Category: ঢাকা বিভাগ

  • হকার হত্যা মামলায় ছয় দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী এনামুর

    হকার হত্যা মামলায় ছয় দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী এনামুর

    রাজধানীর মিরপুরে হকার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই রিমান্ডের আদেশ দেন।

    এদিন দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।

    আসামিপক্ষে আইনজীবী প্রাণনাথ রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রবিবার (২৬ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    মামলার সূত্রে জানা যায়, ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন হকার সাগর। তখন এলোপাতাড়ি গুলিতে মারা যান তিনি।

    এ ঘটনায় ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করা হয়েছে।

  • কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনে যাবে না- হাসনাত আব্দুল্লাহ

    কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনে যাবে না- হাসনাত আব্দুল্লাহ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাসিনা ও আওয়ামী লীগ সরকার গণঅভ্যুত্থানের সময় আমাদের কিনতে পারেনি। এখন যারা ভাবছেন সংসদের কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনে ক্ষমতা দখল করবেন, তারা ভুল ভাবছেন। ক্ষমতার দিকে যারা যেতে চাচ্ছেন, তাদের বলি, আপনারা ক্ষমতার দিকে না গিয়ে জনতার দিকে আসুন। আমরাও আপনাদের পাশে থাকবো।

    সোমবার (২৭ জানুয়ারি) চুয়াডাঙ্গা সরকারি কলেজ সড়কের পৌর মুক্তমঞ্চ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘রাইজিং চুয়াডাঙ্গা’ শীর্ষক ছাত্র-জনতার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেনের সভাপতিত্বে এবং জেলা কমিটির সদস্যসচিব সাফফাতুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ সভায় ফ্যাসিবাদ, গণতন্ত্র, আন্দোলন এবং সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুম, কেন্দ্রীয় সমন্বয়ক মোল্লা এহসান এবং জাতীয় নাগরিক কমিটির ঢাকা মিরপুরের সদস্যসচিব গোলাম রাব্বানী।

     

  • সবাই দাদুর জন্য দোয়া করবেন-জাইমা রহমান

    সবাই দাদুর জন্য দোয়া করবেন-জাইমা রহমান

    দাদিকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা ব্যারিস্টার জাইমা রহমান। প্রায় সাড়ে সাত বছর পর তিনি তার দাদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একান্ত সান্নিধ্যে পেয়েছেন।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান দাদীর পাশাপাশি তার চাচী শর্মিলা রহমান সিঁথি, দুই চাচাতো বোন জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে কাছে পেয়ে আনন্দে সময় উপভোগ করছেন। বলা যেতে পারে তিনি একটি পরিপূর্ণ পারিবারিক জীবনে রয়েছেন। এ ব্যাপারে তিনি জনপ্রিয় সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

    তিনি আবেগাপ্লুত হয়ে তার স্ট্যাটাসে উল্লেখ করেন, চিকিৎসা শেষ করে দাদুকে নিয়ে আমরা এখন বাসায় আছি। সবাই দাদুর জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। আপনাদের দোয়া আমাদের জন্য খুবই মূল্যবান।

    এর আগে জাইমা রহমান তার দাদীর সাথে সর্বশেষ পারিবারিক পরিবেশের আমেজ উপভোগ করেন ২০১৭ সালে।

  • সাবেক  ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার

    সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার

    সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানান, রবিবার (২৬ জনুয়ারি) মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক এ প্রতিমন্ত্রীর । তার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দো-লনের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

    এই মামলায় তাকে সোমবার (২৭ জনুয়ারি) আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও।

    দ্বাদশ সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এনামুর। তবে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে হেরে যান তিনি।

  • গ্রেফতারকৃত ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা !

    গ্রেফতারকৃত ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা !

    রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন (৩৫) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ।

    গ্রেফতার মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে বাঁধা দেয় তার সমর্থকেরা। মিথুনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা করে ছাত্রদল-যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী।

    হামলায় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ চার থেকে পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর রাতে এই ঘটনা ঘটে।

    পরবর্তীতে হামলায় জড়িত থাকার অপরাধে আরো ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বশির ইসলাম (২৮), মোহাম্মদ হাসান (২১), মোহাম্মদ ইমন (২৫), মাসুম মাহমুদ (৩২), মোহাম্মদ আলামিন (৩০) এবং আকবর আলী।

    এই ঘটনায় নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

  • মানিকগঞ্জে আটক যুবলীগ নেতাকে লক্ষ্য করে টমেটো, ডিম ওজুতা নিক্ষেপ !

    মানিকগঞ্জে আটক যুবলীগ নেতাকে লক্ষ্য করে টমেটো, ডিম ওজুতা নিক্ষেপ !

    মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে কারাগারে নেওয়ার সময় ডিম, জুতা ও টমেটো নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আদালত চত্বরে তাকে বহনকারী পুলিশের প্রিজন ভ্যানকে লক্ষ্য করে এসব নিক্ষেপ করা হয়।

    বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ২টায় মানিকগঞ্জ সদর থানা থেকে পুলিশি নিরাপত্তায় রাজাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আইনজীবীদের প্রাথমিক শুনানি শেষে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এসময় আব্দুর রাজ্জাক রাজার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।

    রাজাকে জেল হাজতে নেওয়ার সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা আদালত চত্বরের ভেতর পুলিশের প্রিজন ভ্যানকে লক্ষ্য করে ডিম, জুতা ও টমেটো ছোড়েন। এসময় ছাত্ররা রাজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশের প্রিজন ভ্যান আটকে স্লোগান দিতে থাকেন। প্রায় এক ঘণ্টা পুলিশের সঙ্গে ছাত্রদের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশের আশ্বাস এবং অনুরোধে প্রিজন ভ্যান ছেড়ে দেন ছাত্ররা।

    এর আগে ২২ জানুয়ারি রাত ১১টায় রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হাসনা হেনা অভিযোগ করে বলেন, যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা একজন চিহ্নিত সন্ত্রাসী। এই রাজা ১৮ জুলাই এবং ৪ আগস্ট তার সন্ত্রাসী বাহিনীকে নেতৃত্ব দিয়ে আমাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে অনেকে মারাত্মক জখম হন।

  • বিশেষ সম্মাননা পেলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী

    বিশেষ সম্মাননা পেলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী

    মঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার ও সম্মাননা-২০২৪ এ ভূষিত হলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী। গত ২১ জানুয়ারি ২০২৫ রাতে এই পুরস্কার ঘোষণা করেন সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) এর সভাপতি আহমেদ সৈয়দ শাহিনুর।

    এসময় জানানো হয়, গত আট বছর ধরে বিভিন্ন বিভাগে সংগঠনটি পুরস্কার দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার মঞ্চনাটকে অসামান্য অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

    এসবিএসপি সাহিত্য পুরস্কারে মনোনীত হওয়ায় বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলীর জনক ড. মুকিদ চৌধুরী বলেন, মঞ্চনাটক আমাকে ভীষণভাবে টানে। ১৯৯৬ থেকেই ২০১৭ পর্যন্ত আমি মঞ্চনাটক নিয়ে কাজ করে আসছি। বাংলাদেশ, ভারত ও গ্রেট ব্রিটেনে আমার নাটক মঞ্চস্থ হয়ে আসছে।

    ব্যক্তিগতভাবে আমি নবধারার বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলীর প্রতিই আকর্ষণ অনুভব করি। মূলত যারা কোনদিন মঞ্চনাটক করেননি তাদেরকে সহজে নাটক-পরিবেশনের সঙ্গে যুক্ত করাই এই শিল্পশৈলীর কাজ। এই সাহিত্য পুরস্কার আমাকে বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলী নিয়ে আরও নতুন কাজের জন্য উৎসাহিত করবে।

    প্রসঙ্গত, দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী ও রত্নগর্ভা শিরীণ চৌধুরীর কনিষ্ঠ সন্তান নাট্যকার ড. মুকিদ চৌধুরী। তিনি একাধারে বিজ্ঞানী, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার ও কবি। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে তাঁর পদচারণা।

    তাঁর সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে: নাট্যোপন্যাস ও নাটক- যোদ্ধা; আটই ফাল্গুন; অশোকানন্দ; কর্ণপুরাণ; গোমতীর উপাখ্যান; তারকাঁটার ভাঁজে; রাজাবলি; চন্দ্রাবতী; চম্পাবতী; ফুলবউ; জলের ভেতর জলের বিসর্জন; অপ্রাকৃতিক প্রকৃতি; গালিব কিংবা আসাদ; কলকাতায় মির্জা গালিব; কবিকথন; অপূর্ণতার পরিপূর্ণতা; পঞ্চপুরাণ; পঞ্চবেদ; পঞ্চবিন্দু ইত্যাদি। গল্পসম্ভার- তীরের বৃক্ষরাজি; কস্তুরী গন্ধ; খুঁত। কাব্যসম্ভার- অনাহূত অতিথি; বিষের বিন্দু; কাব্য সংগ্রহ ১; রাজা গৌড় গোবিন্দ; গঙ্গাঋদ্ধির নারীবৃন্দ।

    গবেষণা- ইতালি: আদ্যন্ত ইতিহাস; জার্মানি: অতীত থেকে বর্তমান; জার্মান সাহিত্য: প্রারম্ভ থেকে অধুনা; ইংল্যান্ড: সংক্ষিপ্ত ইতিহাস; ফরাসি বিপ্লব (১৭৮৯-১৭৯৯); নেপোলিয়ন বোনাপার্ট; স্বরূপ অন্বেষণে; পৃথিবী; নৃত্য প্রভৃতি।

  • অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্তে ক্ষুব্ধ- হাসনাত আব্দুল্লাহ

    অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্তে ক্ষুব্ধ- হাসনাত আব্দুল্লাহ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা ও অদক্ষতার বিরুদ্ধেও মানুষ আজ প্রকাশ্যে অবস্থান নিচ্ছে। সত্যিকার অর্থেই মানুষ অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্তে ক্ষুব্ধ। যদিও এটি একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশকে ঈঙ্গিত করে। বুধবার (২২ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে একথা লেখেন তিনি।

    হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, জনগণের কল্যাণে আমরা আমাদের যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে সরকারকে চাপে রাখতে পারছি এবং সরকারের সাথে বিতর্ক করতে পারছি। এদেশের জাগ্রত তরুণ সমাজকে বিভ্রান্ত না করে, তাদের নিয়ে দেশ গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা করতে পারলে আমরা সফল হবো। আর অপরপক্ষে গণমানুষ বিবর্জিত বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হলে, জুলাইয়ের সাথে বেইমানি করা হবে।

    তিনিও আরও লিখেছেন, জনজীবনে চাপ সৃষ্টি করে সরকারের এমন প্রতিটি পদক্ষেপের পূর্ণাঙ্গ ব্যাখ্যা এদেশের প্রতিটি মানুষ জানার অধিকার রাখে। যেমন, সাম্প্রতিক সময়ে সরকার কেন ভ্যাট বৃদ্ধি করলো, এর বিকল্প কী ছিল, কীভাবে জিনিসপত্রের দাম অতিদ্রুত মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা যাবে, কবের মধ্যে ভ্যাট কমানো হবে- এই ব্যাখ্যা-বিশ্লেষণ অবশ্যই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

    তিনি লিখেছেন, লুটপাটের অর্থনীতি জারি রেখে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে ফ্যাসিজমের দোসররা। রাষ্ট্রীয় প্রকল্পগুলো থেকে জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে আমাদের অর্থনীতিকে করেছে ভঙ্গুর। চাঁদাবাজির অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক তরুণ উদ্যোক্তা ব্যবসা করতে পারেনি। কিন্তু বিগত স্বৈরাচার আমাদের বলতে দিতো না। জুলাইয়ের স্বাধীনতায় গণমানুষ আবার নিজেদের কথা বলার, হতাশা ব্যক্ত করার, প্রতিবাদ করার সক্ষমতা ফিরে পেয়েছে।

    হাসনাত আব্দুল্লাহ আরও লিখেছেন, মজলুম মানুষের এই নানামুখী যন্ত্রণা দিনশেষে ফ্যাসিজমের কবর রচনা করেছে বাংলাদেশে। এদেশের মানুষকে দমন করে, নিপীড়ন করে, অত্যাচার করে শাসন করা অসম্ভব। আজ হোক বা কাল- আমরা প্রতিবাদ করবোই।

  • জাতির সামনে সব থেকে বড় ফোকাস সংসদ নির্বাচন

    জাতির সামনে সব থেকে বড় ফোকাস সংসদ নির্বাচন

    নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, জাতির সামনে সব থেকে বড় ফোকাস সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা ২০২৫ সালের শেষে নয়তো ২০২৬ সালের প্রথম দিকে ভোট অনুষ্ঠিত হওয়ার একটি ঘোষণা দিয়েছেন। আমরা মূলত এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি।

    বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বরিশাল নগরের কাশিপুরস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

    এ সময় ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু সুন্দর নির্বাচন নিয়ে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এত দিন ভোট সম্পর্কে মানুষের মাঝে অনীহা ছিল। আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটি সঠিক সুন্দর মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

    ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে ইসি মাছউদ বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলমান রয়েছে। এখানে নতুন ভোটারদের সংযুক্ত করার পাশাপাশি মৃতদের নাম তালিকা থেকে কর্তন করা। ভুয়া ভোটারদের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি রোহিঙ্গাসহ ভিনদেশি নাগরিক যাতে ভোটার না হতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে।

    আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, বরিশাল ও বরিশাল জেলার সব উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • দুর্জয়ের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ !

    দুর্জয়ের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ !

    মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের নামে থাকা রাজধানীর লালমাটিয়ার ২ হাজার ৫২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট, পূর্বাচলের ৩ কাঠার প্লট, কিছু জমি ও তিনটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

    এছাড়াও তার ১০টি ব্যাংক হিসাব ও দুটি বিমা পলিসির হিসাব ফ্রিজের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য্য। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

    দুদকের আবেদনে বলা হয়, সংসদ সদস্য থাকাকালে নাঈমুর রহমান দুর্জয় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোট ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি অপরাধমূলক অসদাচরণ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে মোট ৪ কোটি ২২ লাখ টাকা নিয়েছেন।

    তার নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৬৯০ টাকা জমা এবং ৪৬ কোটি ৪৬ লাখ ৬১ হাজার ৯৬০ টাকা উত্তোলন করা হয়েছে।

    তিনি মানিলন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে তার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করে অপরাধ করেছেন। তাই, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়।

    এতে আরো বলা হয়, আসামি নাঈমুর রহমান দুর্জয় এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তার স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজ (অবরুদ্ধ) করা প্রয়োজন।