Category: ঢাকা বিভাগ

  • আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে ‘শাহবাগ ব্লকেড’

    আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে ‘শাহবাগ ব্লকেড’

    আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে চলছে ‘শাহবাগ ব্লকেড’। রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। সারা রাতই সেখানে অবস্থান করেছেন বিক্ষোভকারীরা। রাতে জায়ান্ট স্ক্রিন দেখানো হয় জুলাই অভ্যুত্থান নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি, নাটক ও গান।

    এদিকে শাহবাগ মোড় ছাড়া দেশের অন্য কোনো হাইওয়ে ও রাজধানীর অন্য কোনো সড়ক বন্ধ না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার (১০ মে) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

    হাসনাত আবদুল্লাহ বলেন,‘ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।’আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে শাহবাগ অবরোধের পর মিরপুর-১০, যাত্রাবাড়ীসহ রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে জড়ো হতে ফেসবুকে পোস্ট দেন অনেকেই। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধের কথা শোনা যায়। তারই প্রেক্ষিতে শুধু শাহবাগ ছাড়া আর কোথাও ব্লকেড কর্মসূচি না রাখার আহ্বান জানালেন হাসনাত আবদুল্লাহ।

    একইসঙ্গে তিন দফা দাবিতে নতুন কর্মসূচিরও ঘোষণা করেছেন হাসনাত। কর্মসূচি অনুযায়ী, আজ বিকেল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত অনুষ্ঠিত হবে।

    ছাত্রজনতার এই তিন দফা দাবিগুলো হলো

    ১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে

    ২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।

    ৩. জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। শাহবাগে সারা রাত অবস্থানের পর সকালে লোক সমাগম কম দেখা গেছে। রাতেঅবস্থানকারীদের সিংহভাগই শাহবাগে ছেড়ে গেছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোক সমাগমও বাড়বে বলে ধারণা।

    শনিবার (১০ মে) সকাল ৯টায় শাহবাগে সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা সকাল থেকেই শাহবাগে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। কয়েকশ’ ছাত্র-জনতা বর্তমানে শাহবাগে অবস্থান করছেন।

    তারা ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর মধ্যেই রাস্তার ওপর শুয় বিশ্রাম করছেন রাতে অবস্থান করা অনেকে। গতকালের মতো আজও বন্ধ রয়েছে শাহবাগে যান চলাচল। শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

     

  • সাটুরিয়ায় সেনা সদস্যের বিচারের দাবিতে মানববন্ধন

    সাটুরিয়ায় সেনা সদস্যের বিচারের দাবিতে মানববন্ধন

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা দরগ্রাম ইউনিয়নে ফজল হক ও আনোয়ারা বেগমের উপর হামলাকারীদের বিচারের দাবিতে তেবারিয়া এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় অত্র ইউনিয়নের তেবাড়িয়া গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবার মানববন্ধন করে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

    স্থাণীয়সূত্রে জানা যায়, গত ০৬/০৫/২০২৫ ইং তারিখে, বসত বাড়ীর জায়গা ও পূর্ব শত্রুতার জের ধরে নিজ ভাতিজার হাতে ভুক্তভোগী চাচা (ফজল হক) ও চাচি (আনোয়ারা বেগম) বেদম মারপিটের শিকার হন। এই ঘটনায় তারা দুইজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

    এ ব্যাপারে ভুক্তভোগীর মেয়ে আলেয়া বেগম জানায়, গত ০৬/০৫/২০২৫ ইং তারিখে  নিজ বসত বাড়ীর সীমানায় থাকা একটি কাঁঠাল গাছ কাটা নিয়ে আমার চাচা ও চাচাতো ভাই (তেবাড়িয়া গ্রামের সেনা সদস্য মোঃ হোসেন আলী ও তার পিতা পাষাণ আলী) আমার বাবা ও মাকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। এক পর্যায়ে তারা মারাত্বক আহত হলে মুমুর্ষ অবস্থায় তাদেরকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করা হয়।

