প্রধান উপদেষ্টার নতুন দুইসহকারী শেখ মইনউদ্দিন ও  ফয়েজ আহমেদ তৈয়্যব

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরো দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দুই বিশেষ সহকারী হলেন শেখ মইনউদ্দিন এবং ফয়েজ আহমেদ তৈয়্যব।  বুধবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়ে বলেছে, তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেতন, ভাতা ও অন্যান্য ‍সুবিধা পাবেন।

    শেখ মইনউদ্দিনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে, যেখানে উপদেষ্টা হিসেবে রয়েছেন মুহাম্মদ ফাওজুল কবির খান। আর ফয়েজ আহমেদ তৈয়্যবকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে, যা রয়েছে প্রধান ‍উপদেষ্টার অধীনে। একই পদমর্যাদায় এর আগে আরো তিনটি মন্ত্রণালয়ে তিনজন বিশেষ সহকারী নিয়োগ দেন প্রধান উপদেষ্টা।

    সরকারে দপ্তর বণ্টন ও নতুন নিয়োগ নিয়ে বুধবার পৃথক প্রজ্ঞাপনে সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনা ও শিক্ষায় থাকা উপদেষ্টার ওয়াহিদউদ্দিন মাহমুদের দায়িত্ব কমিয়ে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।

     

  • উপদেষ্টা হ‌চ্ছেন সি আর আবরার ও অধ্যাপক আমিনুল ইসলাম

    উপদেষ্টা হ‌চ্ছেন সি আর আবরার ও অধ্যাপক আমিনুল ইসলাম

    অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হি‌সে‌বে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক সি আর আবরার ও অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনু‌ষ্ঠিত হ‌বে।

    এর মধ‌্য দি‌য়ে আকার বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের। অধ্যাপক সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকারকর্মী।

    জানা গেছে, তি‌নি শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে এক ব্রিফিংয়ে প্রধান উপ‌দেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা নিয়োগ পাচ্ছেন অধ্যাপক সি আর আবরার। তি‌নি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

    অন‌্যদি‌কে, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হ‌চ্ছে।

    শিক্ষা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারীর দপ্তরের একজন কর্মকর্তা বলেন, ‘‘বুধবার সকাল সাড়ে ১০টায় স্যারকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। সকাল ১১টায় উপদেষ্টা হিসেবে তার শপথ হবে।’’

  • অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে

    অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে

    অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বঙ্গভবনে নতুন এই উপদেষ্টাদের শপথ হবে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

    নতুন কতজন উপদেষ্টা শপথ নেবেন সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে অন্তর্বর্তী সরকারে নতুন উপদেষ্টা নিয়োগ পাচ্ছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

    বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে নতুন এ উপদেষ্টার শপথ হবে বলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। আমিনুল ইসলাম বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন।