Category: ঢাকা বিভাগ

  • ‘যদি কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে

    ‘যদি কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে

    ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে আজ শুক্রবার (২ মে) মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে সমাবেশটি আয়োজিত হবে।

    সমাবেশের আগে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শুক্রবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠেয় বিক্ষোভ সমাবেশে যোগ দিন। ’

    সমাবেশে উপস্থিত হয়ে প্রতিবাদ জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ।

    এর আগে গত বৃহস্পতিবার (১ মে) হাসনাত আবদুল্লাহ নিজের ভেরি-ফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এ দেশের ওপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। ’

     

  • মানিকগঞ্জে ‘ডাক্তার’ সেজে প্রজন্ম লীগ নেতার প্রতারণা

    মানিকগঞ্জে ‘ডাক্তার’ সেজে প্রজন্ম লীগ নেতার প্রতারণা

    মানিকগঞ্জ সদর হাসপাতালের পাশেই গড়ে উঠেছে গ্রীন লাইফ হাসপাতাল। সেখানেই চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন মানিকগঞ্জ জেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রদীপ বসু।

    ডিগ্রী না থাকলেও নিজের নামের সাথে ডাক্তার লিখে প্রতিদিনই রোগী দেখছিলেন তিনি। মোটা অংকের ফি নিয়ে দিচ্ছিলেন ব্যবস্থাপত্র।  বুধবার (৩০ এপ্রিল) দুপুরে গ্রীন লাইফ হাসপাতালে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক।

    ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসাবাদে প্রদীপ বসু জানান, তার ডিএমএফ ডিগ্রি রয়েছে এবং বিএমডিসির ‘ডি ক্যাটাগরি’ রেজিস্ট্রেশন নিয়েই রোগী দেখছেন। তবে তিনি স্বীকার করেন, তার এমবিবিএস বা বিডিএস ডিগ্রি নেই।

    তিনি দাবি করেন, হাইকোর্টে একটি রিট করেছেন। সেই রিট বিচারাধীন অবস্থায় চিকিৎসা চালিয়ে যাওয়া তার অধিকার। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক বলেন, রোগীদের সঙ্গে প্রতারণা করে নিজেকে ‘ডাক্তার’ হিসেবে পরিচয় দেওয়া এবং ভুয়া ডিগ্রি প্রদর্শন করা গুরুতর অপরাধ।

    তাই বিএমডিসি আইন অনুযায়ী প্রদীপ বসুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে তাকে সতর্ক করা হয়েছে। এসময় মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এম আর পারভেজসহ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সাটুরিয়ায় ছাগলের হাটের হাসিল আদায় নিয়ে দুই পক্ষের দ্বন্দ

    সাটুরিয়ায় ছাগলের হাটের হাসিল আদায় নিয়ে দুই পক্ষের দ্বন্দ

    মানিকগঞ্জের সাটুরিয়া বাজারে ছাগলের হাটের হাসিল আদায়কে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা পুনর্বাসন সমিতি ও ধামরাই উপজেলার ছাগলের হাটের ইজারাদারদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে দখল এবং হাটের স্থান পরিবর্তনের ঘটনা ঘটে। এতে সাধারণ ক্রেতা-বিক্রেতা চরম বিপাকে ও অনিশ্চয়তায় পড়ে।

    বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে সাটুরিয়া মুক্তিযোদ্ধা মার্কেটে ছাগলের হাট শুরু হলে পার্শ্ববর্তী ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের ছাগলের হাটের ইজারাদার রাজা ও সাজুর লোকজন মুক্তিযোদ্ধা মার্কেটের হাটে এসে হাসিল তুলতে বাধা দেন।পরবর্তীতে ধামরাইয়ের নতুন বসানো সাটুরিয়া সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের জায়গায় ছাগলের হাটে ছাগল বিক্রেতাদের যেতে বাধ্য করে। এ সময় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। সীমান্তবর্তী হওয়ায় নতুন বসানো হাটের স্থানটি ধামরাইয়ে হলেও সাটুরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের জায়গা। বিধি মোতাবেক সরকারি স্কুলের জায়গায় হাট বাজার বসতে পারে না।

    এদিন সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহম্মেদ, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইজারাদারদের ডেকে কথা বলে নতুন হাটটিকে সরানোর জন্য নির্দেশ দেন। হাট লাগানোর নিয়ম নীতির কথা বলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে যথাস্থানে হাট লাগাতে বলেন।

    সাটুরিয়া সরকারি স্কুলের প্রধান শিক্ষক জসীম উদ্দিন বলেন, ‘ধামরাই ইজারাদার এক প্রকার জোর করে স্কুলের জায়গায় নতুন হাট বসিয়েছে। আমি নিষেধ করার পরও তারা হাটের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্কুলের সভাপতি ইউএনও মহোদয় কে বিষয়টি অবহিত করেছি।’

    ইউএনও ইকবাল হোসেন বলেন, ‘স্কুলের সভাপতি হিসেবে স্কুলের ভাল মন্দ দেখার দায়িত্ব আমার। অবস্থানগত জায়গা ধামরাই উপজেলার হলেও স্কুলটি সাটুরিয়া। স্কুলের জায়গায় হাট বসতে পারে না।

    জোরপুর্বক এখানে হাট বসানো অন্যায় হয়েছে। আমি তাৎক্ষণিক এটা অপসারণের নির্দেশ দিয়েছি। আর ইজারাদারকে বলেছি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হাট লাগানোর ব্যবস্থা করুন। মুক্তিযোদ্ধা মার্কেটে বসানো হাটটিও যথাযথ নিয়ম মেনে বসানো হয়নি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

  • চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনাদেশ স্থগিত

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনাদেশ স্থগিত

    রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। হাইকোর্টের রায়ের অনুলিপি প্রকাশ ও নিয়মিত লিভ টু আপিল দায়ের না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ দিয়েছেন আদালত।

    হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

    আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। এর আগে দুপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় সবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেন হাইকোর্ট। তার জামিন প্রশ্নে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

    আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আব্দুল জব্বার ভূঁইয়া। পরে ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালতে আবেদন জানায়।

     

  • টাঙ্গাইলের মধুপুরে শিক্ষককে জুতাপেটার অভিযোগ !

    টাঙ্গাইলের মধুপুরে শিক্ষককে জুতাপেটার অভিযোগ !

    টাঙ্গাইলের মধুপুরে একদল নারী অভিভাবক আব্দুল জব্বার নামে এক শিক্ষককে জুতাপেটা করেছেন বলে অভিযোগ।বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে তারা ওই শিক্ষকের ওপর হামলা করেন। ভুক্তভোগী আব্দুল জব্বার ওই বিদ্যালয়েল প্রধান শিক্ষক।

    অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক আব্দুল জব্বার স্কুলে ক্লাস করানোর সময় তাদের মেয়েদের শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেছেন।

    এ ব্যাপারে অবিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বার বলেন, “আমার মেয়েকে স্থানীয় এক যুবক উত্ত্যক্ত করতো। তাকে বিভিন্ন সময়ে বুঝানো হয়েছে। কথা না শুনায় তাকে শাসন করা হয়েছিল। সেই ছেলে ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটিয়েছে। তদন্ত করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে।
    তিনি আরো বলেন, আমি শিক্ষার্থীদেরকে সন্তানের মতো দেখি। সেভাবেই আদর-শাসন করি। তদন্ত করে সঠিক বিষয়টি বের করার জন্য ঊর্ধ্বতনদের আহ্বন জানাচ্ছি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান শিক্ষক হিসেবে আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বছর এপ্রিল মাসে যোগ দেন আব্দুল জব্বার। বুধবার দুপুরে হঠাৎ করেই একদল নারী স্কুলে প্রবেশ করে তার কক্ষে যান। তারা আব্দুল জব্বারকে আক্রমণ করেন।