    হাসপাতাল সূত্রে জানা যায়,  ফজলুল হকের মাথায় প্রচণ্ড আঘাতের ফলে অত্যাধিক রক্তক্ষরণ হয়েছে। ক্রমে ক্রমেই তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

    এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জানায়, ইতিমধ্যে এ ব্যাপারে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম জানান, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সাটুরিয়ার কান্দাপাড়া ভাঁসিয়ালি টু শিমুলিয়া সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

    সাটুরিয়ার কান্দাপাড়া ভাঁসিয়ালি টু শিমুলিয়া সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

    মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে নির্মানাধীন উপজেলার কান্দাপাড়া ভাসিয়ালি ডিআর থেকে তিল্লি ইউপি হয়ে হরগজ ইউপি এবং শিমুলিয়া সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে চলমান একটি সড়কের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ হাজার ৭২০ মিটার।

    এই সড়ক নির্মাণে গুরুত্বপূর্ণ স্তর ওয়েট মিক্স ম্যাকডাম (ডব্লিউ এমএম) না করে কাদামাটি ব্যবহারের অভিযোগ উঠেছে। শিডিউল বহির্ভূত কাজ করার ফলে রাস্তার স্থায়িত্ব নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

    প্রকল্পের নথি অনুযায়ী, ভালো মানের খোয়ার সাথে ১০ থেকে ১৫ শতাংশ বালু মিশিয়ে নির্দিষ্ট অনুপাতে রেশিও তৈরি করে রোলার দিয়ে কম্পেকশন করার নিয়ম রয়েছে। ২০২৪ সালের ১৮ আগস্ট শুরু হওয়া এ কাজটি ২০২৫ সালের ১৮ আগস্টের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

    দায়িত্বে থাকা প্রকল্প উপসহকারী প্রকৌশলী আব্দুল আলিম জানান, এখন পর্যন্ত মাত্র ২০ থেকে ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে মাত্র। এই কাজের ধীরগতি, নিম্নমানের সামগ্রীর ব্যবহার এবং বালুর পরিবর্তে কাদামাটি দিয়ে কম্পেকশন নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

    সরেজমিনে দেখা যায়, হরগজ মোড় থেকে শিমুলিয়াগামী রাস্তার বিল্লাল ফকিরের বাড়ির সামনের অংশে কাদামাটি মেশানো নিম্নমানের খোয়া দিয়ে ডব্লিউএমএম (ওয়েট মিক্স ম্যাকডাম) স্তরের কম্পেকশন করা হচ্ছে। এছাড়াও, রাস্তার দুই পাশে পর্যাপ্ত সোল্ডার ছাড়াই কম্পেকশন করার কারণে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।

    এ বিষয়ে সাটুরিয়া উপজেলা প্রকৌশলী ইমরুল হাসান বলেন, তাদের কাজে অনেক ইটের প্রয়োজন। আমাদের নজরে যখনই খারাপ ইট ধরা পড়ে, আমরা সেই গাড়ি ফেরত দিতে বলি। শিডিউল অনুযায়ী তাদের কাজ করতে হবে। নিয়মের বাইরে কাজ করার কোনো সুযোগ নেই।

    এলজিইডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম বলেন, নিয়ম অনুয়ায়ী কাজ না হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

     

  • সাভারে ধর্ষণের অভিযোগে পিতাকে কুপিয়ে হত্যা করলো মেয়ে

    সাভারে ধর্ষণের অভিযোগে পিতাকে কুপিয়ে হত্যা করলো মেয়ে

    সাভারে বাবাকে কুপিয়ে হত্যা করেছেন মেয়ে জান্নাত জাহান শিফা (২৩) । পরে নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এসময় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

    বৃহস্পতিবার (৮ মে) সকালে সাভারের মজিদপুরের কাঠালবাগান এলাকার আব্দুল কাদেরের ভাড়া বাড়ির পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।নিহতের নাম আব্দুস সাত্তার, তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। আটক জান্নাত জাহান শিফা তারই মেয়ে। প্রায় ৫ মাস আগে তারা ওই বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন বলে জানা গেছে।

    সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ বলেন, আজ ভোর চারটার দিকে ৯৯৯ এর একটি ফোন আসে। জান্নাত জাহান শিফা নামের এক নারী বলেন তার বাবাকে তিনি হত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে তাকে গ্রেফতারের জন্য বলেন। তার দেওয়া খবরেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জান্নাতকে আটক করা হয়েছে।

    জান্নাত জাহান শিফা জানান, বুধবার রাতে ভাতের সঙ্গে ২০টি ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাওয়ান। বাবা ঘুমিয়ে পড়লে ভোর ৪টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ৯৯৯-এ কল করেন তিনি।

    পুলিশ জানায়, ২০২২ সালে নাটোর জেলার সিংড়া থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন শিফা। সেই মামলায় জেল খেটে সাভারে মেয়ের সঙ্গে আবার বসবাস শুরু করেন সাত্তার।

    এ ঘটনার জেরে তাদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। হত্যার এটাই কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

  • সুইসাইড নোটে লিখে র‍্যাব কর্মকর্তার আত্মহত্যা

    সুইসাইড নোটে লিখে র‍্যাব কর্মকর্তার আত্মহত্যা

    চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) চান্দগাঁও ক্যাম্পের নিজ কার্যালয় থেকে এক কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম পলাশ সাহা (৩৭)। তিনি র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন।

    মরদেহের পাশে একটি চিরকুট (সুইসাইড নোট) পাওয়া গেছে। বুধবার (৭ মে) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    সুইসাইড নোটে পলাশ সাহা লিখেছেন, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।

    এ বিষয়ে র‍্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, সিনিয়র এএসপি পলাশ সাহা খুবই দায়িত্বশীল এবং পেশাদার কর্মকর্তা ছিলেন। কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সাটুরিয়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

    সাটুরিয়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

    মানিকগঞ্জের সাটুরিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা কিতাব আলী (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে অত্র উপজেলার বালিয়াটি ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (৩ মে) সকালে কোরান আলী ও কিতাব আলী দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ হয়। এতে পরিবারের অন্য সদস্যরা যুক্ত হন। বিরোধে কথা-কাটাকাটি ও হাতাহাতি এক পর্যায়ে দুই পরিবারের লোকজন ঝগড়া থামিয়ে যার যার মতো চলে যায়। কিছুক্ষণ পর কোরান আলীর ছেলে সাকিল (২৫) বাড়ি এলে নতুন করে ঝগড়া শুরু হয়।

    এক পর্যায়ে মারামারি শুরু হলে সাকিল বাঁশ দিয়ে চাচা কিতাব আলীর মাথায় আঘাত করলে কিতাব আলী মাটিতে লুটিয়ে পড়েন। মাথা ফেটে রক্ত বের হলে সাটুরিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যায়।‌ সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (৭ মে) সকালে তার মৃত্যু হয়।

    এ ব্যাপারে সাটুরিয়া থানা উপপরিদর্শক আরিফ খান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

     

     

  • মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে সার্জিক্যাল যন্ত্রপাতি ক্রয়ে পুকুরচুরি !

    মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে সার্জিক্যাল যন্ত্রপাতি ক্রয়ে পুকুরচুরি !

    দুর্নীতির ‌‘স্বর্গরাজ্যে’ পরিণত হয়েছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল। সার্জিক্যাল যন্ত্রপাতি ক্রয়ের নামে লুটপাট অব্যাহত রেখেছে একটি চক্র। সম্প্রতি হাসপাতালের জিনিসপত্র কেনার নামে পুকুরচুরির একটি চিত্র সংবাদ মাধ্যমের হাতে এসেছে।