    এসময় সহকারী শিক্ষক সাজেদা বেগমসহ কয়েকজন প্রধান শিক্ষককে রক্ষার চেষ্টা করেন। ফলে শিক্ষকদের ওপর ক্ষিপ্ত হন হামলাকারীরা। পরে স্থানীয় কয়েকজন যুবক গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

    মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া ঘটনাস্থলে যান। তিনি ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে অভিভাবকদের আশ্বস্ত করেন।

    মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি জেনে সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ও নাজমুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। তাদের তথ্যের ভিত্তিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

  • মানিকগঞ্জে নাতিনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে নানাকে কুপিয়ে হত্যা

    মানিকগঞ্জে নাতিনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে নানাকে কুপিয়ে হত্যা

    মানিকগঞ্জে নাতিনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে নানাকে কুপিয়ে হত্যা
    নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা নানাকে কুপিয়ে হত্যা করেছে। নিহতের নাম আজগর আলী (৫০)। তিনি মানিকগঞ্জের সিংগাইর থানার জয়মন্টপ ইউনিয়নের রায়পুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত আজগর আলী একই গ্রামের মৃত রশিদ খানের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

    স্থাণীয় সূত্রে জানায়, (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতের শ্যালক নজরুল জানান, আজগরের নাতনিকে আলামিন নামের এক বখাটে রাস্তায় ইভটিজিং করত। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে সিংগাইর থানায় একটি অভিযোগ দেন আজগর। সন্ধ্যায় পুলিশ এসে আলামিনের খোঁজ নিয়ে চলে যায়। এর কিছু সময় পরেই কয়েকজন সন্ত্রাসী এসে আজগরকে কুপিয়ে পালিয়ে যায়।

    দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় রেফার করেন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব আল মেহেদী শুভ বলেন, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

    সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, আজগর নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার খবরে সাভার মডেল থানা পুলিশ হাসপাতালে যায়। সুরতহাল প্রতিবেদন সিংগাইর থানায় হস্তান্তর করা হবে।

  • টাঙ্গাইলের মির্জাপুরে ভাতিজার হাতে চাচা খুন !

    টাঙ্গাইলের মির্জাপুরে ভাতিজার হাতে চাচা খুন !

    টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা ফজলুল হক। রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বংশীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী মরিয়ম ও ছেলে মনিরুজ্জামান। নিহত ফজলুল হক বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।

    পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে ফজলুল হকের সঙ্গে ভাতিজা পারভেজের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ফজলুল হক, স্ত্রী মরিয়ম ও ছেলে মনিরুজ্জামান আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন।

    এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো রয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • চলতি মাসেই (এপ্রিল) দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

    চলতি মাসেই (এপ্রিল) দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

    চলতি মাসেই (এপ্রিল) লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার-সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানেরও দেশে ফেরার কথা রয়েছে।

    সূত্র জানায়, বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। আগামী বুধবারের (৩০ এপ্রিল) মধ্যে দেশে ফিরবেন খালেদা জিয়া। শাশুড়ির সঙ্গে দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরছেন।

    ঢাকাস্থ একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন।

    চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে ‘আশঙ্কামুক্ত’ নয়। তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন।

    সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিএনপির মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন। সব কিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী বুধবারের (৩০ এপ্রিল) মধ্যে দেশে ফেরার কথা রয়েছে।

    বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কোভিড-১৯ মহামারির সময় বিগত সকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়।

    গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।

    গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়।

    বর্তমানে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

    প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফর করেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি।

     

  • ফরিদপুরের বোয়ালমারীতে ১২ বছরের একটি ছেলে রেখে প্রবাসীর স্ত্রী উদাও

    ফরিদপুরের বোয়ালমারীতে ১২ বছরের একটি ছেলে রেখে প্রবাসীর স্ত্রী উদাও

    ফরিদপুরের বোয়ালমারীতে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছেন আমিনুর মোল্যা নামের এক সৌদি প্রবাসীর স্ত্রী। ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন ওই নারী। এ ঘটনায় অভিযুক্ত রানী বেগমসহ দুজনের বিরুদ্ধে ফরিদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (৮ নম্বর আমলি আদালত) মামলা করেছেন ভুক্তভোগীর ভাই নজরুল মোল্যা।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের রায়বর গ্রামের বাসিন্দা আমিনুর মোল্যা। ২২ বছর আগে আমিনুরের সঙ্গে রানী বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ১২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান আমিনুর। প্রায় ১৩ বছর ধরে তিনি সৌদি আরবে কর্মরত।

    গত ১০ এপ্রিল প্রবাসী আমিনুরের জমানো সাত লাখ টাকা ও আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে উধাও হন রানী বেগম। এরপর থেকে প্রায় ১৭ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। এদিকে, নিখোঁজ হওয়ার কিছুদিন পর রানী বেগম প্রবাসী স্বামীকে একতরফা তালাক দেন। তালাকনামায় সাক্ষী ছিলেন বোয়াল মারী উপজেলা সদরের ছোলনা গ্রামের মাহবুব এবং শিবপুর গ্রামের রাফি শেখ।

    মোবাইল ফোনে ভুক্তভোগী আমিনুর মোল্যা অভিযোগ করে বলেন, আমার সুখের সংসার ছিল। ১২ বছরের ছেলেকে ফেলে আমার স্ত্রী কষ্টার্জিত টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, তাকে আটক করে আমার অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারের ব্যবস্থা করা হোক।

    এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আদালত থেকে মামলার নথি থানায় এসেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

     

     

  • টাঙ্গাইলের সখীপুরে প্রেমের বিয়ের দুইদিনের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    টাঙ্গাইলের সখীপুরে প্রেমের বিয়ের দুইদিনের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    টাঙ্গাইলের সখীপুরে বিয়ের দুদিন পর রিয়া আক্তার (১৯) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালীদাস ঠকানিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    শনিবার (২৬ এপ্রিল) ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত রিয়া ওই এলাকার সৌদিপ্রবাসী নীরব মিয়ার সদ্য বিবাহিত স্ত্রী ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে সখীপুর উপ-জেলার কালীদাস ঠকানিয়াপাড়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী নীরব মিয়ার (২৭) সঙ্গে রাজবাড়ীর কালুখালী উপজেলার আমিরুল শাহর মেয়ে রিয়া আক্তারের ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠ।

    নীরব সৌদি আরব থাকা অবস্থাতেই রিয়া তার বাড়িতে আসা-যাওয়া শুরু করেন। ১৬ এপ্রিল নীরব মিয়া সৌদি আরব থেকে দেশে ফিরে সরাসরি রিয়ার বাড়িতে ওঠেন।

    বুধবার (২৩ এপ্রিল) পারিবারিকভাবে বিয়ে করে তারা সখীপুরে ফিরে আসেন। শুক্রবার বিকেলে রিয়া তার বাবাকে স্বামীর বাড়ি থেকে বিদায় দিয়ে নিজের ঘরেই অবস্থান করছিলেন। হঠাৎ ভেতর থেকে দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করেন। তবে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।

    একপর্যায়ে বেড়া কেটে ঘরে প্রবেশ করলে ওই নববধূর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

    নিহত রিয়ার স্বামীর পারিবারিক একটি সূত্র জানায়, নববধূ রিয়ার মা-বাবা পৃথক থাকেন। তাদের বিয়েতে বাবা রাজি থাকলেও মায়ের মত ছিল না। মায়ের সঙ্গে অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তামজিদ মোমেন তনয় বলেন, প্রাথমিক সুরতহাল তদন্তে আত্মহত্যা বলেই মনে হয়েছে।

    তারপরও মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।