    নথি ঘেঁটে দেখা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে চীনে উৎপাদিত ব্লাড লাইন সেট ক্রয় করা হয়েছে ১২০০টি; সেখানে প্রতিটির দাম ধরা হয়েছে তিন হাজার ৪৪৭ টাকা ৫০ পয়সা। অথচ এর বাজারমূল্য মাত্র ২৬০ টাকা। চীনে উৎপাদিত হেমো ডায়ালাইজার সেট কেনা হয়েছে তিন হাজার ৭৪৩ টাকা দিয়ে ৩৩৯টি। অথচ এর বাজারমূল্য ৮৭০ টাকা। ভারতে উৎপাদিত স্কিন স্ট্যাপলার কেনা হয়েছে এক হাজারটি, যার মূল্য ধরা হয়েছে এক হাজার ১৮২ টাকা। বাজারে এর প্রকৃত মূল্য মাত্র ৮০০ টাকা।ভারতে উৎপাদিত পোলেন সফট মেস কেনা হয়েছে ৫০০টি, যার প্রতিটির দাম ধরা হয়েছে ৫ হাজার ৫২৫ টাকা। অথচ বাজারে সবচেয়ে ভালোটার দাম মাত্র দুই হাজার ১০০ টাকা।

    পাকিস্তানে উৎপাদিত এভি ফিস্টুলা নিডেল (সুই) কেনা হয়েছে ১২০০টি। এর প্রতিটির দাম ধরা হয়েছে তিন হাজার ৭৪৩ টাকা করে। অথচ বাজারে সবচেয়ে ভালোমানের এই সুইয়ের দাম মাত্র ৭০ টাকা। ওই অর্থবছরে ঠিক এভাবেই কারসাজি করে ৪৫৫টি সার্জিক্যাল যন্ত্রপাতি কয় করে প্রতিষ্ঠানটি।

    স্বাস্থ্য অডিট অধিদপ্তরের এক প্রতিবেদনে অডিট আপত্তির প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে এমআরপি মূল্যের চেয়ে অধিক মূল্যে এমএসজার সামগ্রী ক্রয় করায় ৪৬ লাখ ৮ হাজার ৪৮৮ টাকা, বাজারদর অপেক্ষা অধিক মূল্যে এমএসজার লিলেন সামগ্রী কেনায় ৩২ লাখ ৪৩ হাজার ৪৪৭ টাকা এবং প্রয়োজন না থাকা সত্ত্বেও গজ, ব্যান্ডেজ, তুলাসামগ্রী কেনায় সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ৪১ লাখ ৮ হাজার ৬৪৬ টাকা।

    এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘আমি হুকুমের গোলাম। আমাকে যা বলতো আমি তাই করতাম। তাছাড়া অডিট ও অফিসের কিছু বিষয় থাকে সেগুলোও তো দেখতে হয়।’

     

  • পাকিস্তানের ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ভারত

    পাকিস্তানের ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ভারত

    পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপনাস্ত্র হামলা শুরু করেছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হচ্ছে বলে ভারতের সরকার দাবি করেছে।

    এদিকে, ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। এর আগে ভারতের দুইটি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

    গত ২২শে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে

    কয়েকদিন ধরে চলমান উত্তেজনার মধ্যেই এ হামলা চালানো হলো।সবশেষ খবরে জানা যাচ্ছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, দেশটির তিনটি স্থানে হামলা চালিয়েছে ভারত, এবং হামলায় দুইজন শিশুসহ এ পর্যন্ত মোট আট জন নিহত হয়েছেন।

    এদিকে, ‘অপারেশন সিন্দুর’ নাম দিয়ে চালানো এই হামলায় ‘সন্ত্রাসী স্থাপনা’কে নিশানা করা হয়েছে বলে জানিয়েছে ভারত। যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সেখান থেকে ভারতের ওপরে ‘সন্ত্রাসী’ হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে ভারতের সরকার দাবি করেছে।

    তবে, পাকিস্তানের কোনও সামরিক স্থাপনায় হামলা চালানো হয় নি বলে দাবি করেছে ভারত। পাকিস্তানি সেনাবাহিনী বলেছে, তারা সময়মতো এ হামলার জবাব দেবে। তাদের বিমান বাহিনীর জেট বিমানগুলি ইতিমধ্যেই আকাশে রয়েছে।

    সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে যে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ভয়ঙ্কর বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। ভারতীয় সেনাবাহিনী দাবি করছে যে পাকিস্তান থেকেও ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি অঞ্চলের ভিম্বর গলিতে গুলি চালানো হচ্ছে।

  • শরীয়তপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুটি, যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা 

    শরীয়তপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুটি, যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা 

    ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপা-ডিকো) শরীয়তপুরের অধীন নির্মাণ করা বিদ্যুতের খুটি স্বর্ণঘোষ এলাকায় রাস্তার উপর ঝুঁকে রয়েছে।

    ঝুঁকে পড়া খুঁটি টেনে বাঁধা হয়েছে বসত বাড়ির উঠানের গাছে, এক খুঁটি অপর খুটির সাথে ও রাস্তার পাশের গাছের সাথে। যে কোন সময় সেই সকল খুঁটি উল্টে গিয়ে বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা করছেন এলাকা-বাসী। কর্তৃপক্ষকে বারবার অবগত করেও কোন সুফল মেলেনি তাদের।

    স্থানীয় সুত্র জানায়, জেলা শহরের চৌরঙ্গী থেকে স্বর্ণঘোষ দিঘিরপার পর্যন্ত সড়কের দুই পাশে শরীয়তপুর অজোপাডিকো বিদ্যুতের খুঁটি স্থাপন করেছে। প্রতিটি খুটির উপরের অংশে ১১ কেভি বিদ্যুৎ সরবারাহ হয়। নিচের অংশে ৯ লাইন বিদ্যুতের তার রয়েছে। একই খুটিতে রয়েছে শরীয়তপুর পৌরসভার সড়ক বাতির তার। এতো ভারী ওজন বহনকারী খুটিগুলি এদিক ওদিক হেলেদুলে রয়েছে।

    খুটি খাড়া করে রাখতে টানা দেওয়া হয়েছে বাড়ির ভিতরের গাছের সাথে, সড়কের পাশে ধাকা গাছের সাথে ও অন্য আরেক খুটির সাথে। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। অতি বিলম্বে হেলেদুলে পরা খুটি মেরামতের জন্য বিদ্যুৎ বিভাবেগর প্রতি আহবান জানিয়েছেন এলাকাবাসী।

  • দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

    দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

    যুক্তরাজ্যের লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ রাজকীয় বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।

    খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছেন তার দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বিগত বছরগুলোতে শামিলা রহমান বিভিন্ন সময় দেশে অবস্থান করলেও ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশত্যাগের পর এই প্রথম দেশে ফিরতে পারলেন জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    দলের প্রধানকে স্বাগত জানাতে এদিন ভোর থেকে বিমানবন্দর এলাকায় সড়কের দুপাশের ফুটপাতে নেতাকর্মীদের ঢল নেমেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর সড়কে জড়ো হয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনানী, খিলক্ষেত ও বিমানবন্দরের সড়কের দুপাশে অবস্থান নেন।

    দেশে ফিরেছেন খালেদা জিয়াখালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ঢল। দলীয় সূত্র জানিয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত সড়কের দুপাশে অবস্থান নিয়ে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাবেন। নেতাকর্মীর অবস্থান ঘিরে গুলশানে বাসভবনের সামনে, বনানী-খিলক্ষেত সড়কে ও বিমানবন্দর এলাকায় বিপুল সংখ্যক সেনা, পুলিশ, র‌্যাব, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

    এদিকে, দলের চেয়ারপারসনের আগমন ঘিরে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজসজ্জা করা হয়েছে। তার স্বাস্থ্যের জটিলতা বিবেচনায় রেখে সেখানে বিশেষ মেডিকেলের প্রস্তুতি নেওয়া হয়েছে। আধুনিক ও জরুরি চিকিৎসা সুবিধাসম্পন্ন কেন্দ্রে রূপান্তর করা হয়েছে বাসভবনটি, যেন কোনো ধরনের স্বাস্থ্য সংকটে দ্রুত সাড়া দেওয়া যায়।

    উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি রাত ১১টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। পরদিন বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর তাকে সেখান থেকে সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ নিয়ে ভর্তি করা হয়।

    ১৭ দিনের ক্লিনিক-পর্ব শেষে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা দেওয়া হয় তাকে। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে দেশে ফিরলেন সাবেক এ প্রধানমন্ত্রী